Home Blog Page 12

কোম্পানীগঞ্জে আজ শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছেন ৪৮৩ পরীক্ষার্থী

0

নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। উপজেলার দুটি কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৪৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরও ৫৭ জন পরীক্ষার্থী গোয়াইনঘাট উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল হক জানান, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ১৫৭ জন এবং শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৬ জনসহ মোট ২৮৩ জন পরীক্ষার্থীর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে।

অন্যদিকে, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০১ জন এবং ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৯৯ জনসহ মোট ২০০ জন পরীক্ষার্থীর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে। এ দুই কেন্দ্রে সর্বমোট ৪৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

এদিকে, কোম্পানীগঞ্জের ইমরান আহমদ কারিগরি কলেজের ৫৭ জন পরীক্ষার্থী গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি কেন্দ্র থেকে ২০২৬ সালের এইচএসসি (কারিগরি) পরীক্ষায় অংশ নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও তিনি জানান।

শাবিপ্রবিতে ডেটা সায়েন্সে এমএসসির দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘এমএসসি ইন ডেটা সায়েন্স (প্রফেশনাল)’ প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন ও অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “এই প্রোগ্রাম থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদী। তিনি পরিসংখ্যান বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ উল্লেখ করে শিক্ষার্থীদের বিভাগের একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।”

তিনি বলেন,” প্রোগ্রামটির সফল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন বলেন,” বর্তমান সময়ে আন্তঃবিষয়ক শিক্ষার গুরুত্ব বেড়েছে। পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিভাগের সমন্বয়ে পরিচালিত এই প্রোগ্রাম শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক পরিবেশ তৈরি করবে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এগিয়ে থাকতে সহায়তা করবে।”

এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়া এবং আন্তঃবিষয়ক এ প্রোগ্রামের সর্বোচ্চ সুফল গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সফল একাডেমিক জীবন কামনা করেন। তিনি অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

লাখাইয়ে কালভার্ট ভেঙে যাওয়ার ৪ বছরেও হয়নি কোনো সংস্কার কাজ,দূভোর্গে এলাকাবাসী

0

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের উত্তরগ্রামের মদনপুর থেকে আঞ্চলিক সড়কের সংযোগ স্থাপনকারী কালভার্টটি ভেঙে পড়ার চার বছর পার হলেও এখনো নির্মাণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-লাখাই-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের সঙ্গে সংযুক্ত এই গুরুত্বপূর্ণ শাখা সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু ২০২২ সালের ভয়াবহ বন্যায় কালভার্টটি সম্পূর্ণভাবে ভেঙে যায়। এরপর থেকে এলাকাবাসীকে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ার পর অস্থায়ীভাবে বাঁশের সাকো নির্মাণ করা হলেও তা বেশিদিন টেকেনি। বর্তমানে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে কৃষকরা কৃষিপণ্য ও উপকরণ আনা-নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে কালভার্টের ভাঙা অংশ পার হওয়া অসম্ভব হয়ে পড়ে, আর শুকনো মৌসুমেও ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করেন।

মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল মোল্লার সাথে আলাপ করলে তিনি বলেন, কালভার্টের টেন্ডার হয়েছে। আশাকরি খুব শীঘ্রই কালভার্টের সংস্কার কাজ শুরু হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম রাকিব জানান, “কালভার্টটি নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। পানি কমলে কালভার্টের সংস্কার কাজ নতুন করে শুরু হবে।

ট্যুরিস্ট ক্লাব সাস্টের ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি হৃদয় ও সম্পাদক শিবলু

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট-এর ২৫তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুজ্জামান হৃদয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান শিবলু।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বি-ভবনের ২১৩ নম্বর কক্ষে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি জাহিদ হাসান ফাহিম ও সাধারণ সম্পাদক রেহনুমা নাহরিন মিম নবনির্বাচিত সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইয়াকুব ভুইঁয়া। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন, শামীম আহমদ সিমন, আবুল কালাম আজাদ, আব্দুল আহাদ অন্তর ও উচ্ছ্বাস জামান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজিদ আবরার এবং সহকারী সাধারণ সম্পাদক রাফসান আহমেদ নাসিম। সহকারী সাংগঠনিক সম্পাদক এম ইশমাম উল আমান, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম জিসান এবং সহকারী কোষাধ্যক্ষ মো. শেফায়েত উল্লাহ কায়সার দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও উইংভিত্তিক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জিহাদ, রিনভী জাহান, এম মাহফুজ ফাউসি, শাওন উদ্দিন শামীম, তাহরিমা আক্তার বর্ষা, ইরফান হায়াত রাফি, আ. ন. ম. সাদিকুর রহমান, আবু হুরায়রা নাইম, জুনায়েদ মোস্তাফিজ অয়ন, নাজমুস সাকিব, ফাতেমা শর্মী, রোমানা ইসলাম মিলি, মোফাজ্জল আহমেদ, ফয়সাল মাহমুদ, সানজিদা ইসলাম সূচনা, কে. এম. জোবায়ের, ফাহিম মোস্তাক, শাহ মো. শরাফ উদ্দিন, ইব্রাহিম খলিল নিয়ন, জুবায়ের হোসন, ফয়সাল আহমেদ ও মোহাম্মদ রায়হান হাসান। সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসানুল হক মিলন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন কাজী নাইম উদ্দিন, আতিকুল ইসলাম রানা ও লাবিব উল হক।

জাহিদ হাসান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর সদস্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম এবং ২৩তম কার্যনির্বাহী কমিটির সভাপতি শোয়েব মাহমুদ উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা সংগঠনের ঐতিহ্য, মূল্যবোধ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ট্যুরিস্ট ক্লাব সাস্ট কেবল একটি ভ্রমণ সংগঠন নয়; এটি শিক্ষার্থীদের পর্যটন, পরিবেশ সংরক্ষণ, গবেষণা, অভিযাত্রা এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের পর্যটন খাতে ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত ট্যুরিস্ট ক্লাব সাস্ট বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভ্রমণবিষয়ক সংগঠন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটি পর্যটন, পরিবেশ সচেতনতা, গবেষণা, সামাজিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালে সংগঠনটি ৩১ বছর পূর্ণ করে ৩২তম বছরে পদার্পণ করেছে।

শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’র মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘খোয়াই বন্ধন’-এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের এ

মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য এবং খোয়াই বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. সাইদুর রহমান, বিএমবি বিভাগের প্রভাষক পাপিয়া রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক নুসরাত জাহান তৃশা, প্রকৌশলী শাহিদ আলী, ‘দুধওয়ালা’র স্বত্বাধিকারী মোতাহের হোসেন সোহেল, খোয়াই বন্ধনের সাবেক সভাপতি শাকির আহমেদ রিপন ও মোর্শেদ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক শাকিল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন,” দেশীয় মৌসুমি ফল শুধু পুষ্টির উৎস নয়, এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। তাই দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা খোয়াই বন্ধনের এ উদ্যোগের প্রশংসা করে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরভ গোপ শাওন।অনুষ্ঠানে খোয়াই বন্ধনের সভাপতি মো. ত্বোহা মিয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন শরিফুজ্জামান আতিফ ও নৌশিন মুশফি।অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীরা দেশীয় বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন। প্রাণবন্ত এ আয়োজন মিলনমেলা ও আন্তরিকতার পরিবেশ সৃষ্টি করে।

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

0

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব মিয়া (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব মিয়া ওই গ্রামের মো. রেজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ বসতবাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লার সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও তিন সহকারী প্রক্টর নিয়োগ দিলো শাবিপ্রবি প্রশাসন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) দুই সপ্তাহের ব্যবধানে সহকারী প্রক্টর হিসেবে আরও তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, এফইটি বিভাগের অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়েছে।

এর আগে গত ১৫ জুন তিনজন শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন করেও দমানো গেল না শাবিপ্রবির শিক্ষার্থীদের, নতি স্বীকার করল প্রশাসন

0

শাবিপ্রবি প্রতিনিধি

বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বড় পর্দায় খেলা দেখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রশাসন নতি স্বীকার করে খেলা দেখার অনুমতি দিতে বাধ্য হয়। তবে প্রক্টরের দাবি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি টেকনিক্যাল কারণে ঘটেছে।

সোমবার (২৯ জুন) রাতে ফুটবল বিশ্বকাপের জাপান বনাম ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচটি বড় পর্দায় দেখার সময় বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, দেশের অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড় পর্দায় দেখার সুযোগ থাকলেও, ব্যতিক্রম ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে খেলা দেখানোর অনুমতি দেয়নি।

পরবর্তীতে প্রতিবাদস্বরূপ আজকের জাপান বনাম ব্রাজিলের খেলা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আয়োজন করে শিক্ষার্থীরা। সেখানে প্রক্টরের নির্দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু শিক্ষার্থীরা স্থান ত্যাগ না করে মোবাইল ও ল্যাপটপে খেলা দেখা চালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে খেলা দেখতে সম্মতি দেন।

এ বিষয়ে খেলা দেখতে আসা কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন প্রথমে আমাদের আয়োজন ভণ্ডুল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিন্তু আমরা স্থান ত্যাগ না করে মোবাইলেই খেলা দেখা ও প্রতিবাদ চালিয়ে যাই। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান দেখে ৫-৭ মিনিটের মাথায় প্রক্টর স্যার আবার বিদ্যুৎ সংযোগ দিতে বাধ্য হন এবং খেলা দেখার অনুমতি দেন।”

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ও পরবর্তীতে অনুমতি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মুখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, “বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনাটি মূলত কারিগরি (টেকনিক্যাল) ত্রুটির কারণে হয়েছিল। এটি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বড় পর্দায় খেলা দেখার দাবি জানিয়ে আসছিল। আজ তারা নিজেরাই এই আয়োজন করেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা আমাদের কথা দিয়েছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করবে।”

সিলেটের উন্নয়নে বাজেটের কার্যকর ব্যবহার নিয়ে নীতিগত সংলাপ অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটের টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাতীয় বাজেটের কার্যকর ভূমিকা নিয়ে ভার্চুয়াল নীতিগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) ‘সিলেটের উন্নয়নে বাজেট পর্যালোচনা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে সিলেট সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিসার্চ ফার্ম (এসএসডিআরএফ)।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।

উদ্বোধনী বক্তব্যে আয়োজকরা বলেন, সিলেটের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে বাজেট বরাদ্দের অগ্রাধিকার, সম্পদের কার্যকর ব্যবহার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে তথ্যভিত্তিক আলোচনা ও নীতিগত সুপারিশ প্রণয়নই এ আয়োজনের উদ্দেশ্য।

আলোচনায় বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, আঞ্চলিক বৈষম্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিক্ষা, উদ্ভাবন, কৃষি, পরিবেশ সংরক্ষণ, পর্যটন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং স্থানীয় সম্পদের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রশ্নোত্তর পর্বে শাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল বাংলাদেশের উদ্ভাবন সক্ষমতা ও মুক্তবাণিজ্য নীতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, সহজ আমদানি ব্যবস্থা দেশীয় শিল্প ও উদ্ভাবনকে নিরুৎসাহিত করছে কি না এবং নির্বাচিত কিছু খাতে সীমিত আমদানি নিয়ন্ত্রণ দেশীয় শিল্পায়নে সহায়ক হতে পারে কি না।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর তুলনামূলক সুবিধা তত্ত্বের আলোকে সিলেটের সম্ভাবনাময় খাত নিয়ে প্রশ্ন করেন। তিনি চা, রেমিট্যান্স ও পর্যটনের পাশাপাশি সিলেটের দেশীয় কমলালেবুসহ অনন্য প্রাকৃতিক সম্পদকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক পণ্য হিসেবে গড়ে তোলার নীতিগত উদ্যোগ সম্পর্কে জানতে চান।

একই বিভাগের শিক্ষার্থী তমা দাস সিলেটের বিভিন্ন জাতের কমলা ও লেবুর বাণিজ্যিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।
সংলাপে শিক্ষাবিদ, গবেষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. তাসমিনা চৌধুরী তানিয়া।

আয়োজকদের মতে, এ ধরনের নীতিগত সংলাপ সিলেট অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, বাজেট বাস্তবায়নের কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তবভিত্তিক নীতি প্রণয়নে সহায়ক হবে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

0

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলংয়ের কইন্না জঙ্গল ও পশ্চিম জাফলং লাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পিয়াইন নদীর কইন্না জঙ্গল ও লাঠি এলাকায় এ অভিযান পরিচালিত হয়
অভিযানে অবৈধভাবে বালু উওোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন, পাইপ ও শ্রমিকের অস্থায়ী বাসস্থান ভেঙে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে বালু উওোলন খবর পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু উওোলন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।