কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও সদস্যদের সর্বসম্মতিক্রমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রজন মিয়াকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি আশিক মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার ম্যাচ রেফারি আব্দুল আলীমকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ দিলোয়ার আহমদ এবং প্রচার সম্পাদক জুয়েল আহমেদ নির্বাচিত হয়েছেন।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জে ক্রীড়া, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ক্লাবের ঐতিহ্য সমুন্নত রেখে খেলাধুলার উন্নয়ন, যুবসমাজকে সংগঠিত করা এবং সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি রজন মিয়া বলেন, কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করব। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ক্লাবের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও সদস্যবৃন্দ আমার ওপর যে আস্থা রেখেছেন, সে জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব গিয়াস উদ্দিন বলেন, কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাব কোম্পানীগঞ্জের একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন। নতুন কমিটি ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে এনে খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী। তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


