Home Blog Page 133

ধর্মপাশায় দুই অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ

0

মোহাম্মদ ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগে দুই অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

সম্প্রতি উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশটি উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গার অবৈধ দখলদার সাকের হোসেন সাগর ও জামাল হোসেন নামে ওই দুই ব্যবসায়ীকে নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য এ কারণ দর্শানোর নোটিশটি করা হয়।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবত বৌলাম গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সাকের হোসেন সাগর ও পাশের সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামীলঅগ নেতা জামাল হোসেন নামে দুই প্রভাবশালী ব্যক্তি সেখানে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দাপটের সাথে তারা সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। কিন্তু বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সরকারি জায়গা থেকে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করতে তাদেরকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও তারা বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি। এ অবস্থায় সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা থেকে কেন তাদেরকে উচ্ছেদ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

অবৈধ দখলদার সাকের হোসেন সাগর বলেন, আমি কোনো সরকারি জায়গা দখল করিনি। তবে আমি আমার ভাইয়ের ঘরটি ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করে আসছি। তিনি আরো বলেন, আমার ভাই শুধু একাই নয়, এই বাজারের অধিকাংশ জায়গাই খাস। তবে এলাকাবাসী ওইসব খাস জায়গায় স্থাপনা নির্মাণ করে প্রায় ৩০-৩৫ বছর যাবত ব্যবসা বাণিজ্য করে আসছে। এমনকি দখলদারদের পক্ষ থেকে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদনও করা আছে বলে তিনি জানান।

উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দখলদাররা যথাযথ জবাব না দিলে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ‎সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এত দিন যেমন ছিল, সাম্প্রতিক কয়েক দিনের ঘটনায় আমি বলব, সেটা কিছুটা খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি, যাতে দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

রাজবাড়ীর ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। পাঁচজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি স্পষ্ট হবে। কারা এর সঙ্গে জড়িত ছিলেন, তা তখনই জানা যাবে।’

যাঁদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে সেই ডিসি ও এসপিকে দায়িত্বে রেখে কি সুষ্ঠু তদন্ত সম্ভব, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, সেটা তদন্তেই বের হবে। আগে থেকেই কর্মকর্তাদের সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কেউ নির্দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।’

‎রাজবাড়ীতে গত কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল তারপরও কেন এই ‘মব’ ঠেকানো গেল না। গতকাল হাটহাজারীতেও এমন একটা ঘটনা ঘটল। তাহলে কি আপনারা ‘মব’ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন? এমন অভিযোগ নাকচ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা ব্যর্থ হইনি। যারা এসব ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। আসলে আমরা অনেকটাই অসহিষ্ণু হয়ে পড়েছি। সমাজে ধৈর্যের অভাব তৈরি হয়েছে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’

আগামী নির্বাচনে এসব পরিস্থিতি জনগণের অংশগ্রহণে বাধা সৃষ্টি করবে কি না, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ প্রতিহত করতে পারবে না। ভোটকেন্দ্রে যেতে জনগণকে বাধা দেওয়ার মতো শক্তি কারও নেই।’

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমাতে চায় সরকার

0

আধুনিক ডেস্ক ::

সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটির সংখ্যা কমাতে চায় সরকার। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে বিধান রঞ্জন এ পরিকল্পনার কথা জানান। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সংবাদ সম্মেলন হয়।

বিধান রঞ্জন রায় বলেন, আমাদের দেখতে হবে শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে কতটা সময় ব্যয় করা যাচ্ছে। বর্তমানে মাত্র ১৮০ দিন স্কুল খোলা থাকে। অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করবে। একই সঙ্গে শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজে সম্পৃক্ত না করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে প্রায় ৩২ হাজার প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে মামলার কারণে পদোন্নতি আটকে আছে। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। পাশাপাশি শিক্ষকদের বদলি শতভাগ অনলাইনে করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সাত বছর ও এর বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ, প্রায় ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনও নিরক্ষর। এরা মূলত বিদ্যালয় বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা লিখিত বক্তব্যে বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাক্ষরতার বিকল্প নেই।

আবু তাহের বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জনই সাক্ষরতা নয়। মাতৃভাষায় পড়তে ও লিখতে পারা, অনুধাবন করা, গণনা করতে পারা, মৌখিক ও লিখিতভাবে যোগাযোগ করতে পারা এবং ডিজিটাল দক্ষতা অর্জন করাও সাক্ষরতার অন্তর্ভুক্ত। মানবসম্পদ উন্নয়নে মৌলিক শিক্ষা, দক্ষতাভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজার চাহিদাভিত্তিক প্রশিক্ষণ অপরিহার্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪ অনুযায়ী ১০-১৪ বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান এবং ১৫ বছর বা এর বেশি বয়সী নিরক্ষর নারী-পুরুষকে সাক্ষরতা, জীবিকার দক্ষতা ও জীবনব্যাপী শিক্ষা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় বহির্ভূত শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির আওতায় ৬৩ জেলায় ২৫ হাজার ৮১৫টি শিখনকেন্দ্রে ৮ লাখ ২৫ হাজার ৩৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৪৯৬ জন মূল ধারায় অন্তর্ভুক্ত হয়েছে।

এছাড়া মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে ৬৪ জেলার ২৪৮টি উপজেলায় ৪৪ লাখ ৬০ হাজার প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী সাক্ষরজ্ঞান অর্জন করেছে।

কক্সবাজারে ২০২৫ সালের জুনে শেষ হওয়া পাইলট প্রকল্পে ৬ হাজার ৮২৫ কিশোর-কিশোরীকে সাক্ষরতার পাশাপাশি ১৩টি পেশায় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগিরই এই কর্মসূচি আরও ১৬ জেলায় সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেছে গাজার দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবন

0

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনের গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবনটি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। চলমান যুদ্ধে কাছাকাছি সময়ের মধ্যে প্রথম বড় কোনো টাওয়ারকে লক্ষ্যবস্তুতে পরিণত করলো আইডিএফ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তার এক্স একাউন্টে ভবনটি ধসে পড়ার একটি ভিডিও প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছে- আমরা হামলা চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি গাজায় সামরিক অভিযান আরো বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামলায় ধংস হয়ে যাওয়া সুসি টাওয়ারটি হামাস ব্যবহার করছিল। যদিও, এ দাবি অস্বীকার করেছে হামাস। তবে, হামলায় হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
শনিবারের (৬ সেপ্টেম্বর) ওই হামলার আগে ইসরায়েল লিফলেট ছড়িয়ে ফিলিস্তিনিদের দক্ষিণের একটি ‘মানবিক জোনে’ সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে আইডিএফ–এর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি স্থানীয়দের খান ইউনিস এবং উপকূলরেখার মধ্যবর্তী এলাকা আল-মাওয়াসিতে সরে যাওয়ার আহবান জানান। আইডিএফ এর আগেও অনেকবার বেসামরিক নাগরিকদের সেখানে যেতে উৎসাহিত করেছে। তাদের দাবি, সেখানে চিকিৎসা সেবা, পানি ও খাদ্য সরবরাহ করা হবে। তবে, জাতিসংঘ বলছে, আল-মাওয়াসির ক্যাম্পগুলোতে উপচে পড়া ভিড়, অনিরাপদ এবং দক্ষিণের হাসপাতালগুলো ইতিমধ্যেই অতিরিক্ত চাপের মুখে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আল-মাওয়াসিতে পানি আনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাঁচজন শিশু নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন। এ বিষয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা ওই ঘটনা পর্যালোচনা করছে। এদিকে, সুসি টাওয়ারটি হলো টানা দুই দিনে ধ্বংস হওয়া দ্বিতীয় বহুতল ভবন।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের আল-রিমাল এলাকায় অবস্থিত মুশতাহা টাওয়ারের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের পর ভবনটি ধসে পড়ে। আইডিএফ জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। যার মধ্যে ছিল ‘আগাম সতর্কতা ও ‘সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্রের’ ব্যবহার। তবে ফিলিস্তিনিদের দাবি, মুশতাহা টাওয়ারে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল অভিযোগ করেছেন, ইসরায়েল ‘জোরপূর্বক বাস্তুচ্যুত করার নীতি’ অবলম্বন করছে।

স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, গত এক মাসে ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞে শহরের বেশ কিছু অংশের কিছু এলাকা একেবারে ধংস হয়ে গেছে। গাজা সিটির আবাসিক ও বাণিজ্যিক টাওয়ারগুলো শহরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক ছিল। যেখানে জড়িয়ে ছিল ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার আশা।

১৯৯৩ সালে অসলো চুক্তি স্বাক্ষরের পর থেকে গাজায় পাঁচ তলারও বেশি বহুতল ভবন গড়ে উঠতে শুরু করে। যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নির্বাসন থেকে গাজা এবং পশ্চিম তীরের কিছু অংশে ফিরে আসতে শুরু করেন। ১৯৯৪ সালে ইসরায়েল গাজার বেশিরভাগ এলাকা থেকে সরে যাওয়ার পর গাজায় ফিলিস্তিনিদের প্রত্যাবাসন বাড়তে থাকে। ফলে তখন শহরটি আরো সম্প্রসারিত হয়। তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ নির্মাণ খাতে বড় ধরনের বিনিয়োগকে উৎসাহিত করে। এমনকি, তখন ওই এলাকার পুরো পাড়াগুলোর নামকরণও করা হয় টাওয়ারগুলোর নামে।

গত জুলাই মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখল করবে। জাতিসংঘের হিসাব বলছে, গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ এখনো রয়ে গেছেন। যেখানে গত মাসে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। সংস্থাটি সতর্ক করে বলেছে, হামলা চলমান থাকলে খুব দ্রুত আরো বড় ‘বিপর্যয়’ নেমে আসতে পারে।

হামাস ২০২৩ সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। এতে ১২০০ মানুষ নিহত হন এবং তারা ২৫১ জনকে জিম্মি করে নিয়ে হামাস। এরপরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৬৩,৭৪৬ জন নিহত হয়েছেন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ চলাকালে অপুষ্টি ও অনাহারে এখন পর্যন্ত ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

বদরুদ্দীন উমর আর নেই

0

আধুনিক ডেস্ক ::

লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্ব) সকাল ১০টার একটু পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বদরুদ্দীন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর। প্রায় এক মাস ধরেই বদরুদ্দীন উমর অসুস্থ ছিলেন। তাঁকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার। রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেখক শিবির ও জাতীয় মুক্তি কাউন্সিলের সঙ্গে যুক্ত মুহাম্মদ কাইউম প্রথম আলোকে জানিয়েছেন, বদরুদ্দীন উমরের মরদেহ রোববার হাসপাতাল থেকে নিয়ে ফ্রিজিং গাড়িতে রাখা হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় শহীদ মিনার বা অন্য কোনো স্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। দুপুরে জানাজার পর জুরাইনে তার মা–বাবার কবরে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন হবে।

বদরুদ্দীন উমর মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ছোট মেয়ে সারা আকতারই বদরুদ্দীন উমরের দেখাশোনা করতেন বলে জানান মুহাম্মদ কাইউম। তাঁর বড় মেয়ে লন্ডনে থাকেন। তিনি সোমবার দেশে আসবেন।

বদরুদ্দীন উমর লেখক-গবেষক ও বামপন্থী রাজনীতিক। ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিপিই ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন এবং ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে ১৯৬৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। তাঁর লেখা ‘পূর্ববাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ ভাষা আন্দোলনের ওপর প্রথম গবেষণাগ্রন্থ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন বদরুদ্দীন উমর। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।

বাংলাদেশ-নেপাল ম্যাচে কেউ জেতেনি

0

স্পোর্টস ডেস্ক ::

বল দখলে দুই দলই সমানে সমান। সমান শট লক্ষ্যে রাখায়ও। ম্যাচটা শেষও হয়েছে সমতাতেই। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ নিয়ে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন থাকল বাংলাদেশ। যার মধ্যে আজকেরটিসহ চারটিই ড্র।

জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের তিন মাস পর শনিবারের (৬ সেপ্টেম্বর) খেলা দিয়েই আবার মাঠে ফিরেছে বাংলাদেশ দল। সেই ম্যাচের হামজা চৌধুরী ও শমিত সোমরা এবার দলের সঙ্গে যোগ দেননি। ফাহামিদুল ইসলাম, শেখ মোরছালিনরা আছেন অনূর্ধ্ব–২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে।

এ ছাড়া দলে থাকলেও চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান গোলকিপার মিতুল মারমা। কোচ হাভিয়ের কাবরেরা গোলপোস্ট সামলানোর দায়িত্বটা দিয়েছেন সুজন হোসেনকে। মোহামেডানের এই গোলকিপারকে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে হয়নি। আক্রমণ–পাল্টা আক্রমণ হলেও ম্যাচে গোলের প্রবল সম্ভাবনা জেগেছে কমই।

এর মধ্যে ম্যাচের নবম মিনিটে জামাল ভূঁইয়ার ক্রসে তপু বর্মণের হেড রুখে দেন নেপাল গোলকিপার কিরন চেমজং। ৩০তম মিনিটে নেপালের অনন্ত তামাংয়ের ব্যাক হেড পোস্টে ঢোকার আগমুহূর্তে প্রতিহত করেন বাংলাদেশের সুজন। ৩৯তম মিনিটে একটি সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। রহমত মিয়ার লম্বা থ্রো ইন নেপাল গোলকিপার আটকে দিলেও বিপদ মুক্ত করতে পারেননি। বল পেয়ে যাওয়া সুমন রেজা তাড়াহুড়া করতে গিয়ে মেরে দেন ক্রস বারের ওপর দিয়ে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ছিল একই ধারা। বরং আক্রমণের ধার এ সময় দুই দলেরই কমেছে। এর মধ্যে ৭৬তম মিনিটে বদলি নামা তাজ উদ্দিনের বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল গতির শট সরাসরি নেপাল গোলকিপারের হাতে যায়। শেষ পর্যন্ত ম্যাচের সমাপ্তি হয়েছে গোলশূন্য স্কোরলাইনেই।

এ নিয়ে টানা ছয় ম্যাচ (২ হার, ৪ ড্র) নেপালের বিপক্ষে জয়হীন থাকল বাংলাদেশ। সর্বশেষ ২০২০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ দল নেপালকে হারিয়েছিল। ৯ সেপ্টেম্বর একই মাঠে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ–নেপাল।

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা জাহিদ

0

আধুনিক ডেস্ক ::

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে থেকে তিনি দলকে নেতৃত্ব দেবেন। শনিবার রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র কাজে দেবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে। পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করা যায়। তাই সবাইকে চলমান ষড়যন্ত্র রুখতে চোখ-কান খোলা রাখার আহ্বান জানাচ্ছি।

গণছুটির ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

0

আধুনিক ডেস্ক ::

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পবিসের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি বলেন, একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখি আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করছে। এর ফলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এ সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে এখন বাংলাদেশ

0

আধুনিক ডেস্ক ::

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের লুকানো খেলাপি ঋণ বের হয়ে আসছে। আবার আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণও খেলাপি হয়ে যাচ্ছে। তাতে বাংলাদেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ এক বছরের ব্যবধানে ১২ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের এক-চতুর্থাংশের বেশি এখন খেলাপি। আর তাতেই খেলাপি ঋণে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে এখন বাংলাদেশের নাম।

সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে খেলাপি ঋণের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের শীর্ষে উঠে আসার বিষয়টি উঠে এসেছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থিক বিভিন্ন সূচকের অবস্থা নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে খেলাপি ঋণের তুলনায় বিবেচনায় নেওয়া হয়েছে ২০২৩ সালের তথ্য। তাতেই বাংলাদেশ শীর্ষে।

এডিবির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি বাংলাদেশে। ২০২৩ সাল শেষে এই হার ছিল ৯ দশমিক ৬ শতাংশ। এডিবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে প্রতিবছরই বাংলাদেশের খেলাপি ঋণের হার বেড়েছে। ২০২১ সালে এই হার ছিল ৮ শতাংশ, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭ শতাংশে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতো ২০২১ সাল থেকে খেলাপি ঋণ বেড়েছে নেপাল ও শ্রীলঙ্কার। বাকি দেশগুলোর খেলাপি ঋণ কমেছে। যেমন ভুটানের খেলাপি ঋণের হার ২০২০ সালে ছিল ১১ দশমিক ৭ শতাংশ, যা ২০২২ সালে কমে হয়েছে ৩ শতাংশ। ভারতের খেলাপি ঋণের হার ২০২০ সালে ছিল ৭ দশমিক ৯ শতাংশ, যা ২০২৩ সালে কমে হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। মালদ্বীপের খেলাপি ঋণ এই সময়ে ১৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে হয়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

এডিবির প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম খেলাপি ঋণের হার চীনের তাইপে ও হংকংয়ে। আর বাংলাদেশের পর সবচেয়ে বেশি খেলাপি ঋণের হার কিরগিজস্তানে। তবে দেশটির খেলাপি ঋণের হার কমছে। ২০২২ সালে দেশটির খেলাপি ঋণের হার ছিল ১২ দশমিক ৫ শতাংশ, যা ২০২৩ সালে কমে হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২৪ সাল শেষে বাংলাদেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ছিল ২০ দশমিক ২০ শতাংশ। আর সর্বশেষ গত জুন শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকায়, যা বিতরণ করা মোট ঋণের ২৭ দশমিক শূন্য ৯ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের চার ভাগের এক ভাগের বেশি খেলাপি হয়ে গেছে।

এডিবির প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম খেলাপি ঋণ তাইপে ও কোরিয়ার। দেশ দুটির খেলাপি ঋণের হার যথাক্রমে শূন্য দশমিক ১ শতাংশ ও শূন্য দশমিক ২ শতাংশ।

ধর্মপাশায় জমিয়ত নেতাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় আলেমে দ্বীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাহী সদস্য এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোশতাক আহমেদ গাজিনগরী (৫২) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সমনের রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম ধর্মপাশা উপজেলা শাখা।

উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশারের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, বয়ানুল কোরআন মাদ্রাসার মোহতামিম মুফতি সাদ উদ্দিন,উকিল পাড়া আল মদিনা মসজিদের ইমাম মাওঃ আব্দুল আজিজ প্রমুখ।
উল্লেখ্য গত ২ই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিখোঁজ হন মাওলানা মেশতাক।নিখোঁজের তিনদিন পর শুক্রবার ৫ই সেপ্টেম্বর সকাল আটটার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা।