শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের উদ্দেশ্যে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম।
কমিটিতে যৌথভাবে কো-কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান এবং শাকসুর সাবেক সাধারণ সম্পাদক শাব্বির এ চৌধুরী। সদস্য সচিব হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। সভায় আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, “সাস্ট আমাদের গর্বের জায়গা। দেশ-বিদেশে সাস্টিয়ানরা গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখে চলছেন। অ্যালামনাই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আশরাফুল আলম, মোঃ আব্দুস সালাম, সেলিম মোঃ আলী আজগর, মুস্তাফিজুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকসুর সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু এবং সঞ্চালনা করেন খুরশিদ আলম হিটু। সহযোগিতায় ছিলেন ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ এবং এডভোকেট দেলোয়ার হোসেন শামীম।


