দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে চলে বর্ণাঢ্য আয়োজন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
এসময় এমপি মিলন বগুলা ইউনিয়নের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণাও দেন। এর মধ্যে রয়েছে। বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন নির্মাণ, ৮ লাখ টাকার আসবাবপত্র, ১ লাখ টাকার ক্রীড়া সামগ্রী প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় ৩ কোটি টাকার ভবন নির্মাণ, বোগলা কেন্দ্রীয় জামে মসজিদের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ এবং স্কুলের বাউন্ডারি নির্মাণে অতিরিক্ত ২০ লাখ টাকা বরাদ্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরূপ রতন সিংহ, তিনি বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে।
শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
