শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ইকোনমিকস উইথ জ্যাস্প: লার্নিং ইকোনমিক থিওরি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস’ শীর্ষক একটি শিক্ষামূলক বই।
মঙ্গলবার(২৪ নভেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজন এক অনুষ্ঠানে বইয়ের মোরক উন্মোচন করা হয়।
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজালের তত্ত্বাবধানে পাঁচ শিক্ষার্থীর একটি দল বইটি রচনা ও প্রকাশ করেন। বইটিতে প্রচলিত অর্থনৈতিক তত্ত্ব ও ধারণার পাশাপাশি বাস্তব জীবনের তথ্য-উপাত্ত ব্যবহার করে অর্থনৈতিক বিশ্লেষণের ব্যবহারিক পদ্ধতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে অর্থনৈতিক তথ্য বিশ্লেষণকে আরও সহজবোধ্য ও কার্যকর করে তুলতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘জ্যাস্প’ নামের একটি ব্যবহারবান্ধব সফটওয়্যারের সঙ্গে।
শিক্ষার্থীরা পাঠ্যক্রমে বিভিন্ন তত্ত্ব ও গাণিতিক ধারণা সম্পর্কে জানলেও বাস্তব তথ্য-উপাত্ত ব্যবহার করে সেগুলোর প্রয়োগ শেখার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। বিশেষ করে তথ্য বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারে প্রাথমিক পর্যায়ে অনেকেরই জটিলতা তৈরি হয়। বইটিতে তাত্ত্বিক আলোচনা ও ব্যবহারিক প্রয়োগের সমন্বয়ের মাধ্যমে সেই ব্যবধান ঘোচানোর চেষ্টা করা হয়েছে।
বইটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, “অর্থনীতির প্রধান বিষয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য বিভাগের শিক্ষার্থী, গবেষণায় আগ্রহী ব্যক্তি এবং অর্থনীতি ও তথ্য বিশ্লেষণ শিখতে আগ্রহী সাধারণ শিক্ষার্থীরাও বইটি থেকে উপকৃত হতে পারবেন। সহজ উপস্থাপনা ও ব্যবহারিক দিকনির্দেশনার মাধ্যমে অর্থনৈতিক জ্ঞানকে বাস্তব জীবনের তথ্য বিশ্লেষণের সঙ্গে যুক্ত করাই বইটির অন্যতম লক্ষ্য।”
অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজালের তত্ত্বাবধানে বইটির সহলেখক হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ঐশী দাস তন্বী, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আদিবা তাবাসসুম আলভী, অপু চন্দ্র দাশ ও ঋতুপর্ণা দাশ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. জাহেদুর রহমান চৌধুরী।অর্থনীতি শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও গবেষণাভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে বইটি শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


