Home Blog Page 97

ক্যাচ ফেলে সুপার ওভারে হারল বাংলাদেশ

0

ইনিংসের শেষ বলে ক্যাচ। দৌড়ে যাওয়া সোহান তালুবন্দি করলেই জয় বাংলাদেশের। কিন্তু তিনি ধরতে পারেননি। জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। ওয়ানডের বিরল ঘটনা টাই হয়ে যায় ম্যাচ। সুপার ওভারে দারুণ এক ক্যাচ নিলেও অন্যটি ছাড়ে বাংলাদেশ। সুযোগ নিয়ে ১১ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়রা। ওয়াইড ও নো বলের সুবাদে বাংলাদেশ ১ বলে ৫ রান পেলেও শেষ পর্যন্ত ১ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ ১-১ সমতা করে ফেলেছে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইনিংসের ৫০ ওভারই স্পিনার দিয়ে করায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যে ঘটনা প্রথম। খানিকটা খটকা- রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের হলো নাকি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের। ওয়েস্ট ইন্ডিজ রোগী বুঝেই চিকিৎসা দিয়েছে। বাংলাদেশকে দুইশ’ রানের মধ্যে আটকানোর সুযোগ তৈরি করে ২১৩ রানে আটকে রাখে। ওই রানেই লড়াই জমিয়ে তোলে বাংলাদেশের স্পিন ত্রিফলা। শেষ পর্যন্ত শেই হোপের ব্যাটে ম্যাচ টাই হয়।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। অব্যবহৃত মিরপুরের পাঁচ নম্বর উইকেটে খেলা হলেও স্পিনাররা যে পার্থক্য গড়বে বুঝতে বাকি ছিল না কোন দলের। ক্যারিবীয়দের স্পিন ফাঁদে ৯৬ রানে শুরুর ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। একে একে ফিরে যান সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কনরা (১৭)।

তবু ভরসা দিচ্ছিলেন সৌম্য সরকার। তিনি ৮৯ বল খেলে ৪৫ রান করে ক্যাচ দেন। তিন চার ও একটি ছক্কা মারেন। বাংলাদেশ ১০৩ রানে পঞ্চম ও ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারায়। সেখান থেকে দুইশ’ ছাড়ানো পুঁজি এনে দেন মিরাজ-নুরুল হাসান ও রিশাদ। এর মধ্যে ক্যামিও ইনিংস খেলা রিশাদ ১৪ বলে ৩৯ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। সোহান ২৪ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। নাসুম ১৪ রান যোগ করেন। মিরাজ ৫৮ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি পেলেও ১০৩ রানে হারায় পঞ্চম উইকেট। ১৩৩ রানে তাদের ৭ উইকেট নিয়ে ম্যাচ হাতে নিয়ে আসে বাংলাদেশ। সেখান থেকে শেই হোপ ও জাস্টিন গ্রেভস ৪৪ রানের জুটি গড়ে ম্যাচ কঠিন বানিয়ে ফেলেন। গ্রেভস ২৬ করে রান আউট হলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

কিন্তু শেষ পর্যন্ত হোপেই ভেঙেছে আশা। তিনি ৬৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। চারটি চারের শট মারেন তিনি। শেষ ওভারে বল হাতে নিয়ে ক্যারিবীদের আটকেই দিয়েছিলেন সাইফ। একটা উইকেট তুলে নেন তিনি। শেষ বলে রাখেন ৩ রান। ওই বলে খেরি পেরি ক্যাচ দিলেও তা বেশ খানিকটা দৌড়ে গিয়ে লাফিয়ে পড়েও গ্লাভস বন্দি করতে পারেননি সোহান।

অথচ ম্যাচে অধিনায়ক মিরাজ ছাড়া হাত ঘুরানো চার স্পিনারই উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন তিনটি এবং নাসুম ও তানভীর দুটি করে উইকেট তুলে নেন। সাইফ নেন এক উইকেট। মিরাজ ১০ ওভারে ৩৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। মুস্তাফিজ ৮ ওভারে দেন ৪০ রান। এর আগে আফগানদের হয়ে গুড়াকেশ মোতি ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন আকিল হোসেন ও আলিস আথানজে।

ভোটের আগে প্রশাসনে রদবদল হবে প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে

0

আধুনিক ডেস্ক ::

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, তা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ অক্টোরর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এই আশ্বাস দিয়েছেন।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ ছিলেন। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

বিতর্কিত কোনো কর্মকর্তা—বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন, এমন কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপির প্রতিনিধিরা। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তাঁরা।

প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তাঁর তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। এখানে যিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’

বৈঠকে পুলিশের নিয়োগ ও বদলির প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বিএনপির নেতারা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করায় এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সফলভাবে সই করতে পারায় সরকারকে অভিনন্দনও জানান বিএনপির নেতারা। পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কি না, সে বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানান বিএনপির প্রতিনিধিরা।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

‘সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, ‘দলীয়’ উপদেষ্টাদের বাদ দিতে হবে‘

0

আধুনিক ডেস্ক ::

নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাঁদের অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে এনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাইউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি প্রধান উপদেষ্টার কাছে তোলা হয়েছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা নির্দিষ্ট কারও কথা বলেননি।

বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করার জন্য তাঁরা এসেছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। তিনি বলেন, এ জন্য প্রথমেই প্রয়োজন প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ, সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করা।

মির্জা ফখরুল বলেন, প্রশাসনে এমন কর্মকর্তা আছেন, যাঁরা পুরোনো সরকারের স্বার্থ পূরণ করছেন। তাঁদের অপসারণের জন্য তাঁরা প্রধান উপদেষ্টাকে বলেছেন। সচিবালয়ে ফ্যাসিস্টের চিহ্নিত দোসরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য তাঁরা প্রধান উপদেষ্টাকে বলেছেন। জেলা প্রশাসনেও একই ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

মির্জা ফখরুল আরও বলেন, পুলিশের নতুন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পুলিশকে একদম নিরপেক্ষ অবস্থায় নেওয়ার জন্য তাঁরা প্রধান উপদেষ্টাকে বলেছেন। তিনি বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সবকিছুর দায়িত্বে রয়েছেন, তাই বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারকদের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন তাঁরা।

শাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে বুধবার থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা

0

শাবি প্রতিনিথি ::

বেঁধে দেওয়া সময়ের মধ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় বুধবার (২২ অক্টোবর) থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক পলাশ বখতিয়ার বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি বেছে নেন। প্রতিনিধিরা শিক্ষার্থীদের সমস্যা ও দাবিদাওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। তাই শাকসু ব্যতীত বৈধ শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন অসম্ভব। এ ছাড়া শাকসু সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াবে।

কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাকিম বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বর্তমান প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও আজ পর্যন্ত শাকসুর ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছে, অতীতের মতো হল দখল, অস্ত্রবাজি ও সহিংসতা আবার ফিরে আসতে পারে। তাই অনতিবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন করতে হবে।’

ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন (শিশির) বলেন, ‘শাকসুর নির্বাচনের কমিশন গঠন ও রোডম্যাপের দাবিতে বুধবার বেলা দুইটা থেকে প্রশাসনিক ভবনের সামনে আমরা শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। আশা করি, প্রশাসন শিক্ষার্থীদের এই ন্যায্য ও গণতান্ত্রিক দাবির প্রতি শ্রদ্ধাশীল হবে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক শাকিল মাহমুদ, ছাত্র মজলিশের সভাপতি জুনায়েদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, সমাজবিজ্ঞানের ফয়সাল হোসেন, পদার্থবিজ্ঞানের মুমিনুর রশীদ প্রমুখ।

এর আগে গত রোববার মানববন্ধন করেন একদল শিক্ষার্থী। কর্মসূচি থেকে রোডম্যাপ প্রকাশের জন্য কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

একই দিন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার সংবাদ সম্মেলনে বলেছিলেন, শাকসু নির্বাচনের জন্য এখন ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন নির্বাচন হলে প্রতিযোগিতা নয়, বরং অসম প্রতিদ্বন্দ্বিতা হবে। তাঁরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর নির্বাচনের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগসহ শাকসুর নির্বাচনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. সাজেদুল করিম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন বা দাবির বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি। শিক্ষার্থীদের শঙ্কার বিষয়ে বলব, নির্বাচনের কাজ অনেক এগিয়ে গেছে।’

‘বাতিলের তালিকা সঠিক নয়’, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, সেটা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যে তালিকাটা এসেছে, এটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট (প্রচার) করেছেন। সেটা সম্ভবত কোনো একজন অ্যাডভাইজার রিটুইট করেছেন। তাঁর একটা কমেন্টসহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। হয়তো এটা উনি না করলেও পারতেন। যে তালিকাটা এসেছে, ওখানে এটা সঠিক নয়। এর অধিকাংশ (তালিকার চুক্তি) এক্সিস্ট করে না।

ভারতের সঙ্গে একটি চুক্তি অনেক আগেই বাতিল করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই। অন্য রকম ডেসক্রিপশনে (বিবরণ) আছে।’

সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’ এর নিচে একটি তালিকা জুড়ে দেওয়া হয়। তার শিরোনামে লেখা হয়, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রিপুরা-চট্টগ্রাম রেলসংযোগ প্রকল্প সামাজিক যোগাযোগমাধ্যমে বাতিল বলে উল্লেখ করা হলেও এ রকম কোনো প্রকল্প নেই। অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ সামাজিক যোগাযোগমাধ্যমে বাতিল উল্লেখ করা হলেও এ রকম কোনো প্রকল্প নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে আশুগঞ্জ-আগরতলা করিডোর বাতিল উল্লেখ করা হলেও হুবহু এ নামের কোনো প্রকল্প নেই। তবে ‘আশুগঞ্জ-সরাইল-ধারখার প্রকল্প’ নামে একটি প্রকল্প চলমান আছে। ওই প্রকল্পের আওতায় কেবল একটি প্যাকেজ বাতিল হয়েছে (প্যাকেজ ৩: ধারখার থেকে আখাউড়া স্থলবন্দর)। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প সামাজিক যোগাযোগমাধ্যমে বাতিল উল্লেখ করা হলেও এ নামের কোনো প্রকল্প নেই। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ত্রিপুরার সাবরুম শহরে পানীয় জল সরবরাহের জন্য ১ দশমিক ৮২ কিউসেক পানি প্রত্যাহারের জন্য ২০১৯ সালে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওই সমঝোতা স্মারকটি বাতিল হয়নি।

উপদেষ্টা বলেন, কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করা হয়েছে স্থগিত হিসেবে। এ নামের কোনো প্রকল্প নেই। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০২২ সালে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারকটি স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বাতিল উল্লেখ করা হলেও হুবহু এ নামের কোনো চুক্তি নেই। তবে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালে চুক্তি সই হয়েছে। চুক্তিটি বাতিল হয়নি। চুক্তিটি বলবৎ আছে।

তৌহিদ হোসেন জানান, ফারাক্কা বাঁধসংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে বাতিল হিসেবে উল্লেখ করা হলেও এ রকম কোনো প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবগত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট-শিলচর সংযোগ প্রকল্প বাতিল হিসেবে উল্লেখ করা হলেও এ রকম কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বাতিল উল্লেখ করা হলেও ভারতের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের আওতায় ভারতের নুমালীগড় থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত যে পাইপলাইন আছে, তা সম্প্রসারণের জন্য ভারতের সঙ্গে একবার প্রাথমিক আলোচনা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোনো চুক্তি হয়নি।

উপদেষ্টা জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প (মিরসরাই ও মোংলা) বাতিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ভারতীয় ঋণচুক্তির (এলওসি) আওতায় ওই প্রকল্পগুলোতে অর্থায়নের বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলমান। আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পুনর্বিবেচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, চুক্তিটি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। গঙ্গার পানি বণ্টন চুক্তি (১৯৯৬) সামাজিক যোগাযোগমাধ্যমে নবায়ন/পুনর্বিবেচনা উল্লেখ করা হলেও ২০২৬ সালে চুক্তিটির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়নের জন্য আলোচনা হবে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি (খসড়া) (২০১১): বাস্তবায়নের জন্য আলোচনায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বাস্তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১০-২০১১ সালে খসড়া হওয়া তিস্তা চুক্তিটি এখনো স্বাক্ষরিত হয়নি। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি বাতিল করা হয়েছে বলে তৌহিদ হোসেন জানিয়েছেন।

পরিবেশ উপদেষ্টার আপত্তিতে হাওরের প্রকল্প স্থগিত

0

আধুনিক ডেস্ক ::

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আপত্তিতে কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্প স্থগিত করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫১ কোটি, ডানিডার অনুদান ১০৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাধা দেন। তিনি বলেন, হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়েছে। হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে ডিপিপি সংশোধন করতে বলা হয়েছে।

জানা গেছে, একনেক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পটির কাঠামো নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, জলবায়ু সহনশীলতার নামে এই প্রকল্পে মূল গুরুত্ব দেওয়া হয়েছে ইট-পাথর ও অবকাঠামো নির্মাণে। কিন্তু টেকসই জীবিকা উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের বিষয়টি প্রায় উপেক্ষিত। তার এই আপত্তির পর সভায় সিদ্ধান্ত হয়, হাওর অঞ্চলের প্রকৃত চাহিদা অনুযায়ী অবকাঠামো নির্মাণের অংশ কমিয়ে প্রকল্পটি পুনর্গঠন করে পুনরায় একনেকে উপস্থাপন করতে হবে।

এর আগে গণমাধ্যমে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়। ‘জলবায়ু সহনশীলতার আড়ালে ইট-পাথরের প্রকল্প’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের নামে জলবায়ু সহনশীলতার কথা থাকলেও বাস্তবে এটি আরেকটি ‘ইট-পাথরের’ উন্নয়ন উদ্যোগ। হাওর এলাকায় অতিরিক্ত রাস্তা বা ভবন নির্মাণ দীর্ঘদিন ধরেই পরিবেশবিদদের উদ্বেগের কারণ। বন্যা মৌসুমে পানি নামা ও ওঠার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয়। ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং মাছের প্রজননও ব্যাহত হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে খরচ ধরা হয়েছে এক হাজার ৯৮৮ কোটি টাকা।  অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৮৮৫ কোটি ৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫৩ কোটি ২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫০ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন তিনটি, সংশোধিত সাতটি এবং ব্যয় বাড়ানো ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে এমন প্রকল্প তিনটি।

এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয় : পুলিশ

0

আধুনিক ডেস্ক ::

এক মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।

জোবায়েদ হোসেন (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মঙ্গলবার বেলা ১১টার দিকে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তাঁরা হলেন মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৮) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পড়াতে গিয়ে জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বর্ষার সঙ্গে আগে থেকেই মাহির রহমানের প্রেমের সম্পর্ক ছিল। এটা মূলত ত্রিভুজ প্রেমের গল্প। মাহিরের সঙ্গে বর্ষার দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের ব্রিফিংয়ে জানানো হয়। এর আগে বংশাল থানার ওসি জানান, তাদের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল।

ব্রিফিংয়ে এস এন নজরুল ইসলাম বলেন, মাহিরকে বর্ষা বলেন যে জোবায়েদকে না সরালে তিনি মাহিরের হতে পারবেন না। এরপর জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়। গ্রেপ্তার দুই আসামি মাহির বর্ষাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জেনেছেন বলে জানায় পুলিশ।

ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডের দিন বিকেল চারটায় জোবায়েদ পড়াতে আসবেন এই তথ্য মাহিরকে জানায় বর্ষা। এই তথ্য জানার পর মাহির তার বন্ধু আয়লানকে নিয়ে আগে থেকেই বাসার নিচের গলিতে অবস্থান নেয়। জোবায়েদ বাসার নিচে এসে পৌঁছালে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় মাহির বর্ষাকে ছেড়ে দিতে বললে জোবায়েদ অস্বীকৃতি জানায়। একপর্যায়ে মাহির জোবায়েদের গলায় চাকু দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন ব্রিফিংয়ে বলেন, বাসার নিচে ছুরি দিয়ে আঘাতের পর জোবায়েদ বাঁচার জন্য সিঁড়ি দিয়ে ওপরে ওঠে আসে। বেশ কয়েকটি বাসার দরজায় তিনি নক করেন। কেউ খোলেননি। তৃতীয় তলায় এসে তিনি বর্ষার কাছে বাঁচার আকুতি জানান। তবে বর্ষা তাঁকে সাহায্য করেননি।

মাহিরের মা ছেলেকে থানায় দিয়েছেন এমন তথ্য ঠিক কিনা প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবে তারা মাহিরের পরিবারকে চাপ দেন। তিনি বলেন, উনারা নিজে থেকেই হস্তান্তর করেছেন বিষয়টি এ রকম নয়। এটা পুলিশের কৌশলের অংশ।

ব্রিফিংয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান, লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি, অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল কবীর তরফদার উপস্থিত ছিলেন।

বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষক-কর্মচারীরা

0

আধুনিক ডেস্ক ::

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করেছেন, বুধবার (২২ অক্টোবর) থেকে শ্রেণিকক্ষে ফিরছেন। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর বাড়িভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

সরকারের এই সিদ্ধান্তের পর বেলা দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ–প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সব আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করা হলো। বুধবার থেকে আমরা শ্রেণিকক্ষে ফিরছি।’

দেলাওয়ার হোসেন বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানো হবে। এ সিদ্ধান্ত নিয়ে সরকার আদেশ জারি করেছে। বাড়িভাড়া আগামী নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ (দুই হাজারের নিচে নয়), বাকি সাড়ে ৭ শতাংশ ২০২৬ সালের জুলাই থেকে কার্যকর হবে।

দেলাওয়ার হোসেন বলেন, আন্দোলন চলাকালে ৮ দিন তারা শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারেননি। তাই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগপর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখবেন।

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে টানা আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

0

আধুনিক ডেস্ক ::

জাপানের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। এরমধ্যে দিয়ে দেশটির কঠোর পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) আয়োজিত নির্বাচনে ৪৬৫ আসনের মধ্যে ২৩৭টি জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাকাইচি। পরে উচ্চকক্ষেও ২৪৮ আসনের মধ্যে ১২৫টি আসন জেতেন তিনি।

সন্ধ্যায় জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তাকাইচি। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সর্বশেষ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে পদ ছাড়তে বাধ্য হন ইশিবা। তাকাইচির জয় জাপানি নারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হলেও, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের অনুসারী এবং আয়রন লেডি হিসেবে খ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ মার্গারেট থ্যাচারের অনুরাগীর নেতৃত্বে রক্ষণশীল রাজনীতি আরও জেঁকে বসার সম্ভাবনাটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত কয়েক দশক ধরে মুদ্রাস্ফীতিহীন অর্থনীতির পর এখন জাপান উল্টো মূল্যবৃদ্ধির চাপের মুখে পড়েছে। এতে জনগণের মধ্যে জমতে থাকা অসন্তোষ বিরোধী ও কট্টর ডানপন্থি দলগুলোর প্রতি সমর্থন বাড়িয়েছে।

সোমবার ডানপন্থি দল জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোটবদ্ধ হওয়ার চুক্তি করে তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। ফলে, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার আগেই জয়ের অলিখিত নিশ্চয়তা পেয়ে যান তিনি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছে এলডিপি।

শিনজো অ্যাবের মতো তাকাইচিও দুর্বল অর্থনীতিকে চাঙা করতে সরকারি ব্যয় বাড়ানোর পক্ষে। এই নীতির প্রভাব ইতোমধ্যেই বাজারে পড়েছে—‘তাকাইচি ট্রেড’ নামে পরিচিত প্রবণতায় টোকিওর নিক্কেই ইনডেক্স (শেয়ারবাজার সূচক) নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে বিনিয়োগকারীরা সরকারের ঋণ-নির্ভর ব্যয়ের ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন, কারণ দেশটির মোট ঋণের পরিমাণ বার্ষিক জিডিপির চেয়েও অনেক বেশি।

আইচি গাকুইন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাদাশি মোরি বলেন, তাকাইচির কাছে ক্ষমতা থাকলেও কার্যকরভাবে সরকার পরিচালনার জন্য বিরোধী দলের আরও সমর্থনের প্রয়োজন হবে।

তিনি বলেন, এলডিপি ও ইশিন কোনও কক্ষেই সংখ্যাগরিষ্ঠ নয়। স্থিতিশীল সরকার এবং গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি কমিটির নিয়ন্ত্রণ পেতে হলে তাদের অর্ধেকেরও বেশি আসন নিশ্চিত করতে হবে।

মোরির মতে, তাকাইচি যদি ‘অ্যাবেনোমিকস’-এর নীতি পুনরুজ্জীবিত করতে চান, তাহলে তা নতুন অর্থনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জের মুখে পড়বে।

তিনি বলেন, অ্যাবেনোমিকস তৈরি হয়েছিল মুদ্রাস্ফীতিহীন অবস্থায়। কিন্তু এখন যখন দাম বাড়ছে, অতিরিক্ত প্রণোদনা কেবল ইয়েনকে (জাপানের মুদ্রা) আরও দুর্বল করবে। ভোগ-কর হ্রাস করলে সাময়িকভাবে চাহিদা বাড়তে পারে, কিন্তু তা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবে না।

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে ১৫ শতাংশ, কার্যকর দুই ধাপে

0

আধুনিক ডেস্ক ::

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক-কর্মচারিরা। ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) কার্যকর হবে এ বছরের ১ নভেম্বর থেকে। আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এর আগে সরকার এমপিওভূক্ত শিক্ষক–কর্মচারিদের বাড়িভাড় মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তা প্রতাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক–কর্মচারিরা।

শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ হতে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শিক্ষকেরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।

উপদেষ্টা বলেন, এই পথটা সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক, অভিযোগ সবকিছুই ছিল। কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্রমাগত একটা ন্যায্য, টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে। শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নিরলসভাবে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করে গেছেন যেন শিক্ষকদের দাবি শোনা হয়, বোঝা হয়।

মন্ত্রণালয় মনে করে এটি কারও একার জয় নয়। এটি যৌথ সাফল্য। শিক্ষকদের আন্দোলন তাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। আর সবাই মিলে আজ এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান, সংলাপ আর সমঝোতাই জিতেছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার, শিক্ষার্থীদের কাছে, আসল কাজের জায়গায়। এই সমঝোতা হোক নতুন সূচনা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে।

পরস্পরের প্রতি শ্রদ্ধা আর গুনগত মানসম্মত শিক্ষার বিস্তার ঘটিয়ে বাংলাদেশকে আমরা একটি মর্যাদাসম্পন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন পারব।