Home Blog Page 98

জোবায়েদ হত্যায় বর্ষা-মাহিরসহ তিনজনের নামে মামলা

0

আধুনিক ডেস্ক ::
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও মো. মাহির রহমানসহ (১৯) তিনজনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানায় এ মামলা দায়ের করেন জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। মামলার অন্য আসামি হলেন ফারদীন আহম্মেদ আয়লান (২০)। এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা। বর্ষার সাথে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়েদের উপর দুর্বল হয়ে পড়ে। এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবায়েদেকে পছন্দ করে বলে জানায়। কিন্তু কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় যে, জোবায়েদকে আর ভালো লাগে না। তখন জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির।’ 

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জোবায়েদকে হত্যার এই পরিকল্পনা স্বীকার করেনি বর্ষা। পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সত্যতা জানায়। জোবায়েদকে কীভাবে সরিয়ে দেওয়া যায় গত ২৫ সেপ্টেম্বর থেকেই পরিকল্পনা করেন তারা। এখন পর্যন্ত বর্ষাসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার শেষ প্রস্তুতি চলছে।’ 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ‘জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশন করতেন। প্রতিদিনের মতো তিনি রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিং রৌশান ভিলায় বর্ষাকে প্রাইভেট পড়ানোর জন্য যান। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে বর্ষা জোবায়েদ হোসেনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে জানান যে, জোবায়েদ স্যার খুন হয়েছে। কে বা কারা খুন করেছে।’

রাত ৭টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কামরুল হাসান মামলার বাদী জোবায়েদের ভাইকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানান। এনায়েত হোসেন সৈকত তার শ্যালক শরীফ মোহাম্মদকে সাথে নিয়ে মোটরসাইকেলে ওইদিন রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল রৌশান ভিলায় পৌঁছান।

মামলার বিবরণে এনায়েত হোসেন সৈকত বলেছেন, ঘটনাস্থলে গিয়ে রৌশান ভিলা ভবনের নিচতলা থেকে উপরে উঠার সময় সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। ওই ভবনের তৃতীয় তলার রুমের পূর্ব পাশে সিঁড়িতে গেলে সিঁড়ির ওপর জোবায়েদের রক্তাক্ত মরদেহ উপুড় অবস্থায় দেখা যায়। সুরতহাল প্রস্তুত করার সময় তার গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের কাছ থেকে জেনে এবং আশপাশের এলাকার সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে উল্লিখিত আসামিসহ অজ্ঞাত বিবাদীরা আমার ভাইকে পূর্ব-পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গলার ডান পাশে আঘাত করে হত্যা করেছে বলে নিশ্চিত হই।

তিনি আরও বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আমি বাদী হয়ে মামলা করেছি। সোমবার আমাদের মানসিক অবস্থা ভালো না থাকায় মামলা করতে একদিন দেরি হয়েছে। মামলায় যারা প্রকৃত আসামি আমরা তাদের নাম উল্লেখ করেছি। আমরা চাই কোনো নির্দোষ ব্যক্তি যেন ফেঁসে না যায়। যারা প্রকৃত অপরাধী তারাই শাস্তি পাক। মামলায় যাদের নাম উল্লেখ করেছি তাদের সকলকেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এজন্য পুলিশকে ধন্যবাদ জানাই। আমরা সুষ্ঠ বিচার চাই।’

মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

0

আধুনিক ডেস্ক ::

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের চলমান অন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত সিলেট জেলার স্কুল,কলেজ ও মাদ্রাসার এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

লিয়াজোঁ কমিটির আহবায়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান হুমায়দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঙ্গলবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভা থেকে সিলেট জেলার প্রত্যেক উপজেলা থেকে স্কুল,কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। সভায় শিক্ষক আন্দোলনে অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারী শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

লিয়াজোঁ কমিটির সদস্য সচিব ও পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো.আবিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রাব্বানী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার,জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুশ শাকুর,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন-সম্পাদক ও তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খসরুজ্জামান, লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রওনক আহমদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদ ক সহকারি অধ্যাপক জান্নাত আরা খাঁন, আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট বিভাগের সমন্বয়ক মোহাম্মদ জাহিদুর রহমান, জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ (অতিরিক্ত) মোহাম্মদ কমর উদ্দিন,বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব ও দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাদাঘাট মডেল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী,আল আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।

জোবায়েদ হত্যায় প্রধান সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তার মা

0

আধুনিক ডেস্ক ::

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে পুলিশে সোপর্দ করেছেন তার মা রেখা আক্তার। সোমবার (২০ অক্টোবর) সকালে তিনি নিজে বংশাল থানায় গিয়ে ছেলেকে পুলিশের কাছে দিয়ে আসেন বলে তাঁদের একজন স্বজন জানিয়েছেন।

মাহিরের খালু ইমরান শেখ বলেন, ‘খুনের ঘটনায় মাহিরের সম্পৃক্ততা পেয়ে রোববার রাত তিনটার দিকে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। এই খবর পেয়ে মাহিরের মা রেখা আক্তার সোমবার সকাল সাতটার দিকে মাহিরকে নিয়ে বংশাল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। সম্পৃক্ততা না পেয়ে সকাল ছয়টার দিকে পুলিশ আমাকে ছেড়ে দেয়।’

মাহিরকে তার মা থানায় সোপর্দ করেছেন, এই তথ্য স্বীকার করেনি পুলিশ। তবে এ হত্যাকাণ্ডে মাহিরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল কবীর তরফদার বলেন, ‘আমরা এই হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছি। শিগগিরই তা জানানো হবে।’

রোববার (১৯ অক্টোবর) রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সহপাঠী ও পুলিশের তথ্যমতে, ভবনটির একটি বাসায় উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে পড়াতেন জোবায়েদ। তাঁর লাশ উদ্ধারের পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বংশাল থানায় নিয়ে যায় পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, ওই ছাত্রীর পাশাপাশি পুলিশের একাধিক টিম রাতে মাহিরের আত্মীয়স্বজনের বাড়িতে অভিযান চালায়। পরবর্তী সময়ে মাহিরের মা তাকে থানায় দেবে বলে জানান। সেই কথা অনুযায়ী সকালবেলা তিনি ছেলেকে থানায় সোপর্দ করেন।

পুলিশের লালবাগ বিভাগের কর্মকর্তারা জানান, প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জুবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলে তিনজন ছিলেন। তবে ছুরিকাঘাত করেন মাহির।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

0

আধুনিক ডেস্ক ::

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফৈরদৌস ইবনে হকের আদালত এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত এই আদেশ দেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজধানীর রমনা মডেল থানা পুলিশকে। আদালত, সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরীর দেওয়া অভিযোগপত্র এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি পর্যালোচনা করে এ আদেশ দেন।এ বিষয়ে সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেয় আদালত। একইসঙ্গে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে।

আবিদ হাসান বলেন, সালমান শাহর মৃত্যুর পর তার বাবা কমর উদ্দিন রমনা মডেল থানায় অপমৃত্যুর মামলা করেন। পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি। এ ঘটনায় রিজভী ওরফে ফরহাদ নামে এক আসামি স্বীকারোকক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখানে সালমানকে কীভাবে হত্যা করা হয়, তা উঠে আসে। তারপরও মামলাটি আলোর মুখ দেখেনি।

তিনি বলেন, সবশেষ পিবিআই মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি আদেশ দেন। আজ আদালত সেই আদেশ রহিত করেন। একইসঙ্গে কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। তদন্ত করে রমনা মডেল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মারা যান সালমান শাহ। অভিনেতার হঠাৎ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। যা মেনে নেয়নি নায়কের পরিবার। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ১৯৯৭ সালের ২৫ নভেম্বর সিএমএম আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে রায় দেন। যা প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমানের বাবা।

২০০৩ সালে রিভিশন মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন যেখানে সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলা হয়।

এরপর ছেলের মৃত্যুর বিচারপ্রার্থী কমরউদ্দিন আহমদ চৌধুরী মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শাহর মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। তখন মামলাটি তদন্তের ভার পড়ে পিবিআইয়ের ওপর।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

মামলার নিষ্পত্তি আদেশের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে বাদীপক্ষ। ওই রিভিশন মামলায় বলা হয়, একাধিক ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে হত্যাকে ধামাচাপা দেয়া হয়েছে। সুপরিকল্পিত হত্যাকে ‘আত্মহত্যা’ ও ‘অপমৃত্যু’ বলা হচ্ছে। তাই সত্য প্রতিষ্ঠায় সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ সহ একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।

তার অভিনীত সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে তিনি সর্বাধিক ১৩টি সিনেমায় অভিনয় করেছেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত।

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ। এছাড়া সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। ‎সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও মোতায়েন হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। পুলিশ কাজ করবে ‎দেড় লাখ। আরও বেশি সদস্য আসবে আনসার থেকে। সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনি প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হত। এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, ‘প্রস্তাব হলো, ভোটের আগের তিনদিন, ভোটের দিন এবং ভোটের পরে চারদিন মোতায়েনের, এটা আমরা পরীক্ষা করে দেখব।’

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি কাজ চলমান।

সিলেট-শিলচর সংযোগসহ ভারতের সঙ্গে করা হাসিনা সরকারের ১০ চুক্তি বাতিল

0

ডেস্ক রিপোর্ট ::

সিলেট-শিলচর সংযোগ চুক্তিসহ ভারতের সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলে করা ১০ চুক্তি বাতিল করেছে অন্তবতী সরকার। সোমবার (২০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এতথ্য জানিয়েছেন।
২০২০ সালে ভারতের আসাম রাজ্যের শিলচরের সাথে সংযোগ চুক্তি করেছিলো তৎকালীন সরকার। অভিবক্ত ভারতে সিলেট জেলার অংশ ছিলো শিলচর । পুণরায় দুই শহরের যোগাযোগ স্থাপনে এ চুক্তি করা হয়েছিলো। সিলেট-শিলচর সরাসরি বাস চালুরও উদ্যোগ নেওয়া হয়েছিলো তখন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল হওয়া চুক্তি/প্রকল্পগুলো হলো- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা IEZ), ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSE-এর সঙ্গে টাগ বোট চুক্তি।
স্থগিত করা হয়েছে ২০২২ সালে করা সিলেটের কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প।
এছাড়া আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা), গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা), তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল) বাস্তবায়নের জন্য আলোচনায়।

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-৯

0

ফেরদৌস টৌধুরী রুহেল ::

সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল ভেন্যু করার জন্য দাবি জোরেশোরে উচ্চারিত হতে থাকে এরই প্রেক্ষিতে ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং প্র্যাকটিসের জন্য জেলা স্টেডিয়াম পরিদর্শন করতে থাকেন, অবশ্যই এর পিছনে বড় ভূমিকা রাখেন সে সময়কার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, যেহেতু উনি একাধারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পরিচালক ছিলেন।

২০১৩ সালের শেষের দিকে বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম সরাসরি ভোটে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচনী জটিলতার সৃষ্টি হয় এবং একটি অ্যাডহক কমিটি আসে। সেই এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেল এবং কোষাধ্যক্ষ হিসেবে সাঈদ আহমদ চৌধুরী জুয়েল দায়িত্ব পালন করেন। মামলাজনিত কারণে নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি। তাই অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নাদেল চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে সিলেট থেকে নির্বাচিত হন। যেহেতু আমি জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত ছিলাম তাই বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম নিয়ে আমি খুব একটা লিখছি না। তবে অনেকে জানতে ইচ্ছে হতে পারে এই ভেবে আমি শুধু যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মেয়াদে তাদের নাম ও পদবী তুলে ধরছি।

বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম সাধারণ সম্পাদক ছিলেন (অ্যাডহক কমিটি) এহিয়া রাজা চৌধুরী কোষাধ্যক্ষ ছিলেন আমিনুর রশিদ চুনু। তাদের মেয়াদ ছিল ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৬ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৯৯৬ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত মাহবুব চৌধুরী সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আরিফ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ২৫ জানুয়ারি থেকে ২০০৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত মোহাম্মদ জাহেদ সাধারণ সম্পাদক হিসেবে এবং আমিনুর রশিদ চূনু কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত. শেখ নাজমুল হক সম্পাদক এবং আব্দুল জলিল (ক্রীড়া কর্মকর্তা) কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি ২০০৮ থেকে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ইমরান চৌধুরী এবং ফয়জুল ইসলাম আরিজ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। আবার দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে শফিউল আলম চৌধুরী নাদেল সাধারণ সম্পাদক এবং সাঈদ আহমদ চৌধুরী জুয়েল ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরই মধ্যে মাঠ সম্প্রসারণ কাজ শুরু হয় এবং আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতির দ্বারপ্রান্তে চলে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কর্তৃত্ব গ্রহণ করে প্রয়োজনীয় কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি লাভ করে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

কুমিল্লায় শাবি শিক্ষার্থীর মাকে হত্যা, ক্যাম্পাসে শোক র‍্যালি

0

শাবি প্রতিনিধি:

কুমিল্লায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী তানজিনা আক্তারের মা মিলন বিবি (৫৫) হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে শোক র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নৃবিজ্ঞান সমিতির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শোক র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা ভবন-ডি’র সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নৃবিজ্ঞান সমিতির সভাপতি সাদিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।

অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, “আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তারের মমতাময়ী মাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী না থাকায় তিন সন্তানকে তিনি একাই মানুষ করেছেন। এমন একজন মহিলাকে হত্যা করার মতো অমানবিক ঘটনা হতে পারে এটা কল্পনাতীত। নতুন বাংলাদেশে এমন নৃশংস ঘটনা মেনে নেওয়া কঠিন।”

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডে নৃবিজ্ঞান বিভাগ গভীরভাবে শোকাহত। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে ঘটনার তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে। দেশে যেন আর এ ধরনের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারিয়া বিনতে আরিফ বলেন, “সভ্য সমাজে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আমরা সেই প্রত্যাশা রাখি।”

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় মিলন বিবিকে নির্মমভাবে হত্যা করা হয়।

ক্যাম্পাসের চলমান প্রেক্ষাপট নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের সংবাদ সম্মেলন

0

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসের চলমান প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অবস্থান ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় রাহাত জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখত বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার।

প্রশাসনের ছায়ায় বা গোপনে কিছু সংগঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে নাইম সরকার বলেন, “প্রশাসনের ছায়ায় বা গোপনে যেসব সংগঠন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। ফলে প্রতিযোগিতা নয়, বরং অসম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। এর কারণে ঐক্য নয়, বিভাজন সৃষ্টি করবে। আমরা চাই, শাকসু নির্বাচন হোক এমন এক পরিবেশে- যেখানে প্রতিটি শিক্ষার্থী সংশয়মুক্তভাবে নিজের ইচ্ছায় অংশ নিতে পারে।

দলীয় অবস্থান সম্পর্কে তিনি বলেন,”দীর্ঘ ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে প্রশাসনিক বাধা ও দমননীতির কারণে আমরা ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। তারপরও আমরা সক্রিয়ভাবে জাতীয় পর্যায়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা কখনো গোপন, সহিংস বা অগণতান্ত্রিক পথে যাইনি, কারণ আমরা বিশ্বাস করি- নৈতিকতার উপর দাঁড়িয়েই সত্যিকারের রাজনীতি টিকে থাকে। “

অন্যদিকে, কিছু সংগঠন গোপনে বা রূপ বদলে কার্যক্রম চালিয়ে গেলেও তা গণতান্ত্রিক মানদণ্ডে কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা, ন্যায্যতা ও সমান সুযোগই গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি।

হলের সিট বরাদ্দে সমস্যা উল্লেখ করে নাইম সরকার বলেন,”সাধারণ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বড় বাস্তব সমস্যা হলো হল সিট পাওয়া।কিছু সংগঠনের ঘনিষ্ঠ বা প্রশাসনিক সুবিধাভোগী শিক্ষার্থীরা নানা কৌশলে সিট দখল করে রেখেছে, যা সাধারণ শিক্ষার্থীদের প্রতি সরাসরি অন্যায় ও বৈষম্য সৃষ্টি করছে।মৌলিক অধিকারও এখন অব্যবস্থা, অস্বচ্ছতা ও পক্ষপাতের শিকার।”

যে প্রশাসন সিট বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে?”

শাকসু নির্বাচন সম্পর্কে তাদের প্রস্তাবনা হিসাবে বলেন,”যখন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে, তখন শাকসু নির্বাচন কার্যক্রম প্রক্রিয়া শুরু করা। কেননা গণতন্ত্রের সৌন্দর্য হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে। এটি ঐক্য নয়, বিভাজন সৃষ্টি করবে। আমরা চাই, শাকসু নির্বাচন হোক এমন এক পরিবেশে- যেখানে প্রতিটি শিক্ষার্থী সংশয়মুক্তভাবে, নিজের ইচ্ছায় অংশ নিতে পারে।”

এছাড়া নাইম সরকার বলেন, হল সিট বরাদ্দে, কোটার প্রক্রিয়া ও প্রশাসনিক নীতিমালা স্বচ্ছ ও সবার জন্য সমানভাবে করার দাবি জানানো হয়। জুলাই- আগস্টের আন্দোলনের প্রকৃত চেতনা ধারণ, সংরক্ষণ ও বাস্তবায়নের স্বার্থে ক্যাম্পাসের সকল অংশীজনের ঐক্যের ভিত্তিতে “স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ-২০২৫” প্রণয়ন অপরিহার্য ।শিক্ষার মান, গবেষণার সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী কল্যাণকে অগ্রাধিকার দিতে, প্রশাসন ও শিক্ষক সমাজ রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত থেকে ন্যায়ের ভিত্তিতে শিক্ষার্থীদের কাউকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে নিয়ে একটি সহাবস্থানমূলক, ন্যায্য ও নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আহ্বান জানান – যেখানে গণতন্ত্র, স্বাধীন চিন্তা ও পারস্পরিক শ্রদ্ধা বিকশিত হবে।

শাকসু নির্বাচন: রোডম্যাপ ঘোষণার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম,  সমান সুযোগের দাবি ছাত্রদলের

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) ঘিরে উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে। রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, অন্যদিকে সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিতের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদল।

রবিবার (১৯ অক্টোবর) পাল্টাপাল্টি অবস্থান নিয়ে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে  মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখা দাবি করেছে, সমান সুযোগ ও যথাযথ প্রস্তুতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার লিখিত বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ পতনের পরও নতুন প্রশাসন দীর্ঘদিন ছাত্ররাজনীতি স্থগিত রাখে। এখন পরীক্ষার মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ শিক্ষার্থীদের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য পরীক্ষা শেষে রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, সততা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করে শাবিপ্রবি তার গণতান্ত্রিক মর্যাদা ফিরে পাবে। তখনই এই বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে হবে গণতন্ত্র, সহাবস্থান ও শিক্ষার দুর্গ।

অন্যদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার, সমন্বয়ক রিয়াজ রিমন, মোমিনুর রহমান শুভ, মাহবুবুল ইসলাম পবন, মুস্তাকিম বিল্লাহ, আবরার বিন সেলিম প্রমুখ।

দেলোয়ার হোসেন শিশির বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নভেম্বরেই নির্বাচন হতে হবে উৎসবমুখর পরিবেশে। কোনো ধরনের ষড়যন্ত্র বা নির্বাচন বানচালের চেষ্টা সহ্য করা হবে না। শিক্ষার্থীরা এমন কোনো প্রশাসন মেনে নেবে না যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়।

পলাশ বখতিয়ার বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হলেও শাবিপ্রবিতে এখনো তা হয়নি। যারা শাকসু বানচালের চেষ্টা করছে, তারা শিক্ষার্থীদের ক্ষমতায় আসা ঠেকাতে চায়। ৪৮ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার অভিযোগ করেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আশ্বাস দিলেও এখনো রোডম্যাপ, তফসিল বা নির্বাচন কমিশন গঠন করা হয়নি। এটি শাকসু পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র।