Home Blog Page 91

ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

0

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের প্রাইভেট কার চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। আহতরা হলেন-একই গ্রামের মুকিত মিয়া (৩৫), রাহিমা খাতুন (৩০), পান্না বেগম (২৩) ও মুন্নি আক্তার (২৩)। পুলিশ জানায় তারা সবাই একই পরিবারের।

খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেট হতে হবিগঞ্জগামী হবিগঞ্জ বাস ও তাজপুর হতে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটে নিজ বাসায় খুন হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের সালিশ ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১৫, গ্রেপ্তার ৬

0

ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজার এলাকায় বনগাঁও ও লুভিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লুভিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (যিনি স্থানীয়ভাবে চোরাকারবারী হিসেবে পরিচিত) ও বনগাঁও গ্রামের জগম্বর আলীর ছেলে ফজলুল করিমের মধ্যে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফজলুল করিম তার পাওনা ৫ লাখ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বনগাঁও ও লুভিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দফায় দফায় প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বনগাঁও গ্রামের মানিক মিয়া এবং লুভিয়া গ্রামের দিলোয়ার হোসেন ও মুক্তার হোসেনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষের সময় ইছামতী বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একটি পক্ষ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় এবং ডিজেল ঢেলে ব্রীজের ওপর আগুন লাগিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে।

এ ঘটনায় আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে শুক্রবার সকালে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আটক ৬ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে একই দিন দুপুরে আদালতে সোপর্দ করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর হাওরে মিলল কৃষকের লাশ

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর হাওরে পাওয়া গেল কৃষক হানিফ মিয়ার লাশ। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর খেয়াঘাট গ্রামের মন্তাজ আলীর ছেলে। শুক্রবার সকাল ৮টায় রাউটি বিল হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় হানিফ মিয়া গরু নিয়ে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে রাউটি বিলের কাড়ার পাড়ে যান। সকল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তিনি বাড়িতে ফিরেন নি। পরে সন্ধ্যায় তার স্ত্রী বিলের কাড়ার পাড়ে গিয়ে তার স্বামীকে না পেয়ে গরু নিয়ে আসেন। এরপর বিষয়টি গ্রামবাসীকে তার স্ত্রী জানালে তারা মসজিদের মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করেন। রাতভর হানিফ মিয়াকে খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয়রা বিলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করতে রোববার নগরীতে অবস্থান কর্মসূচি, শনিবার মশাল মিছিল

0


দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না-আরিফুল হক চৌধুরী

আধুনিক ডেস্ক:

সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করতে রোববার (১ নভেম্বর) সিলেট নগরীতে অবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়েছে। ওইদিন সকাল ১১টায় সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। সিলেটের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গঠিত ‘সিলেট আন্দোলন’র উদ্যোগে এ কমর্সচির ডাক দেয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী. সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বলা হয়, উন্নয়নের ক্ষেত্রে সিলেট নানাভাবে বঞ্চনার শিকার। এ বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে নগরীর কোর্ট পয়েন্টে ১২ অক্টোবরের সমাবেশ থেকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়। এরই মধ্যে আল্টিমেটামের সময়সীমা শেষ হলেও দাবি বাস্তবায়নের কার্যকর কোন পদক্ষেপ নেই। এ অঞ্চলের উন্নয়ন বঞ্চনা ঘুচাতে ‘সিলেট আন্দোলন’ নামে একটি সংগঠন গঠন করা হয় এবং নবগঠিত এ প্ল্যাটফর্মের উদ্যোগে রোববার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কর্মসূচি ঘোষণা করে শুক্রবার জুমার বয়ানে বিষয়টি তুলে ধরতে সিলেট অঞ্চলের ইমামদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডার দায়িত্বশীলদেরকেও সিলেটের মানুষের ন্যায্য দাবিটি তুলে ধরার আহ্বান তার। এছাড়া, শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) দরগাহ চত্বর থেকে কর্মসূচির সমর্থনে একটি মশাল মিছিল বের করার সিদ্ধান্ত হয়।
সভায় আরিফুল হক চৌধুরী আরো জানান, সড়ক ও রেল যোগাযোগের বিষয়ে বিদ্যমান সমস্যাবলী নিয়ে তিনি সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি জানিয়েছেন, এ সমস্যা সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং তিনি নিজে ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। গত সপ্তাহখানেক ধরে লোকজন ৬/৭ ঘন্টায় ঢাকায় যাতায়াত করতে পারছেন। আরিফুল হক চৌধুরী সড়ক যোগাযোগ নিয়ে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করলেও রেলের টিকেটসহ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এখনো কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন। তবে, উপদেষ্টা সিলেটের জন্য ১০টি বগি বরাদ্দের আশ্বাস তাকে দিয়েছেন। বিমান ভাড়ার বিষয়টি এখনো উদ্বেগের।
আরিফুল হক চৌধুরী সভায় জানান্, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে রয়েছে। সিলেটের জন্য ২০২১ সালে সিলেটের উপজেলা ও ইউনিয়নসমূহের রাস্তা-ঘাট সংস্কার ও উন্নয়নের জন্য ২৪শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছিল। কিন্তু, স্থানীয় সরকার সচিব ফের প্রকল্পটির ডিপিপি(ডেভেলপম্যান্ট প্রজেক্ট প্রপোজাল ) তৈরি করার নির্দেশনা দিয়েছেন- বিষয়টি আমাদের জন্য হতাশার। বাদাঘাটে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপনেরও তেমন অগ্রগতি নেই। এ অবস্থায় আগামী রমজানে সিলেটে পানির জন্য হাহাকার তৈরি হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। সামগ্রিক পরিস্থিতিতে সিলেটের মানুষের রাজপথে নামা ছাড়া সামনে কোন উপায় নেই বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দাবি আদায় না হওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। #

দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে, অধ্যাদেশ অনুমোদন

0

আধুনিক ডেস্ক ::

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনে পরিবারের সদস্য ছাড়াও অন্য ঘনিষ্ঠজনদের নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দান করার সুযোগ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গপ্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধু অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন। এতে প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের চেষ্টা করা হতো।

তিনি বলেন, আমরা এইটা দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না, যাদের সঙ্গে ইমোশনাল এটাচমেন্ট (ঘনিষ্ঠ সম্পর্ক) আছে, তাদের সঙ্গে এটা আমরা একটু ব্যাখ্যা করে বলব। তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে অঙ্গপ্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ (বৈধতা) করার স্কোপ (সুযোগ) করেছি।

আসিফ নজরুল বলেন, যাদের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের জন্য বিদেশে যেতে হতো, তারা বাংলাদেশে এখন প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন আশা করি। এতে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে, মানুষের অনেক ভোগান্তির হ্রাস পাবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে উনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা একটা আলাদা জাদুঘর হবে। এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না। এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের হিসেবে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে।

আসিফ নজরুল জানান, এই অধ্যাদেশের আলোকে বিভিন্ন জায়গা যে আয়নাঘর আছে সেখানে সেখানে শাখা জাদুঘর হিসেবেও জুলাই জাদুঘর সম্প্রসারণ করতে পারবে। এই ধরনের সুযোগ রাখা হয়েছে।

যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি: এম এ মালিক

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশে এখন একটি ষড়যন্ত্র চলছে—গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। যারা ফেব্রুয়ারির অবাধ নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি। আমরা শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ চাই। গত ১৫ বছরে দেশে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়ন স্থবির হয়ে আছে। বিএনপি সরকার গঠন করলে এই জনগণের অধিকার ও উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌড়িপুর ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক।

এম এ মালিক জানান, দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং কয়েকটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, “আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশকে ভালোবাসি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে উন্নয়নের বাংলাদেশ গড়ে উঠবে।”

তিনি সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত জনতাকে সালাম ও শুভেচ্ছা জানান এবং তাঁদের সুস্থতা ও দেশের কল্যাণের জন্য দোয়া কামনা করেন।

আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬ নং পূর্ব গৌড়িপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষু্দ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, বালাগঞ্জ উপজেলা জাসাস এর ভারপ্রাপ্ত সভাপতি শেরুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহআলম, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।

‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায়

0

আধুনিক ডেস্ক ::

শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ইসির প্রতীক তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এত দিন বলে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলিসহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক সংরক্ষণ করে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন। সেখানে শাপলা কলি ছিল না। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েক মাস আগে ইসির পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল বিবেচিত হয়। এর পর থেকে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন দলটির নেতারা।

এ বিষয়ে অপরাগতা জানিয়ে আসছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই।’

তবে সোমবার এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই নেই মন্তব্য করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছিলেন, ‘যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব।’

বৃহস্পতিবার প্রকাশিত ইসির নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হলো।

১ নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচন হচ্ছে না

0

আধুনিক ডেস্ক ::
তফশিল ঘোষিত ধার্য্য তারিখে হচ্ছে না সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিতে হাইকোর্টের আদেশের কপি বৃহস্পতিবার এসে পৌঁছায়নি নির্বাচন কমিশনের কাছে। ফলে আগামী ১ নভেম্বর শনিবার সিলেট চেম্বারের নির্বাচন হচ্ছে না। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। আদালতের নির্দেশনা আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

একটি রিট আবেদনের প্রেক্ষিতে সিলেট চেম্বারের নির্বাচনের স্থগিতাদেশ বুধবার খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার এমনটি জানান রিটকারী সিলেট চেম্বার নির্বাচনের সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ। ওই রাতেই সংবাদ সম্মেলন করে ১ নভেম্বরই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বাধিন সিলেট সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়।

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

0

আধুনিক ডেস্ক ::

গণভোট কবে হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে একথা বললেন তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গণভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। আমরা সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন।…দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায়–সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে। তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করার কথা বলা হয়েছে সেখানে।

তবে জামায়াতে ইসলামী দাবি করেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে। অপরদিকে বিএনপি বলছে, নির্বাচনের দিনই গণভোট করতে হবে। এর বাইরে আলোচনার কোনো সুযোগ নেই।

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটি বলছে, যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, তার বাইরে অনেক বিষয় এখানে যুক্ত করা হয়েছে।

জুলাই সনদের বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলগুলোর এই পাল্টাপাল্টি অবস্থান নিয় কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘২৭০ দিন আলাপ–আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে, তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে।’

আসিফ নজরুল বলেন, দলগুলোকে এতো আলোচনার সময় দেওয়া হয়েছে। এরপরও তারা যেই অনৈক্য দেখাচ্ছে তাতে জুলাইয়ের স্পিরিটকে (চেতনা) তারা কোথায় নিয়ে গেছে, এটা তাদের বিবেচনা করা উচিত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য সরকারকে জোর করে, তার মানে হচ্ছে তাদের মধ্যে ঐকমত্য নাই। তারা চাচ্ছে, সরকার যেন তাদের দলীয় অবস্থান নেয়।

জুলাই সনদ নিয়ে অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারি প্রথমার্থে জাতীয় নির্বাচন করব।…ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর।’

এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, নির্বাচিত সংসদের সংস্কার করার কোনো দায়–দায়িত্ব থাকবে না, সব অন্তর্বর্তী সরকারকে করে যেতে হবে এতো কোনো বেদবাক্য নয়। সরকার যতটুকু পারে করবে। সম্ভব হলে সবই করবে। তবে তাতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য লাগবে।