নাজিম উদ্দিন, লাখাই:
হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,সপ্তম,অষ্টম, নবম ও দশম শ্রেণীর মোট ২২০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কেন্দ্র পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন কিশোরকন্ঠ জেলা প্রতিনিধি জুবায়েল আহমেদ এবং সহকারী কেন্দ্র পরিচালক হিসেবে ছিলেন লাখাই উপজেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পরিচালক এইচ কে হাবিবুর রহমান।
নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


