শাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে শাবিপ্রবি ছাত্রদলের শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, শাহপরাণ হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘‘আমরা গতকালও দিবসটি পালন করেছি; সেখানে দিবস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বশেষ ২০০৭ সালে আমরা এ দিবসটি পালন করতে পেরেছিলাম। দীর্ঘ সময় ধরে এই দিনটি পালনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি নতুন প্রজন্মের কাছ থেকে এর ঐতিহাসিক গুরুত্ব আড়াল করার চেষ্টা করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।’’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উচ্চশিক্ষার প্রসারে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে উপাচার্য বলেন, ‘‘যারা দেশ গঠনে আন্তরিক এবং দেশের কল্যাণে কাজ করতে চায়, সরকার তাদের দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে যারা ভালোবাসে, তাদের দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। তোমরা চাইলে নিজেদের ক্যারিয়ার সঠিকভাবে গড়ে তুলতে পারো। উচ্চশিক্ষার্থে বা কাজের প্রয়োজনে বিদেশে যেতে চাইলে সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা সরকার রাখছে।”
শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যতের ওপর জোর দিয়ে উপাচার্য আরও বলেন, ‘‘শিক্ষার্থীরা যদি বিসিএস অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায় এবং কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয়, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।’’
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মো. সোহাগ বলেন, ‘‘৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক সংকটময় মুহূর্তে সিপাহী ও জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বিগত বছরগুলোতে ছাত্রদল ও জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও ছাত্রদল কখনো আদর্শচ্যুত হয়নি। ভবিষ্যতেও ছাত্রদল এই আদর্শ থেকে বিচ্যুত হবে না।’’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিন আমাদের জাতীয় ঐক্য, সংহতি, বহুদলীয় গণতন্ত্র এবং সার্বভৌমত্বের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র, বাক্স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত থাকবে।শাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।’
আলোচনা সভায় শাবিপ্রবি ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।


