আধুনিক রিপোর্ট:
সিলেট সদর উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ফকির মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মোল্লারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফকির মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারবাগ এলাকার আফতাব মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক রাকিব আলী সুনামগঞ্জের ছাতক উপজেলার শিবনগর গ্রামের সারু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীতগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে চালকসহ ২ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ফকির মিয়াকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) মহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত ফকির মিয়া চালকের সাথে যাত্রী হয়ে আসছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। চালক রাকিব আলী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, একটি পিকআপ ও অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে আমরা রাত একটার দিকে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনার পর স্থানীয় জনতা হতাহতদের হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে। গাড়ি ২টি জব্দ করা হয়েছে।


