Home Blog Page 106

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

0

আধুনিক ডেস্ক ::

এ বছর পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেলেন জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এই বিজ্ঞানীদের এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা।

প্রতিবছর পদার্থবিজ্ঞানে ও রসায়নে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। আর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

মোগলাবাজারে ট্রেন লাইনচ্যুত : আড়াই ঘণ্টা থমকে ছিলো সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মী ও ট্রেনের অন্য বগির যাত্রীরা আহতদের উদ্ধার কাজে অংশ নেন।

ঘটনার পর রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে একটি লাইন সচল করা সম্ভব হয়। এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে। তবে উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নূরুল ইসলাম।

সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ

0

আধুনিক ডেস্ক ::

সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে রোববার একথা জানিয়েছে সৌদি গ্যাজেট।

এক প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও অন্য যেকোনো ধরনের ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

0

আধুনিক ডেস্ক ::

২০২৫ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা শুরু হয়েছে। আজ প্রথমেই ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীদের নাম। চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান (যেমন: কিছু খাদ্য উপাদান, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া) এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া (immune response) সৃষ্টি হওয়া রোধ করা হয়। বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি-এই ছয়টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় নোবেল।

উপদেষ্টা আসছেন পরিদর্শনে, তাই ঢাকা-সিলেট মহাসড়কে চলছে জোড়াতালির কাজ

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় ভাঙন অংশ সমতল করতে তিন স্তরে ইট বিছানো হচ্ছে। তবে সড়কের মাঝখানে ইট ও বালুর স্তূপ ফেলে রাখায় উল্টো যানজট আরও বেড়েছে, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের। বুধবার এ এলাকা পরিদর্শনে আসছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। স্থানীয় লোকজন বলছেন, উপদেষ্টার আগমন উপলক্ষে তড়িঘড়ি করে সংস্কারকাজ শুরু হয়েছে। উপদেষ্টা চলে গেলে আবার ইট তুলে ফেলা হবে। তারা মনে করছেন, এটি অর্থের অপচয়। তবে সওজ কর্তৃপক্ষ বলছে, এটি সংস্কার নয়, মেরামতকাজ; ইট সরানো হবে না, বরং স্থায়ী সমাধানের অংশ হিসেবেই কাজটি চলছে।

সওজের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কার্যালয়সহ স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের বিভিন্ন দপ্তর থেকে গত শনিবার নির্দেশ আসে—৭২ ঘণ্টার মধ্যে সরাইল বিশ্বরোড অংশে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। এরপর শনিবার বিকেল থেকেই সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় সড়ক মেরামতের কাজ শুরু করে সওজ। সেখানে তিন স্তরে ইট বিছানোর কাজ চলছে। গোলচত্বর অংশে ১২ মিটার প্রস্থ ও ১৮৫ মিটার দৈর্ঘ্য, আর গোলচত্বর থেকে সিলেটমুখী সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ পর্যন্ত ১৯০ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৩ মিটার প্রস্থে তিন স্তরে ইট ও বালু বিছানো হচ্ছে। ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি ইট আনা হচ্ছে। এখানে মোট চার লাখ ইট বিছানো হবে। শনিবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত গোলচত্বর এলাকায় তিন স্তরে ইট বিছানোর কাজ চলে।

সওজের একাধিক কর্মকর্তা জানান, বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা থেকে ট্রেনে ভৈরবে এসে সড়কপথে সরাইল বিশ্বরোডে যাবেন। তিনি সেখানে গোলচত্বরের ভাঙন, যানজট এলাকা ও মেরামতকাজ পরিদর্শন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহীম খান সাদাত বলেন, ‘এক বছর ধরে যে মানুষ দুর্ভোগ সহ্য করেছে, তখন তো সওজ বা প্রকল্পের লোকজনের মাথাব্যথা ছিল না। এখন উপদেষ্টা আসবেন বলে সড়ক মেরামত। পরিদর্শনের পর আবার রাস্তা খুঁড়ে ইট তুলে ফেলবে—এটা তো অর্থের অপচয়। উপদেষ্টাকে সড়কের প্রকৃত চিত্রই দেখানো উচিত। আমাদের কষ্ট কি তাদের স্পর্শ করে না?’

প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, স্থানীয় সড়ক বিভাগ কিছু, কিছু ঢাকা-সিলেট মহাসড়ক কর্তৃপক্ষকে দিয়ে সড়কের ৬০০ থেকে ৭০০ মিটার অংশের মেরামতকাজ চলছে। চার লেন প্রকল্প এখানে কিছুই করছে না।

সওজ, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ আট বছর ধরে ধীরগতিতে চলছে। ৫ হাজার ৭৯১ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশীয় অর্থ ও ভারতীয় ঋণে চলমান প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ ফেলে দেশে ফিরে যান। প্রায় তিন মাস পর তাঁরা ফিরে এসে কাজ শুরু করেন। এর মধ্যে তাঁদের অনেক মালামাল খোয়া যায়। ৫ আগস্টের পর প্রকল্পের কাজের গতি আরও কমে যায়। প্রতিষ্ঠানটির দাবির পরিপ্রেক্ষিতে গত মাসের শেষে বাংলাদেশ সরকার অতিরিক্ত ১৬৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়।

এ বিষয়ে প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, প্রকল্পের সমস্যা সমাধানে ১৬৩ কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

দীর্ঘদিন ধরে চলমান জনদুর্ভোগের মধ্যে এত দিন কেন কাজ শুরু করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো সংস্কারকাজ নয়, বড় একটি কাজ। আমরা নির্দেশনার অপেক্ষায় ছিলাম। নিজেরা বড় উদ্যোগ নিলে প্রশ্ন উঠত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পরই স্থায়ী সমাধানের অংশ হিসেবে আমরা কাজে হাত দিয়েছি।’

শনিবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত এবং সোমবার সকাল পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, গোলচত্বর এলাকায় তিন স্তরে ইট ও বালু বিছানো হয়েছে। রোববার রাত পর্যন্ত সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন, তবে সোমবার সকালে কাউকে পাওয়া যায়নি। সড়কের বিভিন্ন অংশে ইট ও বালুর স্তূপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী যানবাহনগুলো ভোগান্তিতে পড়ছে। সওজের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনদুর্ভোগ লাঘবে আমরা তিন স্তরের ইট বিছানোর কাজ করছি।

সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল বলেন, জরুরি ভিত্তিতে জনদুর্ভোগ লাঘবে সওজের উদ্যোগে কাজ শুরু হয়েছে। এখান থেকে ইট সরানো হবে না। তিন স্তরের ইট বিছানো হলে যানজট সৃষ্টি হবে না।

আমিনুলই আবার বিসিবি সভাপতি

0

আধুনিক ডেস্ক ::
বিসিবির পুরো নির্বাচনের মতো এটিও ছিল অনুমিতই। নির্বাচন কমিশনের ঘোষণা তাই হলো শুধু আনুষ্ঠানিকতাই। বিসিবি সভাপতি হিসেবে আবার দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। পরে তাদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল। একই নির্বাচনে দুজন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

ফলাফল ঘোষণা করতে এসে সংবাদ সম্মেলনে আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন।

গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে সভাপতি করা হয়। এবার আমিনুল ঢাকা বিভাগের পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন। বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক হয়েছেন। নতুন করে সহসভাপতি হওয়া ফারুক আহমেদ বিসিবির সভাপতিও ছিলেন। অন্য সহসভাপতি শাখাওয়াত সর্বশেষ বিসিবি সভাপতির ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা ছিলেন।

সেনাপ্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: আইএসপিআর

0

আধুনিক ডেস্ক ::
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। সোমবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরও উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা (স্টাডি পিরিয়ড) অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সেনাসদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জ উপস্থাপিত হয়। এই আলোচনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর জন্য প্রযোজ্য বাংলাদেশ দণ্ডবিধি (সিআরপিসি) ১২৭-১৩২ ধারা, বর্তমানে সেনাবাহিনীকে প্রদত্ত ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ আরোপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের বিভিন্ন দিক আলোকপাত করা হয়। আইনগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের মাধ্যমে মাঠে নিয়োজিত সেনাদল কর্তৃক প্রযোজ্য আইনের ধারা সঠিকভাবে অনুধাবন করে পেশাদারি ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব সঠিক-সুচারুরূপে পালনে সক্ষম করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের একপর্যায়ে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এ মাঠে নিয়োজিত সেনাসদস্যদের সিআরপিসি ১৩২-এ প্রদত্ত দায়মুক্তির বিষয়ে কথা ওঠে। সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে সিআরপিসি ১৩২-এ প্রদত্ত দায়মুক্তি এবং আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ (সংশোধিত ২০২৪)-এর সঙ্গে এর সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন। সিআরপিসির অধীনে সরকারি আদেশে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সেনাসদস্যরা প্রদত্ত আইনি বিধান অনুসারে বেআইনি জনসমাগম ছত্রভঙ্গ করেন। অতএব, দায়িত্বরত এই সেনাসদস্যদের আইনগত সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনার কোনো পর্যায়েই সেনাপ্রধান গুম-খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি দেওয়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি। কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি অসৎ ও হীন উদ্দেশ্যে বরাবরের মতো এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু ও সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারি ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, একটি অসাধু ও কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানের বক্তব্য বিকৃত করে যে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এমন অবস্থায় এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।

‘ব্যাটারি রিকশা’র বিকল্প চিন্তা করছে এসএমপি, জানালেন পুলিশ কমিশনার

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে ব্যাটারিচালিত রিকশা-েঅটোরিকশার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পরিবহন চালুর কথা ভাবছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (৬ অক্টোবর) নগরের একটি কনভেনশণ সেন্টারে আয়োজিত ‘এশিয়া বাণিজ্য মেলা’ নামে একটি আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটিই জানালেন এসএমপি কমিশনার কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।

এসএমপি কমিশনার বলেন, এই যে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ অটোরিকশা-আমরা এগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, এখন মানবিক দিকটাও কিন্তু আমাদের চিন্তা করার বিষয় আছে। এদের পেছনে যে পরিবারটা আছে, এই রিকশা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে-তাদের জন্য কি আমরা কিছু করতে পেরেছি? এটা একটা মানবিক প্রশ্ন। এখন আইন প্রয়োগ করতে গেলে একটা পক্ষ কিন্তু ক্ষতির শিকার হচ্ছে। আমরা চিন্তা করছি একটা পরিবেশবান্ধব পরিবহন এখানে কীভাবে আনা যায়-যেটা দিয়ে কিছ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই নগরকে স্মার্ট ও সুন্দর করা যায়।

বাণিজ্য মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো.ইসহাক মিয়ার সভাপতিত্বে জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ::

সবশেষ এশিয়া কাপ থেকে অসাধারণ ফর্মে থাকা সাইফ হাসান আবার জ্বলে উঠলেন। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তুললেন ছক্কার ঝড়। ফিফটি হাঁকিয়ে মোট সাতবার তিনি বল আছড়ে ফেললেন সীমানার ওপারে। তার নৈপুণ্যে অনায়াসে জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। রোববার শারহাজতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। আফগানদের ছুঁড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তারা স্পর্শ করে ১২ বল হাতে রেখে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪১টি সিরিজ খেলে অষ্টমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর মধ্যে তিন ম‍্যাচের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ও সব দল মিলিয়ে চতুর্থবার ৩-০ ব‍্যবধানে জিতল তারা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা বাকি চারটি সিরিজ ছিল দুই ম্যাচের।

১৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফসেঞ্চুরির স্বাদ নিলেন ডানহাতি ব্যাটার সাইফ। ৩২ বলে ফিফটি ছুঁয়ে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৮ বল মোকাবিলায় তিনি দুটি চারের সঙ্গে হাঁকান সাতটি ছক্কা।

এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড পারভেজ হোসেন ইমনের দখলে। গত মে মাসে এই মাঠেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নয়টি ছক্কা মেরেছিলেন তিনি। রিশাদ হোসেনের সঙ্গে যৌথভাবে পরের অবস্থানে উঠে এলেন সাইফ। গত বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ছক্কা এসেছিল রিশাদের ব্যাট থেকে।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো ‘একমত’

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় জুলাই সনদ বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনার শেষে এ কথা বলেন আলী রীয়াজ।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আমরা এটিকে বাস্তবায়নপ্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখছি।’

অধ্যাপক আলী রীয়াজ জানান, এর আগে ১১, ১৪ ও ১৭ সেপ্টেম্বর তিনটি বৈঠকের পর দলগুলোর পারস্পরিক আলাপ-আলোচনার জন্য কিছু সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষে আজকের বৈঠকে এসে গণভোট ও সাংবিধানিক সংস্কার নিয়ে দলগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থান তৈরি হয়েছে।

সংসদ নির্বাচনের পর গঠিত নতুন আইনসভার কাঠামো সম্পর্কেও কমিশনের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। আলী রীয়াজ বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যে আইনসভা গঠিত হবে, সেটিকে এমন বৈশিষ্ট্য দিতে হবে, যাতে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনগুলো সহজে সম্পন্ন করা যায়। এ বিষয়েও কার্যত রাজনৈতিক দলগুলো একমত।’

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, আগে দলগুলোর একাংশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বললেও বর্তমানে অধিকাংশ দলই মনে করছে, এর আর প্রয়োজন না–ও হতে পারে।

রাজনৈতিক দলগুলোর ‘সহনশীলতা’ ও ‘অবস্থান পরিবর্তনের সাহসিকতা’কে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আলী রীয়াজ বলেন, ‘তারা দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় ঐক্য তৈরিতে ভূমিকা রেখেছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা বড় ধরনের অগ্রগতি।’

অগ্রগতির দিকটি সকালেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়েছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। প্রধান উপদেষ্টা দ্রুততার সঙ্গে সুপারিশ চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

১৫ অক্টোবরের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেওয়ার বিষয়ে কমিশন আশাবাদী বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এরই মধ্যে আলোচনায় যুক্ত ৩০টি দলের তিন-চতুর্থাংশ দলের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য প্রতিনিধিদের নামও পাঠানো হয়েছে।

আগামী ৮ অক্টোবর বিকেলে আবারও রাজনৈতিক দল ও জোটগুলোকে নিয়ে বৈঠক হবে বলে জানান আলী রীয়াজ। পাশাপাশি আইনি ও সাংবিধানিক কাঠামো স্পষ্ট করার জন্য বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার উপস্থিত ছিলেন।