Home Blog Page 94

২৮ বছর পর ‘নির্বাচনী ট্রেনে’ শাকসু, কমিশন গঠন

0

শাবি প্রতিনিধি ::

২৮ বছর পর ‘নির্বাচনী ট্রেনে’ উঠলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)। শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচনের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়া প্রমুখ।

রেজিস্ট্রার বলেন, আসন্ন শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। অন্য নির্বাচন কমিশনাররা হলেন জৈবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. কামরুল ইসলাম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের মো. মিছবাহ উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. আশরাফ সিদ্দিকী, বাংলা বিভাগের অধ্যাপক মো. রেজাউল ইসলাম, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম, গণিতের অধ্যাপক রেজোয়ান আহমেদ, রসায়নের অধ্যাপক মো. মাহবুবুল আলম, সমাজকর্মের অধ্যাপক মো. আবদুল জলিল, নৃবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার রহমান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাজিক মিয়া।

রেজিস্ট্রার বলেন, নির্বাচন কমিশন বর্তমান প্রবিধি অনুযায়ী শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঠিক করবে। একই সঙ্গে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।’

এর আগে ২২ অক্টোবর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন করেন একদল শিক্ষার্থী। এরপর কর্তৃপক্ষ জানিয়েছিল, আজ সোমবার নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন হলেও আজ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, ‘আগামী বুধবারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সঙ্গে নভেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আমরা আবার আন্দোলনে নামব।’

শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘কিছুক্ষণ আগেই খবর পেয়েছি, নতুন নির্বাচন কমিশনার হিসেবে আমাকে বাছাই করা হয়েছে। যেহেতু শাকসু নির্বাচন অনেকদিন পর হচ্ছে, তাই সবার প্রত্যাশাও বেশি। সবার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করব। এই সপ্তাহেই নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করে একটি রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব।’

সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন হয়েছিল। এরপর প্রায় ২৮ বছর অচল ছিল শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম। অবশেষে গঠনতন্ত্র অনুমোদন ও কমিশন গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি বাছাইয়ে শাকসু নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

যথাসময়ে সিলেট চেম্বারের নির্বাচন দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

0

আধুনিক ডেস্ক ::

নির্ধারিত সময়েই সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্থগিত হওয়া নির্বাচন চান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। এ দাবিতে সোমবার তারা সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ মিছিলসহকারে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসক তাঁদের বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ে যে অভিযোগটি করা হয়েছে, সেটি যদি প্রত্যাহার করা হয়, তাহলে স্থগিতাদেশ প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। আশা করছি দ্রুতই ভালো কোনো সংবাদ আসবে।

তারা বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যত অচল হয়ে পড়েছে। ব্যবসায়-বাণিজ্যের গতি ব্যাহত হচ্ছে। আমরা বিশ্বাস করি ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা জয়লাভ করব, ইনশাআল্লাহ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, দুইজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলেও কোনো কারণ জানানো হয়নি।

১ নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচনের দিন নির্ধারিত ছিল। রোববার এক চিঠির মাধ্যমে তা স্থগিত রাখার নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে সদস্যপদ যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে নতুন তারিখে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিঠিতে স্থগিতের স্পষ্ট কারণ উল্লেখ না থাকলেও ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করা হয়।

পাগলা বাজারে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় সামাজিক সংগঠন “এফডিআর”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পাগলা বাজার এলাকার প্রধান সড়কে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দ্রুতগতির যানবাহন ও ট্রাফিক আইন অমান্যের কারণে সাধারণ জনগণ আতঙ্কে চলাচল করছে।
তারা দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, ট্রাফিক পুলিশের যথাযথ দায়িত্বপালন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণার দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা নাসির আলী, সভাপতি রাহাদ হোসেন, সাধারণ সম্পাদক জুবেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন ইসলাম।
এসময় সংগঠনের সদস্য ও পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।##

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-১০

0

ফেরদৌস টৌধুরী রুহেল ::

সিলেট বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে মাঠ উন্নয়নের কার্যক্রম চলতে থাকে। একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর জন্য যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন তা নিশ্চিত করতে বিসিবির সিলেট বিভাগের পরিচালকসহ অন্যান্য পরিচালক এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতের নির্দেশনায় দ্রুতগতিতে কাজ চলতে থাকে।

এরই ধারাবাহিকতায় যে টিলাগুলোকে সাধারণত আমরা স্থানীয়রা এক নম্বর টিলা এবং দুই নম্বর টিলা নামে চিনতাম সেই টিলাগুলি অধিগ্রহণ করে মাটি অপসারণ করা হয়। সেখানে একটি উন্নতমানের জিমনেশিয়াম তৈরি করা হয়। কাজ সম্পন্ন হওয়ার পর প্রথম টেস্ট ম্যাচের ঘোষণাও আসে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট অভিষেকের জন্য দিন নির্ধারণ হয় ২০১৮ সালের ৩ নভেম্বর। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ওই দিন অত্যন্ত জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর যাত্রা শুরু হয়।

এরপর শুধুই এ স্টেডিয়ামের সামনে এগিয়ে যাওয়ার গল্প। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) নারী ক্রিকেট বিশ্বকাপ এবং নিয়মিত টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে এ স্টেডিয়ামে। খেলাধুলার প্রতি সিলেটের দর্শকদের যে আগ্রহ রয়েছে তা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন সিলেটের দর্শকরা মাঠে উপস্থিত হয়ে।

সিলেট বিভাগীয় স্টেডিয়াম থেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের ফলে পুরো সিলেট সারা বাংলাদেশ ও বিশ্বের কাছে আলাদাভাবে পরিচিত হলেও স্থানীয়দের একটি ক্ষতিই হয়েছে। শুরুতে আমরা বিভাগীয় স্টেডিয়ামের জন্য চেষ্টা করেছিলাম স্থানীয়দের খেলার মাঠের স্বল্পতা ঘুচানোর জন্য। যাতে ওই স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা খেলার-অনুশীলনের সুযোগ পান। কিন্ত একটি ইন্টারন্যাশনাল ভেন্যুতে তো সে সব সম্ভব নয়। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু মিললেও হারিয়ে যায় স্থানীয়দের প্রিয় লাক্কাতুরা মাঠ। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

কোম্পানীগঞ্জে ১৮’শ বোতল ভারতীয় মদ আটক

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে নোহা গাড়ি বোঝাই ১,৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার (২৬অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার টুকের বাজার সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এলাকা থেকে মদবাহী গাড়িটি আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি কালো রঙের এক্স-নোহা গাড়িতে ভারতীয় মদের চালান লোড করা হচ্ছে। খবরের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে পুলিশ ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নোহা গাড়িসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১,৮৩০ বোতল মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি রতন শেখ বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই অভিযান পরিচালনা করেছি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ আরও জানায়, আটক মদ ও গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে।

শাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’র আত্মপ্রকাশ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’ নামে নতুন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে পরিচালক হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মারুফ বিল্লাহ ও সহ-পরিচালক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী জুবায়ের মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আফফান, মায়া খাতুন, প্রিয়া নন্দি, রাকিবুল, তানজিনা আক্তার, তামান রহমান, অন্তর, সালমান, শাহিন, মুস্তাফিজ, পিয়াস, তালহা, রূপক, জুয়েল, পারভেজ, শাওন মাহমুদ, শাওন, রাতুল, দিপ্ত, মারুফ, রাফি, ফারাবি, ইমরান হুসেন, অনিক, ফোরকান, জুবায়ের জুনি, সবুজ, আকাশ, সৈয়্যদ আহমেদ, রিয়াজ, তালাস, তৌফিক, আদিব ইসলাম ও সোহাগ মিয়া।

সংগঠনটি ইতোমধ্যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ৩০০টিরও অধিক টিউশনের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে অসুস্থ শিক্ষার্থীদের জন্য ঔষধ সরবরাহ অব্যাহত রেখেছে। এছাড়া সংগঠনটি ‘মিডিয়া ফ্রি টিউশন’ কার্যক্রম আরো সম্প্রসারণ, ‘ইমার্জেন্সি মেডিসিন সাস্ট’-এর আওতায় হেলথ ক্যাম্প আয়োজন, অন-ক্যাম্পাস জব ও আবাসন ভাতা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে নীতিগত আলোচনা, মেয়েদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত কুইজ, ক্যাম্পেইন ও সামাজিক উদ্যোগ গ্রহণের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সিলেটে অটোরিকশা থামিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পাঁচটি মোটরসাইকেলে এসেছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল বলে জানিয়েছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এনা পরিবহনের কর্মচারীদের অভিযোগ সূত্রে জানা যায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপক আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাশিয়ারসহ তিনজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় শাহজালাল উপশহরের দিকে একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে হুমায়ুন রশীদ চত্বরের পাশে পাঁচটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার পথ রোধ করেন। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের ব্যাগে থাকা ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আশপাশে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে পাঁচটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ছিনতাইকারীরা ১০ জন ছিলেন এবং সবার মাথায় হেলমেট ছিল। একটি মোটারসাইকেলের নম্বরপ্লেট স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। অন্য চারটির কোনো নম্বরপ্লেট ছিল না। এ বিষয়ে এনা পরিবহনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যে পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষার্থী–এলাকাবাসীর মানববন্ধন

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১২টায় মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় মানববন্ধনে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের নতুননগর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ধর্ষণচেষ্টাকারী হাবিবুর রহমান (পিতা—আব্বাস আলী) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে ভুক্তভোগী শিক্ষার্থী সুরমা আক্তার তাঁর বান্ধবীদের সঙ্গে বসে মেহেদি আঁকছিলেন। এমন সময় হঠাৎ ঘরে ঢুকে হাবিবুর রহমান সুরমাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সুরমার চিৎকারে বাড়ির লোকজন ও আশপাশের মানুষ এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

আহত সুরমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার হাতের হাড় ভেঙে যাওয়ায় অবস্থা এখনও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মেয়েরা এখন স্কুল-মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে। আমরা চাই, হাবিবুর রহমানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসি দেওয়া হোক।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীর চাচা আব্দুল মতিন, মামা জাহাঙ্গীর আলম, স্থানীয় সমাজসেবক শহিদুল ইসলাম, তাহির আলী, ময়না মিয়া, কবির হোসেনসহ অনেকে।

বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নিজাম উদ্দিন, হেলাল উদ্দিন, জমসিদ আলী, আসকর আলী এবং শিক্ষার্থী আমিনা আক্তার ও রুজিনা আক্তার।

অভিযুক্তের আটক বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন,

ঘটনার রাতেই অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ভোটের ৬ দিন আগে সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

0

আধুনিক ডেস্ক ::

ভোটের ৬ দিন আগে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করলো বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। চিঠিতে সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, চিঠিতে বলা হয়েছে ভোটার তালিকা যাচাই-বাছাই করার কথা। মূলত তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে, তালিকা যাচাই-বাছাই শেষে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব গোলাম আক্তার ফারুক নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে নির্বাচন স্থগিত করা হলো, আমরা এখনো বিষয়টি বুঝে উঠতে পারছি না।

ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জানা গেছে, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলু সম্প্রতি ভোটার তালিকা নিয়ে একটি অভিযোগ জমা দিয়েছিলেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড়ের শঙ্কা

0

আধুনিক ডেস্ক ::

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। রোববার সকাল ১০টার দিকে দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বন্দরগুলো থেকে কত দূরত্বে আছে, সে তথ্যও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রামর সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম। স্থানীয় ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এটা নিশ্চিত। তবে এর সম্ভাব্য আঘাতস্থল হতে পারে ভারতের ওডিশা বা অন্ধ্র প্রদেশের উপকূল। সোমবার (২৭ অক্টোবর) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর পরদিন অর্থাৎ মঙ্গলবার এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এটি স্থলভাগে উঠে আসার পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গে হয়ে বাংলাদেশের দিকে আসতে পারে। আর এর প্রভাবে বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে।

বজলুর রশীদ জানান, দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগ এবং দক্ষিণের খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এ বৃষ্টি হতে পারে চলতি মাসের শেষ দিন পর্যন্ত। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টি হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের উপকূলে মাচিলিপত্তম ও কালিঙ্গাপত্তমের মধ্যবর্তী এলাকা ও কাকিনাড়ারার আশপাশ দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী বেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।