Home Blog Page 101

আদালতে সাংবাদিকদের ‍উপর ‘পাথর লুটকাণ্ডে’র আসামির হামলা

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহের জন্য সেখানে উপস্থি ত ছিলেন ইমজা নিউজের সাংবাদিক নয়ন সরকার এবং সাংবাদিক বৃত্তসহ কয়েকজন স্থানীয় সংবাদকর্মী। শুনানি চলার সময় হাতকড়া পরা অবস্থায় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়ন সরকারের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন। একইসঙ্গে তার ছেলে সাংবাদিক বৃত্তের ক্যামেরা ছিনিয়ে নিয়ে শারীরিকভাবে আঘাত করে। নয়নের সহকর্মীরা বাধা দিতে গেলে তাদের দিকেও হামলার চেষ্টা হয়।

সাংবাদিক নয়ন সরকার বলেন, “আমি নিয়মিতভাবে আদালত কাভার করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা চালায়। এরপর হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইলটি নিয়ে নেয়। ঘটনাটি পুলিশের সামনেই ঘটে।”

ঘটনার পর নয়ন সরকার বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা তদন্তের আশ্বাস দেন।

ইমজা নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে সাংবাদিকের ওপর এমন হামলা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, “অপরাধী যেই হোক অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটে প্রায় অর্ধেকই ফেল

0

আধুনিক রিপোর্ট ::

এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ড থেকে অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবারের পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ফলাফলে সব সূচকে এগিয়ে আছেন ছাত্রীরা। এবারের পরীক্ষায় ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী অংশ নিয়ে ২২ হাজার ১ জন পাস করেছেন। পাসের হার ৫৩ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২১ জন ছাত্রী। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৯ দশমিক ৯৬ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র। এর মধ্যে পাস করেছেন ১৩ হাজার ৮৭০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৮১ জন।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৭৯ জন। মানবিক বিভাগে পাসের হার ৪৫ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৫৩ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ১৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন শিক্ষার্থী। এ ছাড়া, সিলেট বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় চারটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ৩৫ হাজার ৮৭১ জন; জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত করোনা মহামারি, বন্যা পরিস্থিতি এবং ছাত্র আন্দোলনের কারণে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়নি। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা ও ইংরেজি বিষয়ে অকৃতকার্যের হার বৃদ্ধি পাওয়ায় ফলাফলে প্রভাব পড়েছে। এ ছাড়া কলেজ শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি কম হওয়াও পাসের হার কম হওয়ার অন্যতম কারণ।

আনোয়ার হোসেন চৌধুরী আরও বলেন, সিলেট বোর্ডের পাসের হার বৃদ্ধি করতে শিক্ষকদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগভিত্তিক যোগ্য শিক্ষক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিলেট বোর্ড প্রতিষ্ঠার পর ২০০৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হার ক্রমেই বেড়েছে। ওই বছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৪৫ শতাংশ। এ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

0

আধুনিক ডেস্ক ::

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫.৬১ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে। গত জুলাই মাসে প্রকাশিত এসএসসি পরীক্ষার মতো এবার এইচএসসির ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

৯ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যে পদ্ধতিতে

দেশের নয়টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল দেখতে শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে। আবার মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে — HSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025—এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন : HSC Dha 123456 2025)।

মাদ্রাসার ‘আলিম’ পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের আলিম পরীক্ষার পরীক্ষার ফল দেখা যাবে অনলাইন ও এসএমএস— উভয় মাধ্যমেই। শিক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘আলিম পরীক্ষা ২০২৫’ অপশনে ক্লিক করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল দেখা যাবে যে পদ্ধতিতে

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে দেখতে পারবে। প্রথমত, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd প্রবেশ করে ‘Result Corner’-এ ক্লিক করতে হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি অথবা প্রতিষ্ঠান কোড এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের ফলপত্র (Result Sheet) ডাউনলোড করা যাবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা www.bteb.gov.bd অথবা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিজের ফলাফলসহ গ্রেড ভিত্তিক ট্রান্সক্রিপ্ট (Grade-based Transcript) ডাউনলোড করতে পারবে। তৃতীয়ত, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগও রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
HSC TEC <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : SSC TEC 123456 2025 পাঠাতে হবে 16222 নম্বরে।

এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটেও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানা যাবে। আবার, ফল জানতে আগ্রহী শিক্ষার্থীরা চাইলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— ALIM MAD রোল নম্বর 2025— এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : ALIM MAD 123456 2025। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর সঙ্গে সঙ্গে ফল মোবাইলে পৌঁছে যাবে। শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠানের ফলাফল জানার জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘Institution Result’ সিলেক্ট করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো ফল ডাউনলোড করা যাবে।

চাকসুর ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্রশিবিরের জয়

0

আধুনিক ডেস্ক ::

৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবিরের মো. ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ৮ হাজার ৩১ ভোট নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রার্থী ও ভোটাররা নির্বাচনে অসাধারণ উৎসবমুখর অংশগ্রহণ করেছেন।

চাকসুতে ২৬টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। এ ছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী।

চাকসুর ইতিহাসে ছাত্রশিবিরের সর্বশেষ জয় এসেছিল ১৯৮১ সালে। তখন ভিপি হন জসিম উদ্দিন সরকার আর জিএস হন আবদুল গাফফার। দুজনই ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন নেতা। এরপর দীর্ঘ ৪৪ বছর পর আবারও শিবির–সমর্থিত প্রার্থীরা সেই নেতৃত্বের আসনে ফিরলেন।

শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::
আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবেই বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ এখন। এটার সঙ্গে এটা জড়িত। এই যে ঘোষণা আমরা করলাম, এটা আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি।… ওই রকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারবার বলেছি, এটা উৎসবমুখর নির্বাচন হবে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বুধবার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলেই আমাদের কাজ পরিণত হলো।’

রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনকে একান্তভাবে ধন্যবাদ দেওয়ার জন্য তিনি আজ এই বৈঠকে যোগ দিয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে, কঠিন কঠিন বিষয়ে আলোচনা করা এবং সন্তোষজনকভাবে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন মিলে এর সমাপ্তি আনায় তিনি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানান। অধ্যাপক ইউনূস বলেন, ‘যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের (রাজনৈতিক ব্যবস্থার) ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।’

জুলাই সনদ রচনাকে ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী অধ্যায় হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ছাত্র–জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো।… যে সংস্কারের কথা আমরা মুখে বলে যাচ্ছিলাম, আপনারা সেই সংস্কার, প্রকৃতপক্ষে যে সংস্কার হবে, তা করে দেখিয়ে দিয়েছেন। কাজেই আমরা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরিক হবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেছবি: ইউএনবি
প্রধান উপদেষ্টা বলেন, যে কলম দিয়ে স্বাক্ষর করা হবে, সেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে। মানুষ তাদের ভুলতে পারবে না। এটা এমন একটা ঘটনা যে ঘটনার ভেতরে থেকে এর বিশালত্ব বোঝা যাচ্ছে না। মাসের পর মাস বৈঠক করে হতাশা এসেছে, মনে হয়েছে, এটা হয়তো অসমাপ্ত থেকে যাবে। তবে এটা অসমাপ্ত থেকে যায়নি। তিনি বলেন, ‘জুলাই সনদ জাতির জন্য একটা মস্ত বড় সম্পদ হয়ে রইলো।’

অধ্যাপক ইউনূস বলেন, যেসব বিতর্ক হয়েছে, সেগুলোকে বিষয়ভিত্তিকভাবে ভিডিও করে ও বই করে রাখা হবে, যেন এগুলো সম্পদ হিসেবে থাকে, হারিয়ে না যায়। যাতে করে সবাই জানতে পারে, কেমন জাতি গড়ার জন্য এগুলো করা হয়েছে।

সনদ ও নির্বাচন বিচ্ছিন্ন কোনো জিনিস নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, উত্তরণটা কীভাবে হবে, এটা নিয়ে প্রশ্ন ছিল। সেটার উত্তরও জুলাই সনদে দেওয়া আছে। এই উত্তর নিয়ে যেন সন্তোষভাবে উত্তরণটা করতে হবে। রাজনৈতিক দলগুলো যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেভাবে রূপান্তরটি হবে। তিনি বলেন, ‘আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে, আপনারা যত কষ্ট করে এগুলো রচনা করছেন, সেটা যেন আমরা বাস্তবে রূপান্তর করতে পারি। নির্বাচনের মাধ্যমে এবং আমাদের দৈনন্দিন রাজনৈতিক মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তর করতে পারি। এই হলো আমাদের আশা। আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসব।’

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা উৎসবমুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব। সবাই, সারা জাতি এটায় শরিক হবে। আপনারা তাদের সামনের সারির মানুষ, যাঁরা প্রকৃত সই করছেন। সারা দেশের মানুষ চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে।…জাতির জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে।’

কান্দাহারে পাকিস্তানের হামলায় অন্তত ১৫ আফগান নিহত: তালেবান সরকারের দাবি

0

আধুনিক ডেস্ক ::

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে পাকিস্তানি হামলায় ১২ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে। হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে আফগানিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। প্রায় ১০০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই আঘাত বেশ গুরুতর। তবে আপাতত লড়াই বন্ধ হয়েছে।

আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ সকালে জানিয়েছেন, হামলায় ১২ জন নিহত হয়েছেন। এই লড়াই নতুন করে আজ সকালে পাকিস্তান শুরু করেছে। আফগানিস্তান এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। নিহত ব্যক্তিরা সবাই আফগানিস্তানের নাগরিক।

মুজাহিদ দাবি করেছেন, তালেবান বাহিনী পাল্টা হামলা চালিয়ে ‘বহু পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে’। তবে মৃতের নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। শুধু বলেছেন, তালেবান যোদ্ধারা বেশ কয়েকটি পাকিস্তানি ঘাঁটি দখল করেছেন বেশ কিছু অস্ত্র, বিশেষত ট্যাংক নিজেদের জিম্মায় নিয়েছেন।

আফগান সরকারের মুখপাত্র দাবি করেছেন, ‘ওই অঞ্চলে (স্পিন বোল্ডাক) পাকিস্তানের বেশির ভাগ সামরিক স্থাপনা ধ্বংস করেছে আফগানিস্তানের বাহিনী। পাকিস্তান এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। আফগানিস্তানের বক্তব্য বা সংবাদমাধ্যমের প্রতিবেদন এখনো নিরপেক্ষভাবে যাচাই হয়নি।

তবে বুধবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানদের একটি হামলা প্রতিহত করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন।

আইএসপিআরের বিবৃতিতে দাবি করা হয়, বুধবার ভোরে আফগান তালেবানরা স্পিন বোল্ডাক এলাকার চারটি স্থানে ‘কাপুরুষোচিত হামলা’ চালায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী সফলভাবে এই হামলা প্রতিহত করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, পরিস্থিতি এখনো পরিবর্তিত হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে চরমপন্থী ও আফগান তালেবানদের আরও সদস্য জড়ো হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও বক্তব্য প্রমাণ করছে, সপ্তাহের শুরুতে যে অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছিল, কোনোভাবেই তার আর কোনো গুরুত্ব নেই। দুই দেশের মধ্যে সংঘাত সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও তীব্রতা ক্রমেই বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে যাওয়া-আসার প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করা হয়েছে। আফগানিস্তান থেকে সড়কপথে সবজিসহ অন্যান্য কাঁচামাল পাকিস্তানে যেতে পারছে না। পাকিস্তান থেকেও সড়কপথে মালপত্র আসছে না। এতে কাবুলে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

তবে আফগানিস্তানের মধ্যাঞ্চল, উত্তরের শহরসহ কাবুলে এখনো এই লড়াইয়ের কোনো ছাপ পড়েনি। দোকানপাট, স্কুল, অফিস সবই খোলা এবং জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক।

পাকিস্তানের বোমাবর্ষণের যে চিত্র সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত পাওয়া গেছে, তা থেকে এটা স্পষ্ট যে ওই অঞ্চলে গত রাত থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। একাধিক মাটি ও ইট দিয়ে তৈরি কাঁচা বাড়ি ধ্বংস হয়েছে। আফগানিস্তানের গ্রামাঞ্চলে বেশির ভাগ বাড়ি মাটি ও পাথর দিয়ে বানানো। তাই সামান্য আঘাতেই তা ভেঙে পড়ছে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, তালেবান সেনাদের দেশের দক্ষিণে পাঠানোর কাজ শুরু হয়েছে। আগামী দিনে প্রধানত দক্ষিণ অংশে হামলার তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এক সপ্তাহ আগে এই লড়াই শুরু হওয়ার সময় পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছিল। কিন্তু সেখানে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

ট্রেনের ৭শ টিকিটসহ তিন কালোবাজারি আটক

0

আধুনিক ডেস্ক ::

ট্রেনের ৭শ টিকিটসহ তিন কালোবাজারি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১৪ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন- তারা হলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চরের আব্দুল নূরের ছেলে মো. সোহেল মিয়া (৩৩), বানিয়াচংয়ের নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে মো. জলিল সরদার (৪০) এবং শায়েস্তাগঞ্জের দাউদনগরের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪)। তাদের কাছ থেকে ৭০০টিরও বেশি ট্রেন টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিটের মধ্যে সিলেট-ঢাকা রুটসহ দেশের বিভিন্ন রুটের পুরনো, বর্তমান ও আগাম টিকিট পাওয়া যায়। বুধবার

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে বিপুল পরিমাণ টিকিট সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতো। পরবর্তীতে এসব টিকিট কয়েকগুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করতো।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রেলওয়ে টিকিট বিক্রিতে জালিয়াতি করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছিল। আটককৃতদের পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। র‌্যাব জানিয়েছে, টিকিট কালোবাজারিসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

দ্রুত শাকসু নির্বাচন চায় ছাত্রশিবির

0

শাবি প্রতিনিধি ::

কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নসহ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শাখা ছাত্রশিবির। বুধবার (১৫ আক্টোবর) দুপুর ১টায় ইউনিভার্সিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে শিবির। এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন লিখিত বক্তব্যে শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নসহ ১০টি দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রশিবির বিশ্বাস করে, শাকসু গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি, মতামত ও সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন।

শিবিরের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার পরিবেশ ও সুযোগ বৃদ্ধি, সহাবস্থানমূলক ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ সুবিধা নিশ্চিত করা, প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, নিরাপরাধ ছাত্রদের বহিষ্কার প্রত্যাহার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়নি নির্বাচন কমিশন। ফলে শিক্ষার্থীদের মধ্যে শাকসু নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ::

হংকং চায়নার মাঠে ঘুরে দাঁড়িয়ে ড্রয়ের পর ভারত-সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফল তাদের অনুকূলে আসেনি। নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে ভারত হেরে যাওয়ায় এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিল হাভিয়ের কাবরেরার দল। ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা সিঙ্গাপুরের পয়েন্টও ৮। বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে ২ পয়েন্ট নিয়ে। গোল পার্থক্যে পিছিয়ে তলানিতে থাকা ভারতেরও অর্জন ২ পয়েন্ট।

চলমান বাছাইয়ে বাংলাদেশের দুটি ম্যাচ বাকি আছে। আগামী ১৮ নভেম্বরে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভারত। এরপর আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের আতিথ্য নেবে তারা। তবে ম্যাচগুলোতে জিতলেও গ্রুপের শীর্ষস্থান দখল করতে পারবে না লাল-সবুজের প্রতিনিধিরা। কেবল শীর্ষ দলই পাবে এশিয়ান কাপের মূলপর্বে খেলার টিকিট। বাংলাদেশের সঙ্গে ভারতও ছিটকে গেছে বাছাইপর্ব থেকে।

মঙ্গলবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সিঙ্গাপুর ২-১ গোলে জিতেছে ভারতের বিপক্ষে। ম্যাচের ১৪তম মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। সন উই-ইয়ং ৪৪তম ও ৫৮তম মিনিটে জাল কাঁপিয়ে সফরকারীদের আনন্দে ভাসান।

এর আগে কাই তাক স্টেডিয়ামে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে তারিক কাজীর অমার্জনীয় ভুলে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ম্যাট ওরের নিখুঁত শটে এগিয়ে যায় হংকং। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে গা ঝাড়া দিয়ে ওঠে বাংলাদেশ। স্বাগতিকরা ৭৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার নয় মিনিট পর রাকিব হোসেনের গোলে সমতা টানে বাংলাদেশ। তবে খেলা জমে উঠলেও জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় কাবরেরার শিষ্যদের।

মঙ্গলবার হংকংয়ের কায় তাক স্পোর্টস পার্কে ঢাকার দুঃখ ঘোচাবার আশা নিয়ে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল বাংলাদেশ। সেখান থেকে পিছিয়ে পড়ে হার দেখছিল। শেষ সময়ে ৩-৩ গোলের সমতা করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশির ঠিক আগে গোল খেয়ে হেরে যায় বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে ১৪৬ অবস্থানে থাকা হংকংকে তাদেরই মাঠে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল বাংলাদেশ। কারণ হার কিংবা সমতায় একপ্রকার শেষ হয়ে যাবে এশিয়া কাপে খেলার সুযোগ। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল খেয়ে ব্যাকফুটে চলে যান হামজা চৌধুরী-শমিতরা। ম্যাচের ৩৬ মিনিটে বক্সে হংকং ফুটবলারকে ফাউল করে বসেন তারিক কাজী। পেনাল্টি পেয়ে ম্যাট ওর ১-০ গোলে এগিয়ে নেন হংকংকে।

ওই গোলে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখেন হংকংয়ের ফুটবলার। আক্রমণ করে গোল শোধ করার সুযোগ পান হামজারা। ১০ জনের হংকং দলকে চেপেও ধরে বাংলাদেশ। ম্যাচের ৮৪ মিনিটে রাকিব হোসেন গোল করে দলকে সমতায় ফেরান। হংকংয়ের মাটিতে আক্ষেপ না মিটলেও শেষ পর্যন্ত সমতায় সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। সেখানে অংশ নেবে ২৪টি দল।

মিরপুরে পোশাক কারখানায় আগুন : নিহত অন্তত ১৬

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিয়ালবাড়িতে চারতলা ভবনে থাকা ‘আনোয়ার ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানা এবং তার পাশে থাকা টিনশেড ঘরে রাসায়নিকের গুদামে আগুন জ্বলতে থাকে।

এ ঘটনায় কেন এত মৃত্যু হলো, প্রাথমিকভাবে তার কয়েকটি কারণ জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের ধারণা, কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী। ফায়ার সার্ভিস বলছে, ‘আগুন খুব দ্রুত “ডেভেলপ স্টেজ” বা তৃতীয় ধাপে পৌঁছে যায়, ফলে ভুক্তভোগীরা সংজ্ঞাহীন হয়ে পড়েন।’ এ ছাড়া যে পোশাক কারখানার ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেই ভবনের ছাদের দরজায় দুটি তালা লাগানো ছিল। এর ফলে কারখানার শ্রমিকেরা কেউ ওপরে উঠতে পারেননি। এ ছাড়া পোশাক কারখানার ভবন ও রাসায়নিকের গুদাম কোনোটিরই অগ্নিনিরাপত্তা সনদ ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কারখানা ভবন ও রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণ এবং কারখানা ভবনে তল্লাশি অভিযান চলার মধ্যে আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে ওই কারখানা ভবন এবং তার উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে।

পোশাক কারখানা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাসায়নিকের গুদামের আগুন এখনো জ্বলছে। সেখানে এখনো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। ওই গুদামে ৬-৭ ধরনের রাসায়নিক ছিল। ঘটনাস্থল থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, মরদেহগুলো পোশাক কারখানার ভবনের দোতলা ও তিনতলায় বিভিন্ন স্থানে পাওয়া গেছে। মরদেহগুলোর অবস্থা এমন যে সেগুলো ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।

কীভাবে এই আগুনের সূত্রপাত, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, যাঁরা শুরুতে আগুন নেভাতে এসেছেন, তাঁরা রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানার দুই দিকেই আগুন দেখেছেন।

তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাসায়নিকের গুদামের পাশে একটি ‘ওয়াশ ইউনিট’ রয়েছে। সেখানে প্রথম আগুন লাগে। সেই আগুন পাশের রাসায়নিকের গুদামের ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন পোশাক কারখানার ওই পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে।