Home Blog Page 85

ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না: জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ নয় মাস আপনারা (সরকার) সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অনেকগুলো বিষয়ে একমত হলেন; সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরের কোনো কিছু যদি গায়ের জোরে মানুষের ওপর চাপিয়ে দিতে চান, তাহলে সব দায়দায়িত্ব আপনার। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।

জামায়াতের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আমরা মনে করি, আমার কর্মেই হবে আমার বেহেশত। আমার কর্মের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেশতে যাওয়ার একটি পথ তৈরি হবে। জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফেকি করে, তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।’

এনসিপির প্রসঙ্গে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় বলেন, ‘ওরা তো ভোটেই পাবে না। এই কারণে ওরাও জামায়াতের সঙ্গে সুর মিলায় কহচে, পিআর আগত দিবা হবে, সনদ বাস্তবায়ন করিবা হবে।’ তিনি আরও বলেন, ‘এগুলো শুধুই বিভ্রান্ত করা। ভোট পেছানো আর আগের ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত। আমরা সংস্কারের যেগুলোতে একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে। অন্য কিছুর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকেই নিতে হবে।’

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিশুদের সুস্থ করে গড়ে তোলার জন্য শারীরিক শিক্ষা খুবই দরকার। সেই সঙ্গে শিশুরা গান শিখলে অসুবিধা কোথায়? অসুবিধা তো নাই, বরং তারা ভালো কিছু শিখতে পারছে।

নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের সামনে সব সময় সুযোগ আসে না। এবার একটি সুযোগ এসেছে। আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটি সরকার গঠন করতে হবে।’

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা ভারতের দিল্লিতে গিয়ে হরতাল ঘোষণা করেছে, দেখলাম ঢাকাতে কিছু গাড়ি পোড়ানো হয়েছে। এখন যারা গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে, তাঁকে কি আমরা এ দেশে আসতে দেব? সাহস থাকলে আসো। এ দেশের জনগণের সামনে এসে রাজনীতি করো। দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর কোরো না।’

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

প্রেমিকাকে ধর্ষণের পর খুন, সুনামগঞ্জে একজনের মৃত্যুদণ্ডাদেশ

0

দোয়ারাবাজর প্রতিনিধি ::

প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সুনামগঞ্জে একজনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. লিটন আহমদ ওরফে লিটন মিয়া সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে। রায়ে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডাদেশও প্রদান করেছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে তমা (১৮) আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিলো অভিযুক্ত লিটন মিয়ার। ২০২৪ সালের ২৮ এপ্রিল মেয়ে তমাকে বাড়িতে একা রেখে স্ত্রী ও অন্য সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান ফরিদ আহমদ। পরদিন ২৯ এপ্রিল রাত ৮ টার দিকে রান্নাঘর থেকে বিবস্ত্র অবস্থায় তমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করলে ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক লিটন মিয়াকে আটক করে পুলিশ।

সাক্ষ্য প্রমান ও তথ্য প্রযুক্ত সহায়তায় তমা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে লিটন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ মামলা শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ৩০২ ধারায় অভিযুক্ত লিটন মিয়াকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকার অর্থ দন্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

0

আধুনিক ডেস্ক ::
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ ধার্য করেন।

টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য ছয় সদস্য হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহামদ শিশির মনির। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন। এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১৬ অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন।

রাতে মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বাসে আগুন

0

রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। মিরপুর–১০ নম্বর গোল চত্বরের ফুটওভার ব্রিজের (পদচারী সেতু) ওপর থেকে কেউ বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছে তারা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা শিহাব সরকার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বাসে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু আগুন লাগার পরপরই তাঁরা নিরাপদে নেমে আসতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন, তবে কেউ হতাহত হয়নি।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি; মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সামনে ও সীমানার ভেতরে দুটি; ধানমন্ডি মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ধানমন্ডি ৯/এ এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের আরও দুটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং সকাল সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।

৪ স্থানে ককটেল বিস্ফোরণ, রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

0

আধুনিক ডেস্ক ::
রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ সোমবার অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এদিকে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে এক বিবৃতিতে প্রেস উইং জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রেস উইং আরো জানায়, ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে।

বিবৃতিতে সরকার বলছে, রাজধানীর সব গির্জা এবং সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আন্ত ধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।
আজ সোমবার সকালে রাজধানী ঢাকার চারটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব জায়গায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনার সীমানার ভেতরে এবং সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা নেই।

এ ছাড়া ধানমণ্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমণ্ডি-৯ এর ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ

0

আধুনিক ডেস্ক ::
আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষদিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম। সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানায়, গত ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে নানা অসংগতি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরে শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনে খরচ পড়ে ১ হাজার ৬২ ডলার, পাম তেলে যা ১ হাজার ৩৭। ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির সুপারিশ করে সংস্থাটি।
সুপারিশে প্রতি ডলার ১২২ ডলার ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে। যেখানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার বদলে ৯ টাকা ২৭ পয়সা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৮ টাকা ২৭ পয়সা এবং ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে খোলা ১ লিটার সয়াবিন ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে, এক বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ১৪ শতাংশ।

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি

0

আধুনিক ডেস্ক ::

অনিয়ন্ত্রিত পর্যটন ও নৌ চলাচল, অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ চায়না জালের ব্যবহার, জলজ বন ধ্বংস, অতিরিক্ত বালাইনাশক ও রাসায়নিক সারের ব্যবহার  এবং বর্জ্য নিঃসরণসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে।   বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ এ প্রদত্ত ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি করা হয়।

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরের জন্য প্রতিপালনীয় নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে হাওর অঞ্চলের পাখি, পরিযায়ী পাখি শিকার, পরিযায়ী পাখি সমৃদ্ধ অঞ্চলে বাণিজ্যিকভাবে হাঁস পালন, গাছ কাটা এবং হাওরের  জলজ বনের কোনোরূপ ক্ষতিসাধন সম্পূর্ণ নিষিদ্ধ।

হাওরের জলজ গাছের (হিজল, করচ ইত্যাদি) ডাল কেটে ঘের নির্মাণ বা মাছের আশ্রয়ের কাঁটা হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।

পর্যটক, হাউসবোট অভয়াশ্রম বা সংরক্ষিত হিসেবে ঘোষিত এলাকাসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বা হাওর অধিদপ্তরের চিহ্নিত হাওরের সংবেদনশীল এলাকায় (যেমন পাখি বা মাছসহ জলজ প্রাণীর আবাসস্থল, প্রজনন কেন্দ্র বা বন্য প্রাণীর চলাচলের স্থান) প্রবেশ করতে পারবে না।

সরকারের অনুমতি ব্যতীত হাওর দুটির এবং এর ভূমির শ্রেণি পরিবর্তন করা যাবে না এবং পরিবশগত ও সামাজিক প্রভাব নিরূপণ সাপেক্ষে সরকারের অনুমতি ব্যতীত হাওরের জলস্রোতের স্বাভবিক প্রবাহ বিঘ্নিত করা যাবে না।

হাওর এলাকায় ভূমি এবং পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট অথবা পরিবর্তন করতে পারে এমন কাজ করা যাবে না, শিক্ষা সফর ও বিদেশি পর্যটক পরিবহনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি গ্রহণ করতে হবে। অনুমোদনের শর্ত অনুযায়ী যাত্রী সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে।

কোনো হাউসবোট অথবা নৌযান যাত্রী সংখ্যার অধিক যাত্রী পরিবহন ও মাছ ধরার যন্ত্র অথবা ইক্যুইপমেন্ট বহন করতে পারবে না। নির্ধারিত রুট ছাড়া নৌ-যান চলাচল ও নোঙ্গর করতে পারবে না, দুযোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশংকাকালীন পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ট্যুর অপারেটর ও পর্যটকগণকে স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে,  হাউসবোটে ও নৌ-যানে  উচ্চস্বরে গান-বাজনা ও কোনো পার্টি আয়োজন করা যাবে না।

হাউসবোট ও নৌ-যানের মালিক ও ট্যুর অপারেটরগণ তাদের পরিচালিত ট্যুরে শন্দ দূষণকরী অর্থাৎ উচ্চ আওয়াজ সৃষ্টিকারী ইঞ্জিন বা জেনারেটর ব্যবহারকে নিশ্চিতভাবে পরিহার করবে, হাউসবোটে ও  নৌ-যানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করতে পারবে না।

নিষিদ্ধ জালের ব্যবহার বা বৈদ্যুতিক শকের মাধ্যমে হাওরে মাছ শিকার করা নিষিদ্ধ, যথাযথ কর্তৃপক্ষে অনুমতি ব্যতীত হাওরে বালু, পাথর  বা মাটি ইজারা প্রদান ও উত্তোলন নিষিদ্ধ, শুষ্ক মৌসুমে হাওরের কোনো জলাধারের পানি সম্পূর্ণভাবে নিঃশেষ করা যাবে না।

ট্যুর অপারেটরগণ ১০০ ফুট দৈর্ঘ্যের অধিক নৌযান ও হাউসবোট পরিচালনা করতে পারবে না,  হাওর এলাকা সংশ্লিষ্ট বসতবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের তরল ও কঠিন বর্জ্য হাওরে নির্গমন করা যাবে না।

হাওর অঞ্চলে পাকা সড়ক নির্মাণ পরিহার করতে হবে। তবে, জরুরি বা বিশেষ প্রয়োজনবোধে সড়ক নির্মাণের প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে এবং সরকার অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে এরূপ নির্মাণ কাজ শুরুর আগে অবশ্যই পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং সামাজিক প্রভাব মূল্যায়ন সম্পাদন করতে হবে। 

সুরক্ষা আদেশ প্রতিপালন করা বাধ্যতামূলক এবং সুরক্ষা আদেশ লঙ্ঘন বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ‘সন্ত্রাসী’ মামুন খুন

0

আধুনিক ডেস্ক ::

পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫০) নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শীর্ষ সন্ত্রাসী মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

জানা গেছে, নিহত সাঈদ চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। সোমবার (১০ নভেম্বর) তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন একটি মামলায় হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে ফেরার পথে সকাল ১১টার দিকে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

গুলিবিদ্ধ ব্যক্তির খালাতো ভাই হাফিজ বলেন, ‘আমার ভাই তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ। কি কারণে তাকে কে হত্যা করা হলো আমি জামি না।

তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।

কোতোয়ালি থানার ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।’

মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারে এমরান চৌধুরী

0

আধুনিক ডেস্ক:

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) থেকে মনোনীত বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর সেবা করার সুযোগ প্রদান করায়। আগামী নির্বাচনে বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান এবং বিএনপির প্রতিক ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। বিএনপি অতিথে দেশের সামগ্রিক উন্নয়ন ভূমিকা রেখে এসেছে আগামীতেও আমাদের কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি মরহুম এম সাইফুর রহমানসহ প্রয়াত সকল নেতার উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করেন এবং এম ইলিয়াস আলীর কথা স্মরণ করে সিলেটের উন্নয়নে তাদের অসাধারণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি সদ্য ছাত্র-জনতার আন্দোলনে বিয়ানীবাজারের কৃতি সন্তান শহীদ এটিএম তুরাব ও গোলাপগঞ্জে ৭জন শহীদসহ দেশব্যাপী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আগামীদিনের পথচলায় সবার সার্বিকসহযোগিতা কামনা করেন।

তিনি রবিবার (৯ নভেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশু, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, নার্গিস চৌধুরী, বদরুল আলম, ছালিক আহমদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়াবীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন সাবুল, বিএনপি নেতা আখতার হোসেন অনিক, গুলজার আহমদ রাহেল, তানভীর আহমদ, সাব্বির আহমদ, দৌলা হোসেন সুভাষ, জাবের আহমদ, নুরুল আমিন, সাইদুল ইসলাম, আইনুল আবেদীন, জামাল উদ্দিন, সালেহ আহমদ, ইয়াছিন রিফাত, শিমুল আহমদ, আবু সুফিয়ানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লাল শাপলার বিল কচুরিপানার দখলে, প্রশাসনের সুরক্ষা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন

0

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিখ্যাত লাল শাপলার বিল এখন কচুরিপানার দখলে। প্রকৃতির মনোমুগ্ধকর এ বিলটি দ্রুত কচুরিপানার বিলে রূপ নিচ্ছে। প্রকৃতিপ্রেমী ও স্থানীয়দের প্রশ্ন, লাল শাপলার সুরক্ষায় প্রশাসনের গঠিত সুরক্ষা কমিটি আসলে কতটা কার্যকর ভূমিকা পালন করছে?

সরেজমিন পরিদর্শনে জানা যায়, উপজেলার ডিবিরহাওর এলাকায় (ইয়াম, হরফকাটা, ডিবি ও কেন্দ্রী বিল) প্রায় ৯০০ একর জায়গা জুড়ে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে লাল শাপলার এই বিশাল জলাভূমি। ২০১৬ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে বিলটি সারাদেশে আলোচনায় আসে এবং দ্রুতই এটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। দেশি-বিদেশি পর্যটকরা প্রতিবছর বিলের শাপলা দেখতে ভিড় করেন।

তবে চলতি বছরে ইয়ামবিল এলাকায় লাল শাপলার জায়গা দখল করে নিচ্ছে কচুরিপানা। বর্তমানে বিলটির প্রায় অর্ধেক অংশজুড়ে ছড়িয়ে পড়েছে এ জলজ উদ্ভিদ। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বছরেই লাল শাপলা পুরোপুরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, লাল শাপলা রক্ষায় গঠিত সুরক্ষা কমিটি এখন নিষ্ক্রিয়। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কমিটির দায়িত্ব ছিল বিলের শাপলা সংরক্ষণ, জলজ উদ্ভিদের বিস্তার রোধ ও বিলে পরিচর্যার কাজ তদারকি করা। পর্যটকদের কাছ থেকে আদায়কৃত অর্থও এ খাতে ব্যয় করার কথা ছিল। কিন্তু এসব কার্যক্রম এখন অনিয়মিত, ফলে দ্রুত নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্য।

পরিবেশ সচেতন মহলের দাবি, দ্রুত পরিবেশসমীক্ষা করে কচুরিপানার বিস্তার রোধ ও লাল শাপলার সংরক্ষণের উদ্যোগ না নিলে বিলটি হারাবে তার ঐতিহ্য।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জমিত্র চাকমা আধুনিক কাগজকে বলেন, লাল শাপলা বিল কচুরিপানার দখলে যাচ্ছে। এ বিষয়ে এর আগে কেউ আমাকে অবহিত করেনি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কচুরিপানা অপসারণ ও লাল শাপলা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ নিয়ে জৈন্তাপুরের লাল শাপলা বিলকে তার আগের সৌন্দর্যে ফিরিয়ে আনা হবে।