Home Blog Page 105

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দণ্ডও বাতিল হবে, অধ্যাদেশ সংশোধন হচ্ছে

0

আধুনিক ডেস্ক ::

সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার। এর মাধ্যমে ইতিমধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েকটি ধারায় কারও দণ্ড হয়ে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। তদন্তাধীন মামলাও বাতিল হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

উপদেষ্টা পরিষদের অনুমোদন হওয়া খসড়ায় বলা হয়, রহিত করা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারাগুলোর অপরাধ সংঘটনে সহায়তার অপরাধে কোনো আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্নাধীন কোনো মামলা বা অন্যান্য কার্যধারা অথবা পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে তদন্তাধীন মামলা বা কার্যক্রম বাতিল হবে এবং এ বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। এ ছাড়া ওই ধারাগুলোর অধীন কোনো আদালত বা ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড ও জরিমানা বাতিল বলে গণ্য হবে।

শুধু রাস্তা রাস্তা করে সমস্যার সমাধান হবে না: ফাওজুল কবির খান

0

আধুনিক ডেস্ক ::

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সবাই খালি রাস্তা চায়। যার ফোর লেন আছে, সে বলে সিক্স লেন করতে হবে। রাস্তা রাস্তা করে এই সমস্যার সমাধান করা যাবে না। যেভাবে রাস্তা হচ্ছে, তাতে বাসাবাড়ি করার জায়গা থাকবে না, শিল্প-কারখানা করার জায়গা থাকবে না, মানুষকে কবরে দেওয়ার জন্য কোনো জায়গা থাকবে না। রাস্তা রাস্তা করলে আমরা এগোতে পারব না। রাস্তার পাশাপাশি রেলের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি নৌপথ ব্যবহার করতে হবে।’

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে নেওয়া কাজের অগ্রগতি দেখতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে গিয়ে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘যানজট শুধু রাস্তার সমস্যা না। এখানে ট্রাফিক শৃঙ্খলার অভার রয়েছে। যানবাহনগুলো এলোমেলোভাবে চলাচল করে থাকে।’

ফাওজুল কবির খান বলেন, ‘এখানে (সরাইল বিশ্বরোড মোড়) ফ্লাইওভার করতে হবে। এ জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। প্রকল্প প্রণয়ন করা হবে। কাজের অগ্রগতি দেখার জন্য এখানে ১২ জন অফিসার পোস্টিং দেওয়া হয়েছে। এখানে ক্যাম্প করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, এখানে থেকে কাজ করার জন্য। এদের কেউ যদি এখানে না থাকে, আমাকে জানালে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পাইপলাইনে গ্যাসের কথা ভুলে যান। শিল্প-কারখানা ছাড়া আর কোথাও পাইপলাইনের গ্যাস দেওয়া হবে না। এলপি গ্যাসে অভ্যস্ত হয়ে যান।’

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার শহীদুল আলম, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইনসহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চার দিন ধরে দীর্ঘ যানজট চলছে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, সরাইল বিশ্বরোড মোড় ও শাহবাজপুর সেতু হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকা পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকায় গত শনিবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত এ যানজট চলছে। এর আগে গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত দীর্ঘ যানজট লেগে ছিল।

সওজ, জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ গত আট বছর ধরে ধীর গতিতে চলছে। কাজটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশি অর্থ ও ভারতীয় ঋণে চলমান ওই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ ফেলে দেশে ফিরে যান। তিন মাস পর তাঁরা আবার বাংলাদেশে ফিরে কাজ শুরু করেন। এর মধ্যে তাদের অনেক মালামাল খোয়া যায়। এতে কাজের গতি আরও কমে যায়। তাঁরা কাজটি একধরনের না করার মতো অবস্থায় ফেলে রাখেন। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি মেটাতে গত মাসের শেষের দিকে আরও ১৬৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

0

আধুনিক ডেস্ক ::

গণ–অভ্যুত্থানের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বলা হয়, জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত চললেও অনেকের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে জানিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন। তাই তাঁদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন-ভাতা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বেতন-ভাতা চালুর ক্ষেত্রে অসহযোগিতা বা বাধা প্রদান করেন, তবে তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়। এতে অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায়।

সিলেটে ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল রেলওয়ে প্রকৌশলীর

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের মোগলাবাজারে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক। বুধবার (৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

গুমের মামলায় শেখ হাসিনাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

আধুনিক ডেস্ক ::

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (৮ অক্টোবর) এই পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

এই দুই মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। পরে এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানিয়েছিলেন, গুমের একটি মামলায় শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে গুমের দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতেও পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে এসে যানজটে আটক পড়লেন উপদেষ্টাও

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করতে এসে যানজটের কবলে সড়ক উপদেষ্টা ফাওজুল কবির
ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন উপদেষ্টা। এরপর সড়ক পথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়ে আশুগঞ্জে যানজটে আটকা পড়েন উপদেষ্টা ও তার গাড়িবহর।

ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট এখন নিত্যদিনের চিত্র। মহাসড়কের দূরাবস্থাই এই যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) সকালে বেহাল মহাসড়ক পরিদর্শন করতে এসে নিজেও যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন উপদেষ্টা। এরপর সড়ক পথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়ে আশুগঞ্জে যানজটে আটকা পড়েন উপদেষ্টা ও তার গাড়িবহর। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুগঞ্জের সোহাগপুরে যানজটে আটকা ছিল উপদোষ্টার গাড়িবহর।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টায় আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে উপদেষ্টার গাড়িবহর সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর এগুনোর পরই উপদেষ্টার গাড়িবহর এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন। হাইওয়ে এবং থানা পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ১৫ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।

যানজটে আটকা পড়া মাহমুদ আলী নামে এস বাস চালক বলেন, গোলচত্বরে পড়ে আমাদের জীবন নষ্ট৷ গতকাল রাত ১১টায়৷ ঢাকা থেকে গাড়ি ছেড়ে সকাল ১০টার দিকে সরাইল-বিশ্বরোড মোড়ে আসি। ৮ ঘণ্টা লেগেছে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় আসতে। গত কয়েক মাস ধরে এই কষ্ট করছি।

আব্দুল বাতেন নামে গ্রীনলাইন পরিবহনের এক যাত্রী বলেন, ‘গতকল রাত ২টার দিকে সিলেটের উদ্দেশ্যে রাজারবাগ থেকে বাসে উঠেছিলাম। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সরাইল-বিশ্বরোড মোড় পার হতে পারিনি৷ সারারাত গাড়িতে বসে কষ্ট করেছি।’

এদিকে, সড়ক পরিবহন উপদেষ্টার পরিদর্শন ঘিরে গত তিনদিন ধরে আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল-বিশ্বরোড মোড় এলাকার খানাখন্দ অস্থায়ীভাবে সংস্কার করছে সড়ক ও জনপথ বিভাগ। মূলত ঢাকা-সিলেট মহাসড়কের ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় পড়ায় নিয়মিত সংস্কার কাজ চালাতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গতকাল দিবাগত রাত থেকে যানজট আরও তীব্র হয়েছে। মূলত সড়কের দুরবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। হাইওয়ে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সড়ক পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত যানজট সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে না।

ছক্কা হাঁকানোয় শীর্ষে পাকিস্তান, দুইয়ে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ::

ছক্কা মারায় বাংলাদেশের ব্যাটসম্যানদের এগিয়ে যাওয়ার আলোচনা নতুন নয়। বিষয়টা এশিয়া কাপের আগেই ছিল চর্চায়। কারণ, চলতি বছরই তো টি–টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কা মারার আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত বছর ১২২ ছক্কা ছিল এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ। এ বছর সেই রেকর্ড অনেক আগেই ছাড়িয়েছে দলটি। এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে ১৭১ ছক্কা। এ সংখ্যায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন দুই নম্বরে। শীর্ষে পাকিস্তান—২৬ ম্যাচে তাদের ছক্কা ১৯০। তিনে ওয়েস্ট ইন্ডিজ (১৫ ম্যাচে ১৪৮), চারে অস্ট্রেলিয়া (১১ ম্যাচে ১১১) আর পাঁচে ইংল্যান্ড (১২ ম্যাচে ১০০)। এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে শুধু এই পাঁচ দলই। সাত নম্বরে ভারত, ১২ ম্যাচে তাদের ছক্কা ৯৪।
টি–টোয়েন্টিতে ছক্কা মারায় সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের অগ্রগতি স্পষ্ট পরিসংখ্যানে। এ সংস্করণে বাংলাদেশ এত বছর খেললেও এক বছরে ১০০ ছক্কার সীমা ছোঁয়া গেছে মাত্র দুবার—গত বছর আর চলতি বছর। ২০২১ সালে ২৭ ম্যাচে ছিল ৮৩ ছক্কা, সেই রেকর্ড ভেঙেছিল গত বছর।
আইসিসির সব সহযোগী দেশ মিলিয়ে এ বছর টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া—৩২ ম্যাচে ২৮০ ছক্কা। আর মাত্র ১০ ছক্কা মারলেই ভেঙে দেবে ভারতের রেকর্ডও। ভারত ২০২২ সালে ২৮৯ ছক্কা মেরে ভেঙেছিল ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের গড়া ২১৪ ছক্কার রেকর্ড। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এ বছর সবচেয়ে কম ছক্কা আয়ারল্যান্ডের—৬ ম্যাচে মাত্র ৩০। তাদের ওপরে আছে দক্ষিণ আফ্রিকা, ১০ ম্যাচে ৬৯ ছক্কা।
টি–টোয়েন্টি ক্রিকেটে এখন আক্রমণাত্মক ক্রিকেটকে আপন করে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। যেটির একটা ছাপ তো ছক্কার রেকর্ড দেখেও টের পাওয়া যায়। শরীরী ভাষা আর ক্রিকেটারদের কথাবার্তায়ও তা স্পষ্ট। শারজায় আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচ সিরিজটাই তার প্রমাণ। আফগানদের ধবলধোলাইয়ের পথে শেষ ম্যাচে ১০টি ছক্কা মেরেছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় ম্যাচেও ১০টি। প্রথম ম্যাচে ছিল ৮টি।
এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি ছক্কার সংখ্যা ২০০তে নিয়ে যেতে পারবে? এ বছরও সামনে আছে সুযোগ। এ মাসের শেষ দিকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বছরের বাকি সময়ে এটিই একমাত্র টি–টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচে অন্তত ২৯টি ছক্কা হাঁকাতে পারলেই বাংলাদেশ পৌঁছে যাবে ২০০ ছক্কার মাইলফলকে। কাজটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। ফর্ম আর আত্মবিশ্বাস ঠিক থাকলে টাইগাররা গড়তে পারে আরেক নতুন ইতিহাস।

তিনটি শক্তি এ অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমেদ

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর তিনটি শক্তি, দুটি আঞ্চলিক ও একটি বৈশ্বিক শক্তি, এ অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। কিন্তু এদের প্রত্যেকের দ্বারাই আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই দলমত নির্বিশেষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক নীতির ওপর ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আবরার হত্যার ঘটনায় স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার নির্বাসিত জীবনে আমি এই একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম। সেদিন আমি চিন্তা করলাম, বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলে তাদের সংখ্যা তো নেহায়েত কম নয়। আমি লক্ষ্য করেছিলাম, বাংলাদেশের তরুণ সমাজের ভেতরে দেশপ্রেম ও প্রতিরোধের আগুন জ্বলছে। যারা সোশ্যাল মিডিয়ায় দেশের পক্ষে কথা বলছে, তারা নতুন প্রজন্মের প্রতীক। তাদের জীবন কেড়ে নিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ্ আবরার জন্ম নেবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকের যে আবরার ফাহাদের প্রসঙ্গ, সেটাকে তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিশ্লেষণের দাবি রাখি। এটা শুধু একটা আঞ্চলিক আধিপত্যবাদ বলেই এক শব্দে সবকিছু বিশ্লেষণ করা যাবে না। যেটাকে আগ্রাসন অথবা আধিপত্যবাদ বললেও বিশ্লেষণ করা যাবে না। ঐতিহাসিকভাবে এই তথ্যটা বিশ্লেষণ করতে হবে।

আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্যদিয়ে জুলাই অভ্যুত্থান নির্মাণ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে আবরারদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এ শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মিত হয়েছে। এই সিঁড়ি তৈরি হয়েছে শাপলা চত্বরে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে, অসংখ্য ছাত্র-যুবকের আত্মত্যাগের পথ মাড়িয়ে।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে হয়ত শেখ হাসিনার বিরুদ্ধে বললে জেলে যেতে হতো, তবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হতো সেটা আমরা বুঝেছিলাম।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের নীতি হবে- সবার আগে বাংলাদেশ। এই তিনটি শব্দেই জাতির মুক্তির পথ নিহিত আছে। যদি আমরা এই নীতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হবে না।

সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ২০১৯ সালে রাতে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, ঘণ্টার পর ঘণ্টা নির্মমভাবে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষার্থীকে হত্যা করতে পারে এটি অকল্পনীয়। এটার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ জানিয়েছিল ছাত্রদল।

তিনি আরও বলেন, যারা আবরার হত্যার পাঁচ দিন আগেও ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে আজকে তারা সাহসিকতার গল্প শোনায়।

সিলেটে ট্রেন লাইনচ্যুত: দুটি তদন্ত কমিটি, দুজন বহিস্কার

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রেনে দায়িত্বরত দুজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। দুর্ঘটনার পর মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এছাড়া এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এ ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকা এ কমিটি গঠন করেন।

সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একাধিক বগি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা একটি লাইন সচল করলে আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়। মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে দিকে আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ মোগলাবাজার থেকে ঢাকার উদেশে ছেড়ে যায় বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম জানান।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে, সিলেট থেকে ইঞ্জিন এনে, দুর্ঘটনাকবলিত ট্রেনের বাকী বগিগুলো উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়া হয়।

দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার উর্মি রায় জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ ৬-৭ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা গুরুতর আহত হননি কোনো যাত্রী।

সংশ্লিষ্ট কর্মী ও স্থানীয়রা অভিযোগ করেন, মোগলাবাজার রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে সিগন্যাল অমান্য ও বাড়তি গতির কারনে এ দূর্ঘটনা ঘটে।

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

0

আধুনিক ডেস্ক ::

বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু সোমবার (৬ অক্টোবর) বিসিবির নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। তার জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক গ্রামীণ ফোনের সাবেক হেড অব কর্পোরেট রুবাবা দৌলাকে মঙ্গলবার (৭ অক্টোবর) বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দিয়েছে এনএসসি।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। রুবাবা দৌলা সম্পৃক্ত ছিলেন খেলাধুলার সঙ্গেও। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা দৌলা।

রুবাবা দৌলা গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে থাকাকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে ভূমিকা ছিল রুবাবারও। বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন।