Home Blog Page 127

সিলেটে পাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে পাথর লুটকাণ্ডে পদ হারানো আলোচিত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍‍্যাব-৯।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হলে নাম উঠে আসে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনে। এর প্রেক্ষিতে তার সকল পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার কাছে হেরে বিপদে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ::

শিরোপা তো দূরের কথা এখন সুপার ফোরে উঠাটাই স্বপ্ন হয়ে গেছে বাংলাদেশের জন্য। এশিয়া কাপে সুপার ফোরে খেলার লক্ষ্যটাও হাত ফসকে বেরিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে এখন। ৩২ বল হাতে রেখে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় হার সে লক্ষ্যের পথ আগলে দাঁড়িয়েছে বাংলাদেশের।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনিংস শুরু হয়েছিল দুঃস্বপ্ন দিয়ে। প্রথম দুই ওভারে কোনো রান তুলতে পারেনি দল, হারিয়েছে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। এরপর আবার রানআউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। ৩৮ রানে মেহেদী হাসান ফিরলে আরও বিপদে পড়ে দল। অধিনায়ক লিটন দাস কিছুটা আশা জাগালেও ২৮ রান করে আউট হলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়ে লড়াইয়ে ফেরান শামীম হোসেন ও জাকের আলী। দুজন মিলে অবিচ্ছিন্ন ৮৬ রান তোলেন। শামীম ৩৪ বলে ৪২ ও জাকের ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ১৩৯/৫-এ। লঙ্কান বোলারদের মধ্যে হাসারাঙ্গা নিয়েছেন ২ উইকেট।

জবাবে শ্রীলঙ্কা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। যদিও কুশল মেন্ডিস দ্রুত ফেরেন, তবে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৯৫ রানের জুটিতে জয়টা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। মিশারা করেন ৩৪ বলে ৪৪ রান। নিশাঙ্কা ৩৪ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন।

শেষ দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত বিদায় নিলেও জয় পেতে আর সমস্যা হয়নি লঙ্কানদের। ১৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা।

এই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার লক্ষ্যে লেগে গেছে বিশাল এক ধাক্কা!

সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

0

চলে গেলেন লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না–ফেরার দেশে।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই-উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল বেশি। দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাঁকে।

শৈশবে যখন মাগুরায় ছিলেন, তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতের হাতেখড়ি হয়। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি। নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল, তারপর আর থেমে থাকেননি।

শুরুতে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। এ প্রসঙ্গে ফরিদা পারভীন বলেছিলেন, ‘নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এটা ঘটে। কুষ্টিয়ায় স্থানীয় এক হোমিও চিকিৎসক আমার গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন। কিন্তু কেন জানি, তিনি আমার কণ্ঠে লালনগীতি শুনতে চাইতেন। তাঁর মনে হতো, লালনের গান আমার কণ্ঠে বেশি ভালো লাগবে। তাই হঠাৎ করেই আমাকে একদিন লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন। কিন্তু শুরুতে লালনের গান গাইতে চাইনি। আমার এই অনীহা দেখে বাবা আমাকে অনেক বুঝিয়ে গান শেখার জন্য রাজি করান। বলেন, “ভালো না লাগলে গাইবি না।” এই শর্তে রাজি হই এবং লালনসংগীতের পুরোধা ব্যক্তিত্ব মকছেদ আলী সাঁইয়ের কাছে তালিম নেওয়া শুরু করি। “সত্য বল সুপথে চল ওরে আমার মন”, লালনের বিখ্যাত গানটি শিখি। একই বছর দোলপূর্ণিমা উৎসবে গানটি গাইলে শ্রোতারা আমাকে লালনের আরও একটি গান গাইতে অনুরোধ করেন। তখন আমি গান গাইতে অসম্মতি জানাই। শ্রোতাদের বলি, “আমি একটি গান গাইতে শিখেছি। এটাই ভালোভাবে গাইতে চাই।” এ গানই আমার নতুন পথের দিশা হয়েছিল। এরপর ধীরে ধীরে বুঝতে শিখি, কী আছে লালনের গানে। তাঁর গানে মিশে থাকা আধ্যাত্মিক কথা ও দর্শন আমাকে ভাবিয়ে তোলে। এ পর্যায়ে অনুভব করি, লালন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে অনবদ্য এক স্রষ্টা হয়ে উঠেছেন। এটা বোঝার পর লালনের গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না।’

৫৫ বছরের সংগীতজীবনে ফরিদা পারভীনের অনেক স্মরণীয় স্মৃতি আছে। সে রকম একটি ঘটনার কথা এভাবেই বলেছিলেন, ‘১৯৭৩ সাল। বিভিন্ন আখড়া থেকে বাউলশিল্পীদের ঢাকায় এনে লালনের গান রেকর্ডের পরিকল্পনা করেন ওস্তাদ মকছেদ আলী সাঁই। তিনি তৎকালীন রেডিওর ট্রান্সক্রিপশনে কর্মরত ছিলেন। তাঁর আমন্ত্রণে ঢাকায় রেডিওতে আসি। এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন আবদুল হামিদ চৌধুরী, কমল দাশগুপ্ত, সমর দাস, কাদের জমিলির মতো বিশিষ্ট সংগীতজ্ঞেরা। খুব ভয় হয়েছিল। তাঁদের সামনে আমাকে গাইতে হলো। ১৫ মিনিটের একক সংগীতানুষ্ঠান করে তাঁদের প্রশংসা পেয়েছিলাম। এটিই আমার অন্যতম স্মরণীয় স্মৃতি।’
ফরিদা পারভীন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে বসে লালনসংগীতের চর্চা করেছেন। নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভীন ছোটবেলায় ছিলেন চঞ্চল প্রকৃতির। প্রায় সারাক্ষণ তিনি দৌড়ঝাঁপ আর খেলাধুলা করে বেড়াতেন। তাঁর দাদা ও নানার বাড়ির মাঝখানে ছিল একটি নদ। আত্রাইয়ের সেই শাখা নদের নাম ছিল গুর। ওই নদ পার হয়ে অধিকাংশ দিন তরুণী ফরিদা দাদার বাড়ি থেকে নানার বাড়ি যেতেন। নানার বাড়ির পাশে ছিল বিরাট একটা বিল। ছোটবেলায় খেলার সঙ্গী মামাতো ভাই–বোনদের সঙ্গে মিলে শাপলা তুলতে যেতেন সেই বিলে।
ছোটবেলা থেকেই ফরিদা পারভীনের ভালো লাগত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। তখন তিনি বুঝতেনও না যে তিনিই সন্ধ্যা মুখোপাধ্যায়। কিন্তু রেডিও ছেড়ে দিয়ে তাঁর গান শুনতেন। ফরিদা পারভীনের বেড়ে ওঠাটা একেবারে নিরবচ্ছিন্নভাবে গ্রামে নয়। কারণ, তাঁর বাবা মেডিকেলে চাকরি করতেন আর তাঁর চাকরির বদলির সুবাদে বিভিন্ন সময়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ফরিদাকেও বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। এ কারণে ফরিদার বেড়ে ওঠাতে বিভিন্ন জায়গার ছাপ পড়েছে। ফরিদা পারভীনের স্কুলজীবন কেটেছে বিভিন্ন শহরে। তবে তাঁর স্কুলজীবনের শুরুটা মাগুরায়। একাধিক স্কুলে পড়াশোনা শেষে তিনি কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন।
ফরিদা পারভীনের গানের হাতেখড়ি মাগুরা জেলায়। সেটা ১৯৫৭-৫৮ সালের কথা, তখন তিনি মাত্র চার-পাঁচ বছরের মেয়ে। সে সময় মাগুরায় তাঁকে গানে হাতেখড়ি দিয়েছিলেন ওস্তাদ কমল চক্রবর্তী। এরপর যেখানেই তিনি থেকেছেন, সেখানেই বিভিন্নজনের কাছে গানের তালিম নিয়েছেন। স্বরলিপি দিয়ে নজরুলের গান হারমোনিয়ামে ও কণ্ঠে তোলার কাজটি তিনি ওস্তাদ মীর মোজাফফর আলীর কাছেই প্রথম শেখেন। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুলসংগীতশিল্পী নির্বাচিত হন। বাংলাদেশ স্বাধীনের পর লালন সাঁইজির গানের সঙ্গে ফরিদার পারভীনের যোগাযোগ, তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন। সেখানে তাঁদের পারিবারিক বন্ধু ছিলেন মোকছেদ আলী সাঁই। ১৯৭৩ সালে ফরিদা পারভীন তাঁর কাছেই ‘সত্য বল সুপথে চল’ গান শেখার মাধ্যমে লালন সাঁইজির গানের তালিম নেন। মোকছেদ আলী সাঁইয়ের মৃত্যুর পর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছে লালনসংগীতের তালিম নেন।

স্বাধীনতার পর ফরিদা পারভীন ঢাকায় চলে আসেন। তাঁর গাওয়া গান দিয়ে ট্রান্সক্রিপশন সার্ভিস শুরু হলো। মোকছেদ আলী সাঁই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন। তিনি ফরিদা পারভীনকে ঢাকায় কিছু লালনের গান গাইতে বলেন। তাঁর অনুরোধে তিনি তখন ‘খাঁচার ভিতর’, ‘বাড়ির কাছে আরশি নগর’ গানগুলো গাইলেন। তখন তিনি কুষ্টিয়া থেকে এসে মোকছেদ আলী সাঁইয়ের কাছে লালনের গান শিখে ট্রান্সক্রিপশনে রেকর্ডিং করতে থাকেন। ফরিদা পারভীনের প্রথম স্বামী প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী আবু জাফর। তাঁর সেই সংসারে রয়েছে তিন ছেলে ও এক মেয়ে; জিহান ফারিয়া, ইমাম নিমেরি উপল, ইমাম নাহিল সুমন ও ইমাম নোমানি রাব্বি।
লালন সাঁইজির গানের বাণী ও সুরকে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান সর্বজনস্বীকৃত। শুধু বাংলাদেশে নয়, বিশ্বদরবারেও তিনি লালন সাঁইয়ের বাণী ও সুরকে প্রচারের কাজে নিয়েজিত ছিলেন। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও বহু দেশে লালনসংগীত পরিবেশন করেছেন। লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন। এর বাইরে ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। লালনশিল্পী হিসেবেই সুপরিচিত হন, তাঁর কণ্ঠে বেশ কটি আধুনিক ও দেশের গান জনপ্রিয় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’ ইত্যাদি।

লাউয়াছড়া বনে মিনি মার্কেট! বিঘ্নিত হচ্ছে বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশ

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

সাপ্তাহিক ছুটি কিংবা উৎসবের সময়ে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেকর্ড সংখ্যক পর্যটকের ঢল নামে। লাউয়াছড়া বনের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী দেখতে মূলত পর্যটকরা এখানে ভিড় করেন। তবে পর্যটকদের সুবিধার জন্য এই বনে মিনি মার্কেটসহ নানা স্থাপনা গড়ে উঠছে। এতে বন্যপ্রাণির অবাধ বিচরনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। যানবাহনের হুড়োহুড়ি, গাছ চুরি, বনবিভাগের স্বল্প সংখ্যক লোকবল, শুষ্ক মৌসুমে প্রাকৃতিক পানি, খাবার ও নিরাপদ বাসস্থান সংকট সব মিলিয়ে উদ্যানের জীববৈচিত্র্য ও প্রকৃতি সুরক্ষা নিয়ে পরিবেশকর্মীসহ অনেকেই উৎকন্ঠিত।

অনুসন্ধানে জানা যায়, বন্যপ্রাণী অভয়ারন্য এলাকা এক টুকরো লাউয়াছড়া বন। এই বনের মাঝদিয়ে রেলপথ, সড়কপথ ও বিদ্যুৎ লাইন। এছাড়াও গ্যাস ফিল্ড, গ্যাস লাইন বয়েছে। ১৯৯৬ সালে ১২৫০ হেক্টর আয়তনের লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণার পর থেকে এখানে পর্যটকদের সমাগম বাড়ছেই। বনকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে রেস্টহাউস, স্টুডেন্ট ডরমিটরি, প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

অন্যদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাঁ ঘেষে আশপাশ বনজঙ্গল ও টিলার মাটি কেটে স্থাপিত হচ্ছে বাহারি নমুনার রিসোর্ট, কর্টেজ। এসব রিসোর্ট, কটেজে চলছে বাণিজ্যিক কার্যক্রম। এতে বনে সহজে প্রবেশে পর্যটকদের জন্য সুবিধা বয়ে আনছে। ফলে বনের ভেতরে দল বেঁধে মানুষের অবাধ বিচরন বৃদ্ধি পাচ্ছে এবং বন্যপ্রাণীর জন্য খাবার সংগ্রহ ও বিচরনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব বিভিন্ন কর্মকান্ডে বন্যপ্রাণীর খাবার ও আবাসস্থল বিনষ্ট হচ্ছে। যে কারণে খাবারের সন্ধানে জঙ্গলের দূর্লভ প্রাণীগুলো জনপদে ছুটে এসে অধিকাংশ ক্ষেত্রে মানুষের হাতে ধরা পড়ে অথবা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে।
এছাড়াও জাতীয় উদ্যানের ভেতর যানবাহনের শব্দ, অত্যধিক পর্যটক ও যানবাহনের হুড়োহুড়ি বনাঞ্চলসহ ন্যাশনাল পার্কে অবস্থানরত জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে।

প্রতিনিয়ত অত্যধিক পরিমাণে পর্যটকের আগমন, হাল্লা-চিৎকার ও যানবাহনের হুড়োহুড়ি জাতীয় উদ্যানের শান্ত নিবিড় পরিবেশকে অতিষ্ঠ করে তুলছে। পাশাপাশি বনের গাছগাছালিও চুরি হচ্ছে। হরিণসহ বন্যপ্রাণী শিকারও বন্ধ হচ্ছে না। জ্বালানি কাঠের সুবাদে অনেক গাছ বিলীন হচ্ছে। ফলে বনের ঘন বনজঙ্গল ফাঁকা হয়ে পড়ছে। বনে ব্যবসা প্রতিষ্ঠানের বদৌলতে যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিনেও ভরপুর হয়ে উঠছে। এ অবস্থায় পূর্বের মতো জীবজন্তু ও পশুপাখির দেখা সম্ভব হচ্ছে না বলে অনেকেই মন্তব্য করছেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাক্তন বিভাগীয় বন কর্মকর্তা বলেন, একটি বনের ভেতরে এভাবে দোকানপাট স্থাপন করা মোটেও ঠিক হয়নি। এতে বন ও বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।
মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুচিয়ান ও কমলগঞ্জের সংবাদ কর্মী আহমেদুজ্জামান বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান এমনিতেই হুমকির মুখে। সময়ের সাথে সাথে বনজঙ্গল হ্রাস পাচ্ছে। পর্যটকের সংখ্যা ও নানা ধরণের বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে বনের ভেতরে মিনি মার্কেট মোটেও সুখকর নয়। বন্যপ্রাণীর কোলাহল মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য তারা জোর দাবি জানান

এব্যাপারে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ নবাগত বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

টাঙ্গুয়ার হাওর: জীববৈচিত্র্যের ভাণ্ডার, অভিভাবকহীন ব্যবস্থাপনায় হুমকিতে প্রকৃতি

0

মো: ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার ১০টি মৌজা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর। প্রায় ৯ হাজার ৭শত একর আয়তনের এই হাওর বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সম্পদ। ২০০০ সালে জাতিসংঘের রামসার কনভেনশনের অধীনে এটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃতি পায়।

স্থানীয়ভাবে ‘মাছের ভাণ্ডার’ খ্যাত এ হাওরে প্রায় ১৪০ প্রজাতির মাছ পাওয়া যায়। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, প্রতিবছর এখান থেকে প্রায় ৩০০ মেট্রিক টন মাছ আহরিত হয়। তবে অবৈধ জাল ব্যবহার, প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ শিকার এবং জলজ উদ্ভিদ ধ্বংসের কারণে হাওরের দেশীয় প্রজাতিগুলো বিলুপ্তির পথে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) জরিপে দেখা গেছে, হাওরের প্রায় ৬০ ভাগ দেশীয় মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

শীতকালে এই হাওরে আশ্রয় নেয় শত শত অতিথি পাখি। বাংলাদেশ বন বিভাগের তথ্যমতে, প্রতিবছর প্রায় দুই শতাধিক প্রজাতির পাখি এখানে অবস্থান করে। রাজহাঁস, গাংচিল, লালমাথা খঞ্চিলসহ নানা প্রজাতির পাখির সমারোহে শীতের হাওর এক ভিন্ন রূপ ধারণ করে।

সম্প্রতি হাইকোর্ট টাঙ্গুয়ার হাওরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছে, সুরক্ষিত ব্যবস্থাপনার অভাবে আজ এ হাওর অভিভাবকহীন, সবাই মিলে যেমন ইচ্ছা তেমন ধ্বংস করছে। আদালত নির্দেশ দিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে হাউসবোটগুলো চলে কি না, কতগুলো হাউসবোট আছে, মালিকদের নাম-ঠিকানা ও মুঠোফোন নম্বর, কোন ঘাটে অবস্থান করে, কোন রুটে চলাচল করে, এগুলো যথাযথভাবে নিবন্ধিত কি না এবং সরকারি কর প্রদান করা হয় কি না—এসব বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করতে হবে।

পরিবেশবিদরা মনে করছেন, আদালতের এ নির্দেশ বাস্তবায়িত হলে প্রথম দিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কিছুটা চাপে পড়লেও দীর্ঘমেয়াদে টাঙ্গুয়ার হাওর এবং পর্যটন শিল্পের জন্য তা হবে সুফল বয়ে আনা পদক্ষেপ।

টাঙ্গুয়ার হাওর ঘিরে প্রায় ৫০ হাজার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করেন। অধিকাংশই মাছ ধরা, কৃষিকাজ ও নৌপরিবহনের সঙ্গে যুক্ত। কিন্তু লিজ প্রথা ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণে সাধারণ জেলেরা প্রায়ই বঞ্চিত হন। স্থানীয় জেলে আব্দুল হামিদ বলেন, আগে বর্ষায় নৌকা ভরে মাছ পেতাম। এখন খরচই উঠানো দায় হয়ে গেছে।

পর্যটনের দিক থেকেও টাঙ্গুয়ার হাওরের সম্ভাবনা বিপুল। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানায়, প্রতিবছর প্রায় তিন থেকে পাঁচ লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, সঠিকভাবে সরকারি সহযোগিতা পেলে এ হাওর থেকে বছরে শত কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। তবে অবকাঠামো, স্যানিটেশন, নিরাপত্তা ও নৌযান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় পর্যটকরা নানা ভোগান্তিতে পড়েন।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, টাঙ্গুয়ার হাওরকে বাঁচাতে হলে এটিকে ইকো-ট্যুরিজম জোনে পরিণত করতে হবে। পাশাপাশি অবৈধ মাছ ধরা ও বনজ সম্পদ আহরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ জরুরি।

প্রকৃতির অপার লীলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জ নয়, গোটা দেশের জন্য এক অমূল্য সম্পদ। আদালতের নির্দেশনা সঠিকভাবে কার্যকর হলে হাওর সংরক্ষণ যেমন সম্ভব হবে, তেমনি পর্যটন শিল্পও টেকসইভাবে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জকিগঞ্জে মানসিক ভারসাম্যহীনকে বাঁচাতে প্রাণ দিলেন হাসান, এলাকায় শোকের ছায়া 

0

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আবুল হাসান (২২) নামের তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মোল্লাবাড়ির আব্দুল মালিকের ছেলে। শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। রোববার সকাল ১০ টায় নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের চেকপোস্ট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে আবুল হাসানের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন আবুল হাসান এবং তার সঙ্গে আরও দুইজন। আহতদের মধ্যে আবুল হাসানকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তিনি মারা যান।

তরুণ আবুল হাসানের করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হলে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে ডিসি অফিসের দুই জারীকারক নিহত

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই জারীকারক নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)। দুজনেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জারীকারক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে (সুনামগঞ্জ-হ-১১-৬১৬১) জগন্নাথপুরে যাচ্ছিলেন ছমিরুল হক জুয়েল ও ছব্দর আলী। পথে জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নাম্বারপ্লেটবিহীন একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছমিরুল হক জুয়েল নিহত হন। গুরুতর আহত ছব্দর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে সিলেটে স্থানান্তর করেন। তবে পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

0

আধুনিক ডেস্ক ::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানলের আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবিরের প্যানেলের মো. মাজহারুল ইসলাম। এজিএস (পুরুষ) পদে জয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) পদে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।

এ ছাড়াও, পরিবহন ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর রহমান, খাদ্যনিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক, সহ সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান, সহ সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা, সহ ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আকতার, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম।

কার্যকরী সদস্য (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তরিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য (নারী) পদে নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান।

ভোটগ্রহণের দুইদিন পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে, বিকেল সোয়া ৫টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়।

ফল ঘোষণা শুরুর আগ মুহূর্তে নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, এই নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। তবে, কিছু বিচ্যুতি হতে পারে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।

এর আগে, অনিয়ম-অভিযোগ-বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। অধিকাংশ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী জাকসু নির্বাচনে নানা অব্যবস্থাপনা ও ভোট কারচুপির অভিযোগ তোলেন।

ব্যালট পেপার নিয়েও অভিযোগ ওঠে। ছাত্রদলের অভিযোগ, জামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ছাপানো হয়েছে। পাল্টা অভিযোগ তুলে শিবির সমর্থিত ভিপি প্রার্থীর দাবি করেন, জামায়াত নয়, বরং বিএনপি সমর্থকের প্রতিষ্ঠানে ব্যালট ছাপানো হয়েছে।
‘পুরো প্রক্রিয়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বপরিকল্পিতভাবে কারচুপির জন্য সাজানো হয়েছে’—অভিযোগ তুলে ভোটগ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত তিন শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। নির্বাচনী দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু নিয়েও তাদের একজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি জানান, নির্বাচন চলাকালে আসা অভিযোগগুলোর সুরাহা না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় তিনি নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরও ফলাফল না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন শিক্ষার্থী, শিক্ষক ও প্রার্থীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনা হবে বলে জানানো হলেও, মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয় এবং সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা।

নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৩ জন নিবন্ধিত ভোটার ছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট দিয়েছেন বলে জানায় নির্বাচন কর্তৃপক্ষ। জাকসুতে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদ রয়েছে। এর আগে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।

জাকসু: ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টা

0

আধুনিক ডেস্ক ::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হলো। ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টারও বেশি সময়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার পরে সব হলের ভোট গণনা শেষ হয়। সবগুলো ভোট যোগ করে তা আবার যাচাই করে ফলপ্রকাশ হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর শনিবার বেলা আড়াইটার পরে শেষ হলো ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষ হওয়ার সময়সীমা ও নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে একেকবার একেক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তারা। তার আগে তিনি শুক্রবার দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান। সর্বশেষ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, শনিবার বেলা একটার মধ্যে ভোট গণনা শেষ হবে। সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয় (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন।

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের ভাষ্য, আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’