শাবি প্রতিনিধি:
দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।
লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে ওয়েবসাইটে সমস্যা দেখা গেছে। বই আছে কি না, তা বোঝার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হচ্ছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ‘ইয়াক সাফু’ নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে লিখেন, “আমাদের লাইব্রেরী আছে, বই ও আছে, ওয়েবসাইট ও আছে কিন্তু ওয়েবসাইটে সার্চ করলে কোনো বই ই নাই।”
এ বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী আতাহার বলেন, লাইব্রেরিতে বই আছে কিনা তা দেখার জন্য লাইব্রেরিতে আসলাম এখানে আসে দেখি বই নাই। হয়তো কেউ নিয়ে গেছে। একটা বই এক ঘন্টা খুঁজার পর পেলাম।বর্তমান পরিক্ষা চলমান, তাই এই সমস্যা সমাধান দ্রুত করা দরকার ছিল বলে আমি মনে করছি।
এ বিষয়ে লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমি এ বিষয়ে ওয়াকিবহাল। সফটওয়্যার ডেভেলপারের সাথে আগের সপ্তাহের শেষ দিকে যোগাযোগের চেষ্টা করছি। গত সপ্তাহে একাধিকবার যোগাযোগ করেছি, গত সপ্তাহে তারা বলছে যে এই সপ্তাহেও পারবে না।
তিনি আরো বলেন, আমার চেষ্টার কোনো ত্রুটি নাই। আমি জানি, জানার পরেও কিছু করতে পারতেছি না কারণ এটা আমার হাতে নেই। আমার হাতে থাকলে আমি এতো দিনে করে ফেলতাম। এই সপ্তাহে সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
