Home Blog Page 132

নেপালে ‘জেনজি’দের বিক্ষোভে অন্তত ১৪ জন নিহত, কারফিউ জারি, সেনা মোতায়েন

0

আধুনিক ডেস্ক ::

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার পর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নেপালের এই বিক্ষোভ জেনজিদের আন্দোলন বলে পরিচিতি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমাণ্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া কারফিউ রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে।

বিক্ষোভকারীরা নিউ বানেশ্বরের ফেডারেল পার্লামেন্ট কমপ্লেক্সেও হামলা চালিয়েছে। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। বিকেল সোয়া চারটা পর্যন্ত ওই এলাকায় পরিস্থিতি অশান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাদের ওপর বলপ্রয়োগে বাধ্য হয়েছে নিরাপত্তা কর্মীরা। সরকারের মুখপাত্র এবং যোগাযোগমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

দেশটিতে ২৬ টি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডুসহ অন্যান্য শহরে বিক্ষোভ করছে জেনজিরা। তরুণ প্রজন্মের এই বিক্ষোভকারীরা “জেন জি” হিসেবে পরিচিত।

সিভিল সার্ভিস হাসপাতালের মেডিকেল ডিরেক্টর দীপক পাউডেল জানিয়েছেন, শুধুমাত্র ওই হাসপাতালেই একশ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছিল। তাদের অনেকেই রাবার বুলেটে আহত হয়েছেন।

দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সিংহ দরবারের কাছে মাইতিঘরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা সকালে নতুন বানেশ্বরের সংসদ ভবনের দিকে অগ্রসর হয়। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ বল প্রয়োগ করে এবং স্থানীয় প্রশাসন ওই এলাকায় কারফিউ জারি করে। পরে অন্যান্য স্থানেও কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা সংসদ ভবন কমপ্লেক্সে প্রবেশ করলে সোমবার বিকেলে নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। কারফিউ ঘোষণার পর কাঠমান্ডুর রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র সহকারী লেফটেন্যান্ট জেনারেল রাজারাম বাসনেত বলেছেন, স্থানীয় প্রশাসন আইন- ২০২৮ এর বিধান অনুসারে জেলা নিরাপত্তা কমিটির সুপারিশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ বন্ধ করে দিয়েছে সরকার। সরকার বলেছে, নেপালের নিয়ম মেনে এসব সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপকে নিবন্ধন করতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানগুলো তা করেনি।

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ আগেই ব্যারিকেড বসিয়েছিল। কিন্তু বিক্ষোভকারীরা তা ভেঙে ফেলেন। এ সময় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। বিক্ষোভকারীরা গাছের ডাল ও পানির বোতল ছুড়ে স্লোগান দেন। অনেকে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। এ সময় পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি সরকারের দুর্নীতির সমালোচনা করেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ না করে দুর্নীতি বন্ধের দাবি জানান।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন, তবে তাঁদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আহত অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।

১৫ বছরের দুঃশাসনে ধ্বংস হয়েছে গণতন্ত্র, অর্থনীতি ও মানুষের অধিকার : মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট শাসনে’ দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সময়ে বিএনপিসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর হাজারো নেতাকর্মী মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘২৪ জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ, যুবক, নারী ও শিশু তাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে প্রাণ দিয়েছে। ঠাকুরগাঁওয়েই গত ১৫ বছরে আমাদের ১২ জন সহকর্মী শহীদ হয়েছেন। জুলাই মাসেই প্রাণ দিয়েছেন চারজন। এই ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ৭৫টি মামলা দিয়ে প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে হয়রানি করেছে। অনেককে পালিয়ে থাকতে হয়েছে, ধানক্ষেতে আশ্রয় নিতে হয়েছে, আবার কারাভোগও করতে হয়েছে।’

তিনি বলেন, ‘আজকের এই সম্মেলন আমাদের কাছে যেমন আনন্দের, তেমনি দুঃখেরও। আনন্দের কারণ— আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক দলীয় কার্যক্রম চালাতে পারছি। আর দুঃখের কারণ— আমরা অনেক প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি।’ বিএনপি মহাসচিব স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, ‘জিয়াউর রহমান একটি দল গড়ে দিয়েছিলেন, যে দল গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে।’

তিনি দেশনেত্রী খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, ‘তিনি দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আবার গত ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। একদিনের জন্যও মাথা নত করেননি।’ তারেক রহমানকে ভবিষ্যতের নেতৃত্বদাতা হিসেবে আখ্যায়িত করে ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ তার দিকে তাকিয়ে আছে। তার নেতৃত্বেই আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে।’

তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। ভিশন ২০৩০–এর মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছে। এখন ৩১ দফা কর্মসূচির মাধ্যমে অর্থনীতি, রাজনৈতিক কাঠামো ও রাষ্ট্রের প্রতিটি ভেঙে যাওয়া প্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি।

বাগেরহাটে চার সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় হরতাল চলছে

0

আধুনিক ডেস্ক ::

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলাব্যাপী আজ সোমবার সকাল থেকে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাসে জেলার একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে শুরু হওয়া হরতাল ও অবরোধ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সকাল থেকেই জেলার অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা-বরিশাল মহাসড়কের বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, দশানী মোড়, খুলনা-ঢাকা মহাসড়কের কাটাখালী, ফকিরহাট বিশ্বরোড মোড়, মোল্লাহাট সেতু, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করা হয়েছে।

সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভকারীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান নিজ দপ্তরে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীরা তাঁকে বাধা দেন। পরে তিনি পাশের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।

এই কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরা অংশ নেন।
চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। কর্মসূচি অনুযায়ী, সোমবার দিনব্যাপী হরতাল, মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার আবারও হরতাল। তবে অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীদের বহনকারী গাড়ি ও জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন সীমানা প্রস্তাব করে, যেখানে একটি আসন কমিয়ে তিনটি করার কথা বলা হয়। এর বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক দল ও সচেতন নাগরিকেরা আন্দোলনে নামেন এবং কমিশনের শুনানিতেও অংশ নেন। তবে ৪ সেপ্টেম্বর কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যেখানে তিনটি আসন বহাল রাখা হয়।

আন্দোলনকারীরা বলেন, জেলার জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন। একটি আসন কমালে একাধিক উপজেলা একই আসনের আওতায় পড়বে, ফলে জনপ্রতিনিধিদের জন্য কার্যকরভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে।

১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা ছিল—বাগেরহাট-১: ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী; বাগেরহাট-২: বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩: রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা।

নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা হলো—বাগেরহাট-১: বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট; বাগেরহাট-২: ফকিরহাট-রামপাল-মোংলা এবং বাগেরহাট-৩: কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা

0

আধুনিক ডেস্ক ::


সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। প্রায় এক দশক পর আয়োজিত নির্বাচনে তিনি সভাপতি পদে জয়ী হন। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭৪ জন ভোটার এতে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় গণনা শুরু হয় এবং পরে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। লুবানা ইয়াছমিন শম্পা ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পেয়েছেন ১০৯ ভোট, যা শম্পার চেয়ে ২৭ ভোট কম। নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলেয়া ফেরদৌসি তুলি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের ইতিহাসে দীর্ঘ বিরতির পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

অন্যদিকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। এদের মধ্যে সর্বোচ্চ ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়ে জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়ে সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়ে রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়ে রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়ে আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়ে গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়ে শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়ে তাহমিনা হাসান চৌধুরী পরিচালক নির্বাচিত হন।

রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন কূপের সন্ধান, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

0

হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের নতুন প্রবাহ ধরা পড়েছে। ৩ নাম্বার কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রশিদপুর গ্যাসক্ষেত্রের ডিজিএম সুমন বৈদ্য।

জানা গেছে, ৩ নাম্বারের কূপ থেকে আগামী ১০ বছর কূপটি থেকে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির ধারণা করা হচ্ছে। ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলন করা হয়েছে। আর কূপটি থেকে প্রাপ্ত ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের দাম (আমদানিকৃত এলএনজির মূল্য ঘনমিটার ৬৫ টাকা) ৪ হাজার ৭০০ কোটি টাকা। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে।

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-৩

0

ফেরদৌস চৌধুরী রুহেল ::

১৯৯৭ সালে ডিসেম্বরের শেষে দিলদার সেলিম (সাবেক সংসদ সদস্য) ভাইয়ের প্যানেল থেকে  সিলেট জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচিত হওয়ার পর আমার এবং ইমরান চৌধুরীর (কোষাধ্যক্ষ) পরিচালনাধীন এ্যাপোলো ১২ ক্লাবের ক্রিকেট অনুশীলন এবং আমার ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের অনুশীলন লাক্কাতুরা মাঠে চালিয়ে যাই। পাশাপাশি এই মাঠে রংধনু ক্রীড়াচক্র চৌকিদেখি একছত্র আধিপত্য বিস্তার করে। ফুটবল, ভলিবল, টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে ক্লাবটি এই বৃহত্তর এলাকার খেলোয়ারদের মাঠে অনুশীলনের মাধ্যমে উজ্জীবিত রাখে। অপরদিকে ইলাশকান্দি উদয়ন তরুণ সংঘও পালাক্রমে এই মাঠ ব্যবহার করে। পীরমহল্লা প্রভাতী  সংঘের তখন অনুশীলন মাঠ ছিল উত্তর পীরমহল্লার (বর্তমানে কেমব্রিজ গ্রামার স্কুল)।  লাক্কাতুরা মাঠে তখন বিভিন্ন ব্যক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এবং টেপ টেনিস টুর্নামেন্ট  চলতে থাকে। এর মধ্যে টেপ টেনিস টুর্নামেন্টেরই আধিক্য ছিলো।

আমরা যারা লাক্কাতুরা মাঠটি ব্যবহার করতাম তাদের সকলেরই লক্ষ্য ছিলো কী করে মাঠটি বড় করা যায়। আগেই বলেছি, কী করে আমরা মাঠ বড় করার কৌশল নিয়েছিলাম। সেই পদ্ধতি চলতে থাকলো এবং আমরা অনেকটা  সফল হয়েছিলাম। তখনকার সময়ে জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রিড়া  সংস্থার মধ্যে একটি সেতুবন্ধন ছিল। আমরা সব সিদ্ধান্ত নিতাম বিভাগ এবং জেলার কর্মকর্তারা এক হয়ে।  ১৯৯৬ সালের শেষ দিকে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব চৌধুরী এবং কোষাধ্যক্ষ ছিলেন মো. আরিফ। এই কমিটিতে তিতন ভাইসহ আরও অনেকে ছিলেন। সম্ভবত ২০০০ সালের শেষ সময়ে দিলদার সেলিম ভাই ও মাহবুব চৌধুরী ভাইয়ের উদ্যোগে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ। এই বৈঠক আয়োজনের নেপথ্যে ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি  মরহুম ইফতেখার হোসেন শামীম।

তখন সিলেটে একমাত্র স্টেডিয়াম ছিলো জেলা স্টেডিয়াম। যেখানে সব ধরনের খেলা পরিচালনা করা সম্ভব হত না। বিষয়টি জানিয়ে আমরা মন্ত্রীর কাছে আমরা বিভাগীয় স্টেডিয়ামের মাঠের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলাম। তিনি আশ্বাসও দিয়েছিলেন। ওই সভাতেই তিনি বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে তা আর আলোর মুখ দেখেনি, ওই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে : প্রেস সচিবের ব্রিফিং

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির (২০২৬ সালের) প্রথমার্ধে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। সে জন্য যত প্রস্তুতি লাগে সেগুলো নেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার (৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলা হয়েছে বলে জানান প্রেস সচিব। বৈঠকে আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা–সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের নয়জন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, বৈঠকে আলোচনা হয়েছে ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দ্রুতই এগোচ্ছে, তখন তারা বেপরোয়া হয়ে উঠছে। এর ফলে তারা দেশের শান্তি বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। এ বিষয়ে তিনি গত বছরের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। এ বিষয়ে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা যেন আগে থেকেই নেওয়া যায়। যাতে কোনো রকমের পরিস্থিতি সৃষ্টি না হয়। এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধরনের ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা মনিটরিং করতে নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে বলা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত হয়, সে জন্য সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর গড়ে প্রতিদিন চারটি বিক্ষোভ বা ঘটনা ঘটেছে। বিপ্লবের পর যে প্রত্যাশা তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে সবাই দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ করছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর এবং নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈঠকে উপস্থিত উপদেষ্টারা হলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ ছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বকশ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের নীতি প্রণয়নে তরুণরা পথ দেখাবে: ফয়েজ আহমদ তৈয়্যব

0

শাবিপ্রবি প্রতিনিধি:

সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে তরুণদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতাই হবে ভবিষ্যতের দিকনির্দেশনা বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রবিবার (৭ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত চতুর্থ “শিল্পবিপ্লব: বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র” শীর্ষক জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক তানভীর আলি।

নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “তরুণরা তথ্যপ্রযুক্তির গতিশীল রূপান্তরের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। এই সক্ষমতাকে পলিসি মেকিংয়ের সঙ্গে যুক্ত করতে হবে।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রতিযোগিদের সফলতা প্রমাণ করে ভবিষ্যৎ নেতৃত্ব যোগ্য হাতে যাচ্ছে।

স্টার্টআপ বিষয়ে তরুণদের উৎসাহিত করতে একাডেমিক ক্রেডিট প্রদান, কানেক্টিভিটি বাড়ানো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পলিসি বাস্তবায়নের চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, “দেশের লিগাল গাইডলাইনের ভেতরে থেকে পলিসি বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের প্রস্তাবিত নীতিগুলো নাগরিক পর্যায়ে কোয়ালিটেটিভ ও কোয়ান্টিটেটিভ জরিপের মাধ্যমে যাচাই করতে হবে।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও অর্থমূল্য পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল ফাইনালে অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় টিম অরুণাভ, আর প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় টিম ক্যাপিটাল মিত্র ও টিম সুনাগরিক।

কমলগঞ্জে ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের মনু-ধলই ভ্যালি কমিটি গঠন

0

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ আয়োজিত মনু-ধলই ভ্যালির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার দুপুরে পদ্মছড়া চা বাগানে মনু-ধলই ভ্যালি ভূঁইয়া সমাজ আয়োজিত আলোচনা সভা শেষে কমিটি গঠিত হয়েছে।

পদ্মছড়া চা বাগানের রতন ভূঁইয়া মাহাত্ব এর সভাপতিত্বে এবং মিলন ভূঁইয়া ও কানাই ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি অনিরুদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহসভাপতি দিবস ভূঁইয়া, জুড়ি ভ্যালি ভূঁইয়া সমাজের সভাপতি অনুরোধ ভূঁইয়া কাপনা পাহাড়, কমলগঞ্জের মনু-ধলই ভ্যালি কমিটির সভাপতি কমলা শংকর ভূঁইয়া।

আলোচনা সভা শেষে কমলা সংকর ভূঁইয়াকে সভাপতি, সহসভাপতি বাসুদেব ভূঁইয়া ও সুভাষ ভূঁইয়াকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ মনু-ধলই ভ্যালি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদ হলো একটি বাঙালি সম্প্রদায় ভিত্তিক সংগঠন। যারা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে বসবাসকারী ভূঁইয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করে। এই সংগঠনটি ভূঁইয়া সম্প্রদায়ের শিক্ষা, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ সমাজে তাদের অবস্থান ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভ, একাধিক পদ স্থগিত

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটি নিয়ে পক্ষে-বিপক্ষে ক্ষোভ ও নানা অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা আহবায়ক কমিটির নিকট একাধিক লিখিত ও মৌখিক অভিযোগও দাখিল করা হয়।

উপজেলা আহবায়ক কমিটির সাথে পরামর্শক্রমে ইউনিয়ন বিএনপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১০ সেপ্টেম্বর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে উত্থাপিত অভিযোগগুলো শুনানি করা সম্ভব নয়। তবে পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশ্যে সতর্ক করে বলা হয়, প্রাথমিক ব্যবস্থার পরেও যদি কেউ অসন্তুষ্ট হয়ে ভিন্ন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে।

প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে ওয়ার্ড নং ১ এর সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড নং ৩ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড নং ৪ এর সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড নং ৬ এর সাধারণ সম্পাদকের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কমিটির সদস্য জনাব রাসেল মিয়ার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উঠেছে। এ কারণে তাঁর প্রাথমিক সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বিষয়টি পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিবেচনাধীন রয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বরও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সুজন মিয়া তাঁর পদ স্থগিত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদে বঞ্চিত বা পদপ্রাপ্ত সকলে বুঝতে হবে—দল ও আসন্ন সম্মেলনকে ঘিরে আওয়ামী স্বৈরাচার সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে নিঃশর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

বিজ্ঞপ্তিটি নিজ ফেইসবুক আইডি থেকে পোস্ট করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সুজন মিয়া।