Home Blog Page 137

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়: রিজভী

0

আধুনিক ডেস্ক ::
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে জাতীয় পার্টির অবস্থান ও কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ভারতের কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে সে দল যারা বিএনপির ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের দলের সহযোগী। ফ্যাসিবাদের সাথে জড়িত সবার বিচার করতে হবে।’

আওয়ামী লীগ ও তাদের দোসররা লুটপাটের টাকায় দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের প্রতিহত করতে জনগণকে আহ্বানও জানান বিএনপির এই নেতা।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী দাবি করে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

0

আধুনিক ডেস্ক ::

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বরা) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তার স্ত্রী মারিয়া আক্তার।

এসময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।

এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করবে।

নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দেবে। বাংলাদেশের সত্ত্বাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এমন পরিস্থিতি সৃষ্টি করার, যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এ জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের।’

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দিতে পারেনি—তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে, আমাকে ভোট দিতে দেয় নাই।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অনন্য নির্বাচন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন না। এটা এ দেশের সব মানুষের, সব রাজনৈতিক দলের নির্বাচন। এ নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের। এ নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এ নির্বাচন আয়োজনে আপনাদের সমর্থন চাই।

তিনি বলেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবার সহযোগিতা দরকার।

তিনি আরও বলেন, সামনের দুর্গাপূজায় আমাদের সবার দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অনেকে গণ্ডগোল তৈরি করতে চাইবে। তারা সব রকমের চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

0

আধুনিক ডেস্ক ::

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গণ-অভ্যুত্থানের সময় শহীদ প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই জবানবন্দি দেন আবদুল্লাহ আল-মামুন। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি হিসেবে রয়েছেন তিনি। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় দোষ স্বীকার করে নিয়ে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়েছেন। আজ তিনি রাজসাক্ষী হিসেবে এ মামলার ৩৬তম সাক্ষীর জবানবন্দি দিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমি সাড়ে ৩৬ বছর পুলিশে চাকরি করেছি। পুলিশের চাকরি খুবই ট্রিকি চাকরি। সব সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। আমার এই চাকরিজীবনে আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি। আমি সব সময় যথেষ্ট মানবিকতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালন করেছি। চাকরিজীবনের শেষ পর্যায়ে এসে এত বড় গণহত্য আমার দায়িত্বকালীন সময়ে সংঘটিত হয়েছে, তার দায় আমি স্বীকার করছি।’

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘আমি গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন।’

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমার এই সত্য ও পূর্ণ বর্ণনার মাধ্যমে সত্য উদ্‌ঘাটিত হলে আল্লাহ যদি আমাকে আরও হায়াত দান করেন, বাকিটা জীবন কিছুটা হলেও অপরাধবোধ থেকে মুক্তি পাব।’

কোম্পানীগঞ্জ থানায় যোগদান করলেন নতুন ওসি রতন শেখ

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রতন শেখ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি থানায় এসে যোগদান করেন।

১৯৭৩ সালের ৫ নভেম্বর বাগেরহাট সদর থানার হরিণখানা গ্রামে জন্মগ্রহণ করেন রতন শেখ। তিনি ১৯৯৪ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে মাগুরা, ঢাকা মেট্রোপলিটন, কুষ্টিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।

২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট ট্যুরিস্ট পুলিশ জোন এবং মাদারীপুর জেলার শিবচর থানার অফিসার ইনচার্জ ছিলেন।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি থাকাকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে—রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা), আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ, শুদ্ধাচার পুরস্কার (২০২২) এবং জাতিসংঘ শান্তি মিশন (সুদান) পদক (২০১৪)।

গত ৩১ আগস্ট সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে সাবেক ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টে বদলি করে এবং রতন শেখকে কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল

0

আধুনিক ডেস্ক ::

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪১১ জন হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। ধ্বংস হয়ে গেছে ৫ হাজার ৪০০টির বেশি বাড়িঘর। পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য অঞ্চলের গ্রামগুলোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারী বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় রোববার মধ্যরাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলজুড়ে আঘাত হানা ওই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬। মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এতে কুনার ও নানগারহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান বলেন, ভূমিকম্পে সেখানকার চারটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার সেখানে উদ্ধার অভিযান চালানো হয়েছে। আরও দুর্গম পার্বত্য এলাকায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

এহসান বলেন, ‘আমরা অনুমান করতে পারছি না, ঠিক কতগুলো মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমাদের লক্ষ্য হলো, যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযান শেষ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ শুরু করা।

পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়া কারণে পাকিস্তান সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় পৌঁছাতে বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে সেখানে শত শত কাদামাটি ও ইটের তৈরি ঘরবাড়ি ধসে পড়েছে।

এহসান আরও বলেন, সরু পাহাড়ি সড়কে যানবাহন চলাচল করতে না পারায় অভিযান ব্যাহত হচ্ছে। সড়কের ধ্বংসাবশেষ অপসারণ করতে ভারী যন্ত্রপাতি আনা হচ্ছে।

আজ মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পাহাড়ি সড়কে সারি সারি অ্যাম্বুলেন্স কুনারের গ্রামগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছে। দুর্গম গ্রামে হেলিকপ্টারে করে ত্রাণসামগ্রী পৌঁছানো হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিতেও ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া গেছে। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কম্পন অনুভূত হয়েছে।

দোয়ারাবাজারে সিএনজি চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সোলেমান মিয়া(৩৫) নামের এক সিএনজি চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে এ ঘটনা ঘটে।সোলেমান মিয়া(৩৫) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।

পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়,নিহত সোলেমান মিয়া সুনামগঞ্জ শহরে সিএনজি চালায়। গত এক সপ্তাহ আগে সোলেমান মিয়া সুনামগঞ্জ থেকে বাড়িতে আসে। সুনামগঞ্জ থেকে বাড়িতে আসার পর সে আর সুনামগঞ্জ না যাওয়ার কারনে সোলেমান ও তাহার স্ত্রী রত্না বেগম গত সোমবার (১ লা সেপ্টেম্বর)সন্ধ্যা ৭টার দিকে স্বামী স্ত্রী ঝগড়া করে সোলেমান মিয়া তার স্ত্রী ও সন্তানদের কে ঐদিন;রাত ৮ টার দিকে ঘর থেকে বাহির করে দেয়।পরে তার স্ত্রী ও সন্তান একইগ্রামে নিহত সোলেমান মিয়ার শ্বশুরবাড়িতে গিয়ে রাত্রিযাপন করে।মঙ্গলবার( ২ সেপ্টেম্বর)সকাল ৭ টার দিকে বড় ছেলে রবিউল ইসলাম(৮) পোশাক আনার জন্য বাড়িতে গেলে তাহার বাবাকে ঘরের তীরের সাথে ওড়না দিয়া ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে পুলিশে খবর দেন।খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামের সংঘর্ষ : নিহত ১

0

নবীগঞ্জ প্রতিনিধি ::

হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন ৪টি গ্রামের বাসিন্দারা। উপজেলার জামারগাঁও এলাকায় রাধাপুর সড়কে চার গ্রামের এ সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার টার দিকে উপজেলার রাধাপুর, দীঘলবাক, কাকুড়া ও করিমপুর গ্রামের বাসিন্দারা এ সংঘর্ষে জড়ান। সংঘর্ষে নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজি অটোরিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ব বিরোধের জের ধরে রাধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুদানে ভূমিধসে অন্তত ১ হাজার মানুষ নিহত

0

আধুনিক ডেস্ক ::

পশ্চিম সুদানের প্রত্যন্ত মারারা পর্বতমালায় ভূমিধসে কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি। এক বিবৃতিতে এই গোষ্ঠীটি বলেছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে রোববার (১ সেপ্টেম্বর) ভূমিধস হয়, যার ফলে মাত্র একজন বেঁচে যান এবং তারাসিন গ্রামের বেশিরভাগ অংশ ‘সমতল’ হয়ে যায়। জাতিসংঘ এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তারা।

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে যুদ্ধের পর উত্তর দারফুরের অনেক বাসিন্দা মারারা পর্বত অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। দারফুরের সেনাবাহিনী-সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাউয়ি ভূমিধসকে ‘মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তাতে দেশটি দুর্ভিক্ষের কবলে পড়ে এবং পশ্চিম দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগ ওঠে।

গৃহযুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যায়, তবে গত বছর একজন মার্কিন কর্মকর্তা ধারণা দিয়েছিলেন যে ২০২৩ সালে অস্থিরতা শুরুর পর থেকে দেড় লাখের মতো মানুষ নিহত হয়েছে। প্রায় এক কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরল

0

আধুনিক ডেস্ক ::

রাষ্ট্রপতি নয়, এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাইকোর্ট তার পর্যবেক্ষণে এ কথা জানিয়েছে। এর মাধ্যমে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের মূল ধারা পুনঃস্থাপন করেছে আদালত, যেখানে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও ছুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের। সরকারকে তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্রপতিকে নিম্ন আদালতের ওপর কর্তৃত্ব দেওয়া সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। একই আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল দেন।

১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরীসহ) ও শৃংখলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রীম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে।’

রুলে বিবাদীদের (আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল) কাছে হাইকোর্ট জানতে চেয়েছেন, কেন সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত) বিধিমালা, ২০১৭ সংবিধানবিরোধী ঘোষণা করা হবে না এবং কেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হবে না।

সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর দায়ের করা আবেদনের ভিত্তিতে রুলটি দেওয়া হয়। এই আইনজীবীরা হলেন—মোহাম্মদ সাদ্দাম হোসেন, মো. আসাদ উদ্দিন, মো. মুজাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শাইখ মাহদি, আব্দুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, আমিনুল ইসলাম শাকিল ও জায়েদ বিন আমজাদ।