আধুনিক ডেস্ক ::
সিলেটের মোগলাবাজারে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক। বুধবার (৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।


