শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।
সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান জানান, পুনর্মিলনীর প্রথম দিন শুক্রবার সকালে শোভাযাত্রা ও কেক কাটা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে “দ্য ট্রান্সফরমেটিভ পটেনশিয়াল অব অ্যানথ্রোপোলজি ইন গ্লোবাল অ্যানথ্রোপোলজি” শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মন্টেভালো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ম্যাকডোনাল্ড। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলাশবহুল নৈশভোজ।
দ্বিতীয় দিন শনিবারে অতীতকে স্মরণ, র্যাফেল ড্র, অ্যালামনাই জেনারেল মিটিং এবং সন্ধ্যায় মিউজিক্যাল নাইট। এদিন দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এদিকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় রেখে পুনর্মিলনী অনুষ্ঠানে সীমিত আলোকসজ্জার মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
