Home Blog Page 102

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি

0

আধুনিক ডেস্ক ::

বিধিমালায় না থাকায় ‎জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১৯ অক্টোবরের মধ্যে ইসির তফসিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। তা না হলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দিয়ে দেবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলার বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে।

আখতার আহমেদ বলেন, যেহেতু নির্বাচন বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায়, তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ দিয়ে দেবো। এনসিপি যদি এ মাসের ১৯ তারিখের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।

প্রবাসী ভোটারদের বিষয়ে কাজের অগ্রগতি আছে জানিয়ে তিনি বলেন, পুরনো ১১টি দেশের সঙ্গে নতুন কর আরও চারটি দেশে ভোটার হালনাগাদ শুরু হবে। এ ছাড়া, নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট দেয়ার অ্যাপ লঞ্চ করতে পারবো বলে আশা করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জরুরি যে সরঞ্জাম লাগবে তা আমাদের কাছে পৌঁছেছে।

ইসি সচিব বলেন, স্থানীয় পর্যবেক্ষক নিয়ে সংবাদিকরা আমাদের সহযোগিতা করেছেন। নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সচিবালয় ও মাঠ পর্যায়ে অনুসন্ধান চলমান রয়েছে।

রেলের টিকিটের কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : সারওয়ার আলম

0

আধুনিক রিপোর্ট ::

রেলের টিকিটের কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো, সারওয়ার আলম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনলাইনে রেলের টিকিট আসার ২ থেকে ৫ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাবে এটা মেনে নেওয়৷ যায় না। এতে নিশ্চয়ই কারসাজি আছে। এর সাথে কারা কারা জড়িত তা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনলাইন টিকিটের বিকল্প ব্যবস্থারও চিন্তা করতে হবে।

তিনি বলেন, এরপর আমরা দেখবো যে, এই সিস্টেম থেকে কীভাবে বেরিয়ে আসা যায়। ম্যানুয়ালি যখন টিকেট বিক্রি হতো তখন কিছু লোক কাউন্টার থেকে কিনে কালোবাজারি করতো। এখন বিভিন্ন জায়গা থেকে টিকেট কিনে কালোবাজারি করছে। সিন্ডিকেট করতেছে, তারা অনেকগুলো একাউন্ট করে মুহুর্তের মধে টিকেটি নিয়ে নিচ্ছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে ঝটিকা অভিযানে যান জেলা প্রশাসক মো, সারওয়ার আলম। এসময় তিনি রেলের টিকিটের তালিকাও খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের বলেন, সমস্যাটা হচ্ছে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেনের টিকেট কাটা যাচ্ছে। আজকের সকালবেলার যে ট্রেনটা ছিলো সেটির টিকেট কিন্তু কাউন্টার থেকে মাত্র ১টা কাটা হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০০টা টিকেট কাটা হয়েছে। এখন আমরা এটি খুঁজে বের করার চেষ্টা করছি, এই সমস্যাটা কোন কোন জায়গা থেকে হচ্ছে। অনলাইনে টিকেট আসামাত্র যে দ্রুত শেষ হয়ে যাবে সেটি তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। অথচ যাত্রীরা ঠিকমতো টিকেট পাচ্ছেন না। এই সমস্যাটা কোন জায়গা সৃষ্টি হচ্ছে সেটি আমরা বের করবো। আমাদের প্রথম দেখার বিষয় হচ্ছে যে, এখানকার স্থানীয় কেউ জড়িত কি না। রেলওয়ের স্টাফ যদি কেউ জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসি বলেন, আরেকটা বিষয় হচ্ছে যে- রেলওয়ের জায়গায় কিছু অসাধু মানুষ স্থাপনা করে নিয়েছে, সেগুলো উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। আর সিলেট রুটে স্পেশাল কোনো ট্রেন চালু করা যায় কি না, এ নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছি।

ডিসি বলেন, আমরা এই প্রক্রিয়ায় যেতে চেষ্টা করবো- এনআইডি ছাড়া যাতে কিছুতেই ট্রেনের টিকেট কেনা-বেচা করা না যায়। তখন দেখা যাবে টিকেট কালোবাজারি অনেক কমে গেছে।

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু হচ্ছে কাল, এক ক্লিকে পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া পরীক্ষামূলকভাবে বুধবার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে আসিফ নজরুল এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন ৬ মাসের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন, যা দেশের ইতিহাসে প্রথম। এই প্রোগ্রামের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমি নিজে ৪০ বছর আগে একজন ইয়াং ফ্রেশ ল গ্র্যাজুয়েট ছিলাম। ইন্টার্নশিপও করেছিলাম মনে আছে। আইনজীবীর কাছে বোধ হয় একবার গিয়েছিলাম, আর যাই নাই। কিন্তু আমার ইন্টার্নশিপ হয়েছিল।…এটা আমি এ জন্য বললাম যে আমাদের এখানে আসলে ইন্টার্নশিপ বলতে সে রকম কিছু হয় না। হয়তো আগের যে অবস্থা একটু ভালো হয়েছে। কিন্তু আরও অনেক অনেক বেশি ইম্প্রুভ করার প্রয়োজন রয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘আমি স্টুডেন্ট লাইফ থেকে দেখতাম যে ইউএনডিপি, অন্যান্য অর্গানাইজেশন—তারা এই ধরনের গুড ইনিশিয়েটিভগুলাতে থাকে। কিন্তু আমাদের এই মানসিকতাও অর্জন করতে হবে যে ইউএনডিপি বা ডেভেলপমেন্ট পার্টনার না থাকলেও যেন আমরা প্রোগ্রাম করতে পারি। আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কারকাজ করেছি। একদম নিজেরা করেছি। কারও কোনো হেল্প, কোনো পার্টনারশিপ ছাড়া।’

অনলাইনে জামিননামা গ্রহণ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। আমরা চালু করছি, আমরা আমাদের সরকারের টাকা দিয়ে করেছি। কারও হেল্প লাগে না, নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে।…আমরা মনে করি, উনারা হেল্প না করলে আমরা পারব না, এটা ঠিক না।’

সরকারের অনেক টাকা আছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন। প্রবাসী ব্যাংকে, ওখানে ১ হাজার ৬০০ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিস, রেজিস্ট্রার অফিস, সেখানে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না যে আমরা নিজেদের টাকা ব্যবহার করে নিজেরা অনেক অনেক ভালো কাজ করতে পারি।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

0

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাইয়ের চাপাতির কোপে খুন হয়েছেন ছোট ভাই। সোমবার রাত সাড়ে ৯ টায় পৌরশহরের যশেরআব্দা এলাকায় গরুবাজার খোয়াই বাঁধে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (২২) যশেরআব্দা এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় কসাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের বড় ভাই রনি মিয়া মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি-না তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ক্ষুধা অভাবের কারণে হয় না, এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা : ড. ইউনূস

0

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুধা অভাবের কারণে তৈরি হয় না, এটি আমাদের পরিকল্পিত অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার কারণে হয়। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল। অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়, এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। এটি নৈতিক ব্যর্থতা। আমরা যেখানে ক্ষুধা দূরীকরণে কয়েক বিলিয়ন ডলার তুলতে পারিনি, সেখানে বিশ্ব অস্ত্রে ব্যয় করছে ২.৭ ট্রিলিয়ন ডলার। এটা কি অগ্রগতির সংজ্ঞা হতে পারে?
অধ্যাপক ইউনূস বলেন, গত বছর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ক্ষমতা পুনরুদ্ধার করেছে। গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের নিশ্চয়তার জন্য এই আন্দোলনের নেতৃত্বে ছিল আমাদের তরুণ প্রজন্ম। সাহসী ও আশাবাদী তরুণ-তরুণীরা। তাদের দাবি ছিল সহজ- জনগণকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া; ন্যায়বিচার, অন্তর্ভুক্তি এবং বিশ্বাসের উপর ভিত্তি করে একটি সমাজ তৈরি করা।

তিনি বলেন, আজ সেই তরুণরাই আমাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। তারা নতুন বাংলাদেশ গড়ছে। যেখানে শাসনের কেন্দ্রে রয়েছে জনগণ।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব। এর মাধ্যমে আমরা ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রতি আমাদের অঙ্গীকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি।

ব্যবস্থা বদলানোর জন্য ৬টি পদক্ষেপ প্রস্তাব করেন ড. ইউনূস। সেগুলো হলো-

১. ক্ষুধা-সংঘাত চক্র ভাঙতে হবে- যুদ্ধ বন্ধ করতে হবে, সংলাপ শুরু করতে হবে, সংঘাতপূর্ণ এলাকায় খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

২. অঙ্গীকার পূরণ করতে হবে- এসডিজি অর্থায়নের প্রতিশ্রুতি রাখতে হবে, জলবায়ু পদক্ষেপকে গুরুত্ব দিতে হবে, দুর্বল জনগোষ্ঠীর স্থিতিশীলতা গড়তে সহায়তা করতে হবে।

৩. আঞ্চলিক খাদ্য ব্যাংক তৈরি করতে হবে- যাতে ধাক্কা মোকাবিলা ও সরবরাহ চেইন স্থিতিশীল করা যায়।

৪. স্থানীয় উদ্যোক্তা সৃষ্টি ও তাদের সহায়তা করতে হবে- বিশেষত তরুণ উদ্যোক্তা, কৃষক, নারী ও খাদ্যপ্রক্রিয়াকরণ কর্মীদের জন্য অর্থ, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারিত্ব দিতে হবে।

৫. রপ্তানি নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে- বাণিজ্যনীতি যেন খাদ্যনিরাপত্তাকে সহায়তা করে, ক্ষতি না করে।

৬. প্রযুক্তি ও উদ্ভাবনে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে- বিশেষত গ্লোবাল সাউথ ও গ্রামীণ তরুণ-তরুণীদের জন্য।

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৬ টাকা

0

আধুনিক ডেস্ক ::

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আর খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা। এ ছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে করে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তখন দাম জানায়নি তারা।

মাধবপুরে যাত্রবাহী বাস খাদে, আহত ৩০

0

মাধবপুর প্রতিনিধি ::

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে অন্তত ৩০ জন গুরুতর আহত হন। তাঃক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন,আহতদের দ্রুত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৬ অক্টোবর

0

আধুনিক ডেস্ক ::
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে। সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, সোমবার সভা হয়েছে। আমরা সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে আলোচনা করেছি। ১৬, ১৭ ও ১৮ অক্টোবর আলোচনা হয়। আমরা শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিলাম। ১৬ অক্টোবর সকাল ১০টায় ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে।

গত ২৬ জুন থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে এক লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ৬১১ জন।

শুধু চট্টগ্রামে তিন ঘণ্টায় যাওয়া সম্ভব করলেই হবে না-সিলেটকেও একই গুরুত্ব দিতে হবে : আবদুল কাইয়ুম চৌধুরী

0

আধুনিক ডেস্ক ::

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ঢাকা–সিলেট মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি সিলেটবাসীর প্রাণরেখা। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে এই গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।বছরের পর বছর সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে কোনো উন্নতি নেই। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে ঢাকা–সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিভিল সার্ভিস, সামরিক বাহিনী কিংবা জাতীয় রাজনীতির কোথাও সিলেটবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নেই। কেন্দ্রীয়ভাবে আমাদের নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করে রাখা হয়েছে। সরকারের উপদেষ্টামণ্ডলীতেও সিলেটের কেউ নেই—ফলে পুরো বিভাগ এক ধরনের শূন্যতার মধ্যে পড়ে আছে। যোগাযোগ ব্যবস্থায় এই বঞ্চনা আর সহ্য করা হবে না।

কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটবাসী সবসময়ই বিএনপির দিকে চেয়ে থাকে, কারণ বিএনপি-ই একমাত্র দল যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলে। আমাদের নেতা তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা সংস্কার কর্মসূচিতে যোগাযোগব্যবস্থার উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা দেওয়া আছে। জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি সিলেটের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেবে। তবে তার আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও এখনই সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নিতে হবে। শুধু চট্টগ্রামে তিন ঘণ্টায় যাওয়া সম্ভব করলেই হবে না-সিলেটকেও একই গুরুত্ব দিতে হবে। সিলেটকে আর বঞ্চিত করা যাবে না।”

ঢাকা–সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার দ্রুত প্রতিকার দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, আগামী ২০ অক্টোবর জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে উপজেলা বিএনপি।

কাইয়ুম চৌধুরী বলেন, বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনে সিলেটবাসী দৃশ্যমান কোনো উন্নয়ন পায়নি। শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, সড়ক -রেল যোগাযোগ, কিংবা বিমানবন্দর- সবক্ষেত্রেই সিলেটকে চক্রান্ত করে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। বিএনপি সরকারের সময় যে সামান্য উন্নয়ন হয়েছিল, আওয়ামী লীগ আমলে তা সম্পূর্ণ থমকে গেছে।”

তিনি অভিযোগ করেন, সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঞ্চিত রাখা হয়েছে। তিন দফা ভয়াবহ বন্যার পরও ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার কোনো উদ্যোগ নেয়নি। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে বড় বড় প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে।

ঢাকা–সিলেট মহাসড়কের বেহাল অবস্থা উল্লেখ করে তিনি বলেন, বছরের পর বছর সংস্কারের নামে কোটি কোটি টাকা খরচ হলেও কোনো অগ্রগতি নেই। প্রতিদিন যানজট, দুর্ঘটনা ও ভোগান্তিতে বিপর্যস্ত মানুষ। এতে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাত স্থবির হয়ে পড়েছে। তবুও সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই।

তিনি আরও বলেন, “সিলেটেই গ্যাস উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস সংকটে ভোগে। রেলপথে ট্রেন সময়মতো আসে না, কোচগুলো জরাজীর্ণ; বিমানের ভাড়াও অস্বাভাবিক। তিন পথেই আমরা বৈষম্যের শিকার।”

কাইয়ুম চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সিলেটবাসী আর কোনো বঞ্চনা সহ্য করবে না। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত জনগণের মৌলিক অধিকার,- এই অধিকার রক্ষায় অবহেলা মানে জনগণের জীবনের সঙ্গে ছেলেখেলা করা।”

বক্তব্যে অন্যান্য নেতৃবৃন্দ দাবি জানান, ঢাকা–সিলেট মহাসড়কের দ্রুত সংস্কার ও গুণগত মান নিশ্চিত করা, অতীত প্রকল্পে দুর্নীতির তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, দুর্ঘটনা রোধে বিকল্প ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।

তারা বলেন, “এই আন্দোলন কোনো দলীয় নয়; এটি সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।” জাতীয় নির্বাচন প্রসঙ্গে কাইয়ুম চৌধুরী বলেন, “গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক—এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।”

গণঅবস্থানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজমুল হোসেন পুতুল, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ডা. এনামুল হক, অধ্যাপক জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বদরুল ইসলাম জয়দু, এডভোকেট সাঈদ আহমদ, আব্দুল কাদির সমছু, এডভোকেট মোস্তাক আহমেদ, আলী আকবর আলী, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আবুল হাসনাত, ফজলে রাব্বি আহসান, শাহিন আলম জয়, আপ্তাব উদ্দিন, ছাদিকুর রহমান টিপু, রেজাউর রহমান চৌধুরী রাজু, ললফখরুল ইসলাম পাপলু, জামাল মেম্বার, আব্দুল মালিক মল্লিক, সাহেদ মেম্বার, রুহুল আমীন, আমিনুর রহমান চৌধুরী সিফতা, পাবেল রহমান. রাশেদুল হাসান চৌধুরী, দিনার আহমদ শাহ, রায়হানুল হক, মো. শাহিন আহমদ ও মেহেদি হাসান রফি।

দেশের প্রাথমিক বিদ্যালয়ে আপাতত গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না : ধর্ম উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দলের দাবির প্রেক্ষিতে দেশের প্রাথমিক বিদ্যালয়ে আপাতত গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটা সরাসরি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। তবে যেহেতু হেফাজতসহ আলেম-ওলামাদের পক্ষ থেকে আপত্তি রয়েছে সংগীত বিষয়টি পাঠ্যক্রমে রাখার বিষয়ে, তাই আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি, এ বিষয়ে বসার প্রয়োজন আছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত এখন কী অবস্থায়—এমন প্রশ্নে খালিদ হোসেন বলেন, না, সেটা আমি বলতে পারব না। যেহেতু এটি আমার মন্ত্রণালয়ের আওতায় নয়। হেফাজতের আপত্তি এবং অন্যান্য ইসলামিক দলের দাবিগুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে।