Home Blog Page 104

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

0

আধুনিক ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ৩ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে মাজহারুল ইসলামসহ অন্যরা সেখানে যান। সেখান থেকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। পরে সেখানে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্টিং করা (রিং পরানো) হয়। শনিবার থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমতে থাকে, ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে রোববার সন্ধ্যায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় লাইফ সাপোর্ট দেওয়া হয়। আজ বিকেল ৫টায় চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন বলে মাজহারুল ইসলাম জানিয়েছেন।

সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে বলে তার পরিবার, বন্ধু ও স্বজনেরা জানিয়েছেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হতে পারে।

কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালে সিলেট শহরে। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেটের এমসি কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইয়েটস-এর কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন। পেশাগত জীবনে সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন।

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো

0

আধুনিক ডেস্ক ::

শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোবেল কমিটি বলেছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা যে উচিত নয়, সেটি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য জাপানের সংগঠনটিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

0

আদূনিক ডেস্ক ::
বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি—প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। তোমাদেরকে তোমাদের মার্কা দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। ১৯৯০–এর স্বৈরাচারবিরোধী গণ–অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার (১০ অক্টোবর) এ কথা বলেন মির্জা ফখরুল। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি সংসদ।

শাপলাকে নির্বাচনী প্রতীক চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন কমিশন দলটিকে এ প্রতীক দিতে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনে গিয়ে এক বৈঠকের পর তাদের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালি আঁশ বাদ দিতে হবে’—এই শর্ত নির্বাচন কমিশনকে দিয়েছে এনসিপি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না।’

এরই প্রেক্ষিতে শুক্রবার মির্জা ফখরুল বলেন, ‘কিছু কিছু ব্যক্তি বা দল, তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা ওমুকের মার্কা থাকতে পারবে না। আমরা এ কথা বলি নাই যে তোমাদেরকে মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন।’

ধানের শীষ অপ্রতিরোধ্য এবং এটিকে থামিয়ে রাখা যায় না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গ্রামেগঞ্জে যেখানে যাবেন, সেখানে একটাই স্লোগান শুধু ধান লাগাও, ধান লাগাও—এটাই হচ্ছে প্রধান সমস্যা। ওই জন্য ধানের শীষকে রুখে দিতে হবে, আটকে দিতে হবে। কারণ, ধানের শীষ জিতে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সে শত্রুরা তাদের সব ষড়যন্ত্র থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে।’

শেখ হাসিনাকে দানব উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মনস্টার (দানব) শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পলাইয়া যায়নি, যেতে বাধ্য হয়েছে। কারণ, আমরা সে ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ ১৫ বছর লড়াই করে সংগ্রাম করে রক্ত দিয়ে আমরা সেই ভিত্তি অর্জন করেছি।’

কয়েক দিন লাফালাফি করলে গণতন্ত্র হয় না—এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্র গড়তে হলে অনেক পরিশ্রম দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যাওয়া দরকার। বিএনপি গণতন্ত্রের জন্য মানুষের কাছে যাওয়া পার্টি।’

আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘দেখছি আমলাতন্ত্রকে একটি দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আমরা কোনোভাবেই বরদাশত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। নির্বাচন কমিশন ও প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। কোনো দলের কাছে যেন মাথা নত না করে।’

সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতিচারণা করে বলেন, ‘সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শহীদ জেহাদের লাশ রেখে আমরা শপথ করেছিলাম স্বৈরাচার পতনের। পরের দিন হরতাল কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। আহত অবস্থায় হাসপাতাল থেকে আমরা শহীদ মিনারে গিয়ে আবার শপথ নিই। শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন করতে সফল হয়।’

বিশ্বনাথে ইলিয়াসপত্নী লুনা ও হুমায়ুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

0

বিশ্বনাথ প্রতিনিধি ::

সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পৌর সদরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাসিয়া ব্রিজের দুই পারে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে দুই গ্রুপকে নিবৃত করার চেষ্টা চলে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল। পরে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মো. হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন বিশ্বনাথ উপজেলা সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে মো. হুমায়ুনপন্থীরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

জানা গেছে, হুমায়ুন কবির বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সিলেটের বিশ্বনাথে সভা সমাবেশ করছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। এসব নেতাদের প্রায় সকলেই আওয়ামী সরকারের সুবিধাভোগী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের কাছে অভিযুক্ত। তাদের অধিকাংশই আওয়ামী সখ্যতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের সকল নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিস্কৃত হয়েছিলেন। অনেকে প্রাথমিক সদস্যপদও হারিয়েছিলেন।

বিএনপি থেকে বহিস্কৃত নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশকে ঘিরে রোববার থেকেই বিশ্বনাথ পৌর সদরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

উত্তেজনার ম্যাচ শেষ মিনিটে হতাশার

0

আধুনিক ডেস্ক ::
শুরুতে এগিয়ে গিয়েও পারল না বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচ শেষ হয়েছে হারের হতাশা নিয়ে। বৃহষ্পতিবার (৯ অক্টোবর) রাতে শেষ পর্যন্ত বদলি ফরোয়ার্ড রাফায়েল মেরকিচের হ্যাটট্রিকে হংকং ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। প্রথমে এগিয়ে গিয়েও টানা ৩ গোল হজম, এরপর ২ গোল দিয়ে সমতায় ফিরলেও ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল খেয়ে ৪-৩ গোলে হার। এশিয়ান কাপের বাছাইয়ে এমন নাটকীয় হার যেন ম্যাচ শেষে মানতেই পারছিলেন না হতাশায় ভেঙে পড়া বাংলাদেশের ফুটবলাররা।

এই জয়ে হংকং ৭ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা জোরালো করেছে। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিঙ্গাপুর। ভারতের পয়েন্ট ২, বাংলাদেশের ১। জামাল ভূঁইয়াদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ।

অতিরিক্ত ৯ মিনিট সময়ের ষষ্ঠ মিনিটে শমিত সোমের হেডে দারুণ গোলে স্কোরলাইন যখন ৩-৩, ড্রয়ের স্বপ্ন জেগেছিল বাংলাদেশের। কিন্তু শেষ ক্ষণে আবার সেই রক্ষণ দুর্বলতা, আবারও সহজেই গোলের রাস্তা তৈরি করে হংকং ম্যাচটা ছিনিয়ে নেয়। স্নায়ুচাপ কীভাবে ধরে রাখতে হয়, সেটি যেন এখনো রপ্ত করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়েরা।

গ্রুপ–সেরা হয়ে চূড়ান্ত পর্বের আশা বাঁচাতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। শুরুর কয়েক মিনিট চাপে থাকলেও ১৩ মিনিটে উল্লাসে মেতে ওঠার উপলক্ষ পেয়ে যায় স্বাগতিকেরা। হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি–কিক গোলে বাংলাদেশ যখন এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার স্বপ্ন যখন দেখছিল, ঠিক তখনই পাল্টা গোল। প্রথমার্ধ শেষ হওয়ার ৩০ সেকেন্ড বাকি থাকতে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় ১-১ করেন হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো।

এর আগে হামজার গোলটা ছিল দেখার মতো। হংকংয়ের লেফটব্যাক যেখানে দাঁড়ান, এর কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা বল বাঁক খাইয়ে জালে পাঠাতে চাইছিলেন। শটটাও হলো দুর্দান্ত। হংকংয়ের খেলোয়াড়েরা বল ক্লিয়ার করতে লাফিয়ে ওঠেন, ফরোয়ার্ড মাত ওর মাথায় হালকা ছোঁয়া লেগে বলে চলে যায় জালে। বাংলাদেশের হয়ে ছোট্ট ক্যারিয়ারে হামজার এটি দ্বিতীয় গোল।

গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষ হামজা রক্ষণে সহায়তার পাশাপাশি আক্রমণেও নেতৃত্ব দেন দলকে। তবে বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধে তিনি একটু রয়েসয়েই খেললেন। প্রথমার্ধের শেষ দিকে হেডে বল ক্লিয়ার করে রুখে দেন হংকংয়ের আক্রমণ।

হংকং বেশ গতিময় ফুটবলই খেলেছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অতিথি দলের কাছে। সপ্তম মিনিটেই গোল পেতে পারত হংকং। ফরোয়ার্ড মাত ওর প্লেসিং যায় পোস্টে বাতাস লাগিয়ে। আরেকটি আক্রমণে সামনে বাধা হয়ে দাঁড়ান গোলকিপার মিতুল মারমা। ৪০ মিনিটে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগোর প্লেসিং অল্পের জন্য চলে যায় বাইরে। বেঁচে যায় বাংলাদেশ, তবে শেষ রক্ষা হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। হংকংয়ের আক্রমণে এলোমেলো রক্ষণ, জুনিয়র সোহেল রানা ব্যাক পাস দিয়ে বিপদ ডেকে আনেন। বল পেয়ে যান অরক্ষিত বদলি ফরোয়ার্ড রাফায়েল মেরকিচ। ফরাসি বংশোদ্ভূত ফরোয়ার্ড সহজেই বল প্লেসিং করেন। ৭১ মিনিটে হংকং তৃতীয় গোলটা করেছে অনেকটা বলেকয়ে। ডিফেন্ডার সাদ উদ্দিনের পায়ের ফাঁক দিয়ে গোলের পথ তৈরি করেন হংকংয়ের ফরোয়ার্ড এভারটন কামারগো। বাকি কাজটা সেরেছেন সেই রাফায়েল মেরকিচ, ম্যাচে সেটি তার দ্বিতীয় গোল।

হংকংয়ের প্রথম গোলের পরই বাংলাদেশের রক্ষণ হয়ে যায় এলোমেলো, গোলের চিন্তায় হয়তো কিছুটা অমনোযোগীও। রক্ষণটা ভালো হয়নি মোটেও। কৃতিত্ব পাবেন হংকংয়ের ফরোয়ার্ডরা। তাদের বুদ্ধিদীপ্ত পাস, জায়গা বদল অনেক সময়ই গোলকধাঁধা হয়ে এসেছে বাংলাদেশের রক্ষণের সামনে। তৃতীয় গোলের পর রক্ষণে পাঠানো হয় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিফেন্ডার বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা জায়ান আহমেদকে। ভালোই খেলেছেন, ভূমিকা রেখেছেন আক্রমণেও। খানিক বাদে আসেন তপু বর্মণ।

দ্বিতীয় গোলের পর কোচ জামাল-ফাহামিদুল ও শমিত সোমকে মাঠে পাঠান। তুলে নেন দুই সোহেল রানা আর ফয়সাল আহমেদকে। কিন্তু সব অস্ত্র ব্যবহার করেও শেষ পর্যন্ত হারতেই হয়েছে। বাংলাদেশের ফুটবলাররা বেশ কিছু আক্রমণ নিজেরাই নষ্ট করেছেন এলোমেলো শট নিয়ে।

৮৪ মিনিটে স্কোরলাইন ৩-২। জামালের ফ্রি–কিক থেকে ফাহামিদুলের ব্যাকভলি, হংকং গোলকিপার বল ক্লিয়ার করতে পারেননি। অরক্ষিত মোরছালিন আলতো টোকায় বল জালে পাঠালে দর্শকেরা নড়েচড়ে বসেন। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে শমিতের হেডে আসে সমতা। এর দুই মিনিটের মধ্যে একেবারে শেষ মুহূর্তে হংকংয়ের হয়ে জয়সূচক গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরকিচ।

শিশুদের টাইফয়েডের টিকা দিতে প্রস্তুত সিলেট

0

আধুনিক রিপোর্ট ::

দেশে রোববার ১২ অক্টোবর থেকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে। এর মধ্যে সিলেট জেলায় লক্ষমাত্রা ধরা হয়েছে টিকা প্রদান করা হবে ৮ লাখ ৫৩ হাজার ৯৮০ শিশুকে এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফ সহযোগিতা প্রদান করছে।

বৃহস্পতিবার বৃহস্পতিবার (৯ অক্টোবর) নগরভবন সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়। সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে জানানো হয়। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকাবিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে।

ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে এক ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে। প্রথম ১০ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে সিলেট জেলায় ১২টি স্থায়ী ও ২ হাজার ৪শটি অস্থায়ী এবং সিলেট নগরে ৪টি স্থায়ী এবং ৮৩২টি অস্থায়ী কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন কেবল শিশুদের জীবন রক্ষা নয়, বরং দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। কোনো শিশুকে যেন টিকার আওতার বাইরে রাখা না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপাল, পাকিস্তানসহ আরও আটটি দেশে এই টিকা দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টাইফয়েড জীবাণু স্যালমোনেলা টাইফি দ্বারা সৃষ্ট একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং যেখানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব রয়েছে, সেসব এলাকায় এই রোগের ঝুঁকি বেশি। আক্রান্ত হলে শুধু শারীরিক জটিলতাই নয়, অর্থনৈতিক ক্ষতিও হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগ প্রতিরোধে টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ উপায়। টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে টাইফয়েডজনিত মৃত্যু অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইপিআই ভ্যাক্সিনেশন অ্যাপের মাধ্যমে এই রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত অন্য শিশুদের স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে। যারা রেজিস্ট্রেশন করতে পারবে না, তারাও টিকা পাবে। ভরাপেটে টিকা দেওয়া হবে, তবে শিশুর জ্বর থাকলে টিকা দেওয়া যাবে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান, সহকারী পরিচালক ডা. মো. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, ডা. জন্মেজয় দত্ত, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের ডা. মির্জা ফজলি এলাহী, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নভোজ্যোতি দাশ, ডা. স্বপ্নীল সৌরভ রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. খালিদ বিন লুৎফর প্রমুখ।

দেশে ২০২১ সালে ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৮ হাজার, এদের ৬৮ শতাংশ ছিল শিশু। দেশে টাইফয়েডের প্রকোপ বিষয়ে ধারাবাহিক তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান না থাকলেও অনুমান করা হচ্ছে এটি বাড়ছে। এ ছাড়া ওষুধ প্রতিরোধী টাইফয়েড জ্বরের প্রকোপও দিন দিন বাড়ছে। দেশে টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কোম্পানীগঞ্জে অভিযানে ১১টি নৌকা ধ্বংস ১টি ট্রাক্টর জব্দ মাদকসহ আটক ১

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রোপওয়ে (বাঙ্কার) সংরক্ষিত এলাকায় ও ধলাইব্রীজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে ১১টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় একটি লিস্টার মেশিন ও একটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাছনাত। অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ একদল পুলিশ সদস্য।

এদিকে, একই দিন কোম্পানীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় ৪৫ পিস ফেনসিডিলসহ আবু হানিফ (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নিলম মিয়ার পুত্র। বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সকাল ৯টা ৫০ মিনিটে সিলেট–ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় তল্লাশিকালে একটি গাড়ি থেকে স্কুলব্যাগভর্তি ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, আটককৃত ব্যক্তিকে আগামীকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।গাড়িটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

জুলাই সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

0

আধুনিক ডেস্ক ::

১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ–২০২৫ স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।

বুহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ৫টি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া অভিমতগুলো বিশ্লেষণ করে শিগগিরই বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশ ও চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য গঠনপ্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

ফ্লাইটে মাতলামি, ভাঙলেন মনিটর, ১১ লাখ টাকা জরিমানা

0

আধুনিক রিপোর্ট ::

বিমানের লন্ডন-সিলেট ফ্লাইটে মাতলামির দায়ে এক যাত্রীকে ১১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, শওকত নামের ওই যাত্রী লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন। তার আসন নং ছিল ২৭-এ। মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি ফ্লাইটের ভেতরেই মাতলামি শুরু করেন। অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। কোনোভাবেই তাকে নিবৃত্ত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তিনি ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওই মেশিনটির দাম ১১ লাখ টাকার বেশি। গালিগালাজে পাশাপাশি এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করলে তাকে নিজের আসনের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়। বাকি পথ তাকে বেঁধে রাখা হয়। এসময় তিনি তিনি ক্রুদের, বিশেষ করে মহিলা ক্রুদের অশ্লীল গালিগালাজ শুরু করেন।

সকালে বিমানের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ তাকে আটকে রেখে ভ্রাম্যমান আদালতর হাতে তুলে দেন। তারা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আদালত তাকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনাহোরকাই

0

আধুনিক ডেস্ক ::

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনাহোরকাই। তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে ‘তার সুনিশ্চিত ও দিব‍্যদৃষ্টিপূর্ণ সাহিত্য সম্ভারের কারণে, যা এই মহাবিপর্যয়ময় আতঙ্কের কালে শিল্পের শক্তির কথা শোনায়।

লেখক লাজলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন। জিউলার মতোই একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল হলো ক্রাসনাহোরকাইয়ের প্রথম উপন্যাস সাতানটাঙ্গোর (১৯৮৫ সালে প্রথম প্রকাশিত) প্রেক্ষাপট।

এই উপন্যাসে উঠে এসেছে হাঙ্গেরির একটি গ্রামীণ পরিত্যক্ত সমবায় খামারে বাস করা দরিদ্র কিছু মানুষের কথা। সমাজতন্ত্রের পতনের ঠিক আগমুহূর্তে যাঁরা অনিশ্চয়তা ও নিরাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

সাতানটাঙ্গো হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে। লাজলো ক্রাসনাহোরকাইয়ের ব্রেকথ্রু উপন্যাস হিসেবে পরিচিতি পেয়েছে এই বইটি। তার দ্বিতীয় উপন্যাস দ্য মেলানকোলি অব রেজিসট্যান্স (১৯৮৯ সালে প্রকাশিত, ইংরেজি অনুবাদ ১৯৯৮) পড়ে আমেরিকান সমালোচক সুসান সোনট্যাগ তাকে বলেছিলেন সমসাময়িক সাহিত্যের ‘অ্যাপোক্যালিপসের মাস্টার’।