ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় ছাতক সেনা ক্যাম্প, থানা পুলিশ ও জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
অভিযান চলাকালে অভিযুক্তরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে ১টি ২২ বোর এয়ারগান, ১টি চায়নিজ কুড়াল, ১টি দেশীয় রামদা, ১টি বটি দা, ৩টি ঢাল, ২টি কুচি, ১টি সুলফি, একটি নম্বরবিহীন মোটরসাইকেল, ২ বোতল ভারতীয় মদ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসময় আটক হন কোনাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (৩৭), মৃত আব্দুল রাজ্জাকের ছেলে রেজাউল করিম (২৮), সুলেমান মিয়ার ছেলে আমির হোসেন ইকবাল (২৯), আব্দুল কাদেরের ছেলে লায়েক হোসেন (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেন (২০)।
ঘটনার পর অস্ত্র, মাদক ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পাঁচজনকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।
