নাজিম উদ্দিন,লাখাই:
হবিগঞ্জের লাখাই উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে যৌথ মালিকানাধীন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার ১০ (অক্টোবর) সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের ফুল মিয়ার সাথে একই গ্রামের বাচ্চু মিয়া ও তাঁর লোকজনের মধ্যে ”মল্লার” নামক একটি পুকুরের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে পুকুরে এক পক্ষের লোকজন মাছ ধরতে গেলে অপর পক্ষের লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হন।
ঘটনার খবর পেয়ে লাখাই থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিছির আলী জানান, মূলত পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।


