মো: ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যুবদল নেতার বিরুদ্ধে জলাশয় দখল, গ্রামবাসীর উপর হামলা-মামলা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন জানিয়েছে।
অভিযোগে বলা হয়, মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল দীর্ঘদিন ধরে গ্রামের মসজিদ সংলগ্ন কুড়ি বিলের জলাশয় দখল করে রেখেছেন। তিনি দাবি করছেন, জমিটি খাস থেকে কালেকশনে এনেছেন। কিন্তু আসলে গ্রামের রেকর্ডকৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। গ্রামবাসী প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ভয়-ভীতি ও হামলার ঘটনা ঘটাচ্ছেন।
গ্রামবাসীর অভিযোগ, রায়হান উদ্দিন চলার পথে সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। সম্প্রতি তার কুকীর্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর দাবিতে, গত ৮ সেপ্টেম্বর বংশীকুন্ডা বাজারে শত শত মানুষ মানববন্ধন করে ইউএনও ও ওসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে। তারা অভিযোগ করেন, রায়হান উদ্দিনের এমন কর্মকাণ্ডের কারণে দলে চরম ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তৃণমূল কর্মীরা হতাশ হচ্ছে।
অভিযোগপত্রে এলাকাবাসী রায়হান উদ্দিনের বিরুদ্ধে দলীয় তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবেদনে স্বাক্ষর করেছেন— জুলহাস মিয়া, মোবারক, মিশুক মিয়া, রমিজ আলী, রয়েল মিয়া, হাদীজ্জামাল, শাহিন মিয়া ও আলমগীর।
