Home Blog Page 130

২৭ বলে জয়ের কীর্তি ভারতের

0

স্পোর্টস ডেস্ক ::

মাত্র ২৭ বল খেলে টি-২০ জয়ের কীর্তি গড়েছে এশিয়া কাপের আয়োজক ভারত। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়েছিল সূর্যকুমার যাদবের দল। এরপর ৪.৩ ওভারে ৯ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে টুর্নামেন্টের ফেবারিট ভারত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় ভারত। তখনই বোঝা গিয়েছিল উইকেটে বিশেষ কিছু অঁত পেতে আছে। লেগ স্পিনার কুলদীপ যাদব চারটি ও পেস অলরাউন্ডার শিভাম দুবে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেয় আরব আমিরাতকে।

দলটির হয়ে ওপেনার আলিসান শারাফু ১৭ বলে ২২ রান করেন। অন্য ওপেনার মোহাম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান করে আউট হন। দলটির আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি।

জবাব দিতে নেমে ৩.৫ ওভারে ৪৮ রানের জুটি দিয়ে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিনি ১৬ বলে তিন ছক্কা ও দুই চারে ৩০ রান করেন। শুভমন গিল ৯ বলে ২০ রানের হার না মানা ইনিংস খেলেন। বলের হিসেবে ভারত টি-২০ সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০১৭ সালে রানচিতে অস্ট্রেলিয়াকে ৩৩ বল খেলে ৯ উইকেটে হারিয়েছিল ভারত।

এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে স্মারকলিপি

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থী সংগঠন কোম্পানীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষে প্রায় ১০০ জন শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গণস্বাক্ষর যুক্ত ছিল।

সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জফির সেতু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মালিক মানিক, শাহিন আহমেদ সোহাগ, তাজুল ইসলামসহ সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদসহ বিভিন্ন সদস্য স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্য, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এতে স্বাক্ষর করেন। পাশাপাশি সিলেট জেলা যুবদল ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের নেতারাও এতে স্বাক্ষর প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের প্রায় প্রতিটি উপজেলায় অন্তত একটি সরকারি কলেজ রয়েছে। কিন্তু প্রায় দুই লাখ জনসংখ্যার কোম্পানীগঞ্জ উপজেলায় একটি সরকারি কলেজও নেই। ফলে হতদরিদ্র ও সাধারণ শিক্ষার্থীরা শহরে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। এতে তারা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় যে, পার্শ্ববর্তী উপজেলাগুলিতে সরকারি কলেজ থাকায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আর্থসামাজিকভাবে উন্নত হচ্ছে। অথচ কোম্পানীগঞ্জের শিক্ষার্থীরা এখনো পিছিয়ে আছে।

এ প্রেক্ষিতে অবিলম্বে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণ করে কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়জুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজওয়ান আহমেদ এবং প্রচার সম্পাদক সুরনঞ্জিত বিশ্বাস।

ডাকসুতে শিবিরের বিজয়ে অভিনন্দন পাকিস্তান জামায়াতের

0

আধুনিক ডেস্ক ::

ডাকসুতে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই অভিনন্দন জানায় পাকিস্তান জামায়াত। ইসলামী ছাত্রশিবির মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বিপুল জয় পায়।

বুধবার (১০ সেপ্টেম্বর) পাকিস্তান জামায়াতের অভিনন্দনবার্তায় বলা হয়, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পুরো প্যানেলে বিজয় অর্জনে ইসলামী ছাত্রশিবিরকে (ইসলামি জামিয়াতে তালাবা) প্রাণঢালা অভিনন্দন।’

পাকিস্তান জামায়াতের বিবৃতিতে বলা হয়, ‘এই সাফল্য বাংলাদেশে নির্মাণ ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা প্রমাণ করবে, জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবকদের ভূমিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে অগ্রসর হবে। ইনশা আল্লাহ।’

এর আগে এক্সেই শিবিরকে অভিনন্দন জানান পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান। পরে অবশ্য তাঁর সেই অভিনন্দনবার্তা মুছে ফেলা হয়। সেই বার্তায় নাইম উর রহমান লেখেন, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করেছে। পুরো প্যানেলই বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।’

এক্সে দেওয়া বার্তায় পাকিস্তান জামায়াতের আমির বলেন, ‘উল্লেখযোগ্য বিষয় হলো অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থী শক্তির সম্মিলিত সমর্থন পেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য ইসলামী ছাত্রশিবিরকে আন্তরিক অভিনন্দন জানাই। ইনশা আল্লাহ, এই বিজয় শুধু ছাত্র ও যুবসমাজের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেও সহায়ক ভূমিকা রাখবে এবং দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্তে নিয়ে যাবে।’

নাইম উর রহমান বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও এই কৃতিত্বের দাবিদার। কারণ, প্রতিকূলতা সত্ত্বেও তারা গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।’

রাজধানীর মোহাম্মদপুর ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

0

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন- হানিফ ও সবুজ। এছাড়া শরীফ ও জুয়েল নামে আরও দুই যুবক চিকিৎসাধীন আছেন।

‎পুলিশ জানায়, গনপিটুনিতে নিহত দুই জন সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা আছে। পাশাপাশি, একই ঘটনায় আরও দুইজন আহত আছেন। তারা পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরাও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

‎স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে কয়েকজন ছিনতাইকারী নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে দেশীয় ধারাল অস্ত্র নিয়ে ছিনতাই করে। এরপর ভোর ৪টায় দ্বিতীয় দফায় আবারও ছিনতাই করতে আসলে স্থানীয়রা ঘেরাও করে ৪ ছিনতাইকারীকে আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গণপিটুনিতে আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু ও ফয়সাল ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের অন্যতম প্রধান জনি ওরফে রক্তচোষা জনির ঘনিষ্ঠ বন্ধু। এরা এ এলাকায় প্রতিনিয়ত ছিনতাই করে। ছিনতাইকারীদের প্রতিনিয়ত এমন অত্যাচারে বাসিন্দা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে ছিনতাইকারীরা প্রকাশ্যে এমন কর্মকাণ্ড করলেও স্থানীয় পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর কয়েকদিনের মধ্যে জামিনে বের হয়ে এসেই আবারও প্রকাশ্যে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায়।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক জানান, এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে জুয়েল ও শরীফ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়াও, যারা গণপিটুনির ঘটনায় আহত ও নিহতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা আছে।

এর আগে সোমবার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মো. ইয়ামিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ফাহিম নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাহুবলে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

0

বাহুবল প্রতিনিধি ::
হবিগঞ্জের বাহুবলে চুরি-ডাকাতির ১৬ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জামাল মিয়া (৩৫) নোয়াগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিবলু মিয়া (১৯) নামের এক তরুণকে আটক করা হয়েছে। আটক শিবলু একই গ্রামের রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নোয়াগাঁওয়ের একটি ধানখেতে জামালের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালের সঙ্গে একটি পক্ষের পুরোনো বিরোধ ছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহতের বিরুদ্ধে বাহুবল থানাতেই ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে ১৬টি মামলা রয়েছে। দেশের অন্যান্য থানাতেও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।

তদন্তের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় প্রতিপক্ষের লোকজন জামালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ধানখেতে ফেলে যায়।

নিহতের স্ত্রী জানান, ভোররাতে দুই-তিনজন লোক ফোনে ডেকে আমার স্বামীকে বাড়ি থেকে নিয়ে যায়। সকালে আমরা বাড়ির পাশের ধানখেতে তার লাশ পড়ে থাকার খবর পাই।

ডাকসুতে শিবিরের বিশাল জয়

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এবং ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। ভিপি (সহসভাপতি) পদে শিবিরের নেতা মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। এরপর স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবদুল কাদের ১ হাজার ১০৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ৬৮ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে বিজয়ী ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারি হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এরপর প্রতিরোধ পর্ষদের প্রার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ৪ হাজার ৪৪ ভোট এবং বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।

এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে শিবিরের মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট, ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৫ হাজার ৬৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদাসসীর পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। আর প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট। এ ছাড়া মহিউদ্দিন রনি ১ হাজার ১৩৭, আশরেফা খাতুন ৯০০, আশিকুর রহমাস জিম ৭৯৬ ও হাসিব আল ইসলাম ৫২০ ভোট পেয়েছেন।

এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা (১০ হাজার ৬৩১ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার (৭ হাজার ৮৩৩ ভোট), আন্তর্জাতিক সম্পাদক খান জসিম (৯ হাজার ৭০৬ ভোট ), ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ (৯ হাজার ৬১ ভোট), ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন (৭ হাজার ২৫৫ ভোট), কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা (৯ হাজার ৯২০ ভোট), মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া (১১ হাজার ৭৪৭), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ (৭ হাজার ৩৮ ভোট) এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম (৯ হাজার ৩৪৪ ভোট) বিজয়ী হয়েছেন।

শিবিরের প্যানেলের বাইরে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী (৭ হাজার ৬০৮ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (৭ হাজার ৭৮২ ভোট) এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি (১১ হাজার ৭০৮ ভোট) বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না। বিভিন্ন আবাসিক হলে শিবির সন্দেহে মারধরের ঘটনা ঘটত প্রায়ই। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্রশিবির। প্রকাশ্যে আসার এক বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেল তারা।

ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী ফাতেমা তাসনিম জুমা। আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে
ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী ফাতেমা তাসনিম জুমা। আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনেছবি: জাহিদুল করিম
গত বছর শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য কার্যক্রম শুরু করার পর জানা যায়, নেপথ্যে থেকে জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন কর্মসূচি নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাদিক কায়েম। তিনি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সেটিও তখন সামনে আসে। এখন অবশ্য তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক।

গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ হয়। এর পর থেকে ভোটগণনার প্রক্রিয়া শুরু হয়। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু হয় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয় আজ বুধবার সকাল সাড়ে আটটায়।

তবে ডাকসু নির্বাচনের এই ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনা চলার মধ্যে গতকাল দিবাগত রাত সোয়া দুইটার পর এক ফেসবুক পোস্টে আবিদ লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এর ঘণ্টাখানেক পর এক ফেসবুক পোস্টে ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন উমামা ফাতেমা। তিনি লেখেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।’ ডাকসু নির্বাচনকে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন’ আখ্যায়িত করে উমামা ফাতেমা লেখেন, ‘৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’
ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। রাতে এক ফেবসুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।’ তিনি আরও লেখেন, ‘আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।’

এবার ডাকসু নির্বাচনে ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। স্বতন্ত্রভাবেও অনেকে নির্বাচন করেন। ডাকসুর ২৮ পদে সব মিলিয়ে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রার্থী হন ১ হাজার ৩৫ জন। গত ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। সবার প্রতিশ্রুতিতেই ক্যাম্পাসে আধিপত্য ও দখলদারির রাজনীতির বিলোপ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি ছিল।

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে স্থাপিত আটটি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রাথমিক হিসাবে ৭৮ শতাংশের বেশি ভোট পড়ে। গতকাল সকাল আটটা থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ছিল ভোটারদের দীর্ঘ সারি। অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের লাইনে ছাত্রীদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনাবাসিক শিক্ষার্থীদেরও বিপুল উৎসাহে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়।

অবশ্য গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্যানেলের ডাকসু নির্বাচনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করতে থাকেন। কেউ কেউ পরস্পরের বিরুদ্ধে প্রশাসনের পক্ষপাত থাকার অভিযোগও করেন।

ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নেন কয়েকটি প্যানেলের প্রার্থীরা। ছাত্রদলের ভিপি প্রার্থীর নেতৃত্বে উত্তেজনা শুরু হলেও পরে তাঁর সঙ্গে স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম যোগ দেন। তাঁরা অভিযোগ করেন, তাঁরা গণনা দেখতে ভেতরে যেতে চাইলেও প্রশাসন বাধা দিয়েছে।

আধা ঘণ্টার মতো টিএসসিতে অবস্থানের পর তাঁরা সিনেট ভবনের দিকে যান। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ভোট চোর, ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’ বলে স্লোগান দেন। এ ঘটনার সময় টিএসসি কেন্দ্রের সামনে থাকা এলইডি স্ক্রিন কিছু সময় বন্ধ থাকার পর রাত পৌনে আটটার দিকে আবার চালু হয়।

রাত আটটার দিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হয়। এরপর বিভিন্ন কেন্দ্রের সামনে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ভোট চোর’ বলে স্লোগান দেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের রাতে টিএসসিতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাত করেছে।

শান্তিপূর্ণভাবে এই নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। আজ সকালে ডাকসুর ফল ঘোষণার সময় তিনি বলেন, ‘এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি। যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে আমরা আশা রাখি।’

আফগানদের সামনে দাঁড়াতেই পারল না হংকং

0

স্পোর্টস ডেস্ক

বড় জয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আসরের উদ্বোধনী ম্যাচে তারা ৯৪ রানে হারিয়ে দিয়েছে দুর্বল হংকংকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে আফগানরা। জবাব দিতে নেমে ৯ উইকেটে ৯৪ রান তুলতে সমর্থ হয় আইসিসির সহযোগী সদস্য হংকং।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট দেখেই বোঝা যাচ্ছিল, এখানে স্পিনারদের খেলা বেশ কঠিন হবে। আর আফগান একাদশে রয়েছে রশিদ খানের নেতৃত্বে একঝাঁক দুরন্ত স্পিনার। তাই ১৮৮ রান তাড়া করার বদলে কুড়ি ওভার খেলাই যেন চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল হংকংয়ের জন্য। যদিও হংকংয়ের টপঅর্ডার স্পিনাররা বোলিংয়ে আসার আগেই গুটিয়ে যান।

ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার আনসি রাথ উইকেটকিপার গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আসেন। তবে এখানে দুর্ভাগা ছিলেন হংকং ওপেনার। টিভি রিপ্লেতে দেখা গেছে, ফজলহক ফারুকির বলটি রাথের ব্যাটে লাগেনি। দ্বিতীয় ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের লেগস্টাম্পে থাকা বল খেলতে গিয়ে নবির হাতে সহজ ক্যাচ দিয়ে আসেন। তৃতীয় ওভারে অভিজ্ঞ নিজাকত খান রানআউট হয়ে গেলে শুরুতেই চাপে পড়ে যায় হংকং। এক ওভার পর কাহান চাল্লুও রানআউট হয়ে যান। ২২ রানে ৪ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় হংকং। বাবর হায়াত ৪৩ বলে ৩৯ রান করলেও সেটি কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

টসে জিতে ব্যাট করতে নেমে আফগানদের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি। তৃতীয় ওভারেই ক্যাচ দিয়ে আসেন তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। পরের ওভারে ইব্রাহিম জাদরানও ক্যাচ দেন। তবে তৃতীয় উইকেটে ওপেনার সেদিকুল্লাহ অটল ও মোহাম্মদ নবি ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ এড়ান। নবির পর গুলবাদিন নাইব আউট হলে একশর আগেই ৪ উইকেট হারিয়ে বসে আফগানরা। অবশ্য এরপরই আফগানদের সবচেয়ে কার্যকর জুটিটি গড়ে ওঠে। সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাই পঞ্চম উইকেটে হংকংয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে ৮২ রান যোগ করেন। এর মধ্যে ছয় নম্বরে ব্যাট করতে নামা ওমরজাই ২১ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৩ রান করে বড় ভূমিকা রাখেন। ওপেনার অটল ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

মধ্যনগরে অবৈধ বালু উত্তোলনে ২৪ জন গ্রেফতার, ৪টি নৌকা ও ৬০০ ঘনফুট বালু জব্দ

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও প্রায় ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ হামিদুর রহমান, এএসআই মোঃ আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার রাতে মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর সাকিন ও বদাখালি নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি অনুমোদন ছাড়া ইজারাবিহীন ভাবে অবৈধ বালু উত্তোলনের অপরাধে অভিযুক্তদের আটক করা হয়। পরে উদ্ধারকৃত নৌকা ও বালু জব্দ করে থানায় আনা হয়।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।

স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ ধর্মপাশা ও মধ্যনগরবাসী

0

ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচি।

দুটি প্রকল্পের আওতায় সেপ্টেম্বর মাস থেকে দেশে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে। প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে দেশের ১৬৫টি উপজেলাসহ বান্দরবান ও কক্সবাজার জেলার সবগুলো উপজেলায় এই কর্মসূচি চালু হবে।

এ কর্মসূচির আওতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা এবং শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় যুক্ত হলেও সুনামগঞ্জের ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলা এ কর্মসূচি থেকে বাদ পড়েছে। এ নিয়ে দারিদ্র্য পীড়িত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসনের ভাষ্য, দারিদ্র্যসীমার নিচের এলাকাগুলোতে এ কর্মসূচি বাস্তবায়ন হবে। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র-২০২২-এর তথ্য অনুযায়ী, ধর্মপাশা ও মধ্যনগরের বাসিন্দারা তালিকার মাঝামাঝি অবস্থানে (২১ দশমিক ১৫ শতাংশ) থাকায় এ কর্মসূচিতে যুক্ত হয়নি।

তাদের দাবি, কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া জেলার অন্যান্য উপজেলার দারিদ্র্যতার হার কোনো ভাবেই ধর্মপাশা ও মধ্যনগরের চেয়ে বেশি হতে পারে না। এ কর্মসূচিতে অনেক ধনী উপজেলার নাম যুক্ত থাকলেও দারিদ্র্য পীড়িত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা বৈষম্যের শিকার হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের বাড়ি মধ্যনগরে। তার সুদৃষ্টি কামনা করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।

এর আগে ২০১০ সালে স্কুল ফিডিং কার্যক্রম চালু করে সরকার। গত বছরের জুন মাসের পর থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, স্কুল ফিডিং কার্যক্রম বন্ধের মারাত্মক প্রভাব পড়েছে দূর্গম হাওরবেষ্টিত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায়। উপজেলার প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা না হলে পুরো সময়ে শিক্ষার্থী ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করছেন শিক্ষকরা।

শিশু স্কুলে যেতে না চাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ওই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা। তাদের মতে, স্কুল ফিডিং কার্যক্রম শুরু না হলে এত সমস্যা হতো না। কিন্তু শুরু করে আবার বন্ধ হওয়ায় স্কুলগামী শিশুদের কোমল মনে এর নেতিবাচক প্রভাব পড়েছে। বেশিরভাগ শিশু বিস্কুট ছাড়া স্কুলে যেতে চায় না।

মধ্যনগর উপজেলার কাকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমূল গনী তালুকদার বলেন, মধ্যনগর উপজেলার বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ভৌগোলিক কারণে অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে শিশুদের শুদের স্কুলমুখী করা কষ্টসাধ্য। এর মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিদ্যালয়ে উপস্থিতির হার কমে গেছে।

ধর্মপাশা উপজেলার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, আমরা আগে বিদ্যালয়ে এলে টিফিনে আমাদের বিস্কুট দেয়া হতো। কিন্তু বর্তমানে আমরা এখন আর বিস্কুট পাচ্ছি না। যার ফলে আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না।

মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায় বলেন, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে কথা বলেছেন। উপদেষ্টা তাকে জানিয়েছেন, প্রকল্পটি দারিদ্র্যসীমার নিচের এলাকা গুলোতে চলবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ধর্মপাশা ও মধ্যনগর এই শর্তের বাইরে থাকায় এ প্রকল্প থেকে বাদ পড়েছে।

পূবালী ব্যাংকের অর্থায়নে শাবিতে ৩৩২০টি বৃক্ষরোপণ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পূবালী ব্যাংক পিএলসি’র পাঠানটুলা শাখার অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার তত্ত্বাবধানে ৩হাজার ৩শত ২০ টি ফুলজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বৃক্ষরোপণ শেষে অর্জুনতলায় তিন দিনব্যাপী পূবালী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইনের বুথ উদ্বোধন করেন উপাচার্য । পরে তাঁর কার্যালয়ে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় ব্যাংকের বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস প্রদানের আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন লাইফ সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, প্রক্টর মোঃ মোখলেসুর রহমান, এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবুল হাসনাত, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহ. মিজানুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, আ ফ ম মিফতাউল হক প্রমুখ।
অন্যদিকে পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস সিলেট শাখার মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পূর্ব) ফজলুল কবীর চৌধুরী, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পশ্চিম) মো: রুহুল আমীন, সিলেট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রদ্যোত কান্তি দাশ, স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক ফসীহ উদ্দিন মো: মাহতাব, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও পাঠানটুলা শাখার মহাব্যবস্থাপক উত্তম চন্দ্র দাস, টুকেরবাজার শাখার ব্যবস্থাপক মোঃ শহীদুল হক প্রমুখ।