ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র নবগঠিত ৩নং ওয়ার্ড কমিটি বাতিল ও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সুজন মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সুজন মিয়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও ধূসর হিসেবে এলাকায় পরিচিত। তার প্রত্যক্ষ প্রভাবেই সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হয়েছেন এবং সংগঠনের ভেতরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রবীণ নেতা হাসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিনসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, টাকার বিনিময়ে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন। বিএনপির আজকের এই অবস্থানে পৌঁছাতে মাঠপর্যায়ের অসংখ্য কর্মী মামলা, হামলা ও কারাবরণের মতো ত্যাগ স্বীকার করেছেন। অথচ সেই কর্মীদের বাদ দিয়ে ধূসর বা সুবিধাভোগীদের দিয়ে কমিটি সাজানো হচ্ছে। এটি ত্যাগীদের প্রতি অবিচার এবং দলের আদর্শবিরোধী।
তারা আরও বলেন, আমরা অবিলম্বে ৩নং ওয়ার্ড কমিটি বাতিল চাই। একই সঙ্গে আওয়ামী লীগপন্থী হিসেবে চিহ্নিত ইউনিয়ন আহ্বায়ক সুজন মিয়াকে বহিষ্কার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতাদের কাছে দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন ও সুজন মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে ৩নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন গ্রামের দুই শতাধিক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
