কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গরু চুরি চক্রের এক সদস্যকে চোরাই গরু ও পিকআপসহ আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। আটক ব্যক্তির নাম স্বপন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের অলেক মিয়ার ছেলে। বর্তমানে টুকেরবাজার এলাকার বউবাজারে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) এবং ওসি (তদন্ত) সুজন কর্মকারের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বউবাজার এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে আটক করা হয়। এ সময় সিলেট মেট্রো-ন-১১-১৭০৭ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে ওসি রতন শেখ (পিপিএম) জানান, উদ্ধার করা গরুটির প্রকৃত মালিককে শনাক্ত করে গরুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। চোরাই মাল পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে চুরি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন,গরু চোর চক্রের অন্যান্য অজ্ঞাত সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


