Home Blog Page 103

৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী

0

আধুনিক ডেস্ক ::

ইসরাইলের সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, গাজায় রেড ক্রস সাতজন জিম্মিকে গ্রহণ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) তাদের জানিয়েছে, হামাস সাতজন জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে।

পোস্টে আরও বলা হয়, রেড ক্রস বর্তমানে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী ও শিন বেতের সদস্যদের উদ্দেশে রওনা দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাত জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।

এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক। জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং কেউ কেউ ইসরাইলের পতাকা উড়াচ্ছেন।

অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বিশাল জনতা জড়ো হচ্ছে। সেখানে শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে বন্দি বিনিময়ের জন্য মোট ২০ জন ইসরাইলি জিম্মির তালিকা প্রকাশ করেছে হামাস। বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এখনো এই ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-৮

0

ফেরদৌস চৌধুরী রুহেল ::

বিভাগীয় স্টেডিয়ামে ২০১০-২০১১ সাল থেকে জাতীয় ক্রিকেট লিগ চলতে থাকে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর দাবিও জোরেসোরে উঠতে থাকে। এর আগে মাঠ সমস্যার অজুহাতে সিলেটবিদ্বেষী একটি গোষ্ঠী সক্রিয় ছিল যাতে এ দাবি বাস্তবায়িত না হয়। এখন যেহেতু মাঠের সমস্য মিটে গেছে, সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ হচ্ছে। এছাড়া জাতীয় ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট  বোর্ড কর্মকর্তারা মাঠে আসছেন, এর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। তখন সিলেট বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি সিলেটের ক্রীড়াপ্রেমী জনসাধারণসহ সাংবাদিকরাও এই দাবিতে কথা বলতে শুরু করেন। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর দাবি নতুন প্রাণ পায়।  এরই ফলশ্রুতিতে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় মাঠ পরিদর্শন এবং আবাসিক হোটেল সহ অন্যান্য সুযোগ-সুবিধা বিচার বিশ্লেষণ করা শুরু করেন। প্রথম ধাপে বিভাগীয় স্টেডিয়াম প্রতিষ্ঠার ক্ষেত্রে সাকেব অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান যেমন ভূমিকা রেখেছিলেন দ্বিতীয় ধাপে ঠিক তেমনিভাবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত এ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরে ভূমিকা রাখেন।  আমরা ক্রীড়া অঙ্গনের  সবাই তাকে বুঝাতে সক্ষম হই সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু প্রয়োজনীয়তার কথা। তিনি ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সাথে আলাপ-আলোচনা শুরু করেন। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

দুই ভাগ হচ্ছে মাউশি

0

আধুনিক ডেস্ক ::

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর করা হচ্ছে। একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ প্রতিষ্ঠার বিষয়ে প্রধান উপদেষ্টা সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। দুটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর) ও সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজেট)।

অফিস আদেশে কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে Rules of Business, 1996 অনুসরণপূর্বক গঠিতব্য অধিদপ্তরসমূহের কার্যতালিকা (Allocation fo Business) প্রণয়ন; নবগঠিত দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো (organogram) প্রস্তুত; নবগঠিত দুটি অধিদপ্তরের কর্মবণ্টন প্রস্তুত; টিওএন্ডই (Table of official & Equipment) নির্ধারণ।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরাতে লাঠিপেটা করল পুলিশ

0

আধুনিক ডেস্ক ::

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালনকালে বাধা দিয়েছে পুলিশ। রাস্তা থেকে শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশ লাঠিপেটা করেছে। সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়েছে। এতে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার সকাল ৮টা থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচিতে তারা অংশ নেন। তাদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয়। ডিসি মাসুদ আলম শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা শহীদ মিনারে চলে যান, পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের নেতৃবৃন্দ শহীদ মিনারে চলে গেছেন। সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না।

আন্দোলনরত শিক্ষকেরা সরতে রাজি হননি। শিক্ষকেরা যেকোনো মূল্যে অবরোধ চালিয়ে যাবেন বলে জানান। শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড, জলকামান ছোড়ে। কয়েকজনকে লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ন্যায্য অধিকার থেকে বারবার বঞ্চিত হচ্ছে সিলেট : আরিফুল হক চৌধুরী

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সিলেটবাসী। সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ খাতের ন্যায্য প্রাপ্যতা আজও নিশ্চিত হয়নি। রাজনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও সিলেটবাসী বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ, পানি—অর্থাৎ নাগরিকের মৌলিক চাহিদাগুলোর ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে। রোববার (১২ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কার ও সিলেটের ন্যায্য অধিকার আদায়ে দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। এর আগে রোববার কাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার ডাকে িনগরের দোকানপাট ও যানবাহন বন্ধ রেখে এক ঘণ্টার শাটডাউন কর্মসূচি পালিত হয়। সড়ক যোগাযোগ, আকাশ, রেলপথ, বিদ্যুৎ বিপর্যয় পানি সংকটসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির ডাক দেন ।

নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, সমগ্র সিলেটের সড়ক ব্যবস্থা অসহনীয়ভাবে হুমকির মুখে। সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নের কাজ থমকে আছে। শুধুমাত্র মহাসড়ক নয়, সিলেট শহরের অভ্যন্তরীণ সড়কগুলোরও বেহাল অবস্থা। যাতায়াত ব্যবস্থার কারণে সিলেটে পর্যটকের সংখ্যা কমছে। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা সড়কের তীব্র যানজট সিলেটবাসী সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। তাছাড়া, বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াতের রাস্তারও বেহাল দশা।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসনামলে ১৮৬২ সালে যাত্রা শুরুর পর আজ পর্যন্ত সেই মান্ধাতা আমলের নিয়মে পরিচালিত হচ্ছে রেলওয়ে স্টেশন। ফলে সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন। ঘন ঘন দুর্ঘটনা, টাকার বিনিময়ে অনির্দিষ্ট স্থানে ট্রেন থামানো, দালালের কারণে টিকিট না পাওয়া, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়াসহ নানা সমস্যা এখন সিলেটবাসীর নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন সংযোজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। এ সময় আরিফুল হক প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ কামনা করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও রেমিট্যান্স যোদ্ধারা দেশের মাটিতে পদার্পণের পর নানা ভাবে হেনস্তার শিকার হচ্ছেন। বিমানভাড়ায় যাত্রীরা নাজেহাল হচ্ছেন। এ সময় আরিফ সিলেটের প্রবাসীদের দাবিগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রাম, সিলেট-কক্সবাজার রুটে বিমান চালুর দাবি জানান।

আরিফ বলেন, ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট শহর পানির নিচে তলিয়ে যায়। তখন একটি পরিকল্পনা পাঠানো হয়, কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বন্যাকবলিত অন্য চারটি বিভাগে বাস্তবায়ন করলেও অজ্ঞাত কারণে সিলেট বিভাগে তা বাস্তবায়ন হয়নি।

সিলেটের মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে আরিফ বলেন, “সিলেটে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় ২ হাজার ৪৯৬ মেগাওয়াট, সেখানে সিলেট বিভাগে দেওয়া হচ্ছে মাত্র ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ।” ফলে প্রতিদিন লোডশেডিং হচ্ছে সিলেটে। এ সময় তিনি চাহিদা অনুপাতে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান।

সিলেটের আবাসিক ও অনাবাসিক গ্যাস সংযোগের বিষয়ে তিনি বলেন, “সিলেট বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের অনেকগুলো গ্যাসক্ষেত্র জাতীয় গ্রিডকে সমৃদ্ধ করছে। আগামী ডিসেম্বরের মধ্যে সিলেটের গ্যাস উৎপাদন সাত গুণ বৃদ্ধি পাবে।” কিন্তু পরিতাপের বিষয়—সিলেটবাসী আবাসিক ও অনাবাসিক গ্যাস সংযোগের জন্য হন্যে হয়ে ঘুরছেন। “সিলেটে গ্যাস থাকবে, আর সিলেটের লোকজন গ্যাস পাবে না—তা হবে না।”

যেখানে খনিজসম্পদ উৎপাদন হচ্ছে, সেই এলাকার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে আরিফ বলেন, “আমাদের সঙ্গে টালবাহানা চলবে না, গ্যাস সংযোগ দিতে হবে; অন্যথায় আন্দোলন গড়ে তুলবো।”

সিলেটের শিক্ষা ক্ষেত্রও বৈষম্যের শিকার জানিয়ে তিনি বলেন, “সিলেটের প্রাথমিক শিক্ষকের ৫২৬টি পদ শূন্য।” তিনি বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণসহ সিলেটের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করে গড়ে তুলতে হবে।”

বাজেটের ক্ষেত্রে বিভিন্ন সিটি করপোরেশনের পরিসংখ্যান তুলে ধরে তিনি প্রশ্ন করেন, “সিলেটের সঙ্গে এটা কেমন বৈষম্য?”

প্রতিবাদ সমাবেশ শেষে বিভিন্ন দাবি-সম্বলিত স্মারকলিপি নিয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা।

সমাবেশে যোগ দেন সিলেটের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। দলমত নির্বিশেষে সবাই সিলেটের প্রতি বৈষম্যের প্রতিবাদে বিভিন্ন দাবি সম্বলিত ব্যনারা, ফেস্টুন নিয়ে উপস্থিত হোন।

সিলেট ১ ঘণ্টার শাটডাউন

0

আধুনিক রিপোর্ট ::

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটের যোগাযোগব্যবস্থার দ্রুত প্রতিকার দাবিতে সিলেটে শুরু হয়েছে এক ঘণ্টার প্রতীকী ‘শাটডাউন’। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় এ শাটডাউন শুরু হয়। এ কর্মসূচির ডাক দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট ও যানবাহনে কর্মবিরতি এবং কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার দিনভর নগরজুড়ে কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রচারণা। মাইকিং করা হয় এবং বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। সিলেটের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করেন আরিফুল হক চৌধুরী।

প্রচারপত্রে বলা হয়, সড়কপথ, রেলপথ ও আকাশপথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার চরম দুরবস্থা আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি—সব মিলিয়ে সিলেটবাসী অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।

আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই—স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।

তিনি আরও জানান, এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক। যদি সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিকার না আসে, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানে রোববারের এই প্রতীকী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও দাবি জানানো হয়— ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনা।

অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ঘোষণা দিয়েছেন, সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ‘ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার কাজ আট বছরেও শেষ হয়নি। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। তবে কাজের ধীরগতি ও অনিয়মের কারণে মহাসড়ক এখন যানজট ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।

পরোয়ানা থাকা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

0

আধুনিক ডেস্ক ::

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তার মধ্যে ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভের মধ্যে শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ‍্য জানান।

আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় দুটি মামলায় ট্রাইব্যুনাল বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট ১৩টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর কর্মকর্তারা। তবে শনিবার সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান সেই পরোয়ানা এখনো না পাওয়ার কথা জানিয়ে বলেন, তবে এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন।

মো. হাকিমুজ্জামান বলেন, ২৫ জন সেনাসদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে ১ জন, আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত হতে বলা হয়। ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মাদ ছাড়া বাকি ১৫ জন এসেছেন। তারা পরিবার থেকেও আলাদা থাকছেন।

কবীর আহাম্মাদের বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এর পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। ডিজিএফআই, এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে যেন তিনি দেশত্যাগ করতে না পারেন। এ সময় হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই: সিইসি

0

আধুনিক ডেস্ক ::

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, আসুন, একটা উদাহরণ সৃষ্টি করি এই দেশে যে আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) এটা দেখাতে চাই। তাতে যা হওয়ার হবে। শনিবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ‘নির্বাচনপ্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয় নগরের আসকার দিঘি এলাকার আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে। কর্মশালার আয়োজন করে সিবিটিইপি প্রকল্প (নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি)।

কর্মশালায় প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘যেদিন নির্বাচন হবে, সেদিন মনে রাখবেন, আপনি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। আইনগতভাবে সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে। যদি গোলমাল করে, তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে দেবেন। তিনটা করলে তিনটা। দরকার হলে পুরো সংসদীয় আসন বাতিল করে দেবেন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সহজে ছাড়ার পাত্র নই। সহজে ছাড়ব না। আপনাদের পেছনে আমরা আছি। ইলেকশন কমিশন ফুল সাপোর্ট দিয়ে যাবে আপনাদের।’

নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘সবাই মিলে একটা সুন্দর নির্বাচন করতে হবে। এ জন্য ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতায়িত করা হচ্ছে। সব ক্ষমতা দেওয়া হবে তাঁদের। ক্ষমতা ব্যবহার করতে হবে। যদি ক্ষমতা ব্যবহার না করেন, তাহলে অপরাধ হিসেবে ধরে নেওয়া হবে এবং যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা না নেন, তাহলে তা ভালোভাবে নেওয়া হবে না। ক্ষমতা থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ক্ষমতা ব্যবহারও গুরুত্বপূর্ণ। যতক্ষণ আইন ও বিধি অনুযায়ী কাজ করবেন, ততক্ষণ নির্বাচন কমিশন পাশে থাকবে।’

নির্বাচনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘দেশে যখন নির্বাচন হয়, তখন বড় কিছু চ্যালেঞ্জ থাকে। যেমন প্রশাসনিক চ্যালেঞ্জ, নিরাপত্তার চ্যালেঞ্জ, আইনগত চ্যালেঞ্জ, প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তবে ভোট গ্রহণের জন্য নিরাপত্তা বা সিকিউরিটি চ্যালেঞ্জ হচ্ছে বড় চ্যালেঞ্জ। এটি বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এটি মোকাবিলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে।’

জাতীয় নির্বাচন করা শুধু একা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন জাতীয়ভাবেই করতে হবে। এটি নির্বাচন কমিশনের একার কাজ নয়। এটি জাতীয়, দায়িত্ব সবার। প্রশাসন, পুলিশসহ সবাই মিলে করতে হবে। সবার সহযোগিতা ও সমন্বয় দরকার। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সমন্বয় দরকার। নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপজেলা পর্যন্ত ইমার্জেন্সি সেল থাকবে।’

কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, ‘বেশির ভাগ প্রিসাইডিং কর্মকর্তা হচ্ছেন শিক্ষক। তাঁদের অনেকেই ক্রাইসিস ম্যানেজমেন্টের সঙ্গে পরিচিত নন। তাই এ রকম মুহূর্ত তৈরি হলে কীভাবে মোকাবিলা করতে হবে, তা প্রশিক্ষণ দিতে হবে। তবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গত ১৫ বছরে পুলিশকে ক্রাইসিস ম্যানেজমেন্ট মোকাবিলায় নিয়োজিত করা হয়নি। বিশেষ বিশেষ বাহিনী দিয়ে ক্রাইসিস ম্যানেজ করা হতো। সুতরাং পুলিশের মধ্যেও ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা রয়েছে।’

সিলেটে গুমবিষয়ক তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

0

আধুনিক রিপোর্ট ::

হঠাৎই সিলেটে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তার এ সফর রাজনৈতিক নয়, তিনি সিলেট আসেন গুমবিষয়ক তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে। সিলেটের তামাবিল সীমান্তে শুটিংও করেন তিনি। ২০১৫ সালে নিখোঁজ হওয়ার পর এই সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে সন্ধান মিলেছিলো সালাহউদ্দিন আহমেদের। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গুম কমিশনের উদ্যোগে তথ্যচিত্রের জন্য এবার সেই স্মৃতিকে ধারণের জন্যই  শুটিংয়ে অংশ নিতে সালাহ উদ্দিন আহমদ।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে উড়োজাহাজে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাহউদ্দিন আহমদ। এ সময় সিলেট বিএনপির নেতারা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন। বিমানবন্দর থেকে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে যান। এ সময় তিনি ২০১৫ সালে তার গুম হওয়ার ঘটনার স্মৃতিচারণ করেন। স্মৃতি হাতড়ে তিনি জানান, সে সময় তাকে চোখ বেঁধে কাদামাটি দিয়ে হাঁটিয়ে নেওয়া হয়েছিল। একপর্যায়ে তাকে সিঁড়ি বেয়ে কোনো উঁচু জায়গায় উঠিয়ে বাড়িতে রাখা হয়েছিল। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইংরেজিতে ও হিন্দি ভাষায় কথা বলেছিলেন।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয় বলে তখন অভিযোগ করেছিলেন তার স্ত্রী হাসিনা আহমদ। অন্যদিকে তখন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহউদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছেন। তখন সালাহউদ্দিন আহমদ বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে সালাহউদ্দিন আহমদকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ভারতীয় পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাহউদ্দিন আহমদকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। ২০১৫ সালের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে অভিযোগ গঠন করা হয়। মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন আহমদ খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন আহমদ। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই বছরের ৮ মে সালাহউদ্দিন আহমদ ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। ২০১৬ সালের ১১ জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান। দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট সালাহউদ্দিন আহমদ দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পান। ১১ আগস্ট তিনি দেশে ফেরেন। গত ৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দেন সালাহউদ্দিন আহমদ।

শহিদুল আলমের মুক্তি ও ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে মিছিল-সমাবেশ

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি ও ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার দাবি করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট নগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় মিছিলটি সিলেট শহীদ মিনার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গাজা অভিমুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে গ্রেফতার ইসরায়েল তাদের মধ্যে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও ছিলেন। তাকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করে ইসরায়েলী বাহিনী। আমরা তার নিন্দা জানিয়েছিলাম।

তবে কিছুদিন আগে এরমধ্যে ১৭১ জনকে মুক্তি দেয়া হয়। আরেকটি গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কনশেসনের ৯টি নৌবহর যায় সেখানে বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম গ্রেফতার হয়।

গাজায় এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু শহিদুল আলমকে এখন ও মুক্তি দেয়া হয় নি।

আমরা অবিলম্বে শহিদুল আলমের মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবি জানাই। একই সাথে শুধু যুদ্ধ বিরতি নয় বরং ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জরুরি।

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম কোন ধর্মযুদ্ধ নয়, বরং সাম্রাজ্যবাদী আগ্রাশনের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই। এ লড়াতে সকলের অংশগ্রহণ দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে বিকশিত করবে।