Home Blog Page 108

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাইচি

0

আধুনিক ডেস্ক ::

জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলীয় প্রধান নির্বাচিত করেছে। এতে প্রথম নারী হিসেবে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শনিবার (৪ অক্টোবর) তাকে দলীয় দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

৬৪ বছর বয়সী তাকাইচি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মনে করেন। দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, ধুঁকতে থাকা এলডিপির ভাগ্য ফেরাতে আমাকে ‘পর্বতসমান কাজ’ শেষ করতে হবে। কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করে আসছে এলডিপি। কিন্তু অভিবাসনবিরোধী ‘সানসেইতো’সহ ছোট দলগুলোর প্রতি সমর্থন বৃদ্ধির কারণে দলটির প্রতি সমর্থন ব্যাপকভাবে কমেছে।

রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত তাকাইচি এলডিপির দলীয় প্রধান নির্বাচনের প্রতিযোগিতায় বিভিন্ন কড়া মন্তব্য করে ব্যাপক আলোচিত হন। দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় চলতি মাসের শেষ দিকে তিনি নিশ্চিতভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের অনুমোদন পেতে যাচ্ছেন।

এলডিপির দলীয় প্রধান নির্বাচনে তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন শিনজিরো কোইজুমি। তাকাইচির চেয়ে ২০ বছরের ছোট কোইজুমি মধ্যমপন্থী হিসেবে পরিচিত। প্রথম দফায় দলীয় প্রধান নির্বাচন সম্ভব না হওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। এতে জয়ী হন তাকাইচি।

জয়ের পর এলডিপির সদর দপ্তরে তাকাইচি বলেন, ‘আপনাদের মতো এত মানুষের সঙ্গে মিলে আমরা এলডিপির জন্য একটি নতুন যুগের সূচনা করেছি। এখন খুশি হওয়ার পরিবর্তে, (আমি মনে করি) সামনে আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি নিশ্চিত, আমাদের একসঙ্গে করার মতো অনেক কাজ আছে। আমাদের মিলেমিশে কাজ করতে হবে।’

এলডিপির নবনির্বাচিত এই নেতা বলেন, ‘আমাদের সব প্রজন্মকে নিজে কাজ করতে হবে। (এলডিপিকে) পুনর্গঠনের জন্য এক হয়ে কাজ করতে হবে…সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’ তাঁর উৎসাহব্যঞ্জক এসব কথা শুনে উপস্থিত লোকজন করতালি দেন।

সিলেটে যানজট নিরসনে এনসিপির ২৭ দফা

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের যানজট নিরসনে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখা। শনিবার (৪ অক্টোবর) বেলা ৩টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা দেওয়া হয়। এনসিপি সিলেট জেলা ও মহানগরের আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে ২৭ দফা প্রাথমিক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক।

তিনি বলেন, ‘সিলেটের যানজট শুধু একটি নগর সমস্যা নয়, এটি নাগরিক জীবন, অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই অংশগ্রহণমূলক নীতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।’

এনসিপির ২৭ দফা প্রস্তাবনার মূল দিকগুলো হলো- অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন ও গবেষণাভিত্তিক তথ্য প্রকাশ, যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন, গ্যারেজ তালিকা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড, চার্জিং স্টেশন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, ফি নির্ধারণে আলোচনা ও রেকার ফি বৈষম্য দূরীকরণ, পরিবেশবান্ধব ডিসপোজাল ও চার্জিং নীতি গ্রহণ, সড়ক প্রশস্তকরণ ও অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থানান্তর, উঁচু ভবন নির্মাণে সীমাবদ্ধতা ও হাসান মার্কেট সংস্কার, হকার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ট্রাফিক সিস্টেম প্রবর্তন ও টার্মিনাল স্থানান্তর, মাজার এলাকা ব্যবস্থাপনা ও যানবাহনের জন্য আলাদা লেন চালু, নির্দিষ্ট রোডে যানবাহনের সীমা নির্ধারণ, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ, ট্রাফিক শিক্ষা ও সচেতনতা কর্মসূচি চালু, পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সংহতি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন যে, সিলেটের যানজট সমস্যার টেকসই সমাধানে এই ২৭ দফা প্রস্তাবনা স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে এ তথ্য। ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কান জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামলা থামানোর নির্দেশ দেন আইডিএফ-কে এবং আইডিএফ সেই নির্দেশ কার্যকর করেছে।

ইসরায়েলের আরেক বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিও জানিয়েছে, গাজায় অভিযান পুরোপুরি থামায়নি আইডিএফ, তবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে; অর্থাৎ হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ করেছে, তবে অবস্থান ও টহল অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধের অবসানের জন্য ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি পরিকল্পনা হাজির করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিকল্পনাটি প্রকাশের পরপরই তাতে সম্মতি দেন নেতানিয়াহু; কিন্তু গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখনও সাড়া দেয়নি।
গতকাল শুক্রবার হামাসকে আল্টিমেটাম দেন ট্রাম্প। তিনি বলেন, যদি রোববারের মধ্যে হামাস সাড়া না দেয়, তাহলে ‘নরক’ নেমে আসবে গোষ্ঠীটির ওপর। এই আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানায়, ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তিপ্রদান এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি আছে গোষ্ঠীটি।

হামাস সম্মতি দেওয়ার পর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই আহ্বান জানানোর কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণমাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসরায়েল।

আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে সিরিজ বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক ::

৬ বলে দরকার ছিল দুই রান। আজমতউল্লাহর প্রথম বল লং অন দিয়ে বাউন্ডারিতেই পাঠিয়ে দিলেন শরীফুল ইসলাম। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে গেল ৫ বল বাকি রেখেই। আফগানিস্তানের ১৪৭ রান বাংলাদেশ পেরিয়ে গেল ৮ উইকেট হারিয়ে। ২ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ২–০ ব্যবধানে এগিয়ে ট্রফি নিশ্চিত করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সিরিজজয়ের ম্যাচে শেষের নায়ক শরীফুল। দশ নম্বরে নেমে ৬ বলে ১১ রান করেছেন এই বাঁহাতি। এর আগে ম্যাচের শুরুতেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন এই শরীফুলই।

উইকেট পাননি, কিন্তু প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে আফগানিস্তানের ব্যাটসম্যানদের বড় শট খেলা থেকে আটকে রেখেছিলেন। পরে ডেথ ওভারের বোলিংয়ে ফিরে তিনিই ফিরিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজকে, ৩০ রান করে যিনি আজ আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

আফগানিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে আটকে রাখার পথে বিশেষ ভূমিকা ছিল নাসুম আহমেদ, সাইফউদ্দিনেরও। নাসুম ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন ২২ রান।

রান তাড়ায় বাংলাদেশ টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছে ২৪ রানের মধ্যেই। এরপর চতুর্থ উইকেটে শামীম হোসেন ও জাকের আলী গড়েন ৫৬ রানের জুটি। এই জুটি ভাঙার পর আরেকবার বিপদে পড়ে বাংলাদেশ। ১৮ ওভার শেষে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান, হাতে দুই উইকেট। সেখান থেকেই জয় নিশ্চিত করেছে নুরুল হাসান–শরীফুল জুটি। নুরুল অপরাজিত থেকেছেন ৩১ রানে।

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন

0

সংসদ নির্বাচনে শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে তফসিল ঘোষণার পরে আমরা আইনানুগভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন দেবো। তখন সেটা চূড়ান্ত এবং অফিসিয়াল হবে। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। শুধু দুইজন নয়, অনেক আসনে আমাদের পাঁচজন, সাতজন এবং দশজন করে যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা জেলা এবং বিভাগভিত্তিক করছি। আমরা খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সম্ভাব্য সকল প্রার্থীর কাছে ম্যাসেজ দিয়েছি যে, তারা একই বক্তব্য দেবেন। ধানের শীর্ষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

কর্মসূচির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি না, গণসংযোগ হতে পারে। এখানে কর্মসূচির কোনো বিষয় নেই। নির্বাচনকেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণ ও ভোটারদের কাছে যায়- সেটা প্রচারের মাধ্যমে আমরা আরও জোরদার করবো। সেটার কাজ চলছে। হয়তো আমরা গতি বা পরিধি বাড়াবো।

সমমনাদের আসন ছাড়ের বিষয়ে অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের সঙ্গে জোট হবে তাদের সঙ্গে আলাপ-আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই আসনগুলো চাইবো বা শেয়ার করবো-যে আসনগুলো জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। জোটের সঙ্গে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তারা তো তাদের দাবি উত্থাপন করবেই।

এনসিপির সঙ্গে আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক আলোচনা তো সব দলের সঙ্গেই হয়। এনসিপির সঙ্গেও হয়। তবে আসনভিত্তিক কোন আলোচনা তাদের সঙ্গে আমাদের হয়নি।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগের যে তৎপরতা আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি। জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি। উল্টো গণঅভ্যুত্থানকারীকে তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য পতিত স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছেন।

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের পরে উনার প্রেস সচিব এবং আইন উপদেষ্টা ব্যাখ্যা দিয়েছেন যে, আওয়ামী লীগেরা বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহারের সম্ভাবনা নেই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে। আর আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসার দাবি ছিল আমাদের। আওয়ামী লীগ এদেশে রাজনীতি ও নির্বাচন করতে পারবে কি না, সেটা বিচারের মাধ্যমে নির্ধারিত হবে।

সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের বক্তব্যের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু তার মেয়াদ বলেনি, সেই মেয়াদটা উনারাই ঠিক করবেন। অনেকেই নাকি চার-পাঁচ বছর, দশ বছর এবং ৫০ বছর থাকতে বলছেন। এই প্রসঙ্গটা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা। কিন্তু মেয়াদ তো প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন, তিনি ডিসেম্বরে নির্বাচন দেননি, ফেব্রুয়ারিতে দিয়েছেন।

টেকনাফে গহীন পাহাড়ে আটকে রাখা ৩৮ জনকে উদ্ধার

0

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়। শুক্রবার ( ৩ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের জন্য একদল পাচারকারী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রেখেছে। এ তথ্য পেয়ে শুক্রবার ভোরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ, আট শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় পাচারকারী অভিযোগে দু’জনকে আটক করা হয়।

ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় আটকে রেখে নির্যাতন চালাচ্ছিল।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরাইল

0

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরাইলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার একমাত্র জাহাজ দ্য ম্যারিনেটকেও শুক্রবার (৩ অক্টোবর) সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরাইলি বাহিনী আটক করেছে। লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি সেনারা জোরপূর্বক জাহাজটিতে প্রবেশ করছে।

ছয়জন নাবিক নিয়ে যাত্রা করা পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট ছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ কার্যকর জাহাজ। এর আগে বহরের ৪৩টি জাহাজ আটক করে দখলদার বাহিনী। ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরাইল। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।

এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরাইল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ::

রান তাড়ার শুরুটা ভালো ছিল বাংলাদেশের, ভালো হয়েছে শেষটাও। মাঝে রশিদ খানের ঘূর্ণিতে এলোমেলো হয়ে জয় নিয়ে শঙ্কাও জেগেছিল। তবে দিনশেষে জয়ী দলের নাম বাংলাদেশই। আফগানিস্তানের ৯ উইকেটে ১৫১ রান বাংলাদেশ টপকেছে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটিতেই উঠেছে ১০৯ রান। দুজনই করেছেন ফিফটি। তবে রশিদের স্পিন–ঘূর্ণিতে এক পর্যায়ে ১১৮/৬ পরিণত হয় বাংলাদেশের স্কোর। রশিদ টানা দুই ওভারে দুটি করে মোট ৪ উইকেট নেন। তবে নুরুল হাসান ও রিশাদ হোসেনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ১৮ বলে ৩৫ রান তুলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে।

খেলাকে শেষ ওভারে নিতে দেননি নুরুল–রিশাদ। জয়ের জন্য শেষ ১২ বলে যখন ১৬ রান প্রয়োজন, তখন ১৯তম ওভারে আক্রমণে আসেন ওমরজাই। নুরুল হাসান সোহান প্রথম দুই বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরের বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে রিশাদ হোসেন চার মেরে দলের জয় নিশ্চিত করেন। ইনিংসের ৮ বল বাকি থাকতেই বাংলাদেশ পৌঁছে গেছে ১৫৩ রানে, ৬ উইকেট হারিয়েই।

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু ১১.৪ ওভারে পারভেজ (৩৭ বলে ৫৪) ফরিদ আহমেদের বলে আউট হতেই যেন ছন্দপতন। এরপর মঞ্চে আসেন রশিদ খান এবং একাই ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। সাইফ হাসান (০), তানজিদ তামিম (৩৭ বলে ৫১), জাকের আলী (৬) ও শামীম হোসেনকে (০) ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন। উইকেটের মিছিলে সবশেষ সংযোজন তানজিম সাকিব। রানের খাতা খোলার আগেই নূরের বলে ফিরলেন এলবিডব্লিউ হয়ে। এতে ১০৯/০ থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮/৬।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) ও রহমানউল্লাহ গুরবাজের (৩১ বলে ৪০) ব্যাটে ভর করে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন।

বাংলাদেশের জন্য তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হলো জয় দিয়ে। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি শুক্রবার।

ভাষাসংগ্রামী আহমদ রফিক মারা গেছেন

0

আধুনিক ডেস্ক ::

ভাষাসংগ্রামী আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

আহমদ রফিককে গত ১১ সেপ্টেম্বর সকালে ল্যাবএইড হাসপাতাল থেকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় গত রোববার তাকে বারডেমে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে আহমদ রফিকের শারীরিক অবস্থা নিয়ে ইসমাইল সাদী প্রথম আলোকে জানিয়েছিলেন, তাঁর কিডনির সমস্যা রয়েছে। এ ছাড়া কয়েকটি ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে। তিনি এখন অচেতন অবস্থায় আছেন, তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

ভাষা আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে গবেষণা করেছেন আহমদ রফিক। তাঁর কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে তিনি দুই বাংলায় অগ্রগণ্য। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমদ রফিক।

আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভাড়া বাসায় থাকতেন। আহমদ রফিকের স্ত্রী মারা গেছেন ২০০৬ সালে। তিনি নিঃসন্তান।

অবশেষে চালু হচ্ছে সিলেটের সেই ‘বেওয়ারিশ হাসপাতাল’

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট জেলা হাসপাতাল নামে তৈরি হওয়া ২৫০ শয্যার হাসপাতালটির দায়িত্ব কেউ নিতে চাচ্ছিলো না। হাসপাতালাটি তাই পরিচিতি পায় ‘বেওয়ারিশ’ হিসেবে। অবশেষে গতি হচ্ছে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হাসপাতালের। সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, দুই মাসের মধ্যে এই হাসপাতাল চালু করা হবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) গণপূর্ত সচিবের সঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিলেটের জেলা প্রশাসক বলেন, জটিলতা কাটিয়ে মাস দুয়েকের মধ্যে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে। এটি চালু হলে ওসমানীতে রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, এই হাসপাতালের দায়িত্ব হস্তান্তরসহ অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রণালয় থেকে ৮ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীসহ ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়েছে। নবনির্মিত এই হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিস না-কি অন্য কোনো প্রতিষ্ঠান, আসলে কে পরিচালনা করবে তা এখনোও নির্ধারণ করা হয়নি।

সিলেট নগরের চৌহাট্টায় অবস্থিত এই হাসপাতালের নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও স্বাস্থ্য সংশ্লিস্টদের মতামত না নিয়ে স্থাপনা নির্মাণ করায় এই হাসপাতাল ভবনের দায়িত্ব নিতে রাজি হচ্ছিলো না কেউই। হাসপাতাল কমপ্লেক্সটি বুঝিয়ে দেওয়ার মতো কর্তৃপক্ষ পাচ্ছিলো না গণপূর্ত বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিসসহ কেউই এর দায়িত্ব নিতে রাজি হচ্ছিলো না। ফলে হাসপাতাল চালু করা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

গণপূর্ত বিভাগসূত্রে জানা গেছে, হাসপাতাল ভবনের বেজমেন্টে রয়েছে কারপার্কিং; প্রথম তলায় টিকিট কাউন্টার, ওয়েটিং রুম; দ্বিতীয় তলায় আউটডোর, রিপোর্ট ডেলিভারি ও কনসালট্যান্ট চেম্বার; তৃতীয় তলায় ডায়াগনস্টিক; চতুর্থ তলায় কার্ডিয়াক ও জেনারেল ওটি, আইসিসিইউ, সিসিইউ; পঞ্চম তলায় গাইনি বিভাগ, অপথালমোলজি, অর্থপেডিক্স ও ইএনটি বিভাগ এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় ওয়ার্ড ও কেবিন। এর মধ্যে আইসিইউ বেড ১৯টি, সিসিইউ বেড ৯টি এবং ৪০টি কেবিন রয়েছে।

জেলা হাসপাতাল প্র্রসঙ্গে সিলেট গণপূর্ত বিভাগের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ‘নির্মাণ কাজ শেষ হলেও এখন পরিচ্ছন্নতাসহ আনুষাঙ্গিক সামান্য কিছু কাজ বাকি রয়েছে। যে কাজগুলো মাসখানেকের ভেতরে শেষ করা হবে। এগুলো শেষ হলেই পুরোপুরিভাবে ভবনের সকল কাজ সম্পন্ন হয়ে যাবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন হস্তান্তর করে দেবে যে কোনো সময়। এখন সংশ্লিষ্টদের কাছে তুলে দিতে চাই; কিন্তু কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। আমরা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। তারা ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করবো।’

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে ৮ সদস্যের একটি কমিটি দেওয়া হয়েছে। কমিটি তাদের কাজ করে যাচ্ছে। কাজ সম্পূর্ণ হয়ে গেলে নব নির্মিত হাসপালকেই সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হতে পারে।

২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জমির ওপর হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালটির অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায় পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পরে ২০২০ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। এর আগে আবু সিনা ছাত্রাবাস প্রত্নতাত্ত্বিক নিদর্শন উল্লেখ করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে নামেন সিলেটের নাগরিক সমাজ।