শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক অনুসরণমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ প্রতিপাদ্য ছিল ‘উদ্যোক্তা সচেতনতা থেকে প্রতিষ্ঠান প্রস্তুতি’।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে তরুণদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে চাকরিদাতা তথা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নতুন ভাবনাকে বাস্তবে সফল ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর করতে এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।”
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহীদুর রহমান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান সহ-যোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান এবং এসএমই ফাউন্ডেশনের সাধারণ ব্যবস্থাপক আবদুস সালাম সরদার।
আয়োজকরা জানান, পূর্বে আয়োজিত একদিনব্যাপী অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীরাই মূল যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী ফলো-আপ প্রশিক্ষণে অংশ নেন। এতে শিক্ষার্থীদের ব্যবসায়িক ভাবনাকে বাস্তবসম্মত মডেলে রূপদান, আর্থিক পরিকল্পনা ও টেকসই উদ্যোগ পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।


