জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন অবস্থায় ১,৪৬০ কেজি ভারতীয় জিরা এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। যার সিজারমূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার টাকা।
এর আগে, ১০ এপ্রিল জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট, লালাখাল, জৈন্তাপুর ও আটগ্রাম বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫টি ভারতীয় মহিষ, ৩০০ কেজি চিনি, ৫০ কেজি জিরা এবং ৩৪ কেজি চা পাতা জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৫ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা। দুই দিনের অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ১০ হাজার ৬০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।
