Home Blog Page 126

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-৪

0

ফেরদৌস চৌধুরী রুহেল ::

২০০১ সালের মাঝামাঝি সময়ে দিলদার হোসেন সেলিম ভাইয়ের নেতৃত্বাধীন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। তখন একটি অ্যাডহক কমিটি (আহ্বায়ক কমিটি) গঠন করা হয়। ওই কমিটির সদস্যসচিব হন খন্দকার বাবুল ভাই। তাদের আয়োজনে ২০০২ সালের অক্টোবরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আহমদ আরিফ আরেফ সাধারণ সম্পাদক এবং আমি যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। সেলিম ভাইয়ের সমর্থন থাকায় সংখ্যাগরিষ্ঠ পদে আমাদের প্যানেলই জয়ী হয়। শুরু হয় আমাদের নতুন পথচলা।

সেসময়কার অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আরেফ  এর অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। সে সুবাদে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামগত উন্নয়নও বেশ গতি পায়। সিলেট জেলা স্টেডিয়ামের ফ্লাডলাইট এবং প্যাভেলিয়ন  বিল্ডিং ওই কমিটির হাত ধরেই  সমাপ্ত হয়।

২০০৪ সালে  বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাথে জেলা  ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভাগীয় ক্রীড়া  সংস্থার সাধারণ সম্পাদক জানান, অর্থমন্ত্রী সাইফুর রহমান বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠ হিসেবে বিভাগীয় স্টেডিয়ামের জন্য অর্থ  বরাদ্দ দিয়েছেন। এখণ স্টেডিয়ামের জন্য জায়গা নির্ধারণ করতে হবে। মাহবুব ভাই, আরেফের উপর দায়িত্ব দেন এবং আমাদেরকে সহযোগিতা করার কথা বলেন। মাহবুব ভাইসহ আমরা সবাই স্টেডিয়ামের জায়গা খুঁজতে থাকি। দক্ষিণ সুরমায় কয়েকটি স্থান আমরা দেখি কিন্তু কোনটিই পছন্দ হয়নি। কারণ কোথাওই বিভাগীয় স্টেডিয়াম করার মত বড় জায়গা পাওয়া যায়নি। তখন আমার ভাবনায় আসে লাক্কাতুরা মাঠের কথা। মাহবুব ভাই এবং আহমদ আরিফকে আমি প্রস্তাব করি লাক্কাতুরা খেলার মাঠটি পরিদর্শনের জন্য। যেহেতু এই জায়গা ন্যাশনাল টি গার্ডেনের মালিকানায় তাই বড় করতে বাধা থাকবে না। কারণ অর্থমন্ত্রীর সাথে আহমদ আরেফের যে সম্পর্ক রয়েছে তা কাজে লাগিয়ে অতি সহজেই ব্যবস্থা হয়ে যাবে। মাহবুব ভাই ও আহমদ আরিফসহ আমরা সবাই লাক্কাতুরা মাঠ পরিদর্শন করি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব ভাই মাঠের ব্যাপারে পুরো দায়িত্ব জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহমদ আরিফের কাঁধেই তুলে দেন। বিভাগীয় ক্রীড়া  সংস্থার কার্যনির্বাহী কমিটি এক্ষেত্রে তাকে সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানান মাহবুব ভাই। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে, তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে ‘জাতির নবজন্মের মহোৎসব’। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘শুরুতে যখন কমিশনের ধারণা এল, আমি নিশ্চিত ছিলাম না, এটা টিকবে কি না। কিন্তু আজ দীর্ঘ পথ অতিক্রম করার পরে আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি।’

কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলোও অনুসরণ করবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না, সারা দুনিয়া লক্ষ করবে আমরা কীভাবে সমস্যার সমাধান করলাম।’

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই। যে পথে আমরা শুরু করেছি, সেই পথ থেকে বের হবার কোনো সুযোগ নেই। এই সমতায় আমাদের আসতেই হবে। এটাই ছাত্র-জনতার দেওয়া সুযোগ, যেখান থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।’

আগামী নির্বাচনের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা বারবার বলেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সেটি হবে মহোৎসবের নির্বাচন, যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির নবজন্ম।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত—এগুলো সার্থক হবে যদি আমরা এই নবজন্মটা লাভ করতে পারি।’

বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই বলে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত রেখে সমাপ্ত করতে পারব না। যখন ঐকমত্যে পৌঁছাব, তখনই নির্বাচন সার্থক হবে।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদাহরণ টেনে বলেন, ‘আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান সেই শক্তি এনে দিয়েছে। আমরা চাইলে ছোটখাটো বিষয় চাইতে পারি, আবার চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়তে পারি। এই সুযোগ একবারই এসেছে, আর আসবে না।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এত বড় কাজ আর কোনো দিন পাওয়া যাবে না। তাই ধৈর্য ধরে আমাদের এগোতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হলো, কোনো দ্বন্দ্ব ছাড়াই মহোৎসবের পরিবেশ সৃষ্টি করা।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার। এই নির্বাচন হবে উৎসবের নির্বাচন, দেশের শান্তি ও নতুন যাত্রার সূচনা।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সংস্কারের মূল লক্ষ্য হলো সব পথঘাট বন্ধ করা, যাতে কোনো স্বৈরাচার আর ফিরে আসতে না পারে। এ জন্য সবাইকে একমত হতে হবে।’

কমিশনের কাজকে অভূতপূর্ব অর্জন বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন শুধু এটিকে নিখুঁতভাবে সমাপ্ত করা দরকার। এর মধ্য দিয়েই নতুন জাতির জন্ম ঘটবে।’

রাজনৈতিক নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবার আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। ঐকমত্যের এই পথেই আমরা এগোবো, নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহা–উৎসবের যাত্রা শুরু করব।’

এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি ঘোষণা

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সৃজনশীল উদ্যোগ, সঠিক পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেটের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নেতৃত্বে রয়েছেন—সভাপতি এডভোকেট মোঃ আরিজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদ, সহ-সভাপতি আহমেদ শাহ নেওয়াজ লিটন, হাজী উসমান আলী, আনোয়ার হোসেন রবি ও আবুল কালাম। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আসাদুল হক আসাদ।

এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ উসমান খান, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ওমর ফারুক, মোঃ আজিজুল হক, সুহেল রানা, আজিজুর রহমান, ইকবাল হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওবায়দুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ, শাহীন আলম, আলমগীর হাবিব শাহীন ও আল-আমিন সারোয়ার।

অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ঈশা তালুকদার, প্রচার সম্পাদক মেহেদি হাসান নাঈম, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন নিশু, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ রোকুনুজ্জামান শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ইমরান হোসেন সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক হামিম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ মিজানুর রহমান সাদিক।

অন্যদিকে, ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন—প্রধান উপদেষ্টা অধ্যাপক তোতিউর রহমান, উপদেষ্টা ড. মোঃ জফির উদ্দিন (জফির সেতু), মোঃ সিরাজুল ইসলাম, ড. মুহাম্মদ জিয়াউর রহমান, মঈন উদ্দিন মনি এবং সদস্য হিসেবে মোঃ মুর্শেদ আলম, আজির হাসিব, নাসরিন জাহান ফাতেমা ও শামীম আরা বেগম।

২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

0

শাবিপ্রবি প্রতিনিধি:

দীর্ঘ ২৭ বছরের অবসান ঘটিয়ে আলোর দেখা পাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হচ্ছে। আমরা আশা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শাকসু নির্বাচন হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচন উপলক্ষে তারা যদি সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটে, তাহলে ক্ষতি হবে। তাই আশা করব লেখাপড়ার পাশাপাশি তারা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি পাবে, তাদের দাবি প্রশাসনকে জানাতে পারবে, আদায় করে নিতে পারবে।’

নির্বাচনের সময় সূচী জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ক্যাম্পাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে এবং পূজার ছুটি শুরু হবে। অক্টোবরের ১৫ তারিখের দিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের। এ ক্ষেত্রে দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্রের কাজ সম্পন্ন হয়নি, তা সম্পন্ন করা হবে। এ ছাড়া নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশন প্রকাশ করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯১ সাল থেকে পাঁচবার শাকসু নির্বাচন হয়েছে। তার মধ্যে ১৯৯১ ও ১৯৯২ সালে ভিপি জিএস ও হল সংসদ হয়নি। এর পর ধীর্ঘ ২৮ বছর ধরে শাকসু অচল রয়েছে।

‘ঋণের দায়ে আত্মহত্যা’ করেছিলেন ঋণ করে ‘চল্লিশা’

0

আধুনিক ডেস্ক ::

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’ চিরকুট লিখে আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে। মিনারুল ইসলাম ও তাঁর স্ত্রী–সন্তানদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। মিনারুলের বাবা জানিয়েছেন, স্থানীয়ভাবে চল্লিশা নামে পরিচিত এই আয়োজন করতে তাঁকে ঋণ নিতে হয়েছে, যার জন্য জমি বিক্রি করতে হবে। মিনারুল ইসলাম (৩৫) রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামের রুস্তম আলীর ছেলে। শনিবার (১৩ সেপ্টেম্বর) তাঁদের বাড়িতে ওই চল্লিশার আয়োজন করা হয়।

গত ১৫ আগস্ট নিজ বাড়ি থেকে মিনারুল ইসলাম, তাঁর স্ত্রী মনিরা খাতুন (৩০), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলার (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। আর মিনারুল কৃষিকাজ করতেন। লাশের পাশে চিরকুট পাওয়া যায়, যাতে মিনারুল স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। ওই চিরকুটে মিনারুল আরও লেখেন, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো হলো। কারও কাছে কিছু চাইতে হবে না।’

শনিবার দুপুরে বামনশিকড় গ্রামে চল্লিশার আয়োজন করা হয়। রুস্তম আলীর বাড়ির সামনে ও পেছনে দুটি প্যান্ডেল করা হয়। ভাতের সঙ্গে ছিল ডাল ও মুড়িঘণ্ট। রুস্তম আলী ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের খাওয়ার তদারক করেন।

রুস্তম আলী বলেন, ‘এই অনুষ্ঠানকে কেউ চল্লিশা বলে। কেউ বলে ফয়তা। সমাজের মানুষকে নিয়ে এটা করতে হয়। বাপ-দাদার আমল থেকেই এটা দেখে আসছি। আমিও মনের আবেগে করলাম। যে যার সামর্থ্য অনুযায়ী করে। আমি গরিব মানুষ, মাংস করতে পারিনি। মাছ দিয়ে মুড়িঘণ্ট আর ডাল করেছি।’

রুস্তম আলী আরও বলেন, ‘আশপাশের মানুষজন বলছিল, চারজনের মরার কারণে বাড়ি ভারী ভারী লাগছে। ছোট ছিলেপিলেরা ভয় পাচ্ছিল। অনুষ্ঠানটা করলাম যাতে ভয় ভাঙে। বাড়ি যেন পাতলা হয়। দুপুরে দোয়া হয়েছে। তারপর খাওয়াদাওয়া। প্রায় এক লাখ টাকা খরচ হলো। আত্মীয়স্বজন ও সমাজের মিলিয়ে ১ হাজার ২০০ মানুষের আয়োজন করা হয়েছিল।’

টাকার জোগাড় প্রসঙ্গে রুস্তম আলী বললেন, ‘সবই ধারদেনা। আমার তো জমানো টাকা নেই।’ শোধ করবেন কীভাবে, এ প্রশ্নের উত্তরে তার ভাষ্য, ‘১৫-১৬ কাঠা জমি আছে। এক কাঠা বেচব, বেচে ধার শোধ করব। তা ছাড়া তো আর কোনো উপায় নেই।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী বলেন, ‘ইসলামের দৃষ্টিতে এটা নেই। কিন্তু কেউ মারা গেলে এটা করতে হয়। এটা আমাদের এলাকার রেওয়াজ।’

নওগাঁয় স্ত্রীকে খুন করে পালিয়ে এসেছিলেন সিলেটে, গ্রেপ্তার র‌্যাবের হাতে

0

আধুনিক ডেস্ক ::

স্ত্রীকে হত্যা করে নওগাঁ থেকে পালিয়ে এসেছিলেন মো. তানভীর চৌধুরী পালিয়ে এসেছিলেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার চৈলাখেল নিজপাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৯।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নওগাঁ সদর উপজেলায় কাঠাতলীতে আদালতে যাওয়ার সময় স্ত্রী জুথি খাতুনকে (২২) ছুরিকাঘাতে হত্যা করেন তানভীর। নিহত জুথি খাতুন (২২) সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। তানভীর গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ এলাকার বাবুল চৌধুরীর ছেলে।

জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে গাজীপুরের তানভীরের সঙ্গে প্রায় এক বছর আগে জুথির বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর জুথি জানতে পারেন তার স্বামীর আরেকজন স্ত্রী আছেন। এ নিয়ে কলহ শুরু হলে জুথি বাবার বাড়িতে চলে আসেন। পরে আদালতে মামলা করেন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। সকালে আদালতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা তানভীর জুথিকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ জুথির লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।

ভূমিকম্পে কাঁপলো সিলেট

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে ভূমিকম্প অনূভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৭। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ভারতের আসাম রাজ্যের শোণিতপুর জেলা দেখিয়াজুলি শহর থেকে ১৭ কিলোমিটার দূরে।

সিলেট ছাড়াও এ ভূমিকম্প রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারও চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই, দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে; যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখনকার প্রজন্ম আগের মতো নয়। এখন গ্রামের ছেলেমেয়েরাও অনেক কিছু বোঝে, জানে, নিজস্ব চিন্তাভাবনায় সমৃদ্ধ। কাজেই এদের জন্য এমন একটি আর্থিক ও সামাজিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিজস্ব উদ্যোগে কাজ করতে পারে, চাইলে এককভাবে কিংবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যদি একটি কাঠামো তৈরি করতে পারি যেখানে মানুষ নিজের উদ্যোগ শুরু করতে পারবে, এমনকি চাইলে বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হতে পারবে—তাহলে এই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব।’

অধ্যাপক ইউনূস মনে করেন, যে কেউ চাইলে প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবে, আবার ইচ্ছা করলে ব্যক্তি উদ্যোগেও এগিয়ে যেতে পারবে। এমনকি কেউ চাইলে বিনিয়োগ সংগ্রহ করে নিজ এলাকায় উদ্যোগ পরিচালনা করতে পারবে।

ড. ইউনূস বলেন, ‘আমরা সামনে অগ্রসর হতে চাই। পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে কোনটা ভালো, কোনটা মন্দ। কিন্তু ইতোমধ্যে কয়েক লাখ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, যাদের অনেকে ছেলে-মেয়ে মিলে দলগতভাবে কাজ করছে।’ তিনি বলেন, এই অভিজ্ঞতাকে ভিত্তি করে এর সম্প্রসারণ ঘটানো সম্ভব।

পিকেএসএফে’র জন্ম ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে ইউনূস বলেন, ‘এর সূচনা হয়েছিল অনেকটা ঘটনাচক্রে। বিশ্বব্যাংক ২০ কোটি টাকা দিচ্ছিল, তা নিয়ে নানা পর্যায়ে চিঠিপত্র চালাচালি হচ্ছিল। আমি বলেছিলাম, এই চিঠিগুলো সংরক্ষণ করা হোক, এগুলো ইতিহাস। এই টাকা ঘিরেই সরকার, পরিকল্পনা কমিশন, দাতা সংস্থা—সবাই মিলে মতবিনিময় করেছে। তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদ পর্যন্ত নিজে তাতে যুক্ত হয়েছেন।’

ড. ইউনূস বলেন, এই ২০ কোটি টাকা না এলে পিকেএসএফ হয়তো গঠিত হতো; কিন্তু এভাবে হতো না। তিনি জানান, সেসময় গঠন করা হয় একটি কমিটি, যার সভাপতি হন তৎকালীন পরিকল্পনামন্ত্রী এবং আমি নিজে সদস্য হই। প্রস্তাবনার ভিত্তিতে একটি নাম ঠিক হয়—পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অধ্যাপক ইউনূস জানান, প্রাথমিকভাবে পিকেএসএফ যে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, তা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। তবে বিভিন্ন সময় কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জ এসেছে। বিশেষ করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সঙ্গে কিছু দূরত্ব তৈরি হয়েছে, যেটা দূর করা জরুরি।

তিনি বলেন, ‘আমরা তো মাইক্রোক্রেডিট দিচ্ছি না। আমরা অংশীদার হই উদ্যোক্তার সঙ্গে। তাই এই কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, এখন সময় এসেছে এমন একটি আর্থিক কাঠামো দাঁড় করানোর, যেখানে প্রতিষ্ঠান নয়, ব্যক্তি উদ্যোক্তার পাশে দাঁড়াতে হবে। আমরা ব্যবসার পার্টনার হতে চাই। কেউ যদি ব্যবসার আইডিয়া নিয়ে আসে, আমরা তার সঙ্গে অংশীদার হব। শুধু ঋণ নয়—সোজা বিনিয়োগ। সে যদি পাঁচ লাখ টাকা চায়, আমরা দেব। তবে বিনিময়ে আমাদের শেয়ার থাকবে।

এই মডেলে উদ্যোক্তা সফল হলে ধীরে ধীরে পুরো মালিকানা নিজের হাতে নিতে পারবে—এই ধারণার ভিত্তিতে তিনি একটি কাঠামো প্রস্তাব করেন, যেটি যৌথ মালিকানা থেকে সম্পূর্ণ মালিকানায় রূপান্তরযোগ্য।

অধ্যাপক ইউনূস বলেন, সে যদি ভালো করে, তাহলে আমাদের অংশ ক্রয় করে নিয়ে নিতে পারবে। আমরা চাই, সামাজিক দৃষ্টিকোণ থেকে সহায়তা করতে।

তিনি আরও বলেন, ‘আমরা তালিকা করে রাখিনি, কিন্তু বহু রকমের উদ্যোক্তা গড়ে উঠেছে। প্রযুক্তি এখন বড় সুযোগ এনে দিয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমরা প্রত্যেক ব্যক্তিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারি। সে যে পথেই যেতে চায়, সেই সুযোগ করে দিতে হবে।’

বর্তমান আইন কাঠামো যে প্রেক্ষাপটে গড়ে উঠেছিল তা আজকের বাস্তবতায় অনেকাংশে প্রয়োজনীয়তা হারিয়েছে এমন মন্তব্য করে ইউনূস বলেন, ‘৮০ দশকের যে আইন, তা আজকের উদ্যোক্তা ব্যবস্থার সাথে খাপ খায় না। বিশেষ করে পিকেএসএফ-এর নিজস্ব আইন, সেটাকে সংস্কার করে সম্প্রসারিত করা যেতে পারে। নানামুখী কর্মসূচি সংযোজনের সুযোগ আছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই ভবনের যাত্রা হোক পিকেএসএফ-এর নতুন দিগন্তের সূচনা। দীর্ঘ ৩৫ বছরের যাত্রায় যা অর্জিত হয়েছে, তা একটি শক্ত ভিত। এখন সময় এসেছে বড় পরিসরে যাওয়ার।’

তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘টাকার কোনো অভাব হবে না। আন্তর্জাতিকভাবে আমাদের ওপর আস্থা আছে। আমরা যদি একটি সমন্বিত ফাইন্যান্সিয়াল সিস্টেম দাঁড় করাতে পারি, তাহলে সত্যিকারের উদ্যোক্তা তৈরির যে স্বপ্ন—তা বাস্তবায়ন সম্ভব।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বক্তব্য রাখেন।

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী, বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে ২০ বছর। পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ আরেকটু বেশি হবে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের এ বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের ওপর। এ বিধান এখনো চূড়ান্ত হয়নি। এতে কিছু শর্ত যুক্ত থাকবে।

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনগণের আন্দোলন কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা যুক্তি–তর্কের ভিত্তিতে সবকিছু শোনার পর এ সিদ্ধান্ত নিয়েছে। ওই এলাকার জনগণের যে অভিযোগ, সেটা তারা যথাযথ চ্যানেলে আবেদন করতে পারে। কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে অবরোধ তুলে না নেয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে।

বৈঠকে পুলিশের প্রশিক্ষণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি রোধে পদক্ষেপ গ্রহণ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং রাকসু ও চাকসু নির্বাচন বিষয়ে আলোচনা হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনার টিকা বঙ্গভ্যাক্সের মার্কিন পেটেন্ট অর্জন

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশের গ্লোব বায়োটেকের আবিষ্কৃত কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্স মার্কিন পেটেন্ট (মেধাস্বত্ব) পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে ওষুধশিল্পে প্রথমবারের মতো এই পেটেন্ট পাওয়া গেছে বলে গ্লোব বায়োটেকের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গ্লোব বায়োটেক।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপের সময় সারা বিশ্বের মানুষ যখন বিপর্যস্ত ছিল, তখন এই প্রতিষ্ঠানের বিজ্ঞানী কাকন নাগ ও নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় প্রয়োজনে ‘কোভিড-১৯’ শনাক্তকরণ কিট, টিকা ও ওষুধ আবিষ্কারসংক্রান্ত গবেষণা কর্মকাণ্ড শুরু হয়। ওই গবেষণায় আবিষ্কৃত ‘কোভিড-১৯ এমআরএনএ’ টিকা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ও ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) কর্তৃক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন লাভ করে।

প্রথমে এই টিকার টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকুয়েন্স ২০২০ সালে যুক্তরাষ্ট্রের এনসিবিআই ডেটাবেজে প্রকাশিত হয়। পরবর্তী সময় কোভিড-১৯–এর বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম এক ডোজের এই এমআরএনএ টিকার গবেষণাপত্র যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মেডিকেল জার্নাল এলসিডিয়ারের ভ্যাকসিনে এবং এই টিকা উৎপাদনের মৌলিক প্রযুক্তি যুক্তরাজ্যের নেচার জার্নালের সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২০ সালে গ্লোব বায়োটেক আবিষ্কৃত এই এমআরএনএ টিকা কোডিড-১৯ ভ্যাকসিন তালিকায় অন্তর্ভুক্ত করে।

গ্লোব বায়োটেক সূত্র জানায়, বানরের ওপর ট্রায়ালে এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল বানরের ওপর কোনো টিকার প্রথম ট্রায়াল।

গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘গ্লোব বায়োটেক লিমিটেড’ ২০১৫ সালে ক্যানসার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিকস, নোভেল ড্রাগ ও বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে।

গ্লোব বায়োটেক বলেছে, এটি একটি নিজস্ব উদ্ভাবিত মৌলিক প্রযুক্তির এমআরএনএ টিকা। এটি তৈরিতে ন্যানোটেকনোলজির নিজস্ব উদ্ভাবিত মৌলিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি বিশ্বের একমাত্র এক ডোজের বিভিন্ন ভ্যারিয়েন্ট–বিরোধী কার্যকরী কোভিড টিকা। এই প্রযুক্তি ব্যবহার করে এমআরএনএসহ অন্যান্য প্রযুক্তির টিকা তৈরি করা যাবে। এ ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে দুরারোগ্য রোগের, যেমন ক্যানসার, ডায়াবেটিসের আধুনিক ওষুধ তৈরি করা যাবে।

এ অর্জন বাংলাদেশের চতুর্থ শিল্পবিপ্লবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের জনস্বাস্থ্যে টিকার ভূমিকা অপরিহার্য। পেটেন্টের এই মৌলিক প্রযুক্তি ব্যবহার করে সর্বাধুনিক পদ্ধতিতে কার্যকরী ও নিরাপদ টিকা নিজ দেশেই কম খরচে উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। এই পদ্ধতিতে টিকা উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে সম্মান ও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ ছাড়া ২০২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় টিকা আবিষ্কারের এই পেটেন্ট কার্যকর ভূমিকা পালন করবে।