Home Blog Page 99

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ব্যাপক মিছিল সমাবেশ

0

আধুনিক ডেস্ক ::

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে বিপুল সংখ্যক মানুষ। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস এঞ্জেলসসহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ হয়েছে। নিউইয়র্কে টাইম স্কয়ারের সামনের সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়। সড়ক ও পাতাল রেলেও প্রবেশপথগুলো লোকে লোকারণ্য হয়ে পড়েছিলো। তারা ‘রাজতন্ত্র নয়, গণতন্ত্র’ এবং ‘সংবিধান বিকল্প কিছু নয়’- এমন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছেন।

এই বিক্ষোভের আগে ট্রাম্পের সহযোগীরা অভিযোগ করেছেন যে, এর সাথে বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের যোগসূত্র আছে এবং এর নিন্দা করে তারা এই বিক্ষোভের নাম দিয়েছেন ‘হেইট আমেরিকা র‍্যালি বা ‘আমেরিকাকে ঘৃণা সমাবেশ’। এদিকে আয়োজক ও বিক্ষোভকারীরা বলেছেন, শনিবার তাদের বিক্ষোভ ছিলো শান্তিপূর্ণ।

‘নো কিংস’ কর্মসূচির মূল নীতিকে অহিংস বলে আয়োজক গোষ্ঠী তাদের ওয়েবসাইটে জানিয়েছে। তারা অংশগ্রহণকারীদের সম্ভাব্য যেকোনো উত্তেজনা পরিহারের আহবান জানিয়েছেন। নিউইয়র্কে বিক্ষোভকারীরা ড্রামসহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে ‘গণতন্ত্র দেখতে এমনই’ এমন শ্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভের সময় আকাশে হেলিকপ্টার ড্রোন উড়তে দেখা গেছে এবং পাশে পুলিশ অবস্থান করছিলো। নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, ১ লাখেরও বেশি মানুষ ওই শহরে বিক্ষোভে অংশ নিয়েছে। টাইম স্কয়ারেই কুড়ি হাজারের বেশি মানুষের অংশ নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার একজন পুলিশ কর্মকর্তা।

ওদিকে বিক্ষোভ হয়েছে ইউরোপেও। বার্লিন, মাদ্রিদ ও রোমে আমেরিকার বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় এসেছে বিপুল সংখ্যক মানুষ। লন্ডনে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনেও কয়েকশত মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করেছেন। টরেন্টোতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভ হয়েছে।

ফক্স নিউজের সাথে এক সাক্ষাতকারে ট্রাম্প বিদ্রূপ করে বলেছেন, সামনের সমাবেশগুলোতে তিনি ভাষণ দিবেন বলে তার কাছে মনে হচ্ছে। “কিং ! এটা অভিনয় নয়,” ট্রাম্প সাক্ষাতকারটিতে বলেছেন। এটি রোববার সম্প্রচারিত হওয়ার কথা। “আপনি জানেন তারা আমাকে রাজা বলছে। আমি রাজা নই”।

বিভিন্ন রাজ্যে রিপাবলিকান গভর্নররা কয়েকটি রাজ্যে ন্যাশনাল গার্ডকে প্রস্তুত রেখেছিলেন। ট্রাম্পের অনুরোধে ওয়াশিংটন ডিসিতেও ন্যাশনাল গার্ড মোতায়েন রয়েছে গত অগাস্ট থেকেই। তবে তাদের এবারের বিক্ষোভে চোখে পড়েনি। স্থানীয় পুলিশ অবশ্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে ট্রাম্পকে কেন্দ্র করে মারাত্মক বিভাজন রয়েছে। রয়টার্স ও ইপসসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৪০ শতাংশ তার পক্ষে আর ৫৮ শতাংশ তার বিপক্ষে। তবে সাধারণত দায়িত্ব পালনের সময় প্রেসিডেন্টদের জনপ্রিয়তা কিছুটা কমতে থাকে।

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

0

আধুনিক ডেস্ক ::

আন্দোলনের মুখে অবশেষে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার। এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়িভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সেখানে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়া হলো।

শর্তগুলোতে উল্লেখ করা হয়— উক্ত বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।

এছাড়া বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না; ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন; প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা বেশ কিছুদিন যাবত আন্দোলন করে যাচ্ছেন। শনিবারও তারা আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল করেছেন। রোববার দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে থালা-বাটি হাতে ভুখা মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা। এমন প্রেক্ষাপটে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।

দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দলটিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে। আর গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন। মানুষের সঙ্গে মিশবেন। একদিকে তাঁদের নিরাপত্তা, অন্যদিকে জনসম্পৃক্ততা। এই সময়ে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি। সে কারণে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।

কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বুলেটপ্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্র জানায়, একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন।

বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মন্ত্রণালয় সূত্র জানায়, এ ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের। রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি খুব কমই দেওয়া হয়েছে অতীতে।

পুলিশ প্রটোকলের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা আছে। এটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) নামে পরিচিত। খালেদা জিয়া কোথাও গেলে তার নিরাপত্তায় বিশেষ পোশাকে সিএসএফের সদস্যদের দেখা যায়।

আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না : ইসি আনোয়ারুল

0

আধুনিক ডেস্ক ::

আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার (১৯ অক্টোবর) সকালে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান সংবিধান ও নির্বাচনী বিধিমালায় যে তালিকাভুক্ত প্রতীকসমূহ রয়েছে, তার বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তাই এনসিপির দাবি থাকা সত্ত্বেও ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়।

সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

এ সময় পুলিশকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলতে পারবে না, আমাদের কোনো কলঙ্ক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা আর সমন্বয়য়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।

নির্বাচন কমিশন কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না বলে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। তাই পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীরর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগুন নিয়ন্ত্রণে, ৭ ঘণ্টা পর সচল শাহজালাল বিমানবন্দর

0

আধুনিক ডেস্ক :::

সাত ঘণ্টা পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর উড়োজাহাজ ওঠানামাও শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শনিবার রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায়। শনিবার বেলা সোয়া ২টায় আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বাহিনীর ৩৭টি ইউনিট সেখানে কাজ করে। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই বাহিনীর পরিভাষায়, আগুন যখন ছড়ানো বন্ধ করা যায়, তখন বলা হয় নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভানো হলে বলা হয় নির্বাপণ।

আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। রাত ৯টা থেকে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

সন্ধ্যার পর অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা যত দ্রুত পারি এয়ারপোর্ট (বিমানবন্দর) চালু করব। কারণ, আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি, আজ রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব।’

এই অগ্নিকাণ্ডে কেউ নিহত হননি। তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে বলে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার খবর পেয়ে কাজ শুরু করে তারা। প্রথমে কয়েকটি ইউনিট যুক্ত হয় এই কাজে। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যাও বাড়তে থাকে। রাত নাগাদ তা বেড়ে ৩৭টি হয়।

কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা স্থগিত রাখা হয়। বিমানবন্দরের কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লাগে, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুন লাগার পর দূর থেকেও প্রচুর ধোঁয়া উড়তে দেখা যায়। সেখানে উৎসুক জনতার ভিড় লাগায় বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সরে যেতে বলা হচ্ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটও কাজ করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, যোগ দেয় নৌবাহিনীও। দুই প্লাটুন বিজিবির পাশাপাশি আনসার সদস্যরাও নামেন আগুন নেভাতে।

আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে ৩টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে, ৩ নম্বর গেটের পাশে।

শাহজালাল বিমানবন্দর দিয়ে সাধারণত তুলনামূলকভাবে কম ওজনের যন্ত্রপাতি, পচনশীল পণ্য, ইলেকট্রনিক পণ্য আমদানি হয়ে থাকে। আগুনের ক্ষয়ক্ষতির মাত্রা এখনো জানা যায়নি।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘটনার কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

এদিকে রাত ১০টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগের কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট আবু বকর হৃদয়। তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। তিনি বলেন, কার্গো কমপ্লেক্স সাধারণত এয়ারক্রাফট পরিচালনার জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। তারপরও নিরাপত্তার দিকটি চিন্তা করে এই পদক্ষেপ নেওয়া হয়।

নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে

0

আধুনিক ডেস্ক::

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত পৌনে ৯টার দিকে সরকারের বিবৃতিতে বলা হয়, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

বিবৃতিতে সরকার আরও বলেছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয়, এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ বেলা আড়াইটায় আগুন লাগে। এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের একটি কারখানায় আগুন লাগে, যা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ির একটি টিনের ছাউনির দোতলা রাসায়নিক গুদামে আগুন লাগে। এতে মৃত্যু হয় অন্তত ১৬ জনের।

এসবের পরিপ্রেক্ষিতে শুক্রবার অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।

হবিগঞ্জে ওজনে মিষ্টি কম দেওয়া নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

0

নবীগঞ্জ প্রতিনিধি ::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিষ্টির দোকানে ওজনে কম দেয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালিয়ারভাঙা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান। এ সময় মিষ্টির ওজন কম দেয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে সাদমান তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এর জের ধরে রাত ৭টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী টর্চ লাইট জ্বালিয়ে চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে, গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পন্ন

0

আধুনিক ডেস্ক:

আনন্দ খেলাঘর আসর আয়োজিত শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক ৪০তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দক্ষিণ সুরমার গোপশহরস্থ জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিচালনা কমিটির সচিব মইন উদ্দিন আহমদ খোকনের সঞ্চালনায় কেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পরীক্ষা পরিচালনা কমিটির নিয়ন্ত্রক ও জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফির আহমদ কামাল, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, প্রফেসর অহিদুর রব, রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রমজান আলী, হামিদা খাতুন মডেল একাডেমীর অধ্যক্ষ মকদ্দছ আলী খসরু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ছড়াকার সিরাজ উদ্দিন সিরুল, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাপসী চক্রবর্তী লিপি, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুলসহ বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবীরা।

আরও উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শহীদ সুলেমানের ভাই বোরহান হোসেন, সহ-সভাপতি মো. শামছুল আম্বিয়া চৌধুরী (নিজাম উদ্দিন) ও হাজী আশরাফ উদ্দিন, উপহার কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী হাজী কামাল উদ্দিন, ইসলামী ব্যাংকের ম্যানেজার আকবর উদ্দিন, শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি মো. গোলাম রব হাসনু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক মো. সাহেদ আহমদ শান্ত, গোলাম আজম মঞ্জু, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান খালে ও একরাম খান প্রমুখ।

এ সময় আনন্দ খেলাঘর আসরের সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি হালিমা বেগম, যুগ্ম সম্পাদক রানা তালুকদার, অর্থ সম্পাদক ইমরান আহমদ নাদিম, সাহিত্য সম্পাদক আব্দুস শহীদ দুলাল, শাহনেওয়াজ খান শাকিল, অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন, কবি কামাল আহমদ, সদস্য রোজিনা বেগম ও সজিব আহমদ বিজয়সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক সফির আহমদ কামাল ও সচিব মইন উদ্দিন আহমদ খোকন পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। তারা অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি

0

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার বিকেলে বরিশালে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সিইসি শুক্রবার সকালে বরিশালে পৌঁছান। তবে সেদিন তার কোনও কর্মসূচি ছিল না। শনিবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে একাধিক বৈঠক করেন।

সকালে নগরের কাশীপুর এলাকায় আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তার সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। এসব সভা শেষে সন্ধ্যার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘দায়িত্বগ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের এ বার্তা দিয়েছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করণীয় তারা সবকিছু করবেন’।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারও বলেছে যে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির নির্বাচনে অংশ নেওয়ার কোনও সুযোগ নেই। কোনও গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোনও প্রেসক্রিপশন নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।

তিনি আরও বলেন, এর আগে যে ২/৩টি নির্বাচন হয়েছে, তেমন কোনও নির্বাচন হওয়ার সুযোগ নেই। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা। এক্ষেত্রে কোনও দল কিংবা গোষ্ঠীর কোনও চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন’।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব সভায় উপস্থিত ছিলেন।

রিশাদের ঘূর্ণিতে বড় জয় বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক ::
উইকেটে সেট হলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন। টেনেটুনে ২০৭ রান তুলে দুই বল থাকতে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৩৯ রানে ধসিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। দলকে ৭৪ রানের বড় জয় এনে দিয়েছেন।

ক্যারিবীয়দের ধসিয়ে দিতে লেগ স্পিনার রিশাদ ৯ ওভারে ৩৫ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন। দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে যা তৃতীয় সেরা বোলিং ফিগার। এর আগে মাশরাফি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে এবং রুবেল হোসেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ করে রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। চতুর্থ সেরা মুস্তাফিজুর রহমান ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৪৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

শনিবার মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায়। চাপে পড়া দলকে ৭১ রানের জুটিতে উদ্ধার করলেও শান্ত ও হৃদয় ধীর গতির ব্যাটিং করেন। তিনে নামা শান্ত ৬৩ বলে দুই চারের শটে ৩২ রান করে আউট হন। দলকে ভরসা দেওয়া হৃদয় ৯০ বলে ৫১ রান করেন। তার ব্যাট থেকে তিনটি চারের শট আসে।

অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে তিনটি চারের শটে ৪৬ রান করেন। নুরুল হাসান সোহান (১০ বলে ৯) ক্রিজে এসেই আউট হলে দুইশ’ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ওই শঙ্কা দূরে করেন। ইনিংসের প্রথম দুটি ছক্কা মারেন লেগ স্পিনার রিশাদ। তিনি ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৬ রান করেন। তানভীর এক ছক্কায় ৯ রান করেন।

জবাবে নেমে ৫১ রানের ওপেনিং জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২তম ওভারে প্রথম আক্রমণে এসে ব্রেক থ্রু দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ক্যারিবীয়দের ৯২ রানে ৫ উইকেট নিয়েও ইনিংসের কোমর ভেঙে দেন তিনি। একে একে সাজঘরে ফেরান টপ অর্ডারের আলিস আথানজে (২৭), কেসি কার্টি (৯) ও ব্রেন্ডন কিংকে। ওপেনার কিং ৬০ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪৪ রান করেন। এরপর রিশাদ শেরফান রাদারফোর্ড (০) এবং রোস্টন চেজকে (৬) তুলে নেন।

পরে গুড়াকেশ মোতিকে (৩) সাজঘরে পাঠান মেহেদী মিরাজ। অধিনায়ক শেই হোপ ৩২ বলে ১৫ রান করে স্পিনার তানভীর ইসলামের বলে ফিরে যান। মুস্তাফিজ তুলে নেন রোমারিও শেইফার্ড (১) ও জাস্টিন গ্রেভসকে (১২)। শেষ ব্যাটার জাইডেন সিলসকে আউট করেন রিশাদ। ম্যাচ সেরা হয়েছেন তিনি।

এর আগে ২৯৮ বলের ইনিংসে ১৮৩টি ডট দেওয়া বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন সিলস। তিনি ৭ ওভারে ৪৮ রান দেন। পার্ট টাইম স্পিনার জাস্টিন গ্রেভস ৫ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্পিনার রোস্টন চেক ১০ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।