Home Blog Page 90

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করতে আজ বিএনপি যৌথ সভা করে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি, যতই সময় যাচ্ছে, ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে।’

রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ একইভাবে তারেক রহমান বিদেশে থেকে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়া যেভাবে তাঁদের পরিচালিত করেছিলেন তাঁর দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামে, পরবর্তীকালে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে, সেভাবেই আজ বিএনপির তরুণ নেতা তারেক রহমান দলকে পরিচালিত করছেন। জাতিকে নতুন আশা দেখাচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন—বাংলাদেশি জাতীয়তার যে দর্শন—সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না। আর সে কারণেই বিএনপিও কখনো পরাজিত হয়নি। বারবার জেগে উঠেছে। একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘৭ নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিশেষ করে আজকের প্রেক্ষাপটে, যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়ে গেছে, প্রতিটি মানুষ বারবার চিন্তা করছে, কী হবে, কী হতে পারে। এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করাই একমাত্র পথ।’

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা। আজকের প্রেক্ষাপটে সেই চেতনার পুনর্জাগরণই দেশের সংকট উত্তরণের পথ হতে পারে।

‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা

0

আধুনিক ডেস্ক ::

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শাপলা কলি নেব। এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে, শাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাইলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা কি ইলেকশন ফেজে (পর্যায়ে) ঢুকব না? তো সে জন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করেই এই ডিসিশনটা (সিদ্ধান্ত) নিচ্ছি।’

এনসিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তাঁদের অফিসে এলে তাঁরা সেটা বিবেচনা করবেন। নির্বাচন কমিশন যাতে দ্রুততম সময়ে এনসিপির নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন, সেই আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

আস্থার প্রশ্নে নির্বাচন কমিশনকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ বলে মন্তব্য করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না। এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি আমরা, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি।’

ভবিষ্যতেও নির্বাচন কমিশন দেশের মানুষের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কত আসন পাবে, এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা তো বলেছি যে ৩০০ আসনেই আমরা ইলেকশন করব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সকালে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন, একটি নির্দিষ্ট দলের মনোনয়নের জন্য তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আর বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি, সন্ত্রাস হচ্ছে।

নাসীরুদ্দীন বলেন, ‘জামায়াতে ইসলামীর যে ধর্মীয় ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের তো আমরা সঙ্গী হতে পারব না। আবার বিএনপির যে চাঁদাবাজি, সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারব না।’

হজরত শাহপরানের (রাহ.) মাজারের পুকুর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

0

আধুনিক রিপোর্ট ::

হজরত শাহপরানের (রাহ.) মাজারের পুকুর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টায় সিলেট নগরীর খাদিমপাড়ায় মাজারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হারুন মিয়া নামের যুবক সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহতের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা বা আঁচড়ের চিহ্ন রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হারুন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে মাজারের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।

উন্নয়নবঞ্চনার প্রতিবাদে সিলেটে আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট

0

আধুনিক রিপোর্ট ::

উন্নয়ন ক্ষেত্রে সিলেটের সঙ্গে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সিটি পয়েন্টে সামাজিক, রাজনীতিবিদ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের ফটকে তালাও ঝুলিয়ে দেন আরিফুল হক।

কর্মসূচি চলাকালে বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন,উন্নয়ন বঞ্চিত সিলেট বরাবরই উপেক্ষিত। সরকার দেশের অন্যবিভাগে যে পরিমাণ টাকা বরাদ্দ দিয়ে আসছে সেই পরিমাণ সিলেটকে দেয়া হচ্ছে না। আমরা কর্মসূচি ঘোষণা করার পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণেই এবার গণ–অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উন্নয়ন বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা সিলেটবাসীকে নিয়ে বিছানা নিয়ে সরকারি কর্তাব্যক্তিদের বাস ভবনের সামনে অবস্থান করবো। যাতে তারা বের হতে না পারেন।

তিনি বলেন, আমাদের আন্দোলন সিলেটের জন্য। এটা কোন লোক দেখানো আন্দোলন মনে করলে ভূল করবেন। সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে এখন সিলেটের মানুষের দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমে এসেছে। এছাড়া আর কোনো উপায় নেই। তাই দাবি আদায় না হওয়া আমরা ঘরে ফিরে যাবো না। বক্তব্য শেষে তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়ার জন্য তিনি অনুরোধ করেন।

দুপুরে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার কর্মসূচিস্থলে এসে দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি সিলেটের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন অগ্রগতির বিষয়ও জানান। তিনি বলেন, ট্রেনে সিলেটের জন্য আমরা নতুন করে ১০ টা কোচ পেয়েছি। এটা একটা সুখবর। তবে ইঞ্জিন না থাকায় এই মুহুর্তে নতুন ট্রেন দেওয়া যাচ্ছেনা। বিমানের টিকিটের দাম নিয়েও সরকার নতুন আইন করতে যাচ্ছে। যাতে ঘন্টার মধ্যে টিকিটের দাম বাড়াতে না পারে। এছাড়া ডিসেম্বরের মধ্যে সিলেট রুটে একটি ফ্লাইট বাড়বে।

দুবাই থেকে দেশে ফিরে ওসমানী বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি

0

আধুনিক ডেস্ক ::

চট্টগ্রামে বাড়ি। তার বিরুদ্ধে রয়েছে ৫৭টি মামলা। তবে তিনি প্রায় পাঁচ বছর ধরে পালিয়ে ছিলেন দুবাইয়ে। গ্রেপ্তার এড়াতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরছিলেন। এরপরও রক্ষা হয়নি। সিলেটে বিমানবন্দর থেকেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পলাতক এই আসামি। শনিবার বিকেল চারটার দিকে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তির নাম মোহাম্মদ রুহুল আমিন (৫৫)। বিমানবন্দরে নিয়োজিত ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মোহাম্মদ রুহুল আমিনের বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সালাম। চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে ফিশারিঘাটে মাছের আড়ত ছিল রুহুল আমিনের।

পুলিশ জানায়, মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর বেশির ভাগই চেক প্রতারণার অভিযোগে করা। এর মধ্যে ১০টি মামলায় তার সাজা হয়েছে। বাকি মামলা বিচারাধীন। বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও পরোয়ানাভুক্ত এই আসামি সাজা ও গ্রেপ্তার এড়াতে দুবাইয়ে পালিয়ে যান। পাঁচ বছর পর সেখান থেকে গোপনে সিলেট হয়ে দেশে ফিরছিলেন তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পটিয়া থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার রুহুল আমিনকে গতকাল রাতেই সিলেট থেকে পটিয়ায় নিয়ে আসা হয়। এরপর রোববার সকালে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

0

আধুনিক ডেস্ক ::

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায়।

বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে জন্যও তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধানেরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, নৌবাহিনীর আড়াই হাজার সদস্য এবং বিমানবাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

বৈঠকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানেরা।

নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ

0

আধুনিক ডেস্ক ::

নির্বাচনের আগে একটি দল ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করতে চায়। তাদের কাছ থেকে আমাদের দূরে ও সাবধান থাকতে হবে।’ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ নাম না বললেও দলটি যে জামায়াতে ইসলামী, সেই ইঙ্গিত তিনি দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। রাসুল (সা.) যে ইসলামের প্রবর্তন করে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। এখানে আমরা কেউ মওদুদি ইসলামের অনুসারী নই। সুতরাং যারা ফিতনা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে।’

এক সময়ের জোটসঙ্গী জামায়াতের সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর বিএনপির দূরত্ব বাড়তে থাকে। সংবিধান সংস্কারে গণভোট নিয়ে দুই দল এখন মুখোমুখি অবস্থানে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী রাজনীতি করেছে। তারা মুসলিমবিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এ দেশের মানুষ দেখেছে। তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলামবিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেমবিদ্বেষী রাজনীতি, মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের আগামী দিনের আদর্শিক ও ভালো আদর্শের রাজনীতির চর্চার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী তথা কথিত অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্তি করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। একমাত্র এর মধ্যে দিয়েই বাংলাদেশে অপরাজনীতি সমূলে বিদায় হবে, আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আদর্শিক ও সঠিক রাজনীতির মাধ্যমেই বাংলাদেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে পারে।’

সম্মেলনে অন্যদের মধ্যে আওলাদে রাসুল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম, বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য আবু আল ইউসুফ, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার প্রমুখ বক্তব্য দেন।

শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটক নিহত: আহত-৫

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো: জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার মোবারক চেয়ারম্যানের ছেলে।

এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সম্রাট (৩৭) তার স্ত্রী সুমাইয়া (২৮) মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাত্রী নিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে সিএনজি অটোরিকশা আসা মাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টর দ্রুত গতিতে মহাসড়কে উঠার সময় সিএনজিকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার চালক সহ ৬ জন আহত হোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত্যু ঘোষণা করে। মৃত সহ সবাইকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

সিলেটে আড়ম্বরপূর্ণভাবে পালিত ৫৪তম জাতীয় সমবায় দিবস

0

আধুনিক ডেস্ক ::

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও শনিবার (১ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় অফিস, জেলা সমবায় অফিস ও সিলেট সদর উপজেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম।

সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) বশির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার এবং সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সবচেয়ে কার্যকর উপায় এটি।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, “সমবায়ের মূল শক্তি হলো ঐক্য, শৃঙ্খলা ও বিশ্বাস। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। সমবায় খাতকে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী করে তুললে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সরওয়ার আলম বলেন, “বর্তমান সরকার সমবায় খাতের উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও নীতিগত সহায়তার মাধ্যমে সমবায়গুলোকে টেকসই করার উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ অর্থনীতি আরও স্বনির্ভর হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সমবায় কেবল অর্থনৈতিক সংগঠন নয়, এটি একধরনের সামাজিক আন্দোলন। একে অপরকে সাহায্য করার মানসিকতা থেকেই প্রকৃত সমবায় গড়ে ওঠে। তরুণ প্রজন্মকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা সময়ের দাবি।”

স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, দেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ানো গেলে সমবায় আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ও সিলেট জেলা সমবায় ইউনিয়নের সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, ধনকান্দি সবুজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য লায়লা সুলতানা এবং গ্রিনলিফ কর্মচারী সমবায় সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতির সদস্য কারী শফিকুর রহমান। দিবসটি উপলক্ষে সিলেট জেলার বিভিন্ন উপজেলার শতাধিক সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সমবায়ীদের অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করে।

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ জন আটক

0

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে মিছিলের প্রস্তুতিকালে ২২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ নভেম্বর) সকালে নগরীর আম্বরখানাস্থ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের একটি দল খবর পেয়ে বাসদের কার্যালয় থেকে ২২ ব্যাটারিচালিত অটোরিকশা নেতা শ্রমিককে আকে করেছে।

এর আগে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে বিক্ষোভ হয়। পরে শ্রমিক নেতাদের সঙ্গে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় রোববার পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।