Home Blog Page 89

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

0

শাবি প্রতিনিধি ::

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ জানুয়ারি শুরু হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
শাবি রেজিস্ট্রার জানান, শিগগিরই ভর্তি কমিটি গঠিত হবে। এরপর আবেদনপ্রক্রিয়া থেকে শুরু করে যাবতীয় কিছু ভর্তি কমিটি শিক্ষার্থীদের অবগত করবে।

এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তি–ইচ্ছুকদের ভোগান্তি কমাতে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নেওয়া হয়েছিল। মূল কেন্দ্র শাবিপ্রবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পরীক্ষা নেওয়া হয়।

এ ছাড়া ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছের অধীন ভর্তি কার্যক্রম নিয়েছিল শাবিপ্রবি কর্তৃপক্ষ। তবে নানা সমস্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সুপারিশ জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার

0

আধুনিক ডেস্ক ::

গণভোট কবে অনুষ্ঠিত হবে? গণভোটে বিষয়বস্তু কি হবে? জুলাই সনদের বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে? তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছে সরকারের উপদেষ্টা পরিষদ। এ ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে। সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ চূড়ান্তকরণ, এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।

সভা থেকে লক্ষ্য করা হয় যে, ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও সংস্কারের কয়েকটি সুপারিশের বিষয়ে ভিন্ন মত রয়েছে। এছাড়া গণভোট কখন আয়োজন হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এ প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে অর্থাৎ গণভোট কবে অনুষ্ঠিত হবে? গণভোটে বিষয়বস্তু কি হবে? জুলাই সনদ এর বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে? তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।

উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

আজ জেলহত্যা দিবস

0

আধুনিক ডেস্ক ::


আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতের আঁধারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। এই নির্মম ঘটনার ঠিক আগে একই বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। ষড়যন্ত্র, ক্ষমতার পাল্টাপাল্টি দখলের ধারাবাহিকতায় রাতের আঁধারে কারাগারে বন্দী অবস্থায় ৫০ বছর আগে হত্যা করা হয় জাতীয় এই চার নেতাকে। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেলহত্যা মামলা নামে পরিচিতি পায়।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৮ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনজন। সাজাপ্রাপ্ত এই ১১ আসামির মধ্যে ১০ জনই ধরাছোঁয়ার বাইরে। ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলাতেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর ২০২০ সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং ওই মাসেই তাঁর ফাঁসি কার্যকর হয়।

জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত থেমে ছিল ২১ বছর। ১৯৯৬ সালের জুন মাসে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলার কার্যক্রম শুরু হয়। ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

শাবি’র ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 

0

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। 

সোমবার  (৩ নভেম্বর) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের  ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের  ১৩ ও ১৪ জানুয়ারি । 

বিজ্ঞপ্তিতে  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

এমন তো হবার কথা ছিল না: তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি না, এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এ মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের উদ্বেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে?…এমন তো হবার কথা ছিল না।’

বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।’

দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্যনতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তবে তাঁর বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নাগরিকেরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজত পলাতক স্বৈরাচার দেশে ‘ফ্যাসিবাদ কায়েম করেছিল’ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, তবে বিএনপির প্রতি দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় জনগণের আস্থা, ভালোবাসা থাকায় সে সংকট কাটিয়েছে তাঁর দল।

তারেক রহমান বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপর দিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব, যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি।’

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’

প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়নবঞ্চিত হবেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপির সর্বস্তরের নেতা–কর্মী, সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাকে মেনে নেবেন।’

দেশে নারীদের নিরাপত্তার বিষয়ে সামাজিক উদাসীনতা প্রকট হয়ে উঠছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ–সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসেবে গণ্য হতে পারে না।’ সে জন্য তিনি জাতীয়তাবাদী মহিলা দলসহ বাংলাদেশের সচেতন নারী সমাজকে তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ।

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : শেষ পর্ব

0

ফেরদৌস টৌধুরী রুহেল ::

আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পাওয়ার পরও কিন্তু বৈষম্যের কবল থেকে রক্ষা পাইনি। আমাদের হোটেল এবং বিশ্বে দেখার মত একটি সুন্দর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেখানে রয়েছে সকল সুযোগ-সুবিধা রয়েছে এরপরও পর্যাপ্ত ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি ম্যাচ সিলেটে পাচ্ছি না, বাংলাদেশের সব ইন্টারন্যাশনাল মাঠের তুলনায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এবং মাঠ অত্যন্ত উন্নত মানের কিন্তু কোন এক অদৃশ্য শক্তির করাণে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি।

সিলেটের ক্রিকেটপ্রিয় দর্শকদের কারণে ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেটে ম্যাচ হলে স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে যায়। আমরা বিশ্বাস করি আগামীতে সিলেট এই বৈষম্য থেকে আমরা মুক্তি পাব।

যেহেতু লাক্কাতুরা খেলার মাঠ থেকে আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর সেই দিক বিবেচনায় এই বৃহত্তর চৌকিদেখি এলাকার বিভিন্ন ক্রীড়া সংগঠক খেলোয়াড় এবং তখনকার সময়ের সামাজিক সংগঠন রংধনু ক্রীড়া চক্র পীরমহল্লা প্রভাতী সংঘ, ইলাশকান্দি উদয়ন তরুণ সংঘ এবং লাক্কাতুরার ভুইয়া চাচা, আকল মিয়া, শুকুর আলী মেম্বারসহ সবাইকে আমরা স্মরণ করছি কারণ লাক্কাতুরা খেলার মাঠ যদি তৈরি না হতো আজ আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে পারতাম না।

এখন আমাদের আরেকটি মাঠের প্রয়োজন যেহেতু আমি ২০১৪ সালের পর থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমের সঙ্গে খুব একটা সম্পৃক্ত নই, তবে এখন প্রয়োজন একটি বিভাগীয় স্টেডিয়াম তৈরি করা।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার একটিমাত্র মাঠ সেই মাঠে ক্রিকেট, ফুটবল এবং জেলা ক্রীড়া সংস্থার সব ইভেন্টের খেলা পরিচালিত হয়। তাই বিভাগীয় পর্যায়ের খেলাধুলার জন্য আলাদা একটি মাঠের প্রয়োজন। বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন তাদের এ বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন। বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে আরও উদ্যোগী হওয়া উচিত। আমি যদ্দূর জানি, দক্ষিণ সুরমায় দুইটি জায়গা নির্ধারণ করা হয়েছিল বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য; কিন্তু তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আমি বর্তমান বিভাগীয় ক্রিড়া সংস্থার কার্যকরী কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের একমাত্র এজেন্ডা হোক বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ। যেহেতু বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্দিষ্ট কোনো কার্যালয় নেই সেই দৃষ্টিতেও বিভাগীয় স্টেডিয়াম তৈরি করা অত্যন্ত জরুরি। সিলেট বিভাগীয় স্টেডিয়াম তৈরি হলে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন ইভেন্টের খেলাধুলা ক্যালেন্ডার অনুসারে যথাসময়ে সমাপ্তকরণ সহজ হবে। আমাদের খেলোয়াড়রা পাবে একটি অনুশীলনের নতুন জায়গা, যেখান থেকে গড়ে উঠবে ফুটবল কিংবা ক্রিকেট বা অন্য কোন ইভেন্টের খেলোয়াড়, জাতীয় দলে খেলার স্বপ্ন বাস্তবায়িত হবে অনেকের। আমার এ দীর্ঘ লেখায় যদি কোন ভুল-ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অনেকের নাম হয়তো বাদ পড়েছে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, খোদা হাফেজ।

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

শাকসু’র কমিশন থেকে বিএনপিপন্থী শিক্ষকদের পদত্যাগ

0

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ইশতেহারের আগেই নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী চার শিক্ষক। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দেন বলে জানান তারা

রবিবার (২ নভেম্বর) বিকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেওয়া চার শিক্ষক হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, ‘হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’

অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, ‘আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ ওখানে (পদত্যাগপত্রে) উল্লেখ করা আছে। কারণটি ব্যক্তিগত-ই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ওইটাই।’

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১-এর সামনে শাকসু নির্বাচনের লক্ষ্যে উপাচার্যের উপস্থিতিতে ১৩ জন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।

সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট সুনামগঞ্জ সড়কে বাসের সঙ্গে সং.ঘর্ষে প্রাণ হারালেন এক মোটরসাইকেল আরোহী। রোববার সন্ধ্যা ৬টার দিকে সিলেট সদর উপজেলার আউশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর গ্রামে।

আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

0

আধুনিক ডেস্ক ::

২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের (সদস্য) রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

দেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ

0

আধুনিক ডেস্ক ::
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।

ইসি সচিব জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত ইসির হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২। আর তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) সংখ্যা ১ হাজার ২৩০।

দেশে ভোটারের সংখ্যাও বেড়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, তাঁদের তালিকা অনুযায়ী চূড়ান্ত ধাপে ভোটার সংখ্যা বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০। আর সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।

গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট ভোটার সংখ্যার কথা জানিয়েছিল ইসি। সেই তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪।