Home Blog Page 136

৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ: গাজীপুরে আসন বেড়েছে, বাগেরহাটে কমেছে

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে। ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেটও প্রকাশ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণসংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করেছে। এরপর ৩০ জুলাই ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে ইসি। নতুন খসড়ায় দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করা হয়। তবে পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়।

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি বা আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেয় ইসি। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, সর্বমোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে। ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন–সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে।

এরপর ২৪-২৭ আগস্ট টানা চার দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি শেষ করে ইসি। এরপর পর্যালোচনা করে দ্রুত চূড়ান্ত তালিকা প্রকাশের কথা বলেছিলেন কমিশনের জ্যেষ্ঠ সচিব। সে অনুযায়ী আজ পুনর্নির্ধারিত সীমানার গেজেট প্রকাশিত হলো।

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না

0

আধুনিক ডেস্ক ::

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে (আইসিটি) কারো বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তিনি আর সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে পারবেন না, এমনকি সরকারি চাকরির জন্য আবেদনও করতে পারবেন না—এমন পরিবর্তন আনা হয়েছে এই আইনে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, আজকের উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তে আইসিটি আইনে নতুন এই সংযোজন আনা হয়েছে।

তিনি বলেন, নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনের ধারা ৯(১) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো সরকারি অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবে।

জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তাঁর স্ত্রী শরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া ১ সেপ্টেম্বর এই আদেশ দেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেমা্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, জি এম কাদেরসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। জি এম কাদের ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে অবৈধভাবে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, জি এম কাদের ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়নের জন্য তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া দরকার।

এর আগে গত ২৩ মার্চ জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সিআইসি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশ পাঠায়।

গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীদলীয় নেতা ছিলেন জি এম কাদের। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকারে বাণিজ্যমন্ত্রী ছিলেন। গত মার্চে দুদক মনোনয়নবাণিজ্য, পদবাণিজ্যসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগে জি এম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের রায় বহাল

0

আধুনিক ডেস্ক ::
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এ রায় দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গত ২১ আগস্ট পঞ্চম দিনে শুনানি শেষ হয়। আদালত রায়ের জন্য ৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সর্বসম্মতিতে রায় দেন আপিল বিভাগ।

সকাল ১০টা ৫ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা। আসন গ্রহণের পর প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। সকাল ১০টা ১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন দলটির শতাধিক নেতা-কর্মী।

এ ঘটনায় করা মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত।

রায়ের পর ২০১৮ সালে বিচারিক আদালতের রায়সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। এটি সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।

কোনো ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল, নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে। ডেথ রেফারেন্স এবং এসব আপিল ও আবেদনের ওপর সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়।

মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে গত ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। ফলে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পান।

আবারও এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

0

সিদ্ধান্ত আগেই হয়েছিল। এখন প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ আবারও এক করা হলো। বুধবার (৩ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত বছর এ বিষয়ে অনুমোদন দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তখন বলা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনা ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন।

কাজের সুবিধার যুক্তিতে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়। একটি বিভাগের নাম হয় জননিরাপত্তা বিভাগ এবং আরেকটির নাম হয় সুরক্ষা সেবা বিভাগ।

জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার।

আর সুরক্ষা সেবা বিভাগের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিভাগকে এক করার বিষয়টি আলোচনায় আসে।

ছেলেধরা সন্দেহে আটক, পরে জানা গেল তিনি ‘দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ’

0

আধুনিক ডেস্ক ::

দুটি শিশুকে গাড়ি থেকে নামিয়ে পালানোর সময় গ্রামবাসী ছেলেধরা সন্দেহে ধাওয়া করে আটক করেন তাকে। পরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। আটক যুবককে থানায় নেওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আটক ব্যক্তি নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে ‘শুটার রিয়াজ’। বুধবার বিকেল চারটার দিকে সিলেটের গোয়াইনঘাটের আলীরগ্রাম থেকে তাকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটে সন্ত্রাসী রিয়াজুল ইসলামের অবস্থানের খবর পেয়ে তাকে সন্ধান করছিল র‍্যাব। ওই সময় একটি গাড়িতে করে রিয়াজুল তার দুই শিশুকন্যাকে নিয়ে গোয়াইনঘাটের আলীরগ্রামের দিকে যান। তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বুঝতে পেরে তিনি আলীরগ্রামের একটি বাড়ির বারান্দায় দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুই শিশুকে রেখে পালানোর ঘটনায় গ্রামবাসীর সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুল ও দুই শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় রিয়াজুলের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। পরে রিয়াজুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় পাওয়া যায়। জানা যায়, তিনিই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ।

গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করেন। প্রথমে বিষয়টি ভুল-বোঝাবুঝি হিসেবে মনে করেছিলেন। পারিবারিক কলহের কারণে দুই শিশু বাচ্চাকে নিয়ে তাদের বাবা গাড়িতে করে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে থানায় যাওয়ার পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ওই ব্যক্তিকে র‍্যাব ধাওয়া করেছিল। র‍্যাবের হাত থেকে বাঁচতে দুই শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তখন এলাকাবাসী শিশু অপহরণকারী সন্দেহে আটক করেন। আটক ব্যক্তি স্ত্রীসহ জাফলংয়ে এসেছিলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে রিয়াজুলের বিরুদ্ধে ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। তিনি গোয়াইনঘাটে পুলিশের একটি তল্লাশিচৌকি থেকে ফাঁকি দিয়ে প্রাইভেট কার নিয়ে পালিয়েছিলেন। তখন তাঁর পরিচয় পাওয়া না গেলেও পুলিশ সেই প্রাইভেট কারের সন্ধান করছিল। তিনি বলেন, আটক ব্যক্তির বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

২০২২ সালের ৬ এপ্রিল নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চার সহযোগীসহ ‘শুটার’ রিয়াজকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। তখন র‍্যাব জানিয়েছিল, রিয়াজুল হত্যাসহ ১৫ মামলার আসামি। তিনি অন্তত ১৫টি সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ ও আশপাশের এলাকায় রিয়াজুলের নেতৃত্বে তাঁর সহযোগীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাঁদের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে আছে জমি দখল, অবৈধ বালু ভরাট, মাটি কাটার ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসা।

রিজার্ভ আরও বাড়ল

0

আধুনিক ডেস্ক ::

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে রিজার্ভ ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ এখন ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ কোটি ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ কোটি ২০ লাখ ডলারে। এটি গত ২ সেপ্টেম্বর বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী ছিল ৩ হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ডলার।

গত ২৮ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২ হাজার ৬১৯ কোটি ১২ লাখ ডলার। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী মোট রিজার্ভ ছিল ৩ হাজার ১১৮ কোটি ৭১ লাখ ডলার।

ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাব ইসির

0

আধুনিক ডেস্ক ::

আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এটিসহ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

নির্বাচন কমিশনের এ প্রস্তাব মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় কর্তৃক ভেটিংয়ের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তোলা হবে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত হলে এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আইনে সংশোধনী যুক্ত হবে।

ফেরারি আসামিদের নির্বাচনে অযোগ্য করার বিধান সংযোজনের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তবে তখন এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত জানিয়েছিল ইসি। তারা বলেছিল, এমন বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, এটি নিয়ে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন রয়েছে।

আগে দ্বিমত জানিয়ে এখন কেন এই প্রস্তাব ইসি গ্রহণ করল, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য মিশনের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেছে। আলোচনায় নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়েছে এবং মনে করেছে এমন বিধানটি রাখা ভালো হবে। তিনি বলেন, সামনে যদি এটির অপব্যবহার হয়, তখন প্রয়োজনে আবার সংশোধন করা যাবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেউ অভিযুক্ত হলে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করার প্রস্তাব ছিল সংস্কার কমিশনের, তবে এটি ইসির প্রস্তাবে রাখা হয়নি।

চেম্বার আদালতের আদেশ বহাল, ডাকসু নির্বাচনে বাধা নেই

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দিয়েছেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। আর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বুধবার (৩ সেপ্টেম্বর) এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

আপিল বিভাগের আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে সেদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন (দেওয়ানি বিবিধ আবেদন) না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে নির্বাচনের পথ খোলে।

গতকাল মঙ্গলবার সিভিল মিসলেনিয়াস পিটিশন আদালতে দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনটি আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশের মেয়াদ এই সময় পর্যন্ত বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য কার্যতালিকার এক নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে ছিলেন। এ ছাড়া ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী এস এম ফরহাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান এ সিদ্দিক শুনানি করেন।

তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এস এম ফরহাদ। তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে ফরহাদের প্রার্থিতার বৈধতা বিষয়ে গত ২৮ আগস্ট রিট করেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১ ’, ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে চূড়ান্ত প্রার্থী তালিকায় জিএস পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে চাওয়া হয়।

হাইকোর্ট এস এম ফরহাদের ক্ষেত্রে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য তথা সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণাদিসহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে ১৫ দিনের মধ্যে আবেদন করতে রিট আবেদনকারীকে নির্দেশ দেন।

আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে অনুসন্ধান করবে। রিট আবেদনকারী, ফরহাদসহ অন্য নির্ভরযোগ্য ব্যক্তিদের বক্তব্য শুনবেন। ২১ অক্টোবর আদালতে প্রতিবেদন দেবেন।

ডাকসু নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

মালয়েশিয়ায় জুয়ার আসরে অভিযান : ৩৭৭ বাংলাদেশি আটক

0

আধুনিক ডেস্ক ::

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামা এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, আকস্মিক অভিযানে হতবিহ্বল হয়ে পড়েন অনেকেই। এ সময় কয়েকজন ভবনের ছাদে উঠে পড়েন। কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন। কেউবা ব্যবসাপ্রতিষ্ঠানে লুকিয়ে পড়েন। সবাইকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন—তিন সপ্তাহ ধরে স্থানীয় অনেকে এমন অভিযোগ করছেন। এর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা অভিযান চালানো হয়।

বসরি ওসমান বলেন, আশ্চর্যের বিষয় হলো, আমাদের কর্মকর্তারা সেখানে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থাসহ একটি অনলাইন জুয়াখেলার জায়গা খুঁজে পেয়েছেন। অভিযানের সময় সাতজন বিদেশিকে হাতেনাতে ধরা হয়েছে।

ঘটনাস্থলে ১০৬ সরকারি কর্মকর্তা সব মিলিয়ে ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করে দেখেন। তাঁদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি। বাকি ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই–বাছাই শেষে ৭৭০ বিদেশিকে আটক করা হয়।

মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান, পরিচয়পত্র না থাকা, স্বীকৃতিহীন পরিচয়পত্র বা পাস সঙ্গে রাখার মতো অভিবাসন–সংক্রান্ত বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

বসরি ওসমান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৩৭৭ জন, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী এবং অন্যান্য দেশের ২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

আটক বিদেশি ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য তাঁদের বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে বলে জানান বসরি।