Home Blog Page 128

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

0

আধুনিক ডেস্ক ::

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। নেপালের প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করে। পরে রাতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ৭৩ বছর বয়সী সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। এই পদে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতার’ জন্য আলোচিত ছিলেন তিনি।

৭৩ বছর বয়সী সুশীলা হিমালয় কন্যাখ্যাত দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। দেশটির প্রথম প্রধান নারী বিচারপতিও ছিলেন তিনি। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রায় এক বছর তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

জাকসু নির্বাচন কমিশন থেকে এক সদস্যের পদত্যাগ

0

আধুনিক ডেস্ক ::

জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে মাফরুহী সাত্তার এ ঘোষণা দেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। তবে সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের শেষভাগেও (ফল ঘোষণা) করা হতে পারে।

জৈন্তাপুরের এম আহমেদ পাবলিক হাই স্কুলে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষায় পদক্ষেপের দাবিতে স্মারকলিপি প্রদান

0

আধুনিক ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলার এম আহমেদ পাবলিক হাই স্কুলের শিক্ষার গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

গত ১০ সেপ্টেম্বর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে-
১. বিদ্যালয়ে প্রায় ১০ বছর ধরে শিক্ষকদের ফলাফল বিপর্যয়।
২. উদ্বেগজনক হারে ছাত্র-ছাত্রীর সংখ্যা হ্রাস পাওয়া। ৩. বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা অধঃপতন। ৪. ছাত্রীদের নিরাপত্তার অভাব।
৫. সন্ধ্যার পর বখাটেদের আনাগোনা ও মাদক সেবন। ৬. পর্যাপ্ত শিক্ষক সংকট।

স্মারকলিপিতে বলা হয়, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সুশীল সমাজের উদ্যোগে আলোচনা করে দেখা গেছে যে, বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমেই নিম্নমুখী হচ্ছে। শিক্ষক সংকট, অযোগ্য ও দায়িত্বহীন শিক্ষকদের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ হারিয়ে যাচ্ছে। ফলে অনেকেই পাশের বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।

এছাড়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের মাঠে সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ ও মাদকাসক্তদের আসর বসে। এতে শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষকরা কোচিং ব্যবসায় বেশি মনোযোগী হওয়ায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়। বিদ্যালয়ে দ্রুত নতুন যোগ্য শিক্ষক নিয়োগ দিতে দেওয়া, শিক্ষকদের অনিয়ম বন্ধ করে পাঠদানে মনোযোগী করা, বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের কঠোর নজরদারি।

স্মারকলিপিটি গ্রহণ করে উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘ভোটের দিন রাত ১১টার মধ্যে রেজাল্ট হলে সহকর্মীর মৃত্যু দেখতে হতো না’

0

আধুনিক ডেস্ক ::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেই শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভোটের দায়িত্বে থাকা অপর এক শিক্ষক। নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার এই মৃত্যুর ঘটনার সঠিক বিচারের পাশাপাশি জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সুলতানা আক্তার। তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের কারণে নির্বাচনের সঙ্গে যুক্ত অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন তিনি। যেভাবে ভোট গণনা হচ্ছে, তাতে তিন দিনেও শেষ হবে না বলে মনে করছেন এই শিক্ষক।

সুলতানা আক্তার বলেন, ‘সহকর্মীর মৃত্যুতে আমরা সবাই ব্যথিত ও ক্ষুব্ধ। ভোট সুষ্ঠুভাবে করতে আমরা শতভাগ চেষ্টা করেছি। আমার কেন্দ্রে শতভাগ সুষ্ঠুভাবে ভোট নিয়েছি। সেখানে কোনো অনিয়ম হয়নি। আমাদের কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে করতে অমানুষিক পরিশ্রম করেছি।’

সংবাদ সম্মেলনে সুলতানা আক্তার বলেন, ‘আমাদের মতবিনিময় সভায় জানানো হয়েছিল, মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। আমরা শুধু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করে সিনেট ভবনে দেব (ব্যালট বাক্স)। নির্বাচন কমিশনের সদস্যসচিব জানিয়েছিলেন, সিনেট ভবনে ভোট গণনা হবে। তখন আমি প্রশ্ন করেছিলাম, কেন সিনেট ভবনে হবে? তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তাহলে কেন আমরা হলগুলোতে গণনা করব না? তখন বলা হয়েছিল, মেশিনের মাধ্যমে গণনা করা হবে। এতে সবার কষ্ট কমবে। আমরা সেটি মেনে নিয়েছিলাম এবং সেটিই করা হবে বলে জানতাম।’

ভোট গ্রহণের সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হল প্রাধ্যক্ষের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে (হাতে গোনা) ভোট গণনা করার কথা জানতে পারেন বলে জানান অধ্যাপক সুলতানা আক্তার। তখনই জানানো হয় সিনেট হলে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের উপস্থিত থাকতে হবে।

সুলতানা আক্তার বলেন, ‘যদি ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা করা হয়, তবে ম্যানুয়াল পদ্ধতিতে হলেই যদি ভোট গণনা করা হতো তবে দেখা যেত রাত ১০টার মধ্যে বিভিন্ন হলের রেজাল্ট হয়ে যেত। এবং আমরা রেজাল্ট নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এবং রাত ১১টার মধ্যেই রেজাল্ট দেওয়া যেত। (বৃহস্পতিবার) রাত ১১টার মধ্যে রেজাল্ট হলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। কারণ, তিনি সারা দিন অমানুষিক পরিশ্রম করার পর বিশ্রাম নিতে গিয়েছেন, তাঁকেও তো বলা হয়েছে আবার ভোট গণনার জন্য তাঁকে সিনেট ভবনে আসতে হবে। তিনি হয়তো এ কারণে স্ট্রেস (মানসিক চাপ) নিয়ে ঘুমাতে পারেননি।’

ভোট গণনা পদ্ধতির পরিবর্তন দাবি করে এই অধ্যাপক আরও বলেন, ‘হল সংসদে একটিমাত্র ব্যালট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে; কিন্তু জাকসুতে তিনটা করে। অর্থাৎ যদি ৮ হাজার ভোট কাস্ট হয়ে থাকে তবে ২৪ হাজার গুনতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। তাহলে এটা কীভাবে সম্ভব, তিন দিনেও তো এটা সম্ভব হবে না।’

দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

জাকসু কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাকসুতে এবার পূর্ণ ও আংশিকসহ আটটি প্যানেল হয়েছিল। এর মধ্যে ছাত্রদলের প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ (২৫ পদে ৫ প্রার্থী), স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ (৮ প্রার্থী) এবং ছাত্র ফ্রন্টের একাংশের একটি প্যানেল (৩ প্রার্থী) ভোট বর্জন করেছেন। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জন করেছেন।

অবশ্য ভোটে ছিল ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ জিতুর নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন।

জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই তা পেছানো হবে না। এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরের নাকোল ইউনিয়নের মাঝাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনসহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না।

জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

0

স্পোর্টস ডেস্ক ::

টি-২০’র যুগে নিঁখাদ ব্যাটিং উইকেটে ১৪৪ রান বড় টার্গেট নয়। যদিও বাংলাদেশের মতো দলের বিপক্ষে হংকং-এর ৭ উইকেটের ওই পুঁজি ভালোই বলতে হবে। জবাব দিতে নেমে বাংলাদেশ ৫.৪ ওভারে ৪৭ রানে ২ উইকেট হারাতেই সতর্ক হয়ে যায় টাইগাররা। উইকেট বাঁচিয়ে সহজে জয়ের পথে হেঁটে ১৪ বল থাকতে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে লিটন দাসের দল।

আবু ধাবিতে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। জবাবে নেমে টাইগার ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম দলের ৪৭ রানে ফেরেন। ইমন দুই চার ও এক ছক্কায় ১৪ বলে ১৯ এবং তানজিম ১৮ বলে ১৪ রান করে ফিরে যান।

অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে লিটন দাস ও তাওহীদ হৃদয় উইকেট বাঁচিয়ে ব্যাটিং শুরু করেন। শতকে পৌঁছাতে তাদের ১৩ ওভার লাগে। এরপর লিটন কিছুটা হাত খুলে খেলে ফিফটির তুলে নেন। দলও সহজ জয় পায়। তবে জয় হতে দুই রান দূরে থাকতে ৩৯ বলে ৫৯ রান করে আউট হন তিনি। তার ব্যাট থেকে ছয়টি চার ও একটি ছক্কা আসে।

অধিনায়ক লিটনের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন হৃদয়। তিনি খেলেন ৩৬ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস। একটি চারের শট মারেন ডানহাতি এই ব্যাটার।

এর আগে হংকং ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারে ৩০ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে ৪১ রানের জুটি দেন ওপেনার জিসান আলী ও চারে নামা নিজাকাত খান। জিসান ৩৪ বলে ৩০ রান করেন। নিজাকাত দলের পক্ষে সর্বাধিক ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক ইয়াসিম মর্তুজা ১৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন।

বল হাতে তাসকিন ও তানজিম দুটি করে উইকেট নিলেও ৪ ওভার করে বল করে যথাক্রমে ৩৮ ও ২১ রান খরচ করেন। লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। মুস্তাফিজ উইকেট পাননি। ৪ ওভারে দেন ২২ রান। শেখ মাহেদীর ৪ ওভার থেকে আসে ২৮ রান।

হংকং-এর বিপক্ষে বাংলাদেশের মতো জয় পেয়েছে আফগানিস্তানও। তবে রশিদ খানের দল নেট রান রেট লিটনদের চেয়ে তিনগুন বাড়িয়ে নিয়েছে। আইসিসির সহযোগী সদস্য দেশকে হারিয়ে আফগানরা দুই পয়েন্টের সঙ্গে +৪.৭০০ নেট রান তুলেছে। যেখানে বাংলাদেশের নেট রান রেট মাত্র +১.০০১। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের গ্রুপে থাকা বাংলাদেশের জন্য এই নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় মাদক ব্যবসায়ীদের হুমকির মুখে পড়েছেন সাংবাদিক আলী হোসেন।

আলী হোসেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্যের দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দৈনিক একাত্তরের কথা পত্রিকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে “মাদক সাম্রাজ্যের দুর্ভেদ্য কোম্পানীগঞ্জ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

সংবাদ প্রকাশের জেরে একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার লামাগ্রামের মোহাম্মদ আলী (৪৫) ও তার ছেলে অলিউর রহমান (২৩) তার বাড়িতে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তারা হুমকি দিয়ে বলেন, মাদকবিষয়ক কোনো সংবাদ বা ভিডিও প্রকাশ করলে তাকে হাত কেটে ফেলা হবে।

এসময় স্থানীয় গিয়াস উদ্দিন, রুকেয়া বেগম ও ফয়ছল আহমদসহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা প্রত্যক্ষ করেন।

সাংবাদিক আলী হোসেনের দাবি, এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় তিনি কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আজকে একটি জিডি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা (আইও) বলে দেব। তবে শুক্রবার ও শনিবার আদালত বন্ধ থাকায় রবিবার কোর্টের অনুমতি নিয়ে জিডি তদন্তের প্রক্রিয়া শুরু হবে।”

নেপালে জেনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

0

আধুনিক ডেস্ক ::
নেপালে জেনারেশন জেড বিক্ষোভের সময় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে, পাশাপাশি আহত হয়েছে ১,৩৬৮ জন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে অধিকাংশকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস।

মন্ত্রণালয়ের মুখপাত্র ডঃ প্রকাশ বুধাথোকি জানান, আহতদের মধ্যে অধিকাংশকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৯৪৯ জন রোগী হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন।

হাসপাতালে মৃতের মধ্যে ন্যাশনাল ট্রমা সেন্টারে ৮ জন, সিভিল সার্ভিস হাসপাতালে ৬ জন, ভেরি হাসপাতালে ৫ জন, ফ্রন্টলাইন ও এভারেস্ট হাসপাতালে ৩ জন করে, বি পি কৈরালা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এবং কাঠমান্ডু মেডিকেল কলেজে ২ জন করে, বায়োদা হাসপাতালে ২ জন, ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল, বি অ্যান্ড সি হাসপাতাল বীরতমোড ও বীরতা সিটি হাসপাতালে ১ জন করে নিহত হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন আহতদের মধ্যে ট্রমা সেন্টারে ৫৮ জন, সিভিল সার্ভিস হাসপাতালে ৪৮ জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে ৩৫ জন, ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে ২৫ জন এবং বীরেন্দ্র মিলিটারি হাসপাতালে ২৬ জন রয়েছেন। প্রাদেশিক প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলি হাসপাতালে অবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় চালিয়ে যাচ্ছেন, যেহেতু দেশজুড়ে কিছু অঞ্চলে বিক্ষোভ এখনো চলমান রয়েছে।

নেপালের জেনজি বিক্ষোভ মূলত যুব সমাজের রাজনৈতিক ও সামাজিক ক্ষোভের প্রতিফলন। এই আন্দোলন বেশির ভাগই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছে এবং এতে অংশগ্রহণকারী তরুণরা সরকারি দুর্নীতি, সামাজিক অন্যায় এবং নাগরিক অধিকার হরণসহ বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করছে।

পুনর্নির্বাচনের দাবি, ভোট বর্জন করা প্যানেলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাবে ছাত্রদল

0

আধুনিক ডেস্ক ::
নতুন করে তফসিল দিয়ে আবার জাকসু নির্বাচনের দাবি জানিয়ে মিছিল করেছে জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নতুন কলা ভবন সংলগ্ন কবির সরণি থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাদী, এজিএস প্রার্থী সাজ্জাদ। ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এ মিছিল নিয়ে ট্রান্সপোর্ট চত্বর হয়ে চৌরঙ্গী গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মিছিলে তারা ‘প্রহসনের নির্বাচন মানি না’, ‘প্রহসনের জাকসু মানব না’, জাকসু বয়কট’ ইত্যাদি স্লোগান দেন। ট্রান্সপোর্টে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ছাত্রদল সর্বপ্রথম জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। আমরা বিশ্বাস করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু দুঃখের বিষয় তারা প্রথম থেকেই তা করেনি। আজ সকালে যখন আমাদের পোলিং এজেন্টরা হলে হলে যায় তখন তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।

তিনি আরও বলেন, ভোট নিয়ে অনিয়ম ও কারসাজি হয়েছে। জাহানার ইমাম হল, বঙ্গমাতা হলসহ অনেক হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল ও ভুয়া ভোট দেওয়া হয়েছে। প্রশাসনের রিটার্নিং কর্মকর্তার প্রত্যক্ষ মদদে ভোট জালিয়াতি করা হয়েছে। ছাত্রশিবিরের কাছে অতিরিক্ত ব্যালট দিয়ে ভুয়া ভোট দেওয়ানো হয়েছে। ছাত্রী সংস্থাকে দিয়ে কারচুপি করানো হয়েছে।

ছাত্রদলের এই নেতা বলেন, ‘অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।’

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদল মনোনীত প্যানেল এক সংবাদ সম্মেলনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে জাকসু নির্বাচন বয়কট করে। এরপর, আরও অন্তত তিন প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদার, জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প

0

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রাচীনতম বাণিজ্যকেন্দ্র জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প বা পুলিশ বক্স নির্মাণের কাজ শুরু করে‌ছে হাইওয়ে পুলিশ ।

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধ, যান চলাচল স্বাভাবিক রাখা, যাত্রী ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কের উভয়পাশ সরকারি সম্পত্তি জবরদখল মুক্ত রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেন।

গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মোঃ রেজাউল করিম ক্যাম্পের নির্মাণস্থল পরিদর্শন করেন। এসময় তাঁকে স্বাগত জানান জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

তি‌নি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইওয়ে পুলিশের (এসপি) মোঃ রেজাউল করিম বলেন, গত কয়েকদিন ধরে জেলা ও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে সিলেট-সুনামগঞ্জ ৪৭ কিলোমিটার আঞ্চলিক মহা সড়কের উভয়পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। কিন্তু আইন না মানার প্রবণতার কারণে কিছু মানুষ আবারও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা গড়ে তোলে চায়। একটি থানার পক্ষে এত দীর্ঘ সড়কে সার্বক্ষণিক নজরদারি কঠিন হওয়ায় জাউয়াবাজারে অস্থায়ী ক্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমি যেহেতু সড়ক ও জনপথ বিভাগের অধীনে, তাই টিনশেড আকারে ছোট পরিসরে অস্থায়ী পুলিশ বক্স নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ ও ভূমির ব্যবস্থা হলে স্থায়ী ক্যাম্প নির্মাণ করা হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের বিশ্রামের সুযোগ তৈরি করাও এই উদ্যোগের একটি লক্ষ্য। এসপি রেজাউল করিম আরও বলেন, জাউয়াবাজারসহ মহাসড়ক-সংলগ্ন প্রতিটি বাজারকে শৃঙ্খলার মধ্যে রাখতে হাইওয়ে পুলিশ অব্যাহত নজরদারি চালাবে। এ জন্য বাজার পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও কমিউনিটি পুলিশ মিলে সুন্দর সমন্বিত কমিটি গঠনের আশ্বাস দেন তিনি।

স্থানীয় জাউয়াবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক শোয়েব আহমদসহ জনপ্রতিনিধিরা হাইওয়ে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, পরিবহন শ্রমিকরা যেন চলমান রাস্তায় গাড়ি পার্কিং না করে, সে বিষয়ে নজর দিতে হবে। একই সঙ্গে যাত্রী ও পথচারীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি। তারা আশা প্রকাশ করেন, জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প চালু হলে টহল কার্যক্রম জোরদার হবে, দুর্ঘটনা কমবে এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে।