Home Blog Page 135

সাইফুর রহমান দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন : মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান তার জীবন দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি ভ্যাট সংযোজনের বিষয়টি বাংলাদেশে কার্যকরের উদ্যোগ না নিলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারেনা। তিনি শুক্রবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, আমার বাবা সাইফুর রহমানের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তার সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরও অনেক শেখার আছে।

তিনি বলেন, ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। তাই পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে তখন কেবল তাকেই সেই কমিটির সদস্য করা হয়েছিল।

তিনি বলেন, সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। আর তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাঘার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া সারা বিশ্বের বলতে গেলে কোনো সরকারই টিকে থাকতে পারেনা। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল।

আবু বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন

0

আধুনিক ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

শুক্রবার দুপুর পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।মাহিন সরকারের ভাষ্য, গণ-অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তাঁর এমন সিদ্ধান্ত। আবু বাকের জিতলেই তিনি জিতে যাবেন।
মাহিন সরকার আরও বলেন, প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও আমার কাছে সব সময়ই মনে হয়েছে, গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। আমি মনে করছি, ডাকসু নির্বাচনে গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নির্বাচিত হলে যে কারও চেয়ে তারা শিক্ষার্থীদের জন্য বেশি কাজ করবে।

এ সময় তিনি নিজের সমর্থকদের উদ্দেশ করে বলেন, ‘যাঁরা আমাকে সমর্থন করেন, প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।’

মাহিন সরকারের নেতৃত্বে সমন্বিত শিক্ষার্থী সংসদ নামের পৃথক প্যানেল হয় ডাকসুতে। মাহিন সরকারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ছিলেন।

দলের ‘অনুমতি না নিয়ে’ ডাকসুতে প্যানেল দেওয়ার ঘটনায় তাকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি। এরপরও মাহিনের প্যানেল থেকে সদস্যপদে নির্বাচন করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা সাব্বির উদ্দিন ও বায়েজিদ হাসান। অবশ্য গণতান্ত্রিক ছাত্রসংসদের দুজন নেতা জানান, মাহিন সরকারের সঙ্গে তাদের কথা হয়েছিল। কিন্তু তিনি শীর্ষ একটি পদে প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় ছিলেন। পরে তিনি আলাদা প্যানেল ঘোষণা করেন।

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

নিখোঁজ হওয়ার ৩ দিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যিনর্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর (৫২) মরদেহ।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরিফপুর এলাকায় পুরাতন সুরমা নদীতে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুশতাক আহমদের মরদেহ উদ্ধার করে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাকের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ মুশতাক আহমদের সন্ধান চেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী রুবি বেগম।

এদিকে মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা জমিয়ত নেতাকর্মীরা।

এতে বক্তব্য দেন- কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খাঁন, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান। আগামী ২৪ ঘন্টার মধ্যে মুশতাক আহমদের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।

এবিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।’

জকিগঞ্জে প্রায় ৪৩ লক্ষ টাকার ভারতীয় গরুসহ অবৈধ মালামাল জব্দ

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ আভিযানিক টহল দল পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, মদ, গরু, জিরা ও ঔষধসহ প্রায় ৪৩ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র টহল দল সীমান্তের শূন্যরেখা হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩,৯০০ পিস, কিটক্যাট চকলেট ৫০৪ পিস, ডেইরী মিল্ক চকলেট ৩৯,৩৬০ পিস এবং চোরাচালানে ব্যবহৃত একটি টাটা পিকআপ আটক করা হয়। জব্দকৃত চকলেট ও গাড়ির আনুমানিক মূল্য ২৭,৮৮,১৪০ টাকা।

এছাড়াও ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপি’র যৌথ টহল দল জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ৪৭ বোতল, ০৬টি গরু, জিরা ২৩৯ কেজি এবং বেটনোভেট ক্রিম ৫,০৪০ পিস জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য দাঁড়ায় ১৪,৭৩,৮০০ টাকা।

দুটি অভিযানে মোট ৪২,৬১,৯৪০ টাকার চোরাচালানী মালামাল জব্দ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

অভিযান প্রসঙ্গে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনকল্পে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল শুল্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো ৩০ বাংলাদেশিকে হাতকড়া-শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত

0

আধুনিক ডেস্ক ::

হাতে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তাদের বহনকারী বিশেষ ভাড়া করা উড়োজাহাজটি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা গেছে,, ৩০ বাংলাদেশি নাগরিককে নিয়ে আসা চার্টার্ড ফ্লাইটটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। ওয়াশিংটন যাদের ফেরত পাঠিয়েছে, তাদের মধ্যে এক নারীও আছেন। উড়োজাহাজটি অবতরণের পর তিন ঘণ্টা রানওয়েতে ছিল। ওই তিন ঘণ্টায় উড়োজাহাজের যাত্রীদের হাতকড়া ও শিকল খোলা হয়। উড়োজাহাজ থেকে বের হয়ে আসার পর রানওয়ে পর্যন্ত শিকল বেধেই তাদের নিয়ে আসা হয়। বিমানবন্দরের এরাইভাল লাউঞ্জে পৌঁছানোর আগেই সবাইকে শিকলমুক্ত করে দেয়া হয়। এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে রাত ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরের ভেতর আনা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তোলার চেষ্টা করলে তারা বাধার মুখে পড়েন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ যাত্রা ও শিকল পরে থাকার কারণে আগতরা ছিলেন বিধ্বস্ত।

এ সময় নোয়াখালীর বাসিন্দা ২২ বছর বয়সী এক তরুণ হতাশা প্রকাশ করে বলেন, ‘এই লম্বা যাত্রায় পুরোটা সময় হাতে পায়ে দাগী আসামীদের মতো শিকল পরিয়ে রেখেছিলো। একে তো দেশে ফেরত আসার হতাশা! তার ওপর টেরোরিস্টের (সন্ত্রাসী) মতো হাতে-পায়ে শিকল পরিয়ে নিজ মাতৃভূমিতে আসার মতো ভয়াবহ পরিস্থিতি আর কারো যেন না হোক, এই কামনা করি।’

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। গত কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশির ফেরত আসার তথ্য জানা গেছে।

প্রথম দিকে হাতকড়া ও শিকল না পরানো হলেও ২ আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ সি-১৭ করে এক নারীসহ ৩৯ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। তাদের সবার হাতকড়া ও শিকল ছিল। বৃহস্পতিবারও সবার হাতে হাতকড়া ও শিকল ছিল।

ফেরত আসা ব্যক্তিরা জানান, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রার প্রায় প্রতিটি মুহূর্ত তারা হাতকড়া ও শিকলে বাধা অবস্থায় কাটিয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণা নিয়ে বসে থাকতে হয়েছে। তারা অভিযোগ করেন, তাদেরকে শুধু রুটি আর পানি খেতে দেওয়া হয়েছে। এমন কী, টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসার সঙ্গে নিয়ে যেতেন, আবার শিকলে বেঁধে সিটে ফিরিয়ে আনতেন বলে জানান ভুক্তভোগীরা।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও বিমানবন্দরের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ জুন অপর একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। এর আগে চলতি বছরের ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরো অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা অন্তত ১৮০ ছাড়িয়েছে।

মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসন প্রত্যাশীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে এ প্রক্রিয়া দ্রুততর করার কারণে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে। বেশির ভাগ অভিবাসন প্রত্যাশী মেক্সিকো বা লাতিন আমেরিকার দেশ থেকে বা অন্য কোন পন্থায় ৩০ থেকে ৭৫ লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকেন।

বৃহস্পতিবার ফিরে আসা অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ দাবি করেন, তারা মানবপাচার চক্রের মাধ্যমে মেক্সিকোর মাফিয়ার কাছে আটক হন। অন্তত ছয় জনের দাবি, তাদেরকে জিম্মি করে, অত্যাচার করে পরিবারের কাছ থেকে ৪০-৫০ লাখ টাকা করে আদায় করা হয়েছে। ফেরত আসা মুন্সিগঞ্জের এক বাসিন্দা জানান, তিনি সহ অনেকেই এই মানবপাচার চক্রের বিরুদ্ধে বাংলাদেশে আইনগত ব্যবস্থা নিতে চান। তাদের কারো কাছ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে ওই চক্র। তারা তাদের সহায়-সম্পত্তি সকল কিছু বিক্রি করে মানবপাচারকারী চক্রকে টাকা দিতে বাধ্য হন। এমন অগণিত বাংলাদেশি জাতীয় ও আন্তর্জাতিক মানবপাচার চক্রের মাধ্যমে অপহৃত অবস্থায় আছেন।

এর আগে ২০১৬ সালে ২৭ বাংলাদেশিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছিল। তারাও বিশেষ ফ্লাইটে এসেছিলেন এবং তাদেরকেও যাত্রাপথে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। ওই দৃশ্য সে সময় দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এভাবে শিকল পরানোয় মানবাধিকার ও মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে তখন। বিষয়টি নিয়ে বাংলাদেশের তৎকালীন সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যে আলোচনাও হয়েছিল।

‘দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানকে নিতে হবে, দরকার হলে ডকুমেন্ট দেবে সরকার’

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন, সেটা তার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তারেক রহমানের দেশে ফিরতে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হলে সেটা সরকার সরবরাহ করবে বলেও জানিয়েছেন। ২০০৭ সালের এক–এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর প্রায় দেড় যুগ ধরে সপরিবার সে দেশে আছেন তারেক রহমান। এর মধ্যে আওয়ামী লীগ আমলে একুশে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তাঁর সাজা হয়েছিল। ওই সব সাজা ইতিমধ্যে বাতিল হয়েছে। অন্যান্য মামলা থেকেও খালাস পেয়েছেন তিনি।

গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলার নিষ্পত্তি হয়েছে। তাঁকে ফেরানোর কোনো উদ্যোগ বা প্রক্রিয়া আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান কখন ফিরবেন, সেটা উনার সিদ্ধান্ত। উনি এই দেশের নাগরিক, উনি যেকোনো সময় আসতে পারেন। তবে আসার জন্য ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব, তবে সিদ্ধান্ত তাঁর নিতে হবে।’

তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেছেন কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি জানি না এখন পর্যন্ত। যদি করেও থাকেন, সেটা আমার গোচরে আসেনি। উনি আসবেন যখন, তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দরকার দেওয়া হবে।’

আপনারা নিজেরা কোনো উদ্যোগ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘মনে হয়, সেটার প্রয়োজন হবে না। তার মানে আমরা বলব না আপনি আসেন না কেন। উনি যখন আসতে চাইবেন, তখন যেটুকু সহায়তা প্রয়োজন, সেটা দেওয়া হবে।’

নগরীর ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড সিলেট-১ আসনের সাথেই থাকছে

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট-১ আসনের সাথেই থাকছে সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নিবার্চনী আসনের সীমানা চূড়ান্ত করে জারি করা প্রজ্ঞাপনে এই তিন ওয়ার্ডকে সিলেট-১ আসনের মধ্যেই রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ গেজেট প্রকাশ করে।
এরআগে সীমানা নির্ধারণের খসড়ায় এই তিন ওয়ার্ডকে সিলেট-৩-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এ নিয়ে এই ওয়ার্ডগুলোর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আন্দোলনেও নামেন তিন ওয়ার্ডের জনসাধারণ।

এরপর গত ৮ আগস্ট এলাকাবাসী নির্বাচন কমিশনে লিখিত আপত্তি জানায়, যা ২৭ আগস্ট শুনানি হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত নির্বাচনী সীমানা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

নতুন সীমানা অনুযায়ী, গাজীপুরে একটি আসন বৃদ্ধি পেয়ে মোট ছয়টি করা হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশিত হয়। এর আগে নির্বাচনের প্রস্তুতিতে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করেছিল। ৩০ জুলাই ৩০০ আসনের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ নির্বাচনের জন্য সিলেট-১ সহ ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করা হয়।

নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এরপর ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনব্যাপী শুনানির মাধ্যমে সকল আপত্তি ও পরামর্শ যাচাই করা হয়।

ইসি সচিব জানান, সর্বমোট ১,৮৯৩টি আপত্তি ও সুপারিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১,১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ বা পরামর্শ ছিল। উভয় পক্ষের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে।

এভাবে চূড়ান্তভাবে নির্ধারিত নির্বাচনী সীমানা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কোম্পানীগঞ্জে পুলিশ- র‍্যাবের যৌথ অভিযানে আটক ৪

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামিকে আটক করেছে র‍্যাব-৯ ও থানা পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বর্ণী এলাকায় র‍্যাব -৯ এর অভিযানে হত্যা মামলার আসামি বর্ণী গ্রামের সোনা উল্লাহ’র ছেলে রুবেল (২৪) এবং এরশাদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৩) গ্রেফতার হন।

মামলার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় রশি বেঁধে ডাকাতি করার সময় মোটরসাইকেল আরোহী কলাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে সবুজ (২৪) নিহত হন। ওই মামলায় রুবেল ও সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

অন্যদিকে, কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে টুকেরবাজার এলাকার তাজুল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২) এবং আব্দুল কুদ্দুসের ছেলে রুবেল মিয়া(৩০) মাদক মামলায় আটক হন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, আটক চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যা মামলার আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও তিনি জানান।

মধ্যনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন

0

ধর্মপাশা- মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মধ্যনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই কমিটি অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপি আহ্বায়ক আবে হায়াত , ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বিপ্লব ও শাহনেওয়াজ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাহ হোসেন, আব্দুল কাইয়ুম তালুকদার, জামাল তালুকদার, মস্তব আলী প্রমুখ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন। সকলের মতামত ও সমন্বয়ের ভিত্তিতে আহ্বায়ক কামাল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেনের স্বাক্ষরের মাধ্যমে নতুন কমিটি অনুমোদিত হয়।

গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মস্তব আলী (কাচা মিয়া), সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী সহ মোট ৫১ জন বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মধ্যনগরে বিলীনপ্রায় রংচী হিজল বাগান, পর্যটন টানতে ওয়াচ টাওয়ার দাবি

0

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রংচী গ্রামের ঐতিহাসিক হিজল বাগান আজ বিলীন হওয়ার পথে। প্রায় সাড়ে তিন শতাব্দী আগে টাঙ্গুয়ার হাওরের পশ্চিম তীরে গড়ে ওঠা এই হিজল বন একসময় ছিল গ্রামটির প্রাণ ও প্রকৃতির অবলম্বন।

গ্রামবাসীর ভাষ্যমতে, হিজল গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বর্ষাকালে বন্যার পানির ধাক্কা সামলাত, শুকনো মৌসুমে জমিনের খরা দূর করত, এমনকি এর বাকল ও ফল ঔষধি গুণেও ব্যবহৃত হতো। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলা, নির্বিচারে গাছ কাটা এবং সঠিক সংরক্ষণ না থাকায় বাগানটি আজ মারাত্মকভাবে বিপন্ন।

গ্রামবাসীরা জানান, একসময় রংচীর হিজল বাগান ছিল বিশাল—অগণিত গাছ দিয়ে আচ্ছাদিত। এখন কেবল অল্প ক’টি গাছ বাকি আছে। বাগানটি রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ দরকার। একইসঙ্গে ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, এটি আমাদের প্রাকৃতিক সম্পদ। গ্রামবাসীকে সচেতন হতে হবে, আর প্রশাসনের উচিত এটিকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া।

পরিবেশবিদরা বলছেন, হিজল বনকে রক্ষা করতে হলে চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, গাছের গোড়া মাটি দিয়ে বাঁধাই, বনাঞ্চলে চাষাবাদ বন্ধ এবং নতুন হিজল চারা রোপণ করা জরুরি। পাশাপাশি এ বনকে পর্যটন সম্ভাবনা হিসেবে কাজে লাগানো যেতে পারে।

স্থানীয় পর্যটনপ্রেমীরা মনে করেন, রংচী হিজল বাগানে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলে দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের আকর্ষণ আরও বাড়বে। হাওরের পানিতে দাঁড়িয়ে উপভোগ করা যাবে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, যা গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও “রংচী হিজল বাগান” নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকেই এটিকে বর্ষার জলে ভাসমান এক “স্বপ্নপুরী” বলে অভিহিত করছেন।

তবে প্রশ্ন রয়ে গেছে—অবহেলায় হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী রংচী হিজল বাগান কি নতুন করে প্রাণ ফিরে পাবে।