নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ছয় দিন পর তারেক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সায়েল মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত তারেক আহমেদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মহব্বত উল্লাহর ছেলে। গ্রেপ্তার সায়েল মিয়া একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে তারেক ও সায়েল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে আসেন। সেখানে তাঁরা একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় তারেকের ব্যবহৃত আইফোনের প্রতি সায়েলের লোভ জন্মায়। এর জেরে গত ২২ অক্টোবর দিবাগত রাতে তারেককে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে, তারেক বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে নিখোঁজের ঘটনায় পাওয়া তথ্য ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালিয়ে সায়েলকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সায়েল আইফোনের লোভে তারেককে হত্যার কথা স্বীকার করেছেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামি সায়েল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


