নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাই উপজেলার ডিসি রোড থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লাখাই বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলকারী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে পাকা আস্তরণ, খোয়া ও ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পাকা আস্তরণ ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষা ও জোয়ারের সময় এসব ভাঙা অংশে পানি জমে চলাচল আরও দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্বজন গ্রামের স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “রাস্তা ভাঙার কারণে এ সড়ক দিয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। রোগী ও মালামাল নিয়ে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। আমরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।”
লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এলাকার মানুষ ইউনিয়ন পরিষদ ও লাখাই বাজারে যাতায়াতের জন্য নিয়মিত এ সড়ক ব্যবহার করেন। সড়কটি দ্রুত মেরামতের জন্য আমি একাধিকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আগামী সভায়ও সড়কটি মেরামতের বিষয়টি আবারও তুলে ধরব।”
এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।


