কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় মাদক ব্যবসায়ীদের হুমকির মুখে পড়েছেন সাংবাদিক আলী হোসেন।
আলী হোসেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্যের দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দৈনিক একাত্তরের কথা পত্রিকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে “মাদক সাম্রাজ্যের দুর্ভেদ্য কোম্পানীগঞ্জ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি।
সংবাদ প্রকাশের জেরে একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার লামাগ্রামের মোহাম্মদ আলী (৪৫) ও তার ছেলে অলিউর রহমান (২৩) তার বাড়িতে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তারা হুমকি দিয়ে বলেন, মাদকবিষয়ক কোনো সংবাদ বা ভিডিও প্রকাশ করলে তাকে হাত কেটে ফেলা হবে।
এসময় স্থানীয় গিয়াস উদ্দিন, রুকেয়া বেগম ও ফয়ছল আহমদসহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা প্রত্যক্ষ করেন।
সাংবাদিক আলী হোসেনের দাবি, এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় তিনি কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আজকে একটি জিডি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা (আইও) বলে দেব। তবে শুক্রবার ও শনিবার আদালত বন্ধ থাকায় রবিবার কোর্টের অনুমতি নিয়ে জিডি তদন্তের প্রক্রিয়া শুরু হবে।”


