Home Blog Page 111

সাস্ট কেন্দ্রীয় অ্যালামনাই গঠনে প্রথম সাধারণ সভা

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের উদ্দেশ্যে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম।

কমিটিতে যৌথভাবে কো-কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান এবং শাকসুর সাবেক সাধারণ সম্পাদক শাব্বির এ চৌধুরী। সদস্য সচিব হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। সভায় আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, “সাস্ট আমাদের গর্বের জায়গা। দেশ-বিদেশে সাস্টিয়ানরা গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখে চলছেন। অ্যালামনাই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আশরাফুল আলম, মোঃ আব্দুস সালাম, সেলিম মোঃ আলী আজগর, মুস্তাফিজুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকসুর সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু এবং সঞ্চালনা করেন খুরশিদ আলম হিটু। সহযোগিতায় ছিলেন ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ এবং এডভোকেট দেলোয়ার হোসেন শামীম।

নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় তিনি একথা বলেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা অংশ নেন।

টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।’

উপদেষ্টা বলেন, ‘সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে হবে।’ এটা করতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র- অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য।’ এসময় তিনি আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সঠিক উপকারভোগী নির্বাচনে সনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে আসছে। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে, আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।

সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্য অবহিত করা হয়। এতে বলা হয়, বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪।

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি তরুণ নিহত, পরিবার জানত তিনি দুবাইয়ে

0

আধুনিক ডেস্ক ::

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক–ই–তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। ফয়সাল হোসেন (২২) নামের ওই তরুণের পরিবার জানত তিনি দুবাইয়ে আছেন। ফয়সাল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালী এলাকার আবদুল আউয়াল মোড়লের ছেলে। তার পরিবারের সদস্যরা রাজধানীর জগন্নাথপুর এলাকার আজিজ সড়কে বসবাস করেন। আবদুল আউয়াল পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তার বড় ছেলে আরমান মোড়ল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হন। এ সময় বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন নিহত হন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিহত তরুণের বড় ভাই আরমান মোড়ল তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ফয়সালের পরিবারের সদস্যরা সোমবার ভোরে ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশে রওনা হন। ১১টার দিকে ফয়সালের মা চায়না বেগম (৪৫) বাড়িতে প্রবেশ করেন। তখনো তিনি জানতেন না তার ছোট ছেলে ফয়সাল মারা গেছেন। তিনি শুনেছিলেন, তাঁর ছেলে দুবাইতে অসুস্থ। ফয়সালের মৃত্যুর খবরটি তাঁর নানা জয়নাল ব্যাপারী প্রথম জানালে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। প্রতিবেশীরা দ্রুতই বাড়িতে ভিড় করতে শুরু করেন। তারা ফয়সালের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ফয়সালের মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

নিহত ফয়সাল হোসেনের গ্রামের বাড়িতে প্রতিবেশীরা ভিড় করেছেন। আজ বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালী এলাকায়।

ফয়সালের মা চায়না বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের লগে দুই মাস আগে কথা হইছে। তখন ছেলে কইলো, “মা, টাকাপয়সা তো তেমন পাঠাতে পারতাছি না। তুমি কেমন আছো, আমি এখানে খুব ভালো আছি।” আমি কইলাম, বাবারে তুমি আইসা পড়ো। দেশেই কাম করো।’ বাবায় বলল, “মা, আমি চইলা আসব।” কিন্তু আর তো ফিরা আইলো না। হায় আল্লাহ, তুমি আমার বাবারে আমার বুকে ফিরাইয়া দাও।’

চায়না বেগম বলেন, ‘ফয়সাল খালি কইত, মা, দেশে কাম নাই। আমি দুবাই যামু। পরে কীভাবে যেন ও নিজের মতো করে চলে গেল। পরে এক মাস কোনো খবর পাই নাই। কয়েক দিন পরে ফোন করে জানাইলো মা আমি দুবাই আছি। পরে মাসে একবার থেকে দুইবার কথা হইতো। আমরা কেউই জানতাম না যে ও পাকিস্তান গেছে।’

ফয়সাল ঢাকার কালাচাঁদপুরে একটি স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছিলেন। বাংলাদেশে থাকতে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে তসবি, জায়নামাজ, আতর ও টুপি বিক্রি করতেন বলে জানায় পরিবার।

ফয়সালের চাচা আবদুল হালিম বলেন, ‘বাংলাদেশ থেকে দুই বছর আগে ফয়সাল নিজের মতো করে বিদেশ যাওয়ার কথা বলে কয়েক দিন নিখোঁজ ছিল। পরে ফয়সাল নিজেই ফোন করে জানায়, সে দুবাই গেছে। এরপরে আর কথা হয়নি। পরে গত কোরবানির ঈদের আগে আমার সঙ্গে ওর কথা হইছে। তারপরেই দুই মাস আগে মাদারীপুর শহর থেকে পুলিশ আমাদের বাড়িতে আসে। তারা জানায় ফয়সার দুবাই নয়, পাকিস্তান গেছে। তখন আমরাও চেষ্টা করছি পাকিস্তান থেকে দেশে ফিরাইয়া আনতে। কিন্তু আমরা চেষ্টা করেও পারি নাই।’

নিহত ফয়সালের দাদা শুক্কুর মোড়ল বলেন, ‘আমার দুই মেয়ে ছয় ছেলে। নয়জন নাতি আমার। ফয়সাল সব নাতিপুতির মধ্যে সেরা ছিল। এক ওয়াক্ত নামাজও বাদ দিত না। নাতিটা খুব ভালো ছিল। এ পথে গিয়ে মারা গেছে, সেটা কল্পনাও করতে পারতাছি না। কারা আমার নাতিরে পাকিস্তান নিয়ে খারাপ পথে নিলো, তাদের যেন বিচার হয়।’

ফয়সালের নানা জয়নাল ব্যাপারী কোনোভাবেই নাতির মৃত্যুর কথা মানতে পারছেন না। তাঁর মেয়ের সঙ্গে তিনিও কাঁদছিলেন। আর বলছেন, ‘এ ঘটনা শুনে আমরা সবাই অবাক। ফয়সাল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। মসজিদে সামনে টুপি–আতর বেচত। ধর্মীয় লাইনে ছিল। কীভাবে কী হয়ে গেল। হায় আল্লাহ, আর কারও যেন এমন দশা না হয়।’

ফয়সালের লাশ দেশে আনার দাবি জানিয়েছে তাঁর পরিবার ও স্থানীয় লোকজন। প্রতিবেশী আছিয়া বেগম বলেন, ‘সরকারের কাছে দাবি, লাশটা আমরা দেখতে চাই। আর যারা ফয়সালকে এই পথে নিছে, তাদের চিহ্নিত করে বিচার করা হোক। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়।’

ফয়সালের মৃত্যুর সংবাদটি গুরুত্ব দিয়ে প্রথম প্রকাশ করে দ্য ডিসেন্ট নামে একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম। পরে বিষয়টি আলোচনায় আসে। গণমাধ্যমটির সম্পাদক কদরুদ্দিন শিশির বলেন, ‘পাকিস্তানভিত্তিক সাংবাদিক জাওয়াদ ইউসুফ তাঁর টুইটার অ্যাকাউন্টে নিহত বাংলাদেশির ছবি প্রকাশ করেন। পরে আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। পরে আমরা বাংলাদেশে নিহত তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করে শতভাগ নিশ্চিত হই। এর আগেও বাংলাদেশ থেকে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, সেই সংবাদও আমরা করেছি।’

দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির ৫৪ জন সদস্যের সঙ্গে আহমেদ জোবায়ের নামের এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। গত এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে অন্তত চারজন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশে অন্তত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি হামলায় মাদারীপুরের এক তরুণ মারা গেছে বলে আমরা জেনেছি। তাঁর পরিবার যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, তাহলে পুলিশের পক্ষ থেকে আমরা সেটা অবশ্যই করব। পাকিস্তান থেকে নিহত তরুণের লাশ ফেরত আনার যদি কোনো ব্যবস্থা থাকে, সেটাও করা হবে। আর ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে ধর্মযুদ্ধে বা জঙ্গিবাদে যারা উৎসাহিত করছে, তাদের বিষয়ে পুলিশ কাজ করছে।’

ওসমানী হাসপাতালে পানির ট্যাংকের প্লাস্টার ধসে প্রাণ গেল আউটসোর্সিং কর্মীর, অবরোধ

0

আধনিক রিপোর্ট ::

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকের প্লাস্টার ধসে এক আউটসোর্সিং কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকের এক দিক থেকে হঠাৎ প্লাস্টারের একটি অংশ খসে পড়ে। এ সময় সুমন আহমদ (৪২) নামে এক আউটসোর্সিং কর্মী। খসে পড়া প্লাস্টারের আঘাতে গুরুতর আহত হলে সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন আহমদ নতুন বিল্ডিংয়ের ৩৬নং ওয়ার্ডে আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করছিলেন।

ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।

ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়।

দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তবে একটি মহল এই উৎসব ব্যাহত করার চেষ্টা করছে।

খাগড়াছড়ির পরিস্থিতির জন্য ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনকে দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘটনাস্থলে আছেন বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা কথা বলেছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালাচ্ছে। এসব অস্ত্র প্রায়ই দেশের বাইরে থেকে আসে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-সহিংসতাকে কেন্দ্র করে রোববার (২৮ সেপ্টেম্বর) গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার গুইমারা উপজেলায় এ ঘটনায় ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে জুম্ম-ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এ ছাড়া প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

এসিসি প্রেসিডেন্ট পাকিস্তানি, তাই ট্রফি নেয়নি ভারত

0

স্পোর্টস ডেস্ক ::

মঞ্চটা তৈরি ছিল, ছিল ট্রফিও। কিন্তু তা নিয়েই লুকোচুরি খেলা চলেছে ঘণ্টাখানেক। অতিথিরা মঞ্চে উঠবেন কি না—প্রায় মিনিট চল্লিশ স্থায়ী হয় সেই দ্বিধাদ্বন্দ্ব। তারা ওঠার পরও প্রায় মিনিট বিশেক অপেক্ষা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার। সেটির শেষটা হয় আরও নাটকীয়তায়। চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দিয়েই কি না মঞ্চ থেকে নেমে যান সব অতিথি! পৃথিবীর সব খেলা মিলিয়েই এমন ঘটনা খুঁজে পাওয়া বেশ কঠিন। এর মধ্যেই বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে ট্রফিটা নিতে চাননি তাঁরা। যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আর পিসিবি চেয়ারম্যানও।

ট্রফি হাতে না পেলেও অবশ্য ভারতের উদ্‌যাপন থেমে থাকেনি। কল্পনা করা ট্রফি নিয়ে উদ্‌যাপন করেন দেশটির ক্রিকেটাররা। দুই হাতে ট্রফি ধরে আছেন, এমন ভঙ্গিতে এগিয়ে যাওয়ার পর একসঙ্গে লাফিয়ে ওঠেন ভারতের সব ক্রিকেটার। তাঁদের ফটোসেশনের আনুষ্ঠানিকতাও শেষ হয় বাস্তব কোনো ট্রফি ছাড়াই। এমন বিরল ঘটনার সাক্ষী হওয়ার পর আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সংবাদ সম্মেলন।

সেখানে প্রথম প্রশ্নই হয় ট্রফি নিয়ে। সূর্যকুমার বলতে শুরু করেন এরপর—‘ক্রিকেট খেলা শুরুর পর বা যত দিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হচ্ছে না। তা–ও আবার সেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে, এমন না যে আমরা খুব সহজেই পেয়ে গেছি। আমার মনে হয় আমরা এটার প্রাপ্য ছিলাম, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না।’

জানা গেছে, ভারতীয় দলের পক্ষ থেকে শুরুতে দাবি করা হয় যেন ট্রফিটা মহসিন নাকভি না দেন। তখন সিদ্ধান্ত হয়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কিংবা আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি ট্রফি দেবেন। তবে ভারতের পক্ষ থেকে পরে দাবি করা হয়, তারা ট্রফি দেওয়ার সময় মঞ্চেই থাকতে পারবেন না নাকভি।

এরপরই ঘটে ওই দৃশ্যের। বাস্তব ট্রফি না পাওয়ার আফসোস আছে কি না—প্রশ্নের উত্তরে মজাই করেছেন ভারতীয় অধিনায়ক সূর্য, ‘আপনি ট্রফি দেখেননি? আমি নিয়ে এসেছিলাম (কল্পিত) ট্রফিটা, তাই না? দলও পোডিয়ামে ছিল। অভিষেক ও শুবমানও তাঁদের (ব্যক্তিগত অর্জনের জন্য পাওয়া) ট্রফির সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।’

এবারের এশিয়া কাপে ভারত টানা ৭ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে তিনটিতেই তাঁরা হারিয়েছে পাকিস্তানকে। এই সাফল্যের পেছনে থাকা সবাইকেই নিজেদের জন্য ট্রফি হিসেবে মনে করেন ভারতীয় অধিনায়ক।

সূর্য বলেন, ‘যদি আপনি ট্রফির কথা বলেন, আমার ট্রফি ড্রেসিংরুমে রাখা আছে, ১৪ জন ক্রিকেটার আর সাপোর্ট স্টাফ— তারা সবাই সত্যিকারের ট্রফি। আমি এই পুরো যাত্রায় তাঁদের বড় ভক্ত। সত্যিকারের সেই মুহূর্তগুলোকেই আমি সঙ্গে রাখব সারা জীবন।’

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই

0

স্পোর্টস ডেস্ক ::

শেষ ওভারে দরকার ছিল ১০ রান। বোলিংয়ে এসেছিলেন হারিস রউফ। তাঁর ৪ বলেই ১৩ রান নিলেন তিলক বর্মা ও রিংকু সিং। প্রথম বলে ২ রান নেওয়ার পর দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিলক। তৃতীয় বলে তিনি ১ রান নিয়ে স্ট্রাইক দেন রিংক সিংকে। রিংকু টুর্নামেন্টে নিজের প্রথম বল খেলতে নেমেই মিড অনের ওপর দিয়ে চার মারেন।

এর মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই থাকল। দলটি এ নিয়ে নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি–টোয়েন্টি সংস্করণে।

জিডিএন-সাস্ট’র ১০ম কার্যনির্বাহী সভাপতি সাদিক সম্পাদক ফাতিহা

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ারভিত্তিক সংগঠন ‘জিডিএন সাস্ট’-এর ১০ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিবলী সাদিক সজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফাতিহা আক্তার চৌধুরী (রাত্রি) মনোনীত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স বিল্ডিং-এর ৪০১ নং কক্ষে ৯ম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির এবং সহ-সভাপতি মিশকাত আহমেদ নওশাদ।

নতুন কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোসারাত মোরশেদ মাঈশা, সহ-সভাপতি মোহাম্মদ সাদমান শাহরিয়ার, সহ-সাধারণ সম্পাদক সুরাইয়া সিমা ও জান্নাতুল ফেরদৌসী সোনালী, যুগ্ম সম্পাদক সাওদা বেগম, কোষাধ্যক্ষ অনিন্দিতা ঘোষ, সহ-কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ শিমুল, সাংগঠনিক সম্পাদক লুতফা হুমাইরা ইসলাম ও এ.এইচ. মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা রাতিন ও তাওসিফ উৎস, দপ্তর সম্পাদক সাবেরা মাহমুদা তাসফিয়া, সহ-দপ্তর সম্পাদক নিলয় রয়, আইটি ও ডিজাইন সম্পাদক গাজী সাফফাত ও সহ-আইটি ও ডিজাইন সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক তামিমা জান্নাত তাম্মি ও সহ-গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ফাইয়াজ রাইদাহ, দক্ষতা উন্নয়ন সম্পাদক মো. আলী ও সহ-দক্ষতা উন্নয়ন সম্পাদক আশিকুর রহমান, যোগাযোগ সম্পাদক সাবরিনা ফেরদৌস উপমা ও সহ-যোগাযোগ সম্পাদক উম্মে হুরায়রা নদী, প্রোগ্রাম অ্যান্ড ইভেন্ট সম্পাদক সৈয়দ মুহিন ও সহ-প্রোগ্রাম অ্যান্ড ইভেন্ট সম্পাদক রাকিবুল হাসান সিয়াম, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক জয়া রয় ও সহ-শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক তানজিহা তাবাসসুম, সহ-পররাষ্ট্র ও শৃঙ্খলা সম্পাদক পাপন পাল, কৌশলগত উন্নয়ন ও সরবরাহ ব্যবস্থাপনা সম্পাদক হাসিব রহমান ও সহ-সম্পাদক নাবিলা সুলতানা লামিয়াহ এবং সহকারী ইভেন্ট সাপোর্ট সম্পাদক সাবরিনা বিনতে শহীদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজ হোসেন, ইয়াসির জীম, মিনহাজ উ সাজিদ, রনি কুমার দাস, মুনতাসির তন্ময়, মাহমুদুল হাসান মারজুক, মারিয়া কিবতিয়া নেহা, শাহাদাত হোসেন নাবিল, ফাহিম কবির, এ.এন.এফ. শাহরিয়ার খান, মোহাম্মদ সাইফুল আজমান সোহাগ এবং আব্দুল্লাহ আল মামুন।

খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গুলিতে তিনজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। তার ভাষ্য, গুইমারায় গুলিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। তাঁদের লাশ হাসপাতালে রয়েছে। তবে কার গুলিতে কীভাবে মারা গেছে, বিস্তারিত জানা যায়নি। তিনি আরও বলেন, গুলিতে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘আজকে যেটা হলো, আমার কাছে ভীষণ দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। ১৪৪ ধারা জারির পরও এমন ঘটনা ঘটার কথা ছিল না। নিয়ম অনুযায়ী তিনজনের বেশি মানুষ জড়োই হতে পারবে না। অথচ সেখানে দল বেঁধে মানুষ মিছিল করেছে। আমি বলব, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব—উভয়েরই ইমম্যাচিওর (অপরিণত) আচরণের জন্য এটা হয়েছে। কেউ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি।’

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে শনিবার ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি পালন করছে। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলাকালে রোববার দুপুরে গুইমারার একটি বাজারে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বেলা একটায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে।

বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে। বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। বাজারের দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে।

এ ঘটনার পর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আছে। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মংসাজাই মারমা ও কংজরী মারমা জানান, অবরোধের সমর্থনে তারা খাদ্যগুদামের সামনের সড়কের ওপর দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর গুলি করেন বলে অভিযোগ করেন এই দুজন। তাঁরা বলেন, গুলির পরপরই লোকজন ভয়ে দিগ্‌বিদিক পালিয়ে যান। এরপর ২০-২৫ জন লোক এসে রামেসু বাজার ও বসতবাড়ি লুটপাট করে এবং যাওয়ার সময় আগুন ধরিয়ে দেন। এসব লোকের সঙ্গে মুখোশ পরা লোকও ছিল। এ সময় দোকানপাট ও বসতবাড়ির সঙ্গে অনেকগুলো মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

খাগড়াছড়ির গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী মুঠোফোনে জানান, অবরোধ নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে ঝামেলা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও ঝামেলা হয়। এখন পরিস্থিতি উত্তপ্ত। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে খাগড়াছড়ি শহরে রোববার সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখা গেছে। বাজার ও বাজারের আশপাশে কোনো দোকানপাট খোলেনি। প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন, তাদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত, মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে। সে পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-৬

0

ফেরদৌস চৌধুরী রুহেল ::

আহমেদ আরিফ আরেফ তার কাজ চালিয়ে যেতে লাগল। সততার জন্য  আরেফকে খুব ভালবাসতেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। আরেফ অর্থমন্ত্রীর সান্নিধ্যে থাকায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামো উন্নয়নও বেশ গতি পায়। জেলা স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন এবং  বিভাগীয় স্টেডিয়াম এর জায়গা নির্বাচন সব কিছুই  দক্ষতার সাথে চালিয়ে নিতে থাকে আরেফ।

২০০৬ সালের শেষের দিকে হঠাৎ আরেফ আমার কাছে রাখা লাক্কাতুরা মাঠের ধারণ করা সেই ভিডিও’র  ক্যাসেটটি দিতে বলে। জানায় ওই ক্যাসেট নিয়ে ঢাকায় যাবে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এর বেশি কিছু আর আমাদের জানায়নি। শুধু এটুকই জানায় খুব জরুরি। ঢাকা থেকে ফিরে সব বলবে। আমরাও অপেক্ষায় থাকি। দুদিন দিন পরই আরেফ ফিরে আসে ঢাকা থেকে। আমরা বিস্তারিত জানার জন্য খুবই উদগ্রীব ছিলাম।  যা জানলাম, চমকে গেলাম আমরা। কে  বা কারা লাক্কাতুরা মাঠের একটি ছবি অর্থমন্ত্রীর কাছে পাঠিয়েছে, যেখানে রয়েছে মাদ্রাসার সাইনবোর্ড সংবলিত একটি ঘর, বলা হয়েছে ওখানে নাকি একটি মাদ্রাসা রয়েছে, ওই জায়গা মাদ্রাসার।  অর্থমন্ত্রী বলেছেন, এখানে যেহেতু মাদ্রাসা রয়েছে তাই বিভাগীয় স্টেডিয়াম করা ঠিক হবে না। তখনই আরেফ অর্থমন্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাওয়া ভিডিও ক্যাসেটটি দেখায়। ওই ভিডিওতে মাঠ এবং চতুর্পাশের টিলার চিত্র ছিল। সেখানে স্পষ্টভাবেই বুঝা যাচ্ছিলো মাদ্রাসার অস্তিত্ব নেই। অর্থমন্ত্রীর  বোঝার বাকি থাকে না যে এটি কোন  মহলের চক্রান্ত। আমরা সবাই আরেফের দূরদর্শী চিন্তার প্রশংসা করি। তার কারণেই ছিন্ন হয় চক্রান্তের জাল। ২০০৬ সালের শেষের দিকে আমাদের কাঙ্ক্ষিত  বিভাগীয় স্টেডিয়ামের জন্য জায়গা এবং  অর্থ বরাদ্দ করেন অর্থমন্ত্রী এম সাইফুর  রহমান। প্রথম পর্যায়ে পশ্চিম দিকের টিলা অপসারনের জন্য দরপত্র আহবান করেন তৎকালীন জেলা প্রশাসক এম এ ফয়সল। মাটি সরানোর কাজ শুরু হয়। আমরাও আশায় বুক বাঁধি নুতন বিভাগীয় স্টেডিয়ামের। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক