আধুনিক ডেস্ক ::
সিলেটের যানজট নিরসনে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখা। শনিবার (৪ অক্টোবর) বেলা ৩টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা দেওয়া হয়। এনসিপি সিলেট জেলা ও মহানগরের আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে ২৭ দফা প্রাথমিক প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এহতেশাম হক।
তিনি বলেন, ‘সিলেটের যানজট শুধু একটি নগর সমস্যা নয়, এটি নাগরিক জীবন, অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই অংশগ্রহণমূলক নীতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।’
এনসিপির ২৭ দফা প্রস্তাবনার মূল দিকগুলো হলো- অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন ও গবেষণাভিত্তিক তথ্য প্রকাশ, যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, যান্ত্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন, গ্যারেজ তালিকা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড, চার্জিং স্টেশন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, ফি নির্ধারণে আলোচনা ও রেকার ফি বৈষম্য দূরীকরণ, পরিবেশবান্ধব ডিসপোজাল ও চার্জিং নীতি গ্রহণ, সড়ক প্রশস্তকরণ ও অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থানান্তর, উঁচু ভবন নির্মাণে সীমাবদ্ধতা ও হাসান মার্কেট সংস্কার, হকার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ট্রাফিক সিস্টেম প্রবর্তন ও টার্মিনাল স্থানান্তর, মাজার এলাকা ব্যবস্থাপনা ও যানবাহনের জন্য আলাদা লেন চালু, নির্দিষ্ট রোডে যানবাহনের সীমা নির্ধারণ, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ, ট্রাফিক শিক্ষা ও সচেতনতা কর্মসূচি চালু, পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সংহতি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন যে, সিলেটের যানজট সমস্যার টেকসই সমাধানে এই ২৭ দফা প্রস্তাবনা স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করবে।


