ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও প্রায় ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ হামিদুর রহমান, এএসআই মোঃ আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার রাতে মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর সাকিন ও বদাখালি নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি অনুমোদন ছাড়া ইজারাবিহীন ভাবে অবৈধ বালু উত্তোলনের অপরাধে অভিযুক্তদের আটক করা হয়। পরে উদ্ধারকৃত নৌকা ও বালু জব্দ করে থানায় আনা হয়।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান বলেন,অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।


