Home Blog Page 93

গোয়াইনঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন

0

গোয়াইনঘাট প্রতিনিধি ::

সিলেটের গোয়াইনঘাটে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আলী আল আমিন (৩০) আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে বাজারের দোকানের পিছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ওসমানীতে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানটিতে ২৬২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানো হবে।

জাতীয় নির্বাচনের দিন অথবা এর আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো একদিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেন, আজকেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে। যে সব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে।

আলী রীয়াজ বলেন, সাংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য ৪৮টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এখানে একসঙ্গে ৪৮টি বিষয় বাস্তবায়নে জনগণের ওপর গণভোট হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আগামী জাতীয় সংসদের ৯ মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ। এই সংসদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন না করে, তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে।

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে তিনি বলেন, যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে, এনসিপির সঙ্গেও যোগাযোগ হয়েছে, হচ্ছে। আশা করি এনসিপি স্বাক্ষর করবে।

এর আগে আজ মঙ্গলবার সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

কোম্পানীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন দুদু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সিলেট জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম আহমদ ফরহাদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক ওসমান খা, আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম রাজন, আরমান আহমদ, আবু আল হেলাল, আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হেলাল মিয়া, মাসুদ রানা, আসাদুজ্জামান আসাদ, ওয়ারিছ মিয়া, মাসুক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

বাহার আহমদ রুহেল বলেন, “দেশপ্রেম, সংগঠনের ঐক্য ও পরিবেশ রক্ষার চেতনায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বৃক্ষরোপণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘মন্থা’

0

আধুনিক ডেস্ক ::

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে কখন এবং কতটা বৃষ্টি হতে পারে, সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।

মঙ্গলবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড়কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এই ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, মঙ্গলবার এর প্রভাবে দেশে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বাংলাদেশের উপকূলে এবং অন্যান্য অঞ্চলে আগামীকাল বুধবার সামান্য বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবারে বৃষ্টি বাড়তে পারে। তিনি বলেন, পুরো বিষয়টিই নির্ভর করছে ঘূর্ণিঝড় স্থলভাবে উঠে আসার পর। তারপরই এর গতিপ্রকৃতি বোঝা যাবে।

এবার ঘূর্ণিঝড় ‘মন্থা’ নামটি থাইল্যান্ডের দেওয়া। এর অর্থ সুগন্ধি ফুল।

খুলনা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা ও সিলেট বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সিলেট ও খুলনা বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী গণমাধ্যমকে জানিয়েছেন, সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দ্রুত ৩০০টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাকেই প্রার্থী ঘোষণা করা হবে, তাঁর পক্ষেই অপর মনোনয়নপ্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৈঠকে থাকা বিএনপি নেতারা জানান, বিকেল চারটার পর থেকে তিন ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। প্রথমে রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় সিলেট ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। সর্বশেষ তিনি কথা বলেন ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী দলের নেতাদের সঙ্গে। প্রতিটি বৈঠকেই সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বৈঠকে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ৬৬ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যিনি মনোনয়ন পাবেন, তার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে কাজ করার নির্দেশনাও দেন।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী জানান, ঐক্যের কোনো বিকল্প নেই, এমন বার্তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। যিনি মনোনয়ন পাবেন এবং যাঁরা মনোনয়ন পাবেন না, দলের স্বার্থে সবাইকেই ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বারবার বলেছেন।

সিলেট ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তারেক রহমান প্রায় ৪৫ মিনিট বক্তব্য দেন। সন্ধ্যা পৌনে ছয়টায় এ বৈঠক শুরু হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। তবে বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের কেউ বক্তব্য দেননি। খুব তাড়াতাড়ি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও বৈঠকে তারেক রহমান জানিয়েছেন। তবে যারা মনোনয়ন পাবেন, তাঁদের শোভাযাত্রা, মিষ্টি বিতরণসহ আনন্দ কর্মসূচি না করার নির্দেশনা দেন।
এদিকে বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলার মোট ৩৫টি আসনের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। এর মধ্যে খুলনা জেলার ৬টি আসন থেকে ১৬ জন নেতা আমন্ত্রণ পান। বৈঠকে উপস্থিত অংশ নেওয়া নেতারা জানান, আগামী নির্বাচনকে ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন তারেক রহমান। তিনি মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং ব্যক্তিগত প্রচারণা নয়, বরং দলের প্রচারণায় মনোযোগী হতে নির্দেশ দেন। তিনি আরও জানান, শিগগিরই প্রতিটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে।

মডেল মসজিদ নির্মানে শাবিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন মডেল মসজিদের সম্ভাব্য স্থান নির্ধারনে পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় প্রধান ফটকে উপস্থিত হন ধর্ম মন্ত্রণালয়ের এই প্রতিনিধি দল।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, ভাইস চ্যান্সেলরের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন প্রমুখ।

অন্যদিকে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম এবং ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাজজাদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পশ্চিম পাশে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কসংলগ্ন স্থানে মসজিদ নির্মাণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

শাবি’র উপাচার্যের সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৭ অক্টোবর) সকাল ১১টায় উপাচার্যের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রাজিক মিয়া প্রমুখ।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলের ছিলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা’র

(কোইকা) বাংলাদেশের পরিচালক জি-হুন কিম, উপ-পরিচালক জুন-সু কিম, প্রোগ্রাম ম্যানেজার ক্যাং সু-জং, প্রোগ্রাম অফিসার মীম হোসাইন তুর্য এবং সিকিউরিটি অফিসার আদনান তৌফিক কাদের।

মতবিনিময় সভায় কোইকা’র প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে কোরিয়ান ভাষা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। প্রাথমিকভাবে কোরিয়ান ভাষার একজন শিক্ষক প্রদান এবং পরবর্তীতে ল্যাবরেটরি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের প্রস্তাব দেন ।

উপাচার্য কোইকা’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট, মেডিকেল সেন্টারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, কোইকা উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন খাতে উন্নয়ন সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে থাকে।

সালমান শাহ হত্যা মামলা, সামিরা ও ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0

আধুনিক ডেস্ক ::

চিত্রনায়ক সালমান শাহ খুনের মামলায় তাঁর তৎকালীন স্ত্রী সামিরা হক এবং অভিনয়শিল্পী ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আজ সোমবার এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘সালমান শাহ হত্যা মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন, তারা যেন দেশত্যাগ করতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

মামলার এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, লতিফা হক লুছি, অভিনয়শিল্পী ডনসহ ১১ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।

এরপর দীর্ঘদিন তদন্ত শেষে সর্বশেষ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনে বলা হয়, সালমান শাহকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেন। এ আত্মহত্যার পেছনে পাঁচটি কারণও উল্লেখ করা হয়। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন। তিনি দাবি করেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।

চলতি মাসের ২০ তারিখ আদালত সালমান শাহর মায়ের রিভিশন আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে সালমান শাহর মামা রমনা থানায় হত্যা মামলা করেন।

নবীগঞ্জে বাবার দায়ের কোপে প্রাণ গেল মেয়ের

0

নবীগঞ্জ প্রতিনিধি ::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার দায়ের কোপে মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা রানী দাশ (২২) কুড়িশাইল গ্রামের মতি লাল দাশের মেয়ে। পুলিশ বাবা মতি লালকে আটক করেছে।

পুলিশ জানায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পূর্ণিমা রানী দাশ দীর্ঘদিন ধরে বাবার বাড়ি বসবাস করছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে তিনি ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়রা নানা বাঁকা মন্তব্য করতে থাকেন।

সোমবার দুপুরে প্রতিবেশীদের এমন কটূ মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতি লাল দাশ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। পরে মতি লাল দাশ নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে নিয়ে মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মতি লাল দাশকে আটক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।