Home Blog Page 107

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-৭

0

ফেরদৌস চৌধুরী রুহেল ::

আমাদের স্বপ্ন অবশেষে ডালপালা মেলতে শুরু করে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের জন্য নির্বাচিত হয় লাক্কাতুরা মাঠ। ২০০৭ সালে টিলা অপসারণ করে মাঠ এবং বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারির কাজ শুরু হয়। তখন নির্বাচনের মাধ্যমে বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়। আমিও সেই নির্বাচনে অংশগ্রহণ করি, ধারাবাহিকতা বজায় রাখার জন্য- যেহেতু আমি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন করি। সেই নির্বাচনে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ সিলেটের সকল জেলা ক্রীড়া সংগঠকরা অংশ নেন। এই একবারই বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল।

ওই নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমার বন্ধু ইমরান চৌধুরী। তার মাধ্যমে এবং সে সময়কার অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ঐকান্তিক ইচ্ছায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নামে বরাদ্দকৃত অর্থে বিভাগীয় স্টেডিয়ামের কর্মযজ্ঞ শুরু হয়। আমি বিশেষ করে উৎসাহী ছিলাম কারণ এই মাঠটি আমার ঘরের মাঠ। এখানে স্টেডিয়াম নির্মিত হলে আমাদের স্টেডিয়াম বা খেলার মাঠের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে এবং আমাদের এলাকার সব ইভেন্টের খেলোয়াড়দের অনুশীলন করার নুতন দুয়ার উম্মুক্ত হবে। দ্রুতগতিতেই কাজ এগুতে লাগল। এক সময় বাস্তব রূপ নিলো আমাদের স্বপ্নের বিভাগীয় স্টেডিয়াম। লাক্কাতুরা খেলার মাঠ রূপ নিলো সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।

বিভাগীয় স্টেডিয়াম নির্মিত হওয়ার পর জাতীয় ক্রিকেট লিগ এবং সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ২০১১ সাল থেকে আমরা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু প্রতিষ্ঠার দাবি জানাতে শুরু করি। এমন দাবির প্রেক্ষিতে বিশেষ করে সিলেট জেলা স্টেডিয়ামে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় হাজার হাজার সমর্থকদের সম্মুখে অর্থমন্ত্রী, এবং ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে আমি সহ অন্যরা যখন বক্তব্যের মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর পক্ষে জোরালো দাবি জানাই-তখন সেটি আর শুধু একটি দাবি থাকেনি। সকলেই এর প্রয়োজনীয়তা উপলব্দি করেন। শুরু হয় নতুন লক্ষ্য নিয়ে দৌড়ঝাঁপ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু প্রতিষ্ঠার জন্য বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা তখন এ স্বপ্ন নিয়েই ছুটতে থাকেন। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

শারজায় নয় সৌম্যকে দেখা গেল সিলেটের মাঠে

0

স্পোর্টস ডেস্ক ::

শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ওই সিরিজের জন্য স্কোয়াডে আছেন সৌম্য সরকারও। কিন্তু রোববার (৫ অক্টোবর) সিলেটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে দেখা গেল সৌম্য সরকারকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের হয়ে রোববার তিনি ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নামেন। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে ২৪ রান করে আউট হন। ম্যাচে সৌম্যর দল খুলনা ১৭ রানে জয়ী হয়েছে। সৌম্য আসলে সিলেটে রয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায়। ভিসা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারেননি বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

বিসিবি থেকে দেরিতে ভিসার আবেদন করায় সাড়া দেয়নি ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাস। এ কারণেই গত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা সৌম্য আফগানিস্তান সিরিজেও খেলতে পারছেন না। সৌম্যকে ছাড়াই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রোববারও সিরিজের শেষ ম্যাচে তাকে ছাড়াই খেলছে জাকের আলীর দল।

বাংলাদেশ দলে ডাক পাওয়ার খবরে সৌম্য এনসিএলে দুই ম্যাচ খেলেই সিলেট ছেড়ে ঢাকা এসেছিলেন। মিস করেছেন খুলনার হয়ে তিনটি ম্যাচ। রোববার আবার দলে ফিরেন।
গত জুলাইয়ে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন সৌম্য। কিন্তু পিঠের চোটের কারণে সেই সিরিজ থেকে ছিটকে যান। এর আগে শ্রীলঙ্কা সফরেও চোটের কারণে খেলতে পারেননি। ছিলেন এশিয়া কাপের প্রাথমিক দলেও। যদিও মূল স্কোয়াডে জায়গা হয়নি, রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ছন্দে নেই সৌম্য। সর্বশেষ ৩০ ইনিংসে কোনো ফিফটি পাননি। যদিও এনসিএলের প্রথম দুই ম্যাচে রান পেয়েছেন। রাজশাহী বিভাগের বিপক্ষে ৬২ আর ঢাকা মহানগরের বিপক্ষে ৪৫। আর রোববার ঢাকা বিভাগের বিপক্ষে করলেন ২৪ রান।

ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

0

আধুনিক ডেস্ক ::

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১২ জনে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৪২ জন। মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা একদিনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৯০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১০২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

বালু ও পাথরবোঝাই ট্রাক আটক : সিলেটের কোম্পানীগঞ্জে চেকপোস্টে হামলা, ৫ পুলিশ সদস্য আহত

0

কোম্পানীগঞ্জ প্রতিনিথি ::

সিলেটের কোম্পানীগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে। উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। আহত পুলিম সদস্যরা হলেন- এএসআই আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।

পুলিশ জানায়, অবৈধ বালু পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটের সামনে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল। রোববার সকালে এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে ২টি ট্রাক আটক করা হয়। একটি ট্রাকে বালু ও একটিতে পাথর বোঝাই ছিল। বালু ও পাথরের বৈধ কাগজ দেখতে চাইলে বাকবিতন্ডায় জড়ায় ট্রাকের ড্রাইভার। এর কিছুক্ষণ পর একটি বাসে করে ৩০-৪০ জন এসে পুলিশের উপর হামলা করে ট্রাক ২টি ছিনিয়ে নিয়ে যায়। এসময় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান, বালু পাথরবোঝাই ২টি ট্রাক আটক করে বালু পাথর ও গাড়ির বৈধ কাগজপত্র পুলিশ দেখতে চাইলে ড্রাইভার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেন। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে ২ গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে গাড়ি নিয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ওসি রতন শেখ।

অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় কারা জড়িত, অনুসন্ধান চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

এবারের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ধর্মীয় নেতাদের জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা এ বিষয়ে সহযোগিতা করছেন। প্রতিটি ক্ষেত্রে জিডি করা হয়েছে। কারা কারা এ ঘটনায় জড়িত, সে অনুসন্ধান চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছিল। এ চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ ছিল, যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পার্শ্ববর্তী একটি দেশে প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে এখানে অসুরের মুখে দাড়ি লাগানোর কাজটিতে তাদের যোগসূত্র দেখা যাচ্ছে। গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি ও দুর্গাপূজার জন্য গঠিত কমিটির সহযোগিতায় কুচক্রীদের চক্রান্ত সরকার নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের ঘটনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে ধর্ষণের অভিযোগ নিয়ে এত তুলকালাম, সে ঘটনার মেডিকেল প্রতিবেদনে আলামতই পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পাহাড়ি-বাঙালির সহযোগিতায় সুষ্ঠুভাবে ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে। এরই মধ্যে পার্বত্য জেলায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ১৪৪ ধারাও প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধনও ছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পবিত্র কোরআন অবমাননার অভিযোগের বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে অনুসন্ধান চলছে।

শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐকমত্য কমিশন

0

আধুনিক ডেস্ক ::

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা জানান তিনি।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া, গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে।

কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন।

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

0

আধুনিক ডেস্ক ::

ওমরাহ পালন সবসময়ই মুসলিমদের জন্য স্বপ্নের সফর। তবে ভিসা, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা অনেক সময় ভ্রমণকারীদের বিপাকে ফেলে। অনেকে এজেন্টের ওপর নির্ভর করেন, আবার কেউ কেউ পর্যটক ভিসায় গিয়ে ওমরাহ পালন করে থাকেন। কিন্তু সম্প্রতি সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল, পরিবহন সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। এমন বেশ কিছু শর্ত মানতে হবে ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিদের।

এখন থেকে ভিসার আবেদন করার সময়ই হোটেল বুক করতে হবে। অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে। হোটেল ও পরিবহণ ব্যবস্থা সৌদি আরবের ‘মাসার’ নামক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত। এমনকি ট্যাক্সিও পোর্টালের মাধ্যমে বুক করতে হয়, যাতে শুধু অনুমোদিত পরিষেবা ব্যবহার করা যায়।

পরিবার বা আত্মীয়ের বাসায় থাকার ক্ষেত্রে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সময় পরিবর্তন বা সফর পিছালেও একই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে।

এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন সম্ভব নয়। যারা চেষ্টা করবেন, তাদের থামিয়ে দেয়া হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ থাকবে।

বাধ্যতামূলক ওমরাহ ভিসা সকল হজযাত্রীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ডেডিকেটেড ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে, হয় ই-ভিসা হিসেবে অথবা অনুমোদিত অপারেটরদের মাধ্যমে প্যাকেজ বুকিং করে।

ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন দেশগুলোর ভিসাধারীরা শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন। শর্ত হলো, আগে এসব দেশে অন্তত একবার ভ্রমণ করতে হবে এবং এবং ভিসার মেয়াদ এক বছর হতে হবে।

আগমনের পর বিমানবন্দরে কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। কোনো কিছু অনুপস্থিত থাকলে জরিমানা বা ভ্রমণে বাধা দেয়া হতে পারে।

পথচারী ট্যাক্সি বা যে কোনো গাড়ি নেওয়া যাবে না। শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে।

হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলে না। তাই এ সময়ের পর আসলে আগে থেকেই অনুমোদিত পরিবহন বুক করতে হবে। অন্যথায় হজযাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারে।

যে কোনো নিয়ম লঙ্ঘনের জন্য ভারি জরিমানা রয়েছে। নিয়ম ভঙ্গের জন্য কর্তৃপক্ষ হজযাত্রী এবং এজেন্ট উভয়ের উপরই বড় ধরনের জরিমানা আরোপ করতে পারে।

বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি থেকে

0

আধুনিক ডেস্ক ::

রোজা কবে শুরু হতে পারে-ধারণা দিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাস শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এ চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে। কিন্তু এ নতুন চাঁদ সূর্যাস্তের এক মিনিট পরই অস্ত যাবে। তাই সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। আর সে হিসেবে বাংলাদেশে রমজানের প্রথম দিন হতে পারে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার। ভৌগলিক অবস্থানের কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদের দেখা মেলে।

বর্ষপঞ্জির হিসেবে বসন্তের শুরুতে বাংলাদেশ রমজান শুরু হবে। প্রতিবছর রোজা শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে, যেটা নিশ্চিত হওয়া যায় শাবান মাসের ২৯ তারিখ পর্যবেক্ষণ করার পর। প্রতিটি দেশের ধর্ম মন্ত্রণালয় ও চাঁদ দেখা কমিটি নিজস্ব পদ্ধতি অবলম্বন করে রোজা শুরুর ঘোষণা দিয়ে থাকে।

ইসলামিক বর্ষপঞ্জির হিসাব হয় চাঁদের চক্র অনুসরণ করে, যেখানে প্রতি মাসের গণনা শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে। সৌর মাসের চেয়ে চন্দ্র মাসের ব্যাপ্তি কম হওয়ায় গ্রেগরিয়ান বর্ষপঞ্জির হিসাবে প্রতিবছর রোজা ১০ থেকে ১১ দিনের মত এগিয়ে আসে। সেই হিসেবে ৩৩ বছরের একটি চক্রে সব মাসেই রোজা রাখার সুযোগ মেলে মুসলমানদের।

টি–টোয়েন্টিতে ‘ডটের রাজা’ এখন মোস্তাফিজ

0

স্পোর্টস ডেস্ক ::

প্রতিপক্ষের রানের চাকা থামাতে হলে তার বিকল্প নেই। বাংলাদেশ দলে ‘ডেথ ওভার বিশেষজ্ঞ’ হিসেবে স্বীকৃত—মোস্তাফিজুর রহমান! তবে আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সিরিজ জয়ের ম্যাচে ডেথ ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ১৮ ও ২০তম ওভার মিলিয়ে দিয়েছেন ১৬ রান। ১৮তম ওভারে ৬ রান দিলেও শেষ ওভারে দেন ১০ রান। সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে উইকেটশূন্য থেকে দেন ৪০ রান। কিপটেমি খুব একটা দেখাতে না পারলেও এর মধ্যেই ৭টি ডেলিভারি ছিল ‘ডট’। আর সেই ডট দিয়েই আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক দারুণ তালিকায় শীর্ষে উঠে গেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

টি–টোয়েন্টি যেহেতু চার–ছক্কার খেলা, সেখানে প্রতিটি ডট বল সোনার চেয়েও দামি। মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল আদায় করা বোলার। শুক্রবার ম্যাচ চলাকালীন তাঁর ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, ‘আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের—১১৪২!’

অর্থাৎ এ পর্যন্ত ১১৪২টি ডট আদায় করেছেন মোস্তাফিজ, যা এই সংস্করণে সর্বোচ্চ। তালিকায় দ্বিতীয় নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি, তৃতীয় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। চারে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ, পাঁচে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

এই তালিকায় এক হাজারের বেশি ডট দেওয়া বোলার আছেন কেবল তিনজন—মোস্তাফিজ, সাউদি ও সাকিব। আদিল রশিদ ১২৬ ইনিংসে ২৭৫৬ বল করে ডট আদায় করেছেন ৯৮৮টি (৩৫.৮৪ শতাংশ)। আফগান রশিদ খান ১০৫ ইনিংসে ২৪০৮ বল করে ডট আদায় করেছেন ৯৮৪টি (৪০.৮৬ শতাংশ)।

শীর্ষ দশে বাংলাদেশের আর কোনো বোলার নেই। তবে ১১তম স্থানে আছেন তাসকিন আহমেদ। তিনি ৮১ ইনিংসে ১৭৫৫ বল করে ডট আদায় করেছেন ৮৩৮টি—অর্থাৎ প্রায় অর্ধেক বলেই (৪৭.৭৪ শতাংশ) ব্যাটসম্যানকে আটকে রেখেছেন।

ডট আদায় করা শীর্ষ পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে কম ছক্কা হজম করেছেন রশিদ খান (৮২টি)। এরপর আছেন মোস্তাফিজ (১০৪), সাকিব (১২০), সাউদি (১৪২) ও আদিল রশিদ (১৮৪)। উইকেট শিকারে এই পাঁচজনের মধ্যে এগিয়ে আছেন রশিদ খান। ১৭৯ উইকেট নিয়ে তিনি টি–টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি। সাউদি নিয়েছেন ১৬৪, মোস্তাফিজ ১৫২, সাকিব ১৪৮ ও আদিল ১৪১ উইকেট। কিপটেমির দিক থেকেও শীর্ষে রশিদ খান। তাঁর ইকোনমি রেট ৬.১২। এরপর সাকিব (৬.৮০), মোস্তাফিজ (৭.৩২), আদিল (৭.৪৮) ও সাউদি (৮.০০)। অর্থাৎ উইকেট, ইকোনমি কিংবা ডট—সব জায়গাতেই নাম আছে মোস্তাফিজের। কখনো কৃপণ, কখনো শিকারি।

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘আলফু চেয়ারম্যান’ গ্রেপ্তার

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যান। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ শনিবার সন্ধ্যায় জানিয়েছেন, গ্রেপ্তার আলফু চেয়ারম্যানকে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।